Author: Hello Bangla News

  • নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে: সেতুমন্ত্রী

    নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  “বিএনপির কোমর ভেঙে গেছে আজীবনের জন্য। বাস্তব তো তাই-ই। নির্বাচনের পরে যে তর্জন-গর্জন তারা করেছে, তা তো বাস্তবে অন্তঃসারশূন্য। আমরা তো কিছুই দেখছি না। আন্দোলন কাকে বলে, আন্দোলনে পাবলিক থাকতে হবে। তাদের নেতা-কর্মীরা আন্দোলন করতে পারেনি। বেশিদূর যেতে পারেনি। কারণ আন্দোলনের বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান ছিল না, এখনো নেই। প্রস্তুতিতে তারা নেতিবাচক রাজনীতির মাধ্যমে তারা ভুল করেছে। ভুলের চোরাবালিতে আটকে গেছে।”

    আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে মনোনীতদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের সঙ্গে স্বতন্ত্র থেকে নির্বাচিতরাও সরকারের সমালোচনা করতে পারবেন”

    সংসদ কতটা কার্যকরী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংসদ কেন কার্যকর হবে না। বাধাটা কোথায়? একটা ফ্রি, ফেয়ার নির্বাচন হয়েছে, যেখানে টার্ন আউট ফোরটি ওয়ান প্লাস। এখানে ২৮টি দল অংশ নিয়েছে। একটি অপজিশনও আছে। বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি অলরেডি তাদের কার্যক্রম সংসদে শুরু করেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “বিরোধী দল আছে, এমনকি স্বতন্ত্রদের বলা হয়েছে, তারা যখন আমাদের নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সাক্ষাৎ করেন, তখন বলা হয়েছে প্রয়োজনে তারা মনে করলে সরকারের সমালোচনাও করতে পারেন। সমালোচনার জন্য স্বতন্ত্ররা আছেন, বিরোধী দল তো আছেই। তাই সংসদ কার্যকর হওয়ার পথে কোনো অন্তরায় বা বাধা আছে বলে আমরা মনে করি না।”

    ওবায়দুল কাদের বলেন, “তারা সরকারকে পালাতে বলেছে, এখন নিজেরাই পালিয়েছে। বাস্তবতা হলো তাদের আওয়াজ তো কাজে দেয়নি।”

    তিনি বলেন,“ আমরা যা বলেছিলাম- ইলেকশন করব, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, জনগণ অংশ নেবে, প্রতিহত করার দুঃসাহস কারো নেই, আমরা শেষ পর্যন্ত সতর্ক পাহারায় আছি। এখনো আমরা সতর্ক পাহারায় আছি। যদি কেউ এ নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক-সন্ত্রাসমূলক কোনো তৎপরতায় আসে, তখন আমরা অবশ্যই প্রতিরোধ করব। দেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করব।”

    যুবলীগ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের আবেদনের বিষয়ে তিনি বলেন, “তারা আমাদের একটি স্বতন্ত্র সংগঠন। তারা সেটি করতে পারে। তবে আমাদের দল থেকে তা করা হয়নি। এখন ছাত্রলীগ যদি বলে বিএনপিকে নিষিদ্ধ করা হোক, আমরা কি সেটার সঙ্গে লাফাব? যুবলীগ তাদের চিন্তা থেকে বলছে। যুবলীগ চাইলে তো আর একটি জাতীয় দল নিষিদ্ধ হয়ে যাবে না। নিষিদ্ধ হওয়ার বিষয়টা তো আমরা আমাদের মূল দল, কোনো নেতা-কর্মী এ পর্যন্ত বোধ হয় বলিনি।”

    সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার প্রসঙ্গে এই নেতা বলেন, সর্বমোট ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিয়েছি। এ ৪৮ জনের প্রস্তাবক, সমর্থক আছেন, যারা জাতীয় সংসদ সদস্য।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এ সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।

  • আগামীতে ভুল তথ্য মানুষকে চরম ঝুঁকিতে ফেলবে: তথ্য প্রতিমন্ত্রী

    আগামীতে ভুল তথ্য মানুষকে চরম ঝুঁকিতে ফেলবে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: আগামীতে ভুল তথ্য মানুষকে চরম ঝুঁকিতে ফেলবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “আগামী কিছুদিনের মধ্যে মানুষকে যে বিষয়গুলো সবচেয়ে ঝুঁকিতে ফেলবে, তার মধ্যে সবার প্রথমে রয়েছে প্রোপাগান্ডা ও মিস-ইনফরমেশন (ভুল তথ্য)।

    আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন, অপতথ্য মানবসমাজকে বