Author: Hello Bangla News

  • নির্বাচনী প্রচারে বরিশালে শেখ হাসিনা

    নির্বাচনী প্রচারে বরিশালে শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ ডিসেম্বর, ২০২৩: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বরিশালে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চলতি বছরের মার্চ মাসে তার বরিশাল সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

    আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালে এসে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে তিনি বরিশাল সার্কিট হাউজে যান। কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। সিভাস্থলে বিপুল জনতার সমাবেশ ঘটেছে।বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্ব করেন।

    এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। শুধু বরিশাল নগরেই নয়, বিভাগজুড়ে সাজ সাজ রব।

    শেখ হাসিনার নির্বাচনী সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে নৌকার আদলে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    শেখ হা‌সিনার জনসভায় যোগ দি‌তে সকাল থে‌কেই বঙ্গবন্ধু উদ‌্যা‌নে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন তারা।

    বেলা ১১টা ৪০ মি‌নি‌টে জাতীয় সংগী‌তের মধ্যদিয়ে সমা‌বেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

    বেলা বাড়ার সঙ্গে বঙ্গবন্ধু উদ্যান এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থক জড়ো হন।

    এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরিশাল নগর সেজেছে নবরূপে। রাস্তাঘাট, অলিগলি সহ নগরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সব চলার পথ পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ব‌রিশা‌লে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

    সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন।

    বরিশালে জনসভা শেষে বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। সেখানে তিনি শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

    শনিবার দিনব্যাপী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া এবং মাদারীপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

    ২০ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত এবং এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রধান।

  • জাতিসংঘ ইসরায়েলকে ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে বলেছে

    জাতিসংঘ ইসরায়েলকে ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে বলেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ ডিসেম্বর, ২০২৩: আড়াই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। এতে ২০ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।ধ্বংস হয়েছে হাসপাতাল, ইমারত, রাস্তা, মসজিদসহ অনেক বসতি। গাজায় দেখা দিয়েছে খাদ্য, চিকিৎসা সামগ্রী, বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে।তবে ফিলিস্তিনের আরেক অংশ অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলের বর্বরতা।

    সেখানে অভিযানের নামে প্রতিদিনই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে ইসরায়েলকে পশ্চিম তীরে ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে বলেছে জাতিসংঘ। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীরে ‘বেআইনি হত্যা’ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে ইসরায়েলি অভিযানের সময় এই অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে বিমান হামলা এবং সামরিক অনুপ্রবেশের ঘটনা ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ পেয়েছে বলে এক রিপোর্টে বিস্তারিত প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এই ধরনের হামলা ও অনুপ্রবেশের ফলে মৃত্যু, আহত এবং অধিকৃত অঞ্চলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, ‘আইন প্রয়োগের প্রেক্ষাপটে সামরিক কৌশল এবং অস্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তির ব্যবহার এবং ফিলিস্তিনিদের প্রভাবিত করে এমন যেকোনও বিস্তৃত, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বিধিনিষেধ প্রয়োগ করা অত্যন্ত উদ্বেগজনক।’

    গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেসময় থেকে পশ্চিম তীরে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    জাতিসংঘ পশ্চিম তীরে অন্তত ৩০০ ফিলিস্তিনির মৃত্যুর বিষয়টি যাচাই করেছে, যার মধ্যে ৭৯ জন শিশুও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ২৯১ জন ইসরায়েলি বাহিনীর হাতে, আটজন বসতি স্থাপনকারীদের হাতে এবং একজন সৈন্য বা বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন।

    এছাড়া গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে প্রায় ৪ হাজার ৮০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ‘বসতি স্থাপনকারীদের আক্রমণের তীব্রতা বৃদ্ধি’ পেয়েছে বলে জাতিসংঘ নথিভুক্ত করেছে। যার মধ্যে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ‘গুলিবর্ষণ, বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে ফেলা এবং গাছ উপড়ে ফেলা’ মতো ঘটনাও রয়েছে।

