ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়ছে

ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়ছে - অর্থনীতি - ২৯ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়ছে - অর্থনীতি - ২৯ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ নভেম্বর, ২০২৩: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত করতে যাচ্ছে । এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে সময় বাড়ানো হচ্ছে।

চলতি নভেম্বর মাসজুড়ে চলছে আয়কর সেবা মাস, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পর্যন্ত মোট ১৯ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছে। এ রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে চার হাজার ২০০ কোটি টাকা।

হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমান দেশে টিআইএন নম্বরধারীর সংখ্যা প্রায় ৯৪ লাখ। এর মধ্যে গত ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। তার আগে ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। এ বছর ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেখানে ২৭ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে দুই-তৃতীয়াংশ।

পূর্ববর্তী ৩০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ১২ জিম্মিকে ছেড়েছে হামাস
পরবর্তী মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত