Author: Hello Bangla News

  • বিশ্বের আরও আটটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে

    বিশ্বের আরও আটটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: টানা ৪র্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিশর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

    মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে সাধারণ নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

    তিনি বলেন “এই উচ্চ পদে আপনার পুনঃনির্বাচিত হওয়া আপনার দেশের জন্য আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার দেশের জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে।”

    পৃথক বার্তায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।”

    আবদেল ফাত্তাহ বলেন, মিশর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অভিনন্দন পত্রে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চতুর্থ মেয়াদে তার নেতৃত্ব দেয়ার প্রশংসা করেছেন যার নজির হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তার সরকারের উল্লেখযোগ্য অর্জন।

    তিনি শেখ হাসিনার পঞ্চম মেয়াদে বন্ধুত্বপ্রতীম দেশটির জনগণের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য সাফল্য কামনা করেন।

    লুলা দা সিলভা আশ্বাস ব্যক্ত করেন যে, সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সবসময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে।

    তিনি আশাবাদ প্রকাশ করেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুটি দেশ এ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।

    ২০২৩ সালটি ছিল দুটি দেশের সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক। ব্রাজিলের প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা স্মরণ করেন যেখানে তাদের মধ্যে টেকসই উন্নয়নের পথ অনুসরণ করার এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল।

    তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সম্মত সময়ে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।

    পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের ভাইস-প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচি বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের সরকার ও জনগণের আরও কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    এক অভিনন্দন বার্তায় তিনি লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহন করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে  আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

    তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদে, আপনি এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আপনার দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসাবে আবির্ভূত হয়েছে।”

    সূত্র: বাসস

  • ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: জোট নিরপেক্ষ আন্দোলনের (এনএএম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ তৃতীয় দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে শুক্রবার উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

    ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

    প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সাথে রয়েছেন।

    এই দুটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • বিপিএলে প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা ও চট্রগ্রাম

    বিপিএলে প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা ও চট্রগ্রাম

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ জানুয়ারি, ২০২৪: বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দশম আসর শুরু করেছে হার দিয়ে। জয়ের প্রত্যাশা জাগিয়েও তারা শেষ পর্যন্ত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটে হেরেছে।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দশম আসরের উদ্বোধনী ম্যাচে আজ  বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশি চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।

    কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪৩ রান।জয়ের জন্য ১৪৪ রান তাড়া করে ৫ উইকেটে জয় পায় ঢাকা।

    দিনের প্রথম ম্যাচের পর খুব বেশি দর্শক ছিলেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট রয়্যালসের ম্যাচের জন্য। প্রথম ম্যাচে ফেভারিট কুমিল্লার হার, চট্টগ্রামের দুর্বল স্কোয়াড— এর সঙ্গে মাঘ মাসের তীব্র শীত। খুব বেশি উত্তাপ ছড়ানো ম্যাচ হবে না আঁচ করতে পেরেছিলেন অনেকেই। তবুও মিরপুরে হাজারখানেক দর্শক ছিলেন। সেটাও একজনের জন্য। তিনি মাশরাফি বিন মর্তুজা। যদিও তার দল বড় স্কোর গড়েও চট্টগ্রামের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

    ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে হতশ্রী চট্টগ্রাম শেষ পর্যন্ত উপহার দিয়েছে দুর্দান্ত এক টি-টোয়েন্টি ম্যাচ। আফগান তারকা নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে লোকাল বয় শাহাদাত হোসেন দীপু উপহার দিলেন মনে রাখার মতো এক ম্যাচ। ফলে নামে-ভারে কম আলোচিত চট্টগ্রাম বড় ব্যবধানে জয় পেয়েছে।

  • সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের আলোচনা

    সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের আলোচনা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ জানুয়ারি, ২০২৪: সেনাকে প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে।কেননা দ্বীপ রাষ্ট্রটিতে ভারতের ৮৮ জন সেনা অবস্থান করছে। ‘পারস্পরিক কার্যকর সমাধান’ খুঁজতে খোলাখুলি আলোচনা এবার ফলপ্রসু হতে পারে বল মনে করা হচ্ছে । গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    দুই দেশের সম্পর্ক নিয়ে অস্বস্তির মধ্যে সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য ভারতকে ১৫ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিল মালদ্বীপ সরকার। এসব সেনার বেশিরভাগই বিমান বাহিনীর।

    এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত ও মালদ্বীপ উভয় পক্ষই পারস্পরিকভাবে কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেছে। যাতে ভারতীয় বিমান চলাচল প্ল্যাটফর্মগুলো মালদ্বীপের জনগণকে মানবিক ও মেডেভাক পরিষেবা প্রদান করতে পারে। ’

    মালদ্বীপে মোট ৮৮ জন ভারতীয় সেনা রয়েছেন। স্থল, নৌ ও বিমানবাহিনীর এই সেনারা দেশটির ১ হাজারের বেশি দ্বীপে ভারতের বিমান ও হেলিকপ্টার পরিষেবার তদারক করেন। প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকাজ চালান এবং দুর্গম দ্বীপগুলোয় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে থাকেন।

    ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সলিহ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওই বিমান ও হেলিকপ্টার দিয়েছিল ভারত। সে দেশের সমুদ্রসীমার মধ্যে সমুদ্র গবেষণার জন্য দ্বিপক্ষীয় চুক্তিও হয়েছিল দুই দেশের মধ্যে। চলতি বছরের জুনে সেই চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে।

    তবে গত বছরের নভেম্বরে ‘আউট ইন্ডিয়া’ স্লোগান দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচিত হওয়ার পরই ভারতীয় সেনা অপসারণ ও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানান চীনপন্থি হিসেবে পরিচিত মুইজ্জু।

    গত ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট মুইজ্জুর সচিবালয়ের জ্যেষ্ঠ কর্তা আবদুল্লাহ নাজিম ইব্রাহিম সরকারি ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

  • ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

    বৈঠকের পর চার্লস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে।

    হোয়াইটলি’র উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো.নুরেলাহি মিনা বলেন, “গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও জোরদার হবে।”

    এ প্রসঙ্গে তিনি বলেন, “সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে ইইউ বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে।”

    ইইউ রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সবকিছু (ইবিএ) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

    তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার ও অঙ্গীকার করেন।

    ইইউ রাষ্ট্রদূত প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন।

    বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ৫০ বছরে তাঁর দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

    শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।”

    প্রধানমন্ত্রী ইবিএ’র অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আরো সহযোগিতা কামনা করেন।

    অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

    সেখানে হুইটলি বলেন, “বৈঠকে ইইউ-বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। আপনারা জানেন, আমাদের অনেকগুলো এজেন্ডা রয়েছে। শিগগির নতুন পার্টনারশিপ কো-অপারেশন অ্যাগ্রিমেন্টে (পিসিএ) সই করতে যাচ্ছি আমরা। এটি অনেক ব্যাপক ও নতুন প্রজন্মের চুক্তি।”

    ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, “মধ্যপ্রাচ্য ও ইউক্রেন-রাশিয়ার সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আমাদের কথা হয়েছে। এ বিষয়গুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আলোচনায় রোহিঙ্গা সংকটও উঠে এসেছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। আগামীতেও বহু বছর ধরে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

    হুইটলি বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই ফলপ্রসূ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইইউ-বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।”

    টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন দেশের সরকার, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে।

  • যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না: আইনমন্ত্রী

    যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না, বলে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    দেশে এই মুহূর্তে দুটি সংসদ কার্যকর এবং ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে যে বিতর্ক উঠেছে, সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওই ব্যাখ্যা দেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।

    আইনমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। আর আগামী ২৯ জানুয়ারি তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ঐ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।”

    আইনমন্ত্রী জানান, ৩০ জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।

    মন্ত্রী সংবিধানের ১২৩, ১৪৮ ও ৫৬ অনুচ্ছেদের ঊদ্ধৃতি দিয়ে বলেন, “উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে, তাদের সংবিধানের এইসব অনুচ্ছেদ সমন্ধে সম্যক জ্ঞান নেই।”

    আইনমন্ত্রী বলেন, “সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট না করে দেশে একসঙ্গে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে বক্তব্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হচ্ছে। সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেটি সম্পর্কে তাদের ভালো জ্ঞান নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন।”

  • বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ: বিশ্বব্যাংক

    বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ: বিশ্বব্যাংক

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ, বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ। তিনি বলেন, “বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের একটা ভালো বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। আপনারা জানেন, এই সহায়তা অনেক বড় ও জোরালো। আন্তর্জাতিক আর্থিক সংস্থা হিসেবে বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ।”

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, “আমরা আলোচনা করেছি এই সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। আলোচনার মধ্যে অর্থায়ন যেমন ছিল, তেমনই সংস্কারের বিষয়টিও ছিল। কারণ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংস্কার এজেন্ডা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।

