Author: Hello Bangla News

  • চার দেশ থেকে দুই লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার

    চার দেশ থেকে দুই লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার

    www.HelloBangla.News – অর্থনীতি – ৬ ডিসেম্বর, ২০২৩: রাষ্ট্রীয় চুক্তির আওতায়  চার দেশ থেকে দুই লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। দেশগুলো হচ্ছে মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৪০ হাজার টন সার কেনা হবে।

    এতে মোট ব্যয় হবে এক হাজার ১৮৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৬৫০ টাকা।

    এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এক লাখ ২০ হাজার টন ডিএপি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এক লাখ ২০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। এ ছাড়া ৬৪ কোটি ৬০ লাখ টাকার ১০ হাজার টন ফসফরিক এসিড কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

    আজ বুধবার (৬ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক আটটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় একই প্রতিষ্ঠান মরক্কোর ওসিপি এসএ থেকে তিন লটে ৪০ হাজার করে এক লাখ ২০ হাজার টন ডিএপি সার কেনার পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭৫১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

    মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে সপ্তম লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে অষ্টম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে দশম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৪ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

    এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড আরব আমিরাতে মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই (স্থানীয় এজেন্ট: মেসার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) থেকে ৬৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

  • ১২ হাজারই নারী-শিশুসহ গাজায় নিহত ছাড়াল ১৬ হাজার

    ১২ হাজারই নারী-শিশুসহ গাজায় নিহত ছাড়াল ১৬ হাজার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ ডিসেম্বর, ২০২৩: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ১২ হাজার। আর আহত হয়েছে ৪৪ হাজার ফিলিস্তিনি। আজ বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে।

    অফিসটি এক বিবৃতিতে বলেছে, ‘নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু এবং ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জন।’

    গাজার এই মিডিয়া অফিসের মতে, ভূখণ্ডটিতে এখনও প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্য ঠিক কী ঘটেছে তা এখনও অজানা।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরকে লক্ষ্য করেই মূলত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।

    এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

    তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। শিগগিরই গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইসরায়েলের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেন, ‘ইসরায়েলের দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।’

    তিনি বলেন, ‘নিরীহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক গণহত্যার ঘটনার মতো এই জঘন্য অপরাধ অব্যাহত রাখার সুযোগ দেওয়াটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক।

    এদিকে দুই দিন আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান। হামলার শিকার এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

    অপরদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

  • জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (মিরপুর) প্রতিষ্ঠাতা, হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন।

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ। মরহুম মালিক একাধারে একজন সফল চিকিৎসক, প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সেবক।

    মানব হিতৈষী কর্মকান্ডের জন্য তিনি নানাভাবে পুরষ্কৃত এবং প্রশংসিত হয়েছেন।

    শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

    প্রধানমন্ত্রী ডা.আব্দুল মালিক-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    সূত্র: বাসস

  • নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি আলমগীর

    নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি আলমগীর

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।’

    তিনি আরও বলেন,‘ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।’

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তননে, জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর।

    ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তফসিল ঘোষণার পর ভোটার-প্রার্থী থেকে শুরু করে সবাই এটাকে উৎসব হিসেবে নিয়েছেন।’

    তিনি আরও বলেন, ‘যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। তবে কর্মকর্তারা এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে।’

    প্রশাসনে রদবদলের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের নির্বাচনে অতীতেও জেলা প্রশাসন পর্যায়ে কখনো কখনো পরিবর্তন করা হয়েছে, উপজেলা পর্যায়েও পরিবর্তন হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার শর্ত হিসেবে যে দাবিগুলো তুলেছিল, এর মধ্যে একটা দাবি ছিল প্রশাসনের রদবদল করতে হবে। তার একটা অংশ হিসেবে এটি করা হয়েছে।’

  • আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় সে সমাবেশ হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এ মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করার কর্মসূচি ছিল আওয়ামী লীগের।  আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

    এসময় উপস্থিত ছিলেন- ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।’

    এদিকে আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিউজদের ভিউজ, করণীয় জানিয়েছেন। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।

    তিনে আরও বলেন, ‘১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

  • জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী

    জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: জোটগতভাবেই আমরা নির্বাচন করবো, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রথমমতো আমাদের সিদ্ধান্ত, জোটগতভাবেই আমরা নির্বাচন করবো। আর নির্বাচনে আসল সমঝোতা করার এখনো অনেক সময় আছে। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের এখনো অনেক সময় আছে। সুতরাং বরাবরের মতোই আমরা একটি সমঝোতায় উপনীত হবো।’

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বরেণ্য রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আহমেদ ফিরোজ গ্রন্থিত ‘সোহরাওয়ার্দী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে’

