www.HelloBangla.News – খেলাধুলা – ১১ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা আক্তার এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। বাংলাদেশের নারী ক্রিকেটার হিসাবে তিনি প্রথম এই পুরস্কার পেলেন। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।
আজ (সোমবার) আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে। নাহিদা আক্তার ছাড়াও পুরুষ ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।
পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।
গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটির সিরিজে ৩ ম্যাচে ১৪.১৪ গড়ে ৭টি উইকেট নেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদা। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারলেও নাহিদা নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেটের বোলিংয়ের পথে নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। সে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে আসেন তিনি, সেখানে ৭ রান দিয়ে দুটি উইকেটই নেন। সে ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
শেষ ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে ১৬৬ রান তুলতেই থামে, তাতে বড় অবদান ছিল ২৬ রানে ৩ উইকেট নেওয়া নাহিদার। সে ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮৬ উইকেট নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ২৩ বছর বয়সী এই বোলার।