    আব্দুলাই শেখ আরও বলেন, “এক্সচেঞ্জ রেট, মুদ্রানীতি, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য সুরক্ষা নীতি ও রাজস্ব নীতিতে সংস্কার বিষয়ে আমরা কথা বলেছি।”

    বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সহায়তা করে আসছি।”

    বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান।”

    বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে, এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “সংস্কার তারা চাচ্ছেন। সংস্কারতো অবশ্যই দরকার। তারা বলেছেন, সহায়তা করতে প্রস্তুত।”

    অর্থমন্ত্রী বলেন, “দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবেন।”

  • ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

    তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল।

    এমএএন ছিদ্দিক বলেন, আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কী। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে।

    গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনেই ট্রেন থামা শুরু হয়।

    বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

    উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।

  • আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর

    আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জানুয়ারি, ২০২৪: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই বড় আসর যখন শুরু হচ্ছে তখন দেশে শীত জেঁকে বসেছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে অধিকাংশ সময়। কুয়াশা পন্ড হতে পারে খেলা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বেশ কিছু খেলা । ভারতে খেলছে আফগানিস্তান, পাকিস্তান খেলছে নিউজিল্যান্ডে, জিম্বাবুয়ে খেলছে শ্রীলঙ্কায়, ওয়েস্ট ইন্ডিজ খেলছে অস্ট্রেলিয়ায়। তাছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় চলছে ঘরোয়া লিগ। এই বস্থায় বিপিএলের দলগুলো দামি খেলোয়াড়দেরে আনতে পারে কি না তা দেখার বিষয়।

    আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

    দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাদিরা সামারাবিক্রমার মতো পরিচিত মুখ।

    প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এবার লিটন দাস। কুমিল্লা বরাবরের মতো তারকাসর্বস্ব দল গড়েছে। আছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলি, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, রশিদ খানের মতো বড় তারকারা।

    অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে এবারও শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কুর্তিস ক্যাম্ফারের মতো তারকা ক্রিকেটার।

    সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই অধিনায়কের অধীনে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলিরা।

    বাংলাদেশ দল বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারেনি। তবে দেশের মাটিতে নিউজিল্যান্ডের টেস্টে ভালো খেলেছে। অপর দিকে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিও ভালো খেলেছে। তবে ঘরোয় ক্রিকেটের এই আসরে সবাই নিজের আবার নতুন করে প্রকাশের সুযোগ পাচ্ছেন। তবে দেখার বিষয় বিদেশের তারকা খেলোয়াড়রা কতজন খেলার সুযোগ পায় বিপিএলের দশম আসরে।

     

  • গাজায় ওষুধ ও মানবিক সহায়তা পৌঁছেছে

    গাজায় ওষুধ ও মানবিক সহায়তা পৌঁছেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ জানুয়ারি, ২০২৪: হামাস এবং ইসরায়েলের মধ্যকার চুক্তির অংশ হিসেবে গাজায় মানবিক সহায়তা এবং ওষুধ পৌঁছেছে। এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

    কাতার সরকার এ বিষয়ে একটি চুক্তিতে মধ্যস্থতা করে। যা ফরাসি সরকারের সমর্থন ছিলো। ফলে গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকার বেসামরিক নাগরিকদের কাছে ওষুধ এবং অন্যান্য মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি মিলেছে।

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪৫ ইসরায়েলি বন্দিকে ওষুধ সরবরাহের বিনিময়ে এই চুক্তির ব্যাপারে একমত হয়েছে ইসরায়েল। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার (১৭ জানুয়ারি) ওষুধ এবং মানবিক সহায়তা দোহা থেকে মিশরে গেছে। পরে সেখান থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এগুলো গাজায় পৌঁছে দিয়েছে।

    বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতার ও ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে চুক্তি সই হয়েছে। নতুন এই চুক্তি অনুযায়ী, নিজেদের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে হামাস। তার বিনিময়ে গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ সামগ্রী ঢুকতে দেবে ইসরায়েল।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে জানান, এ চুক্তি অনুযায়ী গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সুরক্ষা দেবে হামাস। আর গাজার সবচেয়ে বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বেসামরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

    চুক্তির শর্ত অনুযায়ী, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী ও হামাসের হাতে থাকা জিম্মিদের জন্য ওষুধের প্রথম চালানটি বুধবার কাতারের রাজধানী দোহা থেকে মিশরের উদ্দেশে পাঠানো হবে। তারপর সেখান থেকে ত্রাণ ও জিম্মিদের জন্য ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস যাবে গাজায়।