    ভলকার তুর্ক বলেন, ‘আমি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে, বসতি স্থাপনকারীদের এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহিংসতার সমস্ত ঘটনা তদন্ত করতে, ফিলিস্তিনি সম্প্রদায়কে উচ্ছেদে যেকোনও ধরনের বলপ্রয়োগের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে, স্পষ্ট এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

    এর আগে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা রোধে ইসরায়েলকে ফের তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। চলতি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশটি বলেছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে ইসরায়েলকে ‘আরও কিছু করতে হবে’।

    তারও আগে চলতি মাসেই পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে যুক্তরাষ্ট্রের পথ ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বিবেচনার কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।

    এছাড়া ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ক্যামেরন ব্রিটেনের এই পরিকল্পনার কথা জানান।

    জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৈনিক হামলার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

    হামাস-ইসরায়েলি সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত হামলা এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের দিকে যখন আন্তর্জাতিক সম্প্রদায় মনোনিবেশ করেছে, তখন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় কর্মকর্তারাও।

  • নির্বাচনে থাকবে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি

    নির্বাচনে থাকবে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪)অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    আজ শুক্রবার ( ২৯ ডিসেম্বর) বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় আজ ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

  • বাংলাদেশর সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

    বাংলাদেশর সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ ডিসেম্বর, ২০২৩: মাউন্ট মুঙ্গানুইতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে।তবে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের আশা থাকলেও নিউজিল্যান্ড সিরিজ জিততে পরবেনা। কেননা শেষ ম্যাচে জিতলেও সিরিজ ড্র হবে।

    ১১ ওভারে ২ উইকেটে কিউইরা ৭২ তোলার পর নেমেছিল বৃষ্টি। রানরেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোটামুটি সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনা ছিল। ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার করা গেলেও ৪৬ তাড়া করার সুযোগ ছিল টাইগারদের।

    এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা স্বাগতিকদের ওপেনার ফিন অ্যালেনকে দ্বিতীয় ওভারেই বিদায় করেন শরিফুল ইসলাম। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    আরেক ওপেনার টিম সেইফার্ট শুরু করেন আগ্রাসী ব্যাটিং। ফিফটির দিকে এগোতে থাকা এই ব্যাটারকে ফেরান তানজিম হাসান সাকিব। তার বলে বড় শটের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন সেইফার্ট। মিডঅফ থেকে বাম দিকে অনেকটা পথ দৌড়ে তালুবন্দি করেন শান্ত। ৬ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৪৩ রান করে বিদায় নিলেন কিউই ব্যাটার।

  • যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী

    যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।”

    ২৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় আহত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আজ বৃহস্পতিবার (ডিসেম্বর ২৮) গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। যে হুকুমদাতা, তাকেও ছাড়া হবে না।”

    তিনি বলেন, “যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা তারা পার পাবে না। ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে সব কয়টাকে শাস্তি দিতে হবে।”

    শেখ হাসিনা বলেন, “অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানো, সাংবাদিকদের টার্গেট করে মারা, যেভাবে আঘাত করল, ঠিক মাথায় আঘাত করা, জীবনটা নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করা, এর নিন্দা করার ভাষা আমার নেই।”

    অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ ও এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

    সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

  • বিএনপির লিফলেট বিতরণে কারো সাড়া নেই: তথ্যমন্ত্রী

    বিএনপির লিফলেট বিতরণে কারো সাড়া নেই: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: বিএনপির লিফলেট বিতরণে কারো সাড়া নেই, বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “বিএনপি নির্বাচন বর্জন করার জন্য যাদের দরজায় গিয়ে ধরনা দিত এখন তাদের দরজা বিএনপির জন্য বন্ধ হয়ে গেছে। বিএনপি নির্বাচন বর্জন করার যে আহ্বান জানিয়েছে, সেটিতে কারো কোনো সাড়া নেই। এখন তারা লিফলেট বিতরণ করা শুরু করেছে। এ লিফলেট বিতরণে কারো কোনো সাড়া নেই।”

    আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

    তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির অনেক কর্মী-সমর্থকরাও নির্বাচন করার জন্য উন্মুখ হয়ে আছেন। তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিএনপির ভোট বর্জনের তর্জন-গর্জন কেউ শোনেনি, সেটি গাড়ির হর্নের মধ্যে হারিয়ে গেছে।”

    তিনি আরও বলেন, “সমগ্র বাংলাদেশে নির্বাচনী ঝড় বইছে। মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিশ্ববাসীও এই নির্বাচনকে গ্রহণ করেছে। তারা নির্বাচনকে গ্রহণ করার কারণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠিয়েছে, ওআইসি পর্যবেক্ষক পাঠিয়েছে, সার্কভুক্ত দেশগুলো পর্যবেক্ষক পাঠিয়েছে এবং দেশগুলো পর্যবেক্ষক পাঠাচ্ছে।”

    হাছান মাহমুদ বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় টিম আগামী ৫ তারিখ বাংলাদেশে আসবে নির্বাচন পর্যবেক্ষণ করতে। বিভিন্ন সিভিল সোসাইটির বড় একটি বেসরকারি টিম দেশে আসবে। সমগ্র পৃথিবী এই নির্বাচনকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সে কারণেই বিভিন্ন দেশ থেকে এদেশে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে।”

    তথ্যমন্ত্রী আরও বলেন, “নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড, নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে, এমন যেকোনো কর্মকাণ্ড বন্ধ করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “নির্বাচন বর্জন করার জন্য এবং নির্বাচনের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং মাঝেমধ্যে চোরাগোপ্তা যে মিছিল করা হয়, এগুলো নজরে এনে আশা করি নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের শক্তি, দৃঢ়তা ও সক্ষমতা প্রকাশ করেছে।”

    বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে মানববন্ধনে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা।

  • নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত: ইসি রাশেদা

    নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত: ইসি রাশেদা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, “নির্বাচন কঠিন কাজ। এটি সবার সমন্বয় ও সহযোগিতায় সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।”

    আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের  সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    রাশেদা সুলতানা বলেন, “ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথেঘাটে কিংবা যেখানেই হোক দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। ভোটাররা নির্ভয়ে ও নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।”

    বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, “ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।”

    এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে চারটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

  • কবি আবু বকর সিদ্দিক আর নেই

    কবি আবু বকর সিদ্দিক আর নেই

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: শিক্ষক, কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক আবু বকর সিদ্দিক (৯১) আর নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মহানগরীর ৫ নম্বর মুন্সিপাড়া ছোট বোনের বাড়িতে কবি দীর্ঘ ১ যুগ ধরে বসবাস করে আসছিলেন।

    জানা গেছে, প্রায় এক যুগ ধরে আবু বকর সিদ্দিক বোনের বাসায় থাকতেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর খুলনার শহীদ হাদিস পার্কে কবির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

    মৃত্যুকালে কবি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। কবির এক মেয়ে বিদিশা যিনি একজন ফ্যাশন ডিজাইনার। তিনিএক সময় প্রেসিডেন্ট এরশাদকে বিয়ে করে আলোচনায় আসেন। পরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর বিদিশার পাশে এই শিক্ষককে শেষবারে দেখা গিয়েছিলো।

    বরেণ্য শিক্ষক ও কবি আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

    আবু বকর সিদ্দিক একাধারে ছিলেন কবি, কথাসাহিত্যিক, ছড়াকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক। তিনি ১৯৩৪ সালে ১৯ আগস্ট বাগেরহাট জেলার গোটাপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃনিবাস একই জেলার বৈটপুর গ্রামে। পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন একজন সরকারি চাকরিজীবী।

    বাবার চাকরি সূত্রে ১৯৩৫ সাল থেকে তিনি হুগলি শহরে এবং ১৯৪৩ সাল থেকে বর্ধমানে বসবাস করেন। বাল্যকাল থেকেই লেখাপড়ার প্রতি তাঁর প্রবল ঝোঁক। ১৯৪৬ সালে পঞ্চম শ্রেণিতে থাকাকালীন তাঁর প্রথম কবিতা আবদুস সাত্তার সম্পাদিত বর্ধমানের কথা পত্রিকায় ছাপা হয়।

    তিনি বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে মাধ্যমিক, ১৯৫৪ সালে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং একই কলেজ থেকে ১৯৫৬ সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৫৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    পেশাগত জীবনে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি পর্যায়ক্রমে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

    ১৯৯৪ সালের ৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর কুইন্স ইউনিভার্সিটি ও ঢাকার নটর ডেম কলেজে অধ্যাপনা করেন।

    তিনি কবিতা লিখতে বেশি পছন্দ করতেন। তাঁর প্রকাশিত ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪), মানুষ তোমার বিক্ষত দিনসহ (১৯৮৬) ১৮টি কাব্যগ্রন্থ আছে। আছে হট্টমালা (২০০১) নামে একটি ছড়াগ্রন্থও।

    তাঁর লেখা গল্পগ্রন্থের সংখ্যা ১০টি। তিনি জলরাক্ষস (১৯৮৫), খরাদাহ, একাত্তরের হৃদয়ভস্ম, বারুদপোড়া প্রহর (১৯৯৬) নামে উপন্যাসও লিখেছেন।

    সাহিত্যে অবদানের জন্য কবি আবুবকর সিদ্দিক ১৯৮৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

  • গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে মুখরিত শহীদ মিনার চত্বর

    গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে মুখরিত শহীদ মিনার চত্বর

    www.HelloBangla.News – বিনোদন – ২৮ ডিসেম্বর, ২০২৩: গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের মাসে বাংলার জয়গান থেকে শুরু করে গ্রামীণ লোক ঐতিহ্য, অ্যাক্রোবেটিক, জাদু, নৃত্য এবং সঙ্গীত অনুষ্ঠান । বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকা মহানগর এবং জেলা শিল্পীদের অংশগ্রহণে ধারাবাহিক এ উৎসব চলছে ২৯ ডিসেম্বর পর্যন্ত। পুরো আয়োজনের ভাবনা ও পরিকল্পনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    শুরুতেই দীপা সরকারের পরিচালনায় ‘খাঁটি সোনার চাইতে খাঁটি ‘ও ‘ধন ধান্যে’ গানে নৃত্য পরিবেশন করে কল্যানী নৃত্যাঙ্গন নৃত্যদল। এরপর পরিবেশিত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ‘রোলার ব্যালেন্স’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল ।

    গণজাগরণের সাংস্কৃতিক উৎসব - বিনোদন - ২৮ ডিসেম্বর ২০২৩ (২)_1
    গণজাগরণের সাংস্কৃতিক উৎসব – বিনোদন – ২৮ ডিসেম্বর ২০২৩ (২)_1

    এরপর ধারাবাহিক পরিবেশনায় সমবেত নৃত্য ‘নোঙ্গর তোল তোল’ পরিবেশিত হয়। নৃত্য পরিচালনায় ছিলেন সেলিনা হক। এরপর পরিবেশন করে নৃত্যসুর নৃত্যদল।

    দলীয় সংগীত ‘আমরা করবো জয় ‘ ও ‘আমরা সবাই বাঙালী’ গান পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল সংগীতদল স্বরলিপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো- চেয়ার সেটিং। আবার সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে’ পরিবেশন করে নৃত্যদল ‘অংশী’, নৃত্য পরিচালনায় ছিলেন আনন্দিতা খান। এরপর আবৃত্তি করেন সামীউল আজিজ। ধারাবাহিক অনুষ্ঠানমালায় পরিবেশিত হয় ম্যাজিক শো। এরপর একক সংগীত ‘হিংসা নিন্দা ছাড়ো’ পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস। এরপর আবার দলীয় সংগীত। দলীয় সংগীত ‘চল চল চল ’ ও ‘বান এসেছে মরা গাঙে’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল সংগীতদল সুরধ্বনি। এরপর ‘দে তালি’ শিরোনামের গানে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘নৃত্যাক্ষ। আবার প্রদর্শীত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ‘হাড়ি ও লাঠি ব্যালেন্স’, পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। এরপর একক সংগীত পরিবেশন করেন সামিউন জাহান রিমি।

    আবার পরিবেশিত হয় দলীয় সংগীত ‘আজ জীবন খুঁজে পাবি’ ও ‘শোন একটি মুজিবুরের থেকে’। সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল সংগীতদল সুরসপ্তক। আবারো সমবেত নৃত্য ‘ঢোল বাজে ঢোল বাজে’, বাংলাদেশের ঢোল’ পরিবেশন করে পরম্পরা নৃত্যদল। এরপর পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দলের শো-নেক আয়রনবার। বহ্নিশিখা নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য-‘ধনধান্য পুষ্প ভরা’ ও ‘আমরা সবাই বাঙালি’। এরপর তারকা শিল্পী খান আসিফুর রহমান আগুন পরিবেশন করেন ‘একাত্তরের মা জননী’ ও ‘ও আমার বন্ধুগো’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু দল পরিবেশন করে সমবেত নৃত্য ‘ আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’। আবারও পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘বঙ্গবন্ধু প্রিয় গান’। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন-মাশকুরে সাত্তার কল্লোল।

  • বর্ষসেরা পুরুষ এবং নারী ফুটবলার হয়েছেন হালান্ড ও বোনমাতি

    বর্ষসেরা পুরুষ এবং নারী ফুটবলার হয়েছেন হালান্ড ও বোনমাতি

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ ডিসেম্বর, ২০২৩: ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড চলতি বছর ছাপিয়ে গিয়েছেন আর সবাইকেই। একের পর এক গোল করেছেন। ম্যানসিটির জার্সিতে পেয়েছেন ৫টি আলাদা আলাদা শিরোপার স্বাদ। আর তাতে মুখ্য ভূমিকা ছিল হালান্ডের। পেয়েছেন উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর এসবের সুবাদেই মেসিকে টপকে এবার আইএফএফএইচএস এর সেরা ফুটবলার হয়েছেন আর্লিং হালান্ড। যদিও বর্ষসেরার তালিকায় দ্বিতীয় স্থানটি পেয়েছেন এমবাপে।

    অপরদিকে আইএফএফএইচএস বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি।

    বলতে গেলে স্বপ্নের মত বছরই পার করেছেন এই নরওয়েজিয়ান তরুণ। এ বছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল।

    গত বছর বিশ্বকাপ জয়ের পর এই সংস্থার তিন পুরস্কার জয় করেছিলেন মেসি। সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার ছিল এই আর্জেন্টাইনের ঝুলিতে। এবার অবশ্য মেসি নেই সেরা খেলোয়াড়ের তালিকায়।

    মেসি ৮৫ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে। দুইয়ে আছেন ১০৮ পয়েন্ট পাওয়া কিলিয়ান এমবাপে। আর ২০৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে হালান্ড। আইএফএফএইচএস প্রকাশিত বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায় অবশ্য খুঁজে পাওয়া যায়নি মেসির নাম। আবার গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম ওপরে থাকলেও সেরা দশে নেই পর্তুগিজ স্ট্রাইকার।

    প্রকাশিত সেরা গোলরক্ষকের পুরস্কারেও নেই আর্জেন্টিনার প্রতিনিধি এমিলিয়ানো মার্টিনেজ। ভোটের হিসেবে তাকে পাত্তাই দেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। ক্লাবপর্যায়ে আর্লিং হালান্ডের মতোই ৫ শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। সব ফাইনালেই দলের ত্রাতা হয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই বড় ব্যবধানে জয় পেয়েছেন সেরা গোলরক্ষকের বিবেচনায়।

    এডারসন পেয়েছেন ১৪৫ পয়েন্ট, অ্যাস্টন ভিলার মার্তিনেজের পয়েন্ট ৭৬। গত বছর এই পুরস্কার জেতা থিবো কোর্তায়া এবার হয়েছেন তৃতীয়। চলতি বছর অবশ্য কর্তোয়া প্রায় পুরোটা সময়েই ছিলেন মাঠের বাইরে। নতুন মৌসুম শুরুর আগেই এসিএল ইনজুরিতে পড়েন তিনি। এখনো তার মাঠে নামা হয়নি। কবে ফিরবেন, তাও অনিশ্চিত।

    আইএফএফএইচএস বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরও জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার। এ ছাড়া আইএফএফএইচএসের সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।

    ১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে ফুটবল বিষয়ক এই গবেষণা সংস্থাটি।