শিল্পকলায় বিজয় দিবসে মঞ্চস্থ হবে ‘ভাগের মানুষ’

শিল্পকলায় বিজয় দিবসে ‘ভাগের মানুষ’ - বিনোদন - ১৩ ডিসেম্বর ২০২৩
শিল্পকলায় বিজয় দিবসে ‘ভাগের মানুষ’ - বিনোদন - ১৩ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ১৩ ডিসেম্বর, ২০২৩: আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসনির্ভর মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। রাজধানীতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে নাটকটি। জনপ্রিয় নাটদল ‘সময়’ এর এটি ২৬ তম প্রযোজনা।

নাটকে গল্প ঠিক এই ধরণের- ১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু-দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। এভাবেই এগিয়ে যাবে ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।

১৯৯৭ সাল থেকে সময় দেশে – বিদেশে নাটকটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। ‘ভাগের মানুষ’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাবিহা সুলতানা, সাঈফ, রাকিব আল হাসান প্রমুখ।

উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। শুরুতে নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন মরহুম আলী যাকের। সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।

প্রদর্শনীর টিকিট মূল্য- ৫০০, ৩০০ ও ২০০ টাকা। প্রদর্শনীর দিন বিকেল ৪টা থেকে হলের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তাছাড়া টিকিট বুকিংয়ের জন্য ০১৮৪৭০৯০৫১৩ নাম্বারেও যোগাযোগ করা যাবে।

পূর্ববর্তী রিজার্ভ কমার কারণ নেই: মেজবাউল হক
পরবর্তী আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন