আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে - জাতীয় - ১১ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে - জাতীয় - ১১ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১১ ডিসেম্বর, ২০২৩ : গত ৭ ডিসেম্বর থেকে ঢাকায় এবং এর আগে ও পরে সারাদেশেই বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পর সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কোথাম কোথাও চলছে হিমেল বাতাস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পাবনা জেলার ঈশ্বরদীর তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। আর রাজশাহী জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ১৩ ডিগ্রির ঘরে নেমেছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার তাপমাত্রা। গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রির ঘরে রয়েছে যশোর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, ডিমলার তাপমাত্রা।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশার কারণে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

পূর্ববর্তী আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা
পরবর্তী নৃত্য ও সংগীতে মুখরিত শিল্পকলার নন্দনমঞ্চ