বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ: বিশ্বব্যাংক

বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক - অর্থনীতি - ১৮ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক - অর্থনীতি - ১৮ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ, বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ। তিনি বলেন, “বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের একটা ভালো বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। আপনারা জানেন, এই সহায়তা অনেক বড় ও জোরালো। আন্তর্জাতিক আর্থিক সংস্থা হিসেবে বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ।”

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, “আমরা আলোচনা করেছি এই সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। আলোচনার মধ্যে অর্থায়ন যেমন ছিল, তেমনই সংস্কারের বিষয়টিও ছিল। কারণ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংস্কার এজেন্ডা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।

আব্দুলাই শেখ আরও বলেন, “এক্সচেঞ্জ রেট, মুদ্রানীতি, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য সুরক্ষা নীতি ও রাজস্ব নীতিতে সংস্কার বিষয়ে আমরা কথা বলেছি।”

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সহায়তা করে আসছি।”

বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান।”

বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে, এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “সংস্কার তারা চাচ্ছেন। সংস্কারতো অবশ্যই দরকার। তারা বলেছেন, সহায়তা করতে প্রস্তুত।”

অর্থমন্ত্রী বলেন, “দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবেন।”

পূর্ববর্তী ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল
পরবর্তী যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না: আইনমন্ত্রী