Author: Hello Bangla News

  • দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র

    দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ ডিসেম্বর, ২০২৩: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।কিন্তু ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সেই যুদ্ধবিরতির প্রস্তাব আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।  সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য।

    সেই প্রস্তাবে উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দু’টি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত— (১) আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং (২) শিগগির এবং শর্তহীনভাবে সব জিম্মিকে মুক্ত করতে হবে।

    শুক্রবার পরিষদের বৈঠকে প্রস্তাবটি পেশ করার পর সেটি গৃহীত হয় এবং সদস্যরাষ্ট্রগুলোর ভোটের জন্য উত্থাপন করা হয়। ভোটে পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩টিই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

    বাদ ছিল কেবল দুই স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভোটদান থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরুদ্ধে সরাসরি আপত্তি বা ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

    জাতিসংঘের যুক্তরাষ্ট্র মিশনের উপ রাষ্ট্রদূত রবার্ট উড নিজ বক্তব্যে সরাসরি বলেন, ‘এই প্রস্তাব বাস্তবতা বিচ্ছিন্ন এবং এর মাধ্যমে আসলে গঠনমূলকভাবে সেখানে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব নয়।’

    ‘আমরা এখন, এই পরিস্থিতিতে এমন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি আর সমর্থন করতে পারি না— যা আসলে সেখানে পরবর্তী যুদ্ধের বীজ রোপন করবে।’

    জাতিসংঘের যুক্তরাজ্য মিশনের প্রধান ও রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আমিরাতের প্রস্তাবে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার বিরুদ্ধে নিন্দা না জানানোয় সেটির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য।

    গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

    ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি।

    অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।

    দেড় মাসেরও বেশি সময় যুদ্ধের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাস। গত নভেম্বরের মাঝামাঝি যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বরাবর একটি প্রস্তাব পাঠিয়েছিল হামাসের হাইকমান্ড।

    সেই প্রস্তাবে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, রাফাহ ক্রসিংয়ে অপেক্ষারত ত্রাণ, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেয় এবং ইসরায়েলি কারাগারগুলো থেকে অন্তত ১৫০ জন বন্দিকে মুক্তি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে ৫০ জনকে ছেড়ে দেবে হামাস।

    সেই প্রস্তাব মেনে নিয়ে ২৫ নভেম্বর চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর, ইউরোপ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের তৎপরতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়।

    যুদ্ধবিরতির ৭ দিন ২৫-৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ১৮০ জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলও।

    ১ ডিসেম্বর ভোর থেকে হামাস ও ইসরায়েলি বাহিনীর হামলা-পাল্টা হামলার মধ্যে দিয়ে শেষ হয় এক সপ্তাহের যুদ্ধবিরতি। ইসরায়েলি হামলায় গত ৮ দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়েছে আড়াই হাজারের বেশি এবং হামাসের হাতে থাকা জিম্মিদের ভাগ্যে কী ঘটবে তা এখনও অজনা।

    এদিকে দুই স্থায়ী রাষ্ট্রের অসহযোগিতার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুন্ন হয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘে দেশটির মিশনের অন্যতম কর্মকর্তা এবং উপ রাষ্ট্রদূত মোহামেদ আবু শাহাব ভোটাভুটির পর পরিষদের সভায় বলেন, ‘গাজায় বিরতিহীন বোমাবর্ষণ বন্ধে আমরা একমত হতে পারছি না; এর মাধ্যমে আমরা আসলে ফিলিস্তিনিদের কী বার্তা দিচ্ছি?’

    ‘শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের অন্যান্য যেসব প্রান্তে সংঘাত চলছে— সেখানকার জনগণ কী বার্তা পেলো আমাদের আজকের এই সভা থেকে?’

  • বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র

    বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ ডিসেম্বর, ২০২৩: ঢাকা টেস্টে জয়ের আশা জাগিয়েও বাংলাদেশ ৪ উইকেটে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে।ফলে দুই টেস্ট সিরজ ড্র হয়েছে। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ ১৫০ রানে জিতে এগিয়ে গিয়েছিলো।ঢাকা টেস্টে টস জিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৭২ রান। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিলো ১৮০ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান করলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩৮ রান।৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এক সময় নিউজিল্যান্ডের ৬ উইকেট পড়ে যায় ৬৯ রানে।কিন্তু গ্লেন ফিলিপসের ৪০ ও মিচেল স্যান্টনার ৩৫ রানের সুবাদে জয় পায় নিউজিল্যান্ড।

    ২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। এদিন সকাল ছিল কুয়াশা ঢাকা। প্রথম ওভারে এক রান নিয়ে স্ট্রাইকে থাকেন জাকির হাসান। পরের ওভারে টিম সাউদিকে দুই বলে দুটি চার হাঁকান তিনি। এরপর মাঝখানে এক ওভার বিরতি দিয়ে প্রতিটিতেই একটি করে চার হাঁকান বাংলাদেশি দুই ব্যাটার।

    কিন্তু মুমিনুলের বিদায়ে সেটি শেষ হয়। এজাজ প্যাটেলের বলে পুল করতে গেলে তার প্যাডে লাগে তার। আম্পায়ারও আঙুল তুলে দেন সঙ্গে সঙ্গে। ১৯ বল খেলে ১০ রানে আউট হন তিনি। এরপর মুশফিকুর রহিমও ফেরেন ৯ রানে।

    একপ্রান্ত আগলে রেখে এর মধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। কিন্তু তার সঙ্গীরা কেউই স্থায়ী হতে পারলেন না। মেহেদী হাসান মিরাজ এজাজ প্যাটেলকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে দাঁড়ানো স্যান্টনার ক্যাচ নেন। জাকিরের সঙ্গে নুরুল হাসান সোহান ছিলেন শেষ স্বীকৃত ব্যাটার।

    কিন্তু তার তিন বলের ইনিংস ছিল অস্বস্তির। আম্পায়ারের দেওয়া আউটে রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পরের বলেই সাজঘরে ফিরতে হয় সোহানকে। এ দফায়ও তিনি এলবিডব্লিউ হন এজাজ প্যাটেলের বলে। এরপর কিছুক্ষণ টেল এন্ডারদের নিয়ে লড়াই করেন জাকির। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছক্কায় ৮৬ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

    তবে তার বিদায়ের পর শেষ উইকেট জুটিতে ১৬ রান যোগ করেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। ৬ বলে ৮ রান করে এজাজ প্যাটেলকে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন শরিফুল। ২১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল। ১৮ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৬ উইকেট নেন এজাজ। তিনটি উইকেট পান মিচেল স্যান্টনার, একটি টিম সাউদি।

    ১৩৭ রান তাড়া করাও যে নিউজিল্যান্ডের জন্য সহজ কাজ হবে না, সেটি আঁচ করা যাচ্ছিল আগেই। তবুও চার ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে কিছুটা স্বস্তি নিয়েই লাঞ্চে যায় নিউজিল্যান্ড। কিন্তু ফিরে এসে দ্বিতীয় ওভারেই সেটি উবে যায়। শরিফুল ইসলাম বিরতির আগে দুর্দান্ত একটি ওভার করেও উইকেট পাননি, তিনিই পান প্রথম উইকেট।

    শরিফুল ইসলামের অফ স্টাম্প থেকে ভেতরে ঢোকা বল কিছুটা নিচু হয়ে ডেভন কনওয়ের পায়ে গিয়ে লাগে। ১৫ বলে ২ রান করে সাজঘরে ফেরত যান কনওয়ে। দ্বিতীয় উইকেট আসে তাইজুল ইসলামের হাত ধরে। এই সিরিজে চার ইনিংসে তৃতীয়বারের মতো কনওয়েকে সাজঘরে ফেরান তিনি। তাইজুলের বলে স্টাম্পিং হন ২৪ বলে ১১ রান করা উইলিয়ামসন।

    এরপর সফরকারী ব্যাটারদের দারুণভাবে চাপে ফেলেন বাংলাদেশের বোলাররা। সাফল্যও মেলে মেহেদী হাসান মিরাজের হাত ধরে। তার বলে এলবিডব্লিউ হন হেনরি নিকোলস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১০ বলে ৩ রান করা এই ব্যাটার। ম্যাচ আরও জমিয়ে তোলেন মিরাজই। উইকেটে থিতু হয়ে যাওয়া টম লাথামকে ৬০ বলে ২৬ রান করার পর আউট করেন তিনি। স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মিরাজ।

    পরের ওভারে টম ব্লান্ডেলকে ফেরান তাইজুল ইসলাম। কিন্তু এর মধ্যে ফিলিপসের ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক শান্ত। সেটিই পরে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। প্রথমে মিচেলের সঙ্গে ৩১ বলে ১৮ রানের জুটি গড়েন তিনি। সেটি অবশ্য ভেঙে দেন ড্যারল মিচেল। ৩৬ বলে ১৯ রান করার পর মিচেলকে আউট করে আবারও বাংলাদেশের আশার পালে হাওয়া এনে দেন মেহেদী হাসান মিরাজ।