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সবসময়ই শরিকরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্যই জোটগতভাবে এবারেও নির্বাচন করছি। এককভাবে নির্বাচন করার শক্তি, ক্ষমতা ও সামর্থ্য আমাদের আছে। কিন্তু শরিকদের গুরুত্ব দেওয়া হয় বিধায় জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’

    শরিকদের কতগুলো আসন দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি সমঝোতায় উপনীত হলে বলা যাবে, তার আগে বলা যাবে না।’

    জাতীয় পার্টি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি প্রায় তিনশ আসনে মনোনয়ন দিয়েছে। এজন্য জাতীয় পার্টিকে অভিনন্দন জানাই। ২০০৮ সালে জাতীয় পার্টির সঙ্গে আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। গতবার আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল (কৌশলগত) জোট ছিল, এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে।’

  • হিন্দি সিরিয়াল ‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু

    হিন্দি সিরিয়াল ‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু

    www.HelloBangla.News – বিনোদন – ৫ ডিসেম্বর, ২০২৩: ‘সিআইডি’ হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়ালে প্রথম থেকে না হলেও বেশ দীর্ঘদিন ধরে অভিনয় করছেন দীনেশ ফাদনিস। সিরিয়ালটিতে তিনি ফ্রেডি চরিত্রে অভিন করেছিলেন। জনপ্রিয়তাও পেয়েছিলেন বেশ। কেননা সিআইডি ইন্সপেক্টররা সাধারণত হয় সাহসী ও চতুর। কিন্তু ফ্রেডি কিছুটা ভিতু এবং চতুর নয়। এমন সব কথা বলেন যা তার সহকর্মী ও দর্শকদের হাসায়। আর এই চরিত্রটিকে বাস্তব রুপ দিয়েছেন দীনেশ ফাদনিস। বাংলা ডাবিং এর পর ‘সিআইডি’ বাংলাদেশেও বেশ জনপ্রিয়। আজ সিআইডি দল থেকে ঝড়ে পড়লেন ইন্সপেক্টর ফ্রেডি খ্যাত দীনেশ ফাদনিস।

    বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। জাান গেছে মুম্বইয়ের হাসপাতালে ‘লিভার ফেলিওর’-এর জেরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।

    জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তার। চিকিৎসকরা জানিয়েছেন, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে তার।

    ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত ‘সিআইডি’। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটাম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন। কিন্তু ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এদের মধ্য থেকে ঝড়ে পড়লেন দীনেক ফাদনিস।

    আজ মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

     

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক সমুদ্রের পানিতে প্লাবিত করবে ইসরায়েল

    হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক সমুদ্রের পানিতে প্লাবিত করবে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ ডিসেম্বর, ২০২৩: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নিচে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক সমুদ্রের পানিতে প্লাবিত করার কথা বিবেচনা করছে ইসরায়েল। মূলত সুড়ঙ্গে অবস্থান করা হামাস যোদ্ধাদের বের করে দিতে টানেলগুলোকে প্লাবিত করার কথা ভাবছে তারা। এ লক্ষ্যে বড় সিস্টেমের পাম্পও একত্রিত করেছে দেশটি।

    মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    গাজার সর্বত্র অভিযান শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের দক্ষিণ দিক থেকে সরে যেতে বলছে। প্রাণ বাঁচাতে ঘর ছাড়লেও রক্ষা পাচ্ছেন না অসহায় মানুষেরা। কারণ, গাজার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ থেকে বোমা ফেলছে ইসরায়েল।

    সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিওতে দেশটির ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম ঘোষণা দেন, ‘উত্তর গাজায় আমাদের লক্ষ্য প্রায় পূরণ হয়েছে। আমরা এখন উপত্যকাটির অন্যান্য এলাকায় স্থল অভিযান শুরু করেছি। লক্ষ্য একটাই হামাসকে নির্মূল করা।’

    দক্ষিণ গাজায় অভিযান শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ইসরায়েল সেনাবাহিনীর প্রধান হেরজল হালেভি। ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সেনা ও ট্যাংকগুলোকে গাজার শহরাঞ্চল ছাড়াও অন্যান্য এলাকায় টহল দিচ্ছে। ট্যাংক ও বিভিন্ন সমরাস্ত্র থেকে গোলাবারুদ ছুড়তেও দেখা গেছে।

    খান ইউনিস এলাকার তিন ভাগের এক ভাগ হলুদ রঙে চিহ্নিত করে ইসরায়েলি সেনাবাহিনী বলছে নিরাপত্তার খাতিরে সেখান থেকে বাসিন্দাদের ভূমধ্যসাগরের উপকূল ও মিসর সীমান্তবর্তী রাফাহ এলাকায় অবস্থান নিতে হবে।

    বোমার আঘাতে নিজের বাড়ি ধ্বংস হওয়ার পর সেখানকার বাসিন্দা সালাহ আল আরজা বলেন, ‘তারা (ইসরায়েল) বলেছিল, এ জায়গা নিরাপদ। তবে পুরো গাজার কোথাও নিরাপত্তা নেই। তারা যা বলেছে, সব মিথ্যা।’

    গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৮৯৯। জাতিসংঘ বলছে, ইসরায়েলের বোমা থেকে বাঁচতে গাজার ২৩ লাখ জনসংখ্যার ৮০ শতাংশকে ইতিমধ্যে ভিটেমাটি ছাড়তে হয়েছে।

    ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে গাজায় তারা প্রায় ১০ হাজার বোমা ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা মার্ক রেজেভ দাবি করেন, বেসামরিক মানুষের সুরক্ষায় ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালাচ্ছেন তারা।

    গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকে পশ্চিম তীরে সাড়ে ৩ হাজারের বেশি মানুষকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজারের বেশি।

    এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুড়ঙ্গগুলো সাগরের পানি ভরে ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল। সুড়ঙ্গ ধ্বংসে সীমান্তে বেশ বড় আকারের পাম্প জড়ো করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

    হামাস বলছে, দক্ষিণের শহর খান ইউনুস থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ইসরাইলি সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করছে হামাসের যোদ্ধারা।

    ইসরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি বলেছেন, সপ্তাহান্তে কমপক্ষে ৪০০ টার্গেটে হামলা করেছে তারা। ইসরায়েলের দাবি, হামাসের কাছে এখনও আছে ১৩৬ জন ইসরায়েলি জিম্মি। হামাসকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেয়ার প্রত্যয় ঘোষণা করেছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের ধ্বংসের জন্য শপথবদ্ধ হামাস।

    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামলায় অনেকে আহত হয়েছে।

  • রান্না – বক ফুলের পাকোড়া

    রান্না – বক ফুলের পাকোড়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৫ ডিসেম্বর, ২০২৩: হেমন্তের এই হালকা শীতের বিকেলে কিছু হালকা নাস্তা তৈরি করে চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে।  তাই বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন এই  বক ফুলের পাকোড়া।  গ্রামবাংলার অতি পরিচিত বক ফুল। বকের ঠোঁটের মতো লম্বা আর সাদা রংয়ের হওয়ায় একে বক ফুল বলে। শুভ্রসাদা বক ফুল দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা। খেতে খুবই সুস্বাদু এই বক ফুলের পাকোড়া। চলুন তবে জেনে নেয়া যাক বক ফুলের পাকোড়া তৈরির রেসিপিটি-

    ফারজানা বাতেন - রান্না- লাইফস্টাইল - ৫ ডিসেম্বর ২০২৩ (২)
    ফারজানা বাতেন – রান্না- লাইফস্টাইল – ৫ ডিসেম্বর ২০২৩ (২)

    উপকরণ: ,

    চালের গুঁড়া-আধা কাপ, বকফুল-আট থেকে দশটি, ময়দা-পাঁচ থেকে ছয় চা চামচ,   সামান্য-বেসন, হলুদ গুঁড়া-আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া-পরিমাণ মতো, লবণ স্বাদ-মতো, তেল-প্রয়োজন মতো, পানি-প্রয়োজন মতো।

     

    প্রণালী:

    প্রথমে বকফুলের ভেতরের যে শিরা থাকে সেটাকে ফেলে দিন। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মেশান। এবার অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। একটা একটা বকফুল নিয়ে ঘন ব্যাটারে ডুবিয়ে লাল করে ভেজে কিচেন টিস্যুর উপর তুলে নিন। সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ”বক ফুলের পাকোড়া”।

     

    রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন

  • পাঁচ মাসে রপ্তানি আয় ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার

    পাঁচ মাসে রপ্তানি আয় ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ ডিসেম্বর, ২০২৩: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে রপ্তানি আয় এসেছে ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৯৪ কোটি ৬০ লাখ ডলার। গত বছরে তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৩০ শতাংশ।

    নভেম্বর মাসেই রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

    ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাকখাত থেকে ১ হাজার ৮৮৩ কোটি ৫৬ লাখ ডলারের আয় পাওয়া গেছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক)  রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯ কোটি ডলার সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৬২ লাখ ডলার।

    এছাড়া জুলাই-নভেম্বর সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য যেমন-পাট ও পাটজাত পণ্য থেকে ৩৬ কোটি ১৯ লাখ ডলার, হোম টেক্সটাইল থেকে ২৯ কোটি ৯৪ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৪২ কোটি ৭০ লাখ ডলার, প্লাস্টিক পণ্য থেকে ৯ কোটি ২৬ লাখ ডলার, কৃষিজাত পণ্য থেকে ৪২ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ১৯ কোটি ৫১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য থেকে ১৪ কোটি ডলার আয় হয়েছে।

    সূত্র: বাসস