Author: Hello Bangla News

  • আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

    আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষের জন্য মেট্রোরেল আর্শিবাদ হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এর যাত্রীসংখ্যা। কেননা সড়ক পথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রচুর সময় লাগে যায় যানজটের কারণে। ইতিমধ্যে উত্তরা থেক মতিঝিল যাতায়াত করছে মেট্রোরেল। এই যাত্রা পথে আজ থেকে শুরু হলো দুটি নতুন স্টেশন।

    বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হলো। সকাল থেকে এ দুটি স্টেশনে থামছে ট্রেন। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।

    এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি বেশ কয়েকদিন আগেই পুরোপরি প্রস্তুত করা হয়েছে।

    মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিজয় সরণি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনটি এখন উত্তরা নর্থ, উত্তরা সেন্ট্রাল, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে থামবে। যাত্রীরা সবগুলো স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

    ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।

  • শিল্পকলায় বিজয় দিবসে মঞ্চস্থ হবে ‘ভাগের মানুষ’

    শিল্পকলায় বিজয় দিবসে মঞ্চস্থ হবে ‘ভাগের মানুষ’

    www.HelloBangla.News – বিনোদন – ১৩ ডিসেম্বর, ২০২৩: আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসনির্ভর মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। রাজধানীতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে নাটকটি। জনপ্রিয় নাটদল ‘সময়’ এর এটি ২৬ তম প্রযোজনা।

    নাটকে গল্প ঠিক এই ধরণের- ১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।

    মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু-দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। এভাবেই এগিয়ে যাবে ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।

    ১৯৯৭ সাল থেকে সময় দেশে – বিদেশে নাটকটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। ‘ভাগের মানুষ’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাবিহা সুলতানা, সাঈফ, রাকিব আল হাসান প্রমুখ।

    উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। শুরুতে নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন মরহুম আলী যাকের। সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।

    প্রদর্শনীর টিকিট মূল্য- ৫০০, ৩০০ ও ২০০ টাকা। প্রদর্শনীর দিন বিকেল ৪টা থেকে হলের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তাছাড়া টিকিট বুকিংয়ের জন্য ০১৮৪৭০৯০৫১৩ নাম্বারেও যোগাযোগ করা যাবে।

  • রিজার্ভ কমার কারণ নেই: মেজবাউল হক

    রিজার্ভ কমার কারণ নেই: মেজবাউল হক

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ ডিসেম্বর, ২০২৩: রিজার্ভ কমার কারণ নেই, বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, ‘এ মা‌সে রে‌মিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। স‌ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হ‌চ্ছে। কিছু খরচ হ‌বে, ত‌বে আ‌য়ের চে‌য়ে ব্যয় কম হ‌বে। তাই রিজার্ভ কমার কারণ নেই।‌ ডিসেম্বরে হিসাব করে বলা যা‌বে। ত‌বে জানুয়ারিতে আকুর পেমেন্ট আ‌ছে এক বিলিয়নের মতো। সব মি‌লি‌য়ে রিজার্ভ ভা‌লো হ‌বে বলা যায়।’

    আজ বুধবার (১৩ ডিসেম্বর) মেজবা উল হল হক  সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।

    মেজবা উল হক বলেন, ‘বর্তমানে রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের কিছু ওপরে। আইএমএফ, এডিবি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন সোর্স থেকে আসা ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার মধ্য দিয়ে ডিসেম্বর শেষে  রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে জানুয়ারি মাসে আকুর এক বিলিয়ন ডলার দায় পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবারও কিছুটা কমবে।’

    তিনি বলেন, আইএমএফ এর বোর্ড সভায় ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হলেও তা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী শুক্রবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হবে।

    মুখপাত্র বলেন, ‘অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে আইএমএফ এর বোর্ডসভায় এ ঋণ ছাড়ের অনুমোদন প্রামণ করে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইএমএফ। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতেও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।’

    আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুন ভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বোর্ডসভায় ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করে আইএমএফ।

  • যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে আইনগত ব্যবস্থা নিবে: তথ্যমন্ত্রী

    যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে আইনগত ব্যবস্থা নিবে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিবে, বলে জানিয়েছেন তথ্য ওসম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিন বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা মনে করছেন ট্রেনলাইন কেটেছেন তাদের পুলিশ খুঁজে পাবে না, পুলিশ অবশ্যই তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনকে প্রতিহত করার লক্ষ্যে ক্রমাগতভাবে গুপ্তস্থান থেকে অবরোধের ডাক দেওয়া হচ্ছে। সেই অবরোধে দেশের মানুষের বিন্দুমাত্র সাড়া নেই। দেশের মানুষের সাড়া তো নেই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের মানুষ স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

    সেই কাজকর্মকে ব্যাহত করতে ২৮ অক্টোবর থেকে ক্রমাগতভাবে গাড়িঘোড়ায় আগুন দেওয়া হচ্ছে দাবি করে সরকারের এ মন্ত্রী বলেন, গতকাল গাজীপুরে রেললাইনের ২০ ফুট কেটে দেওয়া হয়েছে। এতে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। একজন যাত্রী নিহত ও অর্ধশত যাত্রী আহত এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি রাজধানীতে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

    তিনি বলেন, তাদের এই তথাকথিত অবরোধ কোথাও পালিত হয়নি। কিন্তু এ পর্যন্ত সাড়ে ৩০০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাড়িতে আগুন দেওয়া এ কোন রাজনীতি? পৃথিবীর কোথাও দেখিনি রাজনীতির নামে বাসে আগুন দেওয়া হয়। গাড়িতে আগুন দেওয়ায় এ পর্যন্ত ৭ জনের বেশি মানুষ নিহত ও বহু মানুষ আগুনে দগ্ধ হয়েছে। এই অপরাজনীতি অচিরেই বন্ধ হওয়া দরকার।

    তথ্যমন্ত্রী আরও বলেন, গাড়িঘোড়া পোড়ানো কি গণতান্ত্রিক আন্দোলন ? মানুষ পোড়ানো কি গণতান্ত্রিক আন্দোলন? এভাবে জনজীবন ব্যাহত করে জানমালের ক্ষতি করে কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এগুলো দেশবিরোধী, সন্ত্রাসী, জনবিরোধী কর্মকাণ্ড। তারা যে কর্মকাণ্ড চালাচ্ছে এগুলো বর্বরতা, হিংস্রতা, যা হিংস্র হায়নাকেও হার মানিয়েছে। তাদের এই অপরাজনীতি চিরদিনের মতো বন্ধ করতে হবে,

    জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব এরই মধ্যে স্পষ্ট করেছেন তারা নির্বাচন করার জন্য নমিনেশন জমা দিয়েছেন এবং নির্বাচন করবেন। আমিও বিশ্বাস করি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করবেন। আর জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের সহযোগী। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা সহযোগী হিসেবে কাজ করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের পরিস্থিতিতেও জাতীয় পার্টি আগের মতো সহযোগী হিসেবে কাজ করবে।’

  • ইসরায়েলি হামলা নিয়ে বাইডেনের বিবৃতির পর জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ

    ইসরায়েলি হামলা নিয়ে বাইডেনের বিবৃতির পর জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ ডিসেম্বর, ২০২৩: গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন । ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেন-এর তরফ থেকে ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করে এটাই সবচেয়ে কড়া বিবৃতি। গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর থেকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।

    ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। কিন্তু এভাবে কড়া কোন প্রস্তাব বাইডেনের পক্ষ থেকে আসেইন। তাই যুদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘে আটকে যায়।

    বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন। স্থানীয় সময় মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময এই মন্তব্য করেন তিনি।

    মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের কারণে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির জেরে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অটল সমর্থন দিয়ে গেছেন।

    এমনকি ইসরায়েল মার্কিন সমর্থনের ওপর নির্ভর করতে পারে বলে পুনর্ব্যক্ত করার পাশাপাশি এদিন বাইডেন ইসরায়েলি সরকারের প্রতি সরাসরি সতর্কতা জারি করেন।

    মঙ্গলবার বাইডেন বলেন, ‘ইসরায়েল তার নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, এই মুহূর্তে দেশটিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নিরাপত্তা আছে। তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের বেশিরভাগ দেশই রয়েছে।’

    তার দাবি, ‘কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা (ইসরায়েল) সেই সমর্থন হারাতে শুরু করেছে।’

    প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আরও বলেছেন, ‘হামাসকে মোকাবিলা করার প্রয়োজনীয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই’ এবং ইসরায়েলের এটি করার ‘সমস্ত অধিকারই’ রয়েছে।

    অন্যদিকে এক বিবৃতিতে ইরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজায় তার স্থল যুদ্ধ এবং হামাসকে ধ্বংস ও বন্দিদের উদ্ধারের লক্ষ্যে চলা অভিযানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ পেয়েছে।

    তিনি আরও বলেন, গাজায় ‘যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ’ আটকে রেখেছে ওয়াশিংটন।

    তার ভাষায়, ‘হ্যাঁ, ‘হামাসের (নির্মূলের) পরের সময়’ নিয়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) মতবিরোধ রয়েছে এবং আমি আশা করি, আমরা এখানেও (একটি) চুক্তিতে পৌঁছাব।’

    জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৩টি রাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। এই প্রস্তাব মেনে চলার কোন আইনগত বাধ্যবাধকতা নেই। তবে এই প্রস্তাবের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে বিশ্বের মতামত প্রতিফলিত হয়েছে।

  • গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

    গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এই সময় রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ রওশনপন্থি নেতা মসিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।

    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রওশন এরশাদ। তিনি গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন।

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন কেন থাকবে।’

    রওশন এরশাদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।’

    মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আজ প্রধানমন্ত্রীকে বলেছি, অবৈধভাবে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জিএম কাদের অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।’

    মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

    তবে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবারের এ সাক্ষাৎ ‘কোন্দলে থাকা’ জাতীয় পার্টির জন্য ভিন্ন ‘অর্থ’ বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

  • বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: সেতুমন্ত্রী

    বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির (২০২৪) নির্বাচন বানচাল করতে পারবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের। তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ।’

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণেই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে। দেশকে খাটো করতে বিদেশিদের কাছে বদনাম করে কিছু লোক ও বিএনপির মতো কিছু দল। বাংলাদেশের অর্জন সারা দুনিয়ার প্রশংসিত। উন্নয়ন সমৃদ্ধির পথে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে। এদেশের কিছু লোক আছে তাদের প্রশংসা করতে সংকীর্ণতা থাকে। তারা দেশকে ছোট করার জন্য সব সময় বিদেশিদের কাছে দেশের বদনাম করে। দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি।’

    সেতুমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সহিংসতা করে, ষড়যন্ত্র করে ও সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না। হামলা সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    তিনি বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।’

    প্রার্থীদের সম্পদ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন কাউকে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ মনে করলে তার নমিনেশন বাতিল করতে পারে।’

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ: তথ্যমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: শুধু যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের সঙ্গে পৃথিবীর সব রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সুন্দর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের সঙ্গে যে দূরত্ব ছিল সে দূরত্বও ঘুচে গেছে। দেশে একটি অবাধ- সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলবো, যারা আজকে নির্বাচন বর্জন করেছে তারা এখন গর্তে গেছে।’

    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের শত্রুতে যেমন রূপান্তরিত হয়েছে, একইভাবে মানবতাবিরোধী শত্রুতে রূপান্তরিত হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে। তারা ভেবেছিল নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না। এখন তারা বুঝতে পারছে নির্বাচন হয়ে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে। আর যারা তলে তলে তাল দিচ্ছিল তারাও বুঝতে পারছে যে এই অপদার্থ বিএনপিকে দিয়ে কিছু হবে না। সুতরাং তারাও আর এ আন্দোলনের হাওয়ায় বাতাস দিচ্ছে না।’

    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশে তাদের জনসমর্থন হারিয়ে পলাতক দলে রূপান্তরিত হয়েছে। তারা এখন প্রকৃত অর্থে একটি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অফিসের তালা খোলার জন্যও একটা মানুষ খুঁজে পায় না। বিএনপি কার্যালয়ের তালা পুলিশ কিংবা আওয়ামী লীগ লাগায়নি। কার্যালয়ে তালা বিএনপি নিজেই লাগিয়েছে, কিন্তু সাহস করে একটা মানুষ গিয়ে তালা খুলবে এমন সাহস তারা পায় না। তারা আবার সরকার পতন ঘটাবে। তারা অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দেয় এবং গোপনে গাড়ি-ঘোড়ায় পেট্রোল বোমা দেয়।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য আর কারও দরকার নেই। বিএনপিকে আজকে তারেক রহমান আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে।’

    জামায়াত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলাম স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি বলবো তোমরা ইসলামের ধ্বজাধারী পরিচয় দাও। কিন্তু আজকে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে তোমাদের কোনো খবর নেই কেন। তোমরাও আজকে ইসলামের শত্রুতে রূপান্তরিত হয়েছো। শুধু ইসলামের শত্রুতেই নয়, মানবতার শত্রুতেও রূপান্তরিত হয়েছো।’

    ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি পীর সাহেবদের সম্মান করি। কারণ এদেশে ইসলাম কায়েম হয়েছে পীর-আউলিয়াদের মাধ্যমে। দু-একজন পীর সাহেব বড় বড় সমাবেশ করেন। সরকারের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ফিলিস্তিনিরা যেভাবে হত্যার শিকার হচ্ছে, তার বিরুদ্ধে একটি মিছিল বের করতে পারেন নাই। এসব পীর সাহেব নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ফিলিস্তিনের এত মানুষ হত্যা হচ্ছে তাদের বিরুদ্ধে একটি আওয়াজও তুলতে দেখিনি। আমি আল্লাহর কাছে দোয়া করি, এমন পীর সাহেবদের যেন আল্লাহ হেদায়েত দান করেন।’

  • আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান: স্বাস্থ্যমন্ত্রী

    আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বেলেন, ‘কেউ কোনো গুজবে কান দেবেন না।’

    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙয়ের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙয়ের একটি ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম অঞ্চল ও বাদ পরা শিশুদের জন্য এ ক্যাম্পেইন চারদিন চলবে।

    উদ্বোধন অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক বৃদ্ধি হয়, খর্বকায় কমে যায়, বিভিন্ন সংক্রামক রোগ কমে যায়। আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, কেউ কোনো গুজবে কান দেবেন না।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর একমাত্র বাংলাদেশই কালাজ্বর থেকে মুক্ত হয়েছে। একইভাবে ফাইলেরিয়াও। আমরা মাতৃ ও শিশুস্বাস্থ্যে অনেক এগিয়েছি। আগের তুলনায় মাতৃমৃত্যু কমেছে। এটি আরও কমাতে হলে বাল্যবিয়ে রোধ করতে হবে। একজন অসুস্থ মা সন্তান জন্ম দিলে অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম হতে পারে। আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে অনেক পিছিয়ে আছি। ক্লিনিক ও হাসপাতালে যাতে নেয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

    মন্ত্রী আরও বলেন, ‘আট ঘণ্টা সার্ভিসে হাসপাতালগুলো চলতে পারে না। এগুলো ২৪ ঘণ্টা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়বে, কমবে শিশু ও মাতৃমৃত্যু। একই সঙ্গে অহেতুক কেউ যাতে সি-সেকশন না করায় সেদিকে নজর দিতে হবে। হাসপাতালে বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসার মান বাড়াতে হবে। নার্সের ঘাটতি আগের মতো না হলেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এজন্য নতুন করে ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহিমেদুল কবির প্রমুখ।

  • মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন গুয়েতেমালার শতাধিক এমপি

    মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন গুয়েতেমালার শতাধিক এমপি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ ডিসেম্বর, ২০২৩: এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন গুয়েতেমালার শতাধিক এমপি। গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জেরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জাান গেছে। শুধু তাই নয় দেশটির এমপিসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের করা হয়েছে।

    উল্লেখ্য, গুয়েতেমালার পার্লামেন্ট কংগ্রেসে মোট সদস্য ১৬০ জন। অর্থাৎ দেশটির পার্লামেন্ট সদস্যদের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যারা গুয়েতেমালায় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা নিশ্চিত করতে কাজ করছেন তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার গণতন্ত্রকে অবজ্ঞা করে এমন ব্যক্তির ওপর এই ধরনের বিধি-নিষেধ আরোপ করার উদ্যোগ অব্যাহত থাকবে।

    এদিকে আফগানিস্তানের রহমানি পরিবার, ৪৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে। আন্তর্দেশীয় দুর্নীতির অভিযোগে আফগানিস্তানের পার্লামেন্টের সাবেক স্পিকার ও ব্যবসায়ী মির রহমান রহমানি এবং তার ছেলে আজমাল রহমানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তাদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ৪৪টি কোম্পানিকেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর সোমবার (১১ ডিসেম্বর) রাতে ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

    যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর বলেছে, মির রহমান রহমানি ও তার ছেলে আজমাল রহমানির পরিবারের সদস্যরা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। নিষেধাজ্ঞার ঘোষণায় আজমাল রহমানির সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। মির রহমান রহমানি ও তার ছেলে আজমাল রহমানি আফগানিস্তান ছাড়াও হাঙ্গেরি, বেলজিয়াম, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক। বিনিয়োগের মাধ্যমে তারা অন্য দেশে নাগরিকত্ব নিয়েছেন।

    এদিকে রহমানি পরিবারের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলোর ২১টি জার্মানির, আটটি সাইপ্রাসের, ছয়টি সংযুক্ত আরব আমিরাতের। এছাড়া দুটি করে আফগানিস্তান ও অস্ট্রিয়ার এবং একটি করে নেদারল্যান্ডস ও বুলগেরিয়ার কোম্পানি রয়েছে।

    যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর গতকাল দুই ব্যক্তি ও ৪৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকারের লঙ্ঘনের জবাবদিহিবিষয়ক গ্লোবাল ম্যাগনিটস্কি আইন প্রয়োগ করে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি প্রতিরোধে যুক্তরাষ্ট্র এই আইন প্রয়োগ করতে পারে।

    এদিকে, রহমানি পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হবে। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেউ লেনদেন বা ব্যাবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হলে তারাও শাস্তির শিকার হতে পারে।

    যুক্তরাষ্ট্রের আটলান্টায় গতকাল দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনের ওই সম্মেলন শুরুর প্রথম দিনই যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

    এদিকে, যুক্তরাষ্ট্রে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ গত আগস্টে বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, নিষেধাজ্ঞা দুর্নীতি দমনের অন্যতম হাতিয়ার। তবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে নিষেধাজ্ঞাকে ব্যবহার করে না।