    কিন্তু এরপর আর কুলিয়ে ওঠেনি বাংলাদেশ। ফিলিপসের সঙ্গে মিচেলের জুটিই তাদেরকে ম্যাচ জিতিয়ে দেয়। ৪৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন আগের ইনিংসেও দুর্দান্ত খেলে ম্যাচের মোড় ঘোরানো ফিলিপস। ৩৯ বলে ৩৫ রান করেন স্যান্টনার।

     

    স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)

    বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭২/১০, ৬৬.২ ওভার (মুশফিক ৩৫, শাহাদাত ৩১, ফিলিপস ৩/৩১)

    নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১৮০/১০, ৩৭.১ (ফিলিপস ৮৭, মিরাজ ৩/৫৩)

    বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ৩৮/২, ৮ ওভার, জাকির ১৬, মোমিনুল ০)

    জাকির ক মিচেল ব প্যাটের ৫৯

    জয় ক মিচেল ব প্যাটেল ২

    শান্ত ক উইলিয়ামসন ব সাউদি ১৫

    মোমিনুল এলবিডব্লু ব প্যাটেল ১০

    মুশফিকুর ক মিচেল ব স্যান্টনার ৯

    শাহাদাত এলবিডব্লু ব স্যান্টনার ৪

    মিরাজ ক স্যান্টনার ব প্যাটেল ৩

    নুরুল এলবিডব্লু ব প্যাটেল ০

    নাইম ক সাউদি ব স্যান্টনার ৯

    তাইজুল অপরাজিত ১৪

    শরিফুল স্টাম্প ব্লান্ডেল ব প্যাটেল ৮

    অতিরিক্ত (বা-১০, লে বা-১) ১১

    মোট (অলআউট, ৩৫ ওভার) ১৪৪

    উইকেট পতন : ১-৩ (জয়), ২-৩৮ (শান্ত), ৩-৭১ (মোমিনুল), ৪-৮২ (মুশফিকুর) ৫-৮৮ (শাহাদাত), ৬-৯৭ (মিরাজ), ৭-৯৭ (নুরুল), ৮-১১২ (নাইম), ৯-১২৮ (জাকির), ১০-১৪৪ (শরিফুল)।

    নিউজিল্যান্ড বোলিং :

    প্যাটেল : ১৮-১-৫৭-৬,

    স্যান্টনার : ১১-০-৫১-৩,

    সাউদি : ৬-১-২৫-১।

    নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস :

    লাথাম ক শান্ত ব মিরাজ ২৬

    কনওয়ে এলবিডব্লু ব শরিফুল ২

    উইলিয়ামসন স্টাম্প নুরুল ব তাইজুল ১১

    নিকোলস এলবিডব্লু ব মিরাজ ৩

    মিচেল ক শান্ত ব মিরাজ ১৯

    ব্লান্ডেল ক নুরুল ব তাইজুল ২

    ফিলিপস অপরাজিত ৪০

    স্যান্টনার অপরাজিত ৩৫

    অতিরিক্ত (বা-১) ১

    মোট (৬ উইকেট, ৩৯.৪ ওভার) ১৩৯

    উইকেট পতন : ১-৫ (কনওয়ে), ২-২৪ (উইলিয়ামসন), ৩-৩৩ (নিকোলস), ৪-৪৮ (লাথাম), ৫-৫১ (ব্লান্ডেল), ৬-৬৯ (মিচেল)।

    বাংলাদেশ বোলিং :

    শরিফুল : ৫-২-৯-১,

    মিরাজ : ১৬.৪-২-৫২-৩,

    তাইজুল: ১৪-২-৫৮-২,

    নাইম: ৩-০-১৫-০,

    মোমিনুল: ১-০-৪-০।

    ফল : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।

    ম্যাচ সেরা: গ্লেন ফিলিপস(নিউজিল্যান্ড)

    সিরিজ সেরা: তাইজুল ইসলাম(বাংলাদেশ)

    সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ।

  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যোগ্যতা অর্জন করেছে বিএনপি: সেতুমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যোগ্যতা অর্জন করেছে বিএনপি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ ডিসেম্বর, ২০২৩: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যোগ্যতা অর্জন করেছে বিএনপি ও তার দোসররা, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায়, সেটা শুধু একমাত্র বিএনপি ও তার দোসরদের দিতে পারে। তারা এ নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি ।

    ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নই। আমরা আমাদের সংবিধান মেনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা এখন কম্বোডিয়ায় দিয়েছে, এটা তাদের ব্যাপার, কেন দিয়েছে। নিষেধাজ্ঞা এলে এখানে বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে, যারা নির্বাচনে বাধা দিচ্ছে। আমেরিকা তো বলছে, যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে। সেটা হচ্ছে না কেন? তারা নাশকতা করছে, গাড়ি জ্বালাচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষ মারছে। এটাই তো সুষ্ঠু অবাধ নির্বাচনের বিরোধিতা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় সেটা শুধু একমাত্র বিএনপি ও তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সবসময় স্বাধীন। নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। নির্বাচন পর্যন্ত আমরা তাদের সহযোগিতা দিয়ে যাব। কোনো বাধা বিপত্তি, হুমকি, নাশকতা, সন্ত্রাস-এ নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারে না। কারণ নির্বাচনকে কেন্দ্র করে এদেশের জনগণ আজ নির্বাচনমুখী। নির্বাচনমুখী ভোটাররা যেকোনো উপায়ে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। এতে যারা বাধা দেবে, কার্যক্রমের বিপত্তি সৃষ্টি করবে, তাদেরকে দেশের ভোটাররাই প্রতিহত করবে।

    তিনি বলেন, আজকে নির্বাচনে বিএনপি এবং তার সহযোগীরা অনেকে অংশ নেয়নি। তবে সারাদেশে একইভাবে নির্বাচনের তৎপরতা চলছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

    সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এই সেক্টর উন্নয়নে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরো কিছু করার ব্যাপারেও সরকার অত্যন্ত যত্নশীল। কাজেই বিষয়টি নিয়ে পানি ঘোলা করার কারণ নেই।

    স্বতন্ত্র প্রার্থী না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ তারিখের আগে এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো।

    তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে। পাবলিকের সাপোর্ট নেওয়ার জন্য তো বিরুদ্ধে কথা বলবেই।

  • ছোটখাটো ভুল-ত্রুটির বিষয়টি বিবেচনায় রাখবে ইসি

    ছোটখাটো ভুল-ত্রুটির বিষয়টি বিবেচনায় রাখবে ইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৮ ডিসেম্বর, ২০২৩: ছোটখাটো ভুল-ক্রটির বিষয়টি বিবেচনায় রাখবে ইসি, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, সময়মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেন, তবে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন।

    আচ শুক্রবার (৮ ডিসেম্বর) আপিল কার্যক্রমের চতুর্থ দিনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা বলেন।

    ছোটখাটো ভুল-ত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

    মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে। সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, বাতিল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। আইনে আছে, দেখুন এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপীল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।’

    যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নিদেশনা দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।’

    তিনি আরও বলেন, ‘৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।’

  • বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস

    বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৮ ডিসেম্বর, ২০২৩: গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে অসময় এই বৃষ্টিপাত দেখা দেয় সারা দেশে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমে শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টির প্রবণতা কমে যাবে। এরইমধ্যে দেশের পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়া শুরু করেছে। দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে বলে জানা গেছে।

    আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

    আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, ১১-১২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসতে পারে।ফলে শীত অনুভব হবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

  • মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩৮/২

    মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩৮/২

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ ডিসেম্বর, ২০২৩: মিরপুর টেস্টে প্রথম দিনটি ছিল বাংলাদেশের অনুকূলে। প্রথম দিন বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড ৫৫ রান করতেই হারায় ৫ উইকেট। মিরাজ ৩টি ও তাইজুল ২ উইকেট নেয়। প্রথম দিনে নিউজিল্যান্ড পিছিয়ে ছিল ১১৭ রানে।দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। কিন্তু তৃতীয় দিন নিউজিল্যান্ডের শেষ দিকের ব্যাটসম্যানরা দারুন খেলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করে। অলআউট হয়ে যায় ১৮০ রানে। প্রথম ইনিংসে লিড পায় মাত্র ৮ রানে। ৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। আলোর স্বল্পতার জন্য দিনের খেলা যখন শেষ হয় তখন বাংলাদেশের রান ২ উইকেটে ৩৮ রান। এখন খেলছেন জাকির হাসান ১৬ ও মোমিনুল হক ০ (শুন্য) রানে।

    প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের পক্ষে তাইজুল ও মিরাজ ৩টি করে উইকেট পেয়েছেন। শরিফুল ও নাঈম হাসান পেয়েছেন ২টি করে উইকেট। এখন দেখার বিষয় বাংলাদেশ চতৃর্থ দিনে কত রানের লিড নিতে পারে।

    ঢাক পিচের চরিত্র অনুষারে এখনে দুইশত রানের লিড নিতে পারলে জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

    নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল।

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ ডিসেম্বর, ২০২৩: এক সপ্তাহের যুদ্ধবিরতিসহ প্রায় দুই মাসের যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ জন। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি।

    আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৭ হাজার ১৭৭ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী। অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।

    আশরাফ আল-কুদরা বলেছেন, ‘ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯০ জন চিকিৎসক নিহত হয়েছেন, ১০২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে এবং ১৬০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ২০টি হাসপাতাল এবং ৪৬টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রকে পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।’

    তিনি বলেন, ‘চলমান হামলা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তি ও আহতের সংখ্যা গণনা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি।’

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।

    এই পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যায় পশ্চিমারা সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের শুরুতে এই অভিযোগ করেন তিনি।

    মূলত মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে ক্রেমলিনে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ইব্রাহিম রাইসি। বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ সময় রাইসি বলেন, ‘ফিলিস্তিন ও গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা আরও দুঃখজনক যে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এই গণহত্যায় সমর্থন করছে।’

    এই পরিস্থিতিতে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে একথা জানান তিনি।

    এই পরিস্থিতিতে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে একথা জানান তিনি।

    হামাস নেতাদের আত্মসমর্পণ এবং বন্দিদের প্রত্যাবর্তনের মাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান এদিন সাংবাদিকদের বলেন, ‘হামাস নেতারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দিদের (গাজা থেকে) ফিরিয়ে দিতে হবে।’

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ ডিসেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছেছেন।সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এই সময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    পরে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।

    টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় ব্যক্তিগত সফর শেষে শুক্রবার তিনি ঢাকায় ফিরবেন।

  • ১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি

    ১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৭ ডিসেম্বর, ২০২৩: জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বদলির প্রস্তাব আনা হয়।

    আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা অনুমোদন করেছেন কমিশন।

    ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।

    সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে এর আগে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। পরবর্তীতে বুধবার (০৬ ডিসেম্বর) ১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল কমিশন।

  • পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৩

    পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৩

    www.HelloBangla.News – জাতীয় – ৭ ডিসেম্বর, ২০২৩: দেশের পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৩। সাধারণত নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ সামাজিক উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং নারী জাগরণে উদ্বুদ্ধকরণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরাবোজ্জ্বল ভূমিকা পালনে স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পদক প্রদান করা হয়।

    আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক ২০২৩ প্রদান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানান।

    সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক ২০২৩ প্রদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ ডিসেম্বর সকাল ১০ টায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। অনুষ্ঠানটি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বেগম রোকেয়া দিবস ২০২৩ অনুষ্ঠানে ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান হবে। পদক প্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন। পদক প্রাপ্ত প্রত্যককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।’

    পদক প্রাপ্ত ৫ জন বিশিষ্ট নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো : নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা জেলা)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর জেলা)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা জেলা)। নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষীপুর জেলা)। পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও জেলা)।

    তিনি বলেন, ‘জাতির পিতা ১৯৭২ সনে সংবিধানে নারীর সমঅধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতিষ্ঠানিক যাত্রা শুরু করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের গোপনীয়তা রক্ষার জন্য ভারত, জাপান, জার্মান, ব্রিটেন ও রাশিয়া থেকে ডাক্তার এনে চিকিৎসা করেন। নির্যাতিত মহিলাদের বীরাঙ্গনা উপাধি দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন ও তাদের যুদ্ধ শিশুদের পুনর্বাসন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে। নির্যাতিত কন্যাদেরকে বিয়ের ব্যবস্থা করে পারিবার ও সমাজে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বঙ্গবন্ধু ১৯৭৩ সনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী শিক্ষা, স্বাস্থ্য, সমবায়, কৃষি, কুটিরশিল্পসহ বিভিন্ন বিষয়গুলি অন্তর্ভুক্ত করেন। নারীদের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়নের জন্য চাকরিতে ১০ শতাংশ কোটার ব্যবস্থা রাখেন।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করার ঘোষণা করেছেন। সে অঙ্গীকার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৩৫ টি বিভিন্ন ট্রেডে ৭ লাখ নারীকে প্রশিক্ষণ দিচ্ছে। শিক্ষা, চাকুরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থান সকল ক্ষেতে নারীর আজ সফল অগ্রযাত্রা। নারীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সর্ব শীর্ষে এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে ৭ম।’

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীসহ বিশেষ ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করা হবে। বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উদযাপন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সকল জেলা ও উপজেলায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টেলিভিশন ও রেডিওতে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। নারী শিক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধি করতে ব্যানার, ফেস্টুন, পোস্টার বিতরণ ও স্থাপন করা হবে।’

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, প্রধান তথ্য কর্মকর্তা জনবা মো. শাহেনুর মিয়া ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।