Author: Hello Bangla News

  • আফ্রিকার সেরা ফুটবল খেলোয়াড় ওসিমহেন

    আফ্রিকার সেরা ফুটবল খেলোয়াড় ওসিমহেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ ডিসেম্বর, ২০২৩: দারুণ ফর্মে থাকা নাইজেরিয়ান ও নাপোলির স্টাইকার ভিক্টর ওসিমহেন এবার জিতেলেন আফ্রিকা মহাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চলতি মৌসুমে নাপোলির হয়ে দারুণ খেলেছেন। বলা চলে সিরিআ শিরোপাটা এবার নাপোলির ঘরে এসেছে ‍ওসিমহেনের দৃষ্টিনন্দন খেলার কারণেই।  আর এই কারণেই তিনি এই সন্মানে ভূষিত হলেন।

    নাইজেরিয়ার এই স্ট্রাইকার গেল মৌসুমে ছিলেন ক্ষুরধার ফর্মে। জর্জিয়ার তরুণ উইঙ্গার কাভিচা কাভারাৎসখেলিয়াকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন অনন্য এক জুটি। যার ফল পেয়েছিলেন ইতালিয়ান সিরিআ জিতে।

    ২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির এই নাইজেরিয়ান স্ট্রাইকার। গতকাল মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে সেরা খেলোয়াড় হিসেবে ভিক্টর ওসিমহেনের নাম ঘোষণা করা হয়। সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে ওসিমহেন বলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।’

    ওসিমহেন এই পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে। গেলবছর ব্যক্তিগত পারফর্মে উজ্জ্বল থাকলেও লিভারপুল বা মিশর কোন জায়গাতেই দলীয় সাফল্য পাননি সালাহ। অন্যদিকে পিএসজির হয়ে লিগ শিরোপা পেলেও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করতে পারেননি হাকিমি।

    গত মৌসুমে দুর্দান্ত ওসিমহেনে ভর করে ৩৩ বছর পর লিগ শিরোপা জিতেছিল নাপোলি। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও পাঁচটি। চলতি মৌসুমেও আছেন ছন্দে। লিগে এরইমাঝে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। চোটের কারণে ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি এই স্ট্রাইকার। আর এবার এই টুর্নামেন্টের বাছাইপর্বেই দুর্দান্ত পারফর্ম করেছেন। ১০ গোল করে শীর্ষ গোলদাতা ওসিমহেন।

    এবারের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো। গেল বছর কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বোনো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই গোলরক্ষক। আবার ক্লাব পর্যায়ে সেভিয়ার হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন তিনি।

  • ১১ টি ফ্লাইট  ঘন কুয়াশায় সময়মতো শাহজালালে নামতে পারেনি

    ১১ টি ফ্লাইট ঘন কুয়াশায় সময়মতো শাহজালালে নামতে পারেনি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

    সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর থেকে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

    কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

    সূত্র আরও জানায়, পরে ফ্লাইটগুলো  আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

  • ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় র‌্যালি: সেতুমন্ত্রী

    ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় র‌্যালি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ডিসেম্বর, ২০২৩: বিজয়ের মাসে আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

    ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‍্যালি করা হবে।

    আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।’

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।

  • পেঁয়াজের দাম বাড়াটা ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

    পেঁয়াজের দাম বাড়াটা ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ডিসেম্বর, ২০২৩ : পেঁয়াজের দাম বাড়াটা ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়েছে। এক রাতে যেভাবে পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছে, সেটি হওয়ার কোনো কারণ ছিল না। ভারত ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার সাথে সাথে বাজারে দাম বেড়ে যাওয়া, এটা হয়েছে আমাদের পাইকারি বা খুচরা ব্যবসায়ী যাই বলেন সকল প্রকার ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।’

    আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘হঠাৎ করে ৫০ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়া, এটি কোনভাবেই সমীচীন নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ নিয়ে অভিযান শুরু করে দিয়েছে। এ পর্যন্ত ১৩৩ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে। এতে করে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। পুরোপুরি আসেনি। আমি আপনাদের অনুরোধ জানাব যে, কোনো কিছু হলেই দাম বাড়িয়ে দেয়ার যে মানসিকতা সেটি পাইকারি বা খুচরা পর্যায়ে বলেন, এটির বিরুদ্ধে যদি গণমাধ্যমে রিপোর্ট হয় তাহলে সেটি নিয়ন্ত্রণ করা সহায়ক হবে।’

    তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পেঁয়াজের দাম সহসা কমে যাবে। এক সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু হবে। এর পাশাপাশি একটি বিষয় হচ্ছে, আমরা যারা ভোক্তা তাদের ট্রেন্ড আছে কোনো পণ্যে সংকট রয়েছে গুজব রটলেই এক কেজির স্থলে ৫ কেজি কিনে নেয়। এতে করে ব্যবসায়ীরা আরও সুযোগ পায়। এক্ষেত্রে ভোক্তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। পেঁয়াজের দাম খুব সহসা কমে যাবে। ভারত থেকেও পেঁয়াজ আসবে। সব মিলিয়ে পেঁয়াজের দাম কমে যাবে। এছাড়াও বেশির ভাগ পণ্যের দাম গত দুই সপ্তাহে কমেছে।’

    ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘গত দুই সপ্তাহে বেশির ভাগ দ্রব্যের মূল্য কমেছে। গরুর মাংস আমার এলাকায় সাড়ে ৫০০ করে বিক্রি হচ্ছে মাইকিং করে। যেটা কয়েক দিন আগে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা ছিল। শাক-সবজির দাম কমেছে, অন্যান্য পণ্যের দামও কমেছে।’

  • শহরের দৃষ্টিনন্দন কাজগুলো পোস্টারের আড়ালে ঢেকে যায়: মেয়র আতিক

    শহরের দৃষ্টিনন্দন কাজগুলো পোস্টারের আড়ালে ঢেকে যায়: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ডিসেম্বর, ২০২৩ : শহরের দৃষ্টিনন্দন কাজগুলো পোস্টারের আড়ালে ঢেকে যায়, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনে বলেন, ‘আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না।’

    যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন চেয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন।’

    আজ সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই শহরকে নোংরা করার কোনো অধিকার কারও নেই। যারা পরিবেশ নষ্ট করে, তাদের ধিক্কার জানাতে হবে।’

    মেয়র বলেন, ‘আমরা একটি সুস্থ ও আধুনিক ঢাকা চাই। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে চাই, তারা গাড়ি-বাড়ি কিংবা অর্থ-সম্পদের জন্য দেশ স্বাধীন করেননি। তারা কেবল দেশের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন। এই স্বাধীন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’

    তিনি আরও বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নান্দনিক কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। এরই মধ্যে কাউলা এক্সপ্রেসওয়ের নিচে প্লে জোন করা হয়েছে। আমরা শহরের প্রতিটি রাস্তায় এমন স্ট্রিট আর্ট দেখতে চাই।’

    এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, অপারেটিং অফিসার মহসীন হাবিব, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর, স্ট্রিট আর্ট প্রজেক্ট শিল্পী মনিরুজ্জামান প্রমুখ।

  • নিরাপত্তা পরিষদ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: আন্তোনিও গুতেরেস

    নিরাপত্তা পরিষদ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: আন্তোনিও গুতেরেস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ ডিসেম্বর, ২০২৩ : টানা দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন চলছে। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে বিপুল সংখ্যক নারী ও শিশুসহ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজারে পৌঁছেছে। এই মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ বাড়লেও যুদ্ধবিরতি কার্যকর বা সংঘাত নিরসন বা বেসামরিক হতাহত বন্ধে জাতিসংঘের ব্যর্থতা চোখে পড়ার মতো।

    এছাড়া যুদ্ধবিরতির চেষ্টায় জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবও ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস।

    এমনকি গাজার সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের নীরবতার সমালোচনাও করেন তিনি। আজ সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সংঘাত ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল রবিবার জানিয়েছেন।

    গাজায় মানবিক সহায়তার আহ্বান জানিয়ে ইতোপূর্বে জাতিসংঘের পাস করা একটি প্রস্তাব সম্পর্কে গুতেরেস বলেন, ‘বিলম্বের জন্য মূল্য দিতে হচ্ছে। নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং রেজল্যুশনটি বাস্তবায়িত হচ্ছে না।’

    কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামে বক্তৃতাকালে গাজা সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘আলোড়ন-সৃষ্টিকারী নীরবতার’ সমালোচনা করেন আন্তোনিও গুতেরেস।

    তিনি বলেন, ‘গত ৭ অক্টোবর হামাসের ভয়ঙ্কর আক্রমণ এবং এরপর থেকে গাজায় ইসরায়েলি নিরলস বোমাবর্ষণের ঘটনায় নিরাপত্তা পরিষদ নীরব ছিল। এর এক মাসেরও বেশি সময় পরে কাউন্সিল অবশেষে একটি রেজুলেশন পাস করে। যেটাকে আমি স্বাগত জানিয়েছলাম।’

    তবে রেজোলিউশনটি বাস্তবায়িত হচ্ছে না বলে এসময় দুঃখ প্রকাশ করেন তিনি। গুতেরেস জোর দিয়ে বলেন, ‘গাজায় বেসামরিক নাগরিকদের জন্য কোনও কার্যকর সুরক্ষা নেই।’

    প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।

    রবিবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সময়ও গাজার দক্ষিণে লড়াই অব্যাহত ছিল। আর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যেই গাজা উপত্যকায় আবারও মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের এই মহাসচিব।

    গুতেরেস বলেন, ‘এতো অল্প সময়ের মধ্যে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা সম্পূর্ণ নজিরবিহীন। গাজার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়ছে।’

    এমনকি জাতিসংঘের এই মহসচিবের আশঙ্কা, ‘গাজায় জনশৃঙ্খলা শিগগিরই সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং তারপরে আরও খারাপ পরিস্থিতির উদ্ভব হতে পারে। যার মধ্যে মহামারি রোগ এবং মিসরে ব্যাপক বাস্তুচ্যুতির চাপ বৃদ্ধির মতো বিষয়ও রয়েছে।’

    আর তাই গাজায় ‘মানবিক বিপর্যয় এড়াতে চাপ দেওয়ার’ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান গুতেরেস। এসময় তিনি ‘মানবিক যুদ্ধবিরতি ঘোষণার আবেদনও’ পুনর্ব্যক্ত করেন।

    তার ভাষায়, ‘দুঃখজনকভাবে, নিরাপত্তা পরিষদ এটি (যুদ্ধবিরতি কার্যকর) করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এতে করে এটি কম প্রয়োজনীয় কোনও বিষয় হয়ে যায় না। তাই আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, আমি হাল ছেড়ে দেবো না।’

    উল্লেখ্য, গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

    সেই প্রস্তাবে উপত্যকায় যুদ্ধবিরতির পাশাপাশি দু’টি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত। প্রথমত, আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ত, অবিলম্বে ও শর্তহীনভাবে সব বন্দিকে মুক্ত করতে হবে।

    শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি পেশ করার পর সেটি গৃহীত হয় এবং সদস্যরাষ্ট্রগুলোর ভোটের জন্য উত্থাপন করা হয়। ভোটে পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩টিই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

    বাদ ছিল কেবল দুই স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভোটদান থেকে বিরত থাকলেও যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরুদ্ধে সরাসরি আপত্তি বা ভেটো ক্ষমতা প্রয়োগ করে। এতে করে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

    এদিকে গাজার সঙ্গে সংহতি জানিয়ে সরকারিভাবে দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা দিয়েছে লেবানন। ধর্মঘটে সব সরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) দেশটি এই ধর্মঘট পালন করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

  • স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

    স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১১ ডিসেম্বর, ২০২৩ : স্কুল ব্যাংকিং যাত্রা শুরু পর থেকে ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাংকে টাকা জমা দেওয়ার আগ্রহ বেড়েছে। এতে একদিকে যেমন তাদের অর্থ সঞ্চয় হচ্ছে, অপর দিকে শিশুদের মনে ভবিষ্যত পরিকল্পনা তৈরির আগ্রহ বাড়ছে। স্কুল ব্যাংকিং বিষয়টি অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়ছে আমাদের ভবিষ্যত প্রজন্মের মধ্যে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাংকে জমার পরিমাণ দাঁড়িয়েছে দু্ই হাজার ২৩২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে শহুরে শিশু শিক্ষার্থীদের জমা এক হাজার ৬০৩ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা। আর পল্লী অঞ্চলের শিক্ষার্থীদের জমার পরিমাণ ৬২৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

    ব্যাংকে শিক্ষার্থীদের মোট সঞ্চয়ের প্রায় ৭২ ভাগ শহরের শিশুদের। আর পল্লী অঞ্চরের শিশুদের সঞ্চয় রয়েছে ২৮ শতাংশ।

    জানা গেছে,  চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে শিক্ষার্থদের মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ২১০টি। এর মধ্যে পল্লী অঞ্চলের হিসাবের সংখ্যা ২১ লাখ ৫০ হাজার ১৭৯টি। আর শহরাঞ্চলের হিসাবের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ১৭ লাখ ৮৮ হাজার ৩১টি।

    পল্লী অঞ্চলে ব্যাংক হিসাবের সংখ্যা বেশি হলেও টাকার হার কম।

    শিক্ষার্থীদের ব্যাংক মোট ব্যাংক হিসাবের মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৭২৬। আর মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার ৪৮৪। মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম হলেও ছেলে শিক্ষার্থীদের কাছাকাছি।

    শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহী করতে ২০১০ সালে স্কুল ব্যাংকিং কর্মসূচির উদ্বোধন করে কেন্ত্রীয় ব্যাংক। দেশে ২০১০ সাল থেকে স্কুল ব্যাংকিং চালু হয়। স্কুল ব্যাংকিংয়ে টার্গেট গ্রুপ ১১ থেকে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রী। যাদের কোনো আয়ের উৎস নেই। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া অর্থ, বৃত্তির অর্থ এবং উৎসব-পার্বণের উপহার বা নগদ কিছু বাঁচিয়ে জমা রাখার জন্য হিসাব খোলা। এর মাধ্যমে  ছেলেবেলা থেকেই ব্যাংক হিসাব খোলার নিয়মকানুন যাতে জানতে, হিসাব পরিচালনায় শিখতে এবং অভ্যাস গড়ে তুলতে পারদর্শী হয়। যাতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা রেখে সঞ্চয়ের মনোভাব গড়ে উঠে। এই প্রকল্পটি বেশ সফল হয়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ।

    চলতি বছরে জুন শেষে শিশুদের ব্যাংকে হিসাবে জমার পরিমাণ ছিল ২ হাজার ৩২৪ কোটি ৫৪ লাখ টাকা। সে সময় ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ৩৮ লাখ ৬৯ হাজার ৩১৮টি।

  • নৃত্য ও সংগীতে মুখরিত শিল্পকলার নন্দনমঞ্চ

    নৃত্য ও সংগীতে মুখরিত শিল্পকলার নন্দনমঞ্চ

    www.HelloBangla.News – বিনোদন – ১১ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘গণজাগরণের সংগীত উৎসব।’ এই সাংস্কৃতিক কর্মযজ্ঞের মূল বিষয় হচ্ছে দেশের ৫ শতাধিক শিল্পীর পরিবেশনার সঙ্গে সর্বসাধারণকে সম্পৃক্ত করা। গতকাল সন্ধ্যায় গণজাগরণের সংগীত উৎসব এর ৮ম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে নন্দনমঞ্চে ।  বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে চলছে উৎসব। অনুষ্ঠানের শুরুতেই স্নাতা শাহরীন এর নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘বাংলার ধ্রুবতারা’ দলীয় নৃত্য। এর পর একক সংগীত পরিবেশন করেন দেবযানী দাস ‘এ কুঞ্জে পথ ভুলিয়া’। আবারো একক সংগীত ‘ব্রজগোপী খেলে গরি’ পরিবেশন করেন নুসরাত জাহান’; ‘ও আমার উড়াল পঙ্খীরে’ পরিবেশন করেনে এস এম সেলিম।

    এরপর একক সংগীত পরিবেশন করেন ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ শাকেরা সুলতানা সুরভী, ‘যেখানে সীমান্ত তোমার’ আবিদ হাসান সেতু, ‘দুচোখে ঘুম আসে না’ পল্লবী সরকার মালতী। এরপর দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্য পরিচালক ফিফা চাক্মা ‘রাঙামাটির রঙে’। ধারাবাহিক একক সংগীত, পরিবেশন করেন মো: ফারুক হোসেন ‘অযতনে ডুবলো’; ফিরোজা আক্তার পরিবেশন করেন ‘গুরু ঘর বানাইয়া কি দিয়া’; সবিতা রাণী চৌধুরী পরিবেশন করেন ‘আইলারে নয়া দামান’।

    নৃত্য ও সংগীতে মুখরিত শিল্পকলার নন্দনমঞ্চ - বিনোদন - ১১ ডিসেম্বর ২০২৩ (২)_1
    নৃত্য ও সংগীতে মুখরিত শিল্পকলার নন্দনমঞ্চ – বিনোদন – ১১ ডিসেম্বর ২০২৩ (২)_1

    এরপর দলীয় সংগীত পরিবেশন করেন (ক)‘ সত্য বল সুপথে’ (খ) ‘সাড়ে সাত কোটি’। একক সংগীত পরিবেশন করেন রফিকা ইসলাম ‘কে বাঁশি বাজায় রে’ ও সায়মা সুলতান উর্বি পরিবেশন করেন ‘পাখি কখন উড়ে যায়’। দলীয় নৃত্য, পরিচালনায় ফিফা চাকমা ‘ তঞ্চঙ্গ্যা মাছ ধরা’ নৃত্য পরিবেশন করে তপস্যা নৃত্যদল।

    আবারো ধারাবাহিকভাবে পরিবেশিত হয় একক সংগীত ‘সুয়াচান পাখি’ জয় পরিবেশন করেন; ‘গান গাই আমার মনরে বুঝাই’ মোহাম্মদ মারুফ হোসেন পরিবেশন করেন; ‘আমার প্রাণ বন্ধু আসিয়া’ সংগীত পরিবেশন করেন স্বর্ণা রাণী তালুকদার ।

    সবশেষে দলীয় নৃত্য, পরিচালনা করেন নৃত্য পরিচালক মেহরাজ হক তুষার ‘ ‘আজ যত যুদ্ধবাজ’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল।

    ১৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলা এ সংগীত উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত ১১ টি সংগীত দল পরিবেশন করছে – অন্তরা, সুরশ্রী, সঞ্চারী, রাগিনী, সুরধ্বনি, সুরসপ্তক, স্বরলিপি, গীতাঞ্জলি, গীতালি, সুরতরঙ্গ এবং সুরলহরী। ৮ম দিনের আয়োজনে সমন্বয়কারী হিসেবে ছিলেন সেতু, মানিক এবং শাহীন।

  • আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে

    আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ডিসেম্বর, ২০২৩ : গত ৭ ডিসেম্বর থেকে ঢাকায় এবং এর আগে ও পরে সারাদেশেই বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পর সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কোথাম কোথাও চলছে হিমেল বাতাস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পাবনা জেলার ঈশ্বরদীর তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। আর রাজশাহী জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

    অন্যদিকে ১৩ ডিগ্রির ঘরে নেমেছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার তাপমাত্রা। গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রির ঘরে রয়েছে যশোর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, ডিমলার তাপমাত্রা।

    আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে ঘন কুয়াশার কারণে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

    সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

    বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

  • আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা

    আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা আক্তার এবার  আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। বাংলাদেশের নারী ক্রিকেটার হিসাবে তিনি প্রথম এই পুরস্কার পেলেন। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।

    আজ (সোমবার) আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে। নাহিদা আক্তার ছাড়াও পুরুষ ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

    গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।

    পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

    গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটির সিরিজে ৩ ম্যাচে ১৪.১৪ গড়ে ৭টি উইকেট নেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদা। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।

    সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারলেও নাহিদা নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেটের বোলিংয়ের পথে নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। সে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে আসেন তিনি, সেখানে ৭ রান দিয়ে দুটি উইকেটই নেন। সে ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

    শেষ ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে ১৬৬ রান তুলতেই থামে, তাতে বড় অবদান ছিল ২৬ রানে ৩ উইকেট নেওয়া নাহিদার। সে ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮৬ উইকেট নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ২৩ বছর বয়সী এই বোলার।