পাঁচ মাসে রপ্তানি আয় ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার

পাঁচ মাসে রপ্তানি আয় বেড়েছে - অর্থনীতি - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পাঁচ মাসে রপ্তানি আয় বেড়েছে - অর্থনীতি - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৫ ডিসেম্বর, ২০২৩: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে রপ্তানি আয় এসেছে ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৯৪ কোটি ৬০ লাখ ডলার। গত বছরে তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৩০ শতাংশ।

নভেম্বর মাসেই রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাকখাত থেকে ১ হাজার ৮৮৩ কোটি ৫৬ লাখ ডলারের আয় পাওয়া গেছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক)  রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯ কোটি ডলার সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৬২ লাখ ডলার।

এছাড়া জুলাই-নভেম্বর সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য যেমন-পাট ও পাটজাত পণ্য থেকে ৩৬ কোটি ১৯ লাখ ডলার, হোম টেক্সটাইল থেকে ২৯ কোটি ৯৪ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৪২ কোটি ৭০ লাখ ডলার, প্লাস্টিক পণ্য থেকে ৯ কোটি ২৬ লাখ ডলার, কৃষিজাত পণ্য থেকে ৪২ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ১৯ কোটি ৫১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য থেকে ১৪ কোটি ডলার আয় হয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী জাতীয় অধ্যাপক ও হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ডা. আব্দুল মালিক মারা গেছেন
পরবর্তী রান্না – বক ফুলের পাকোড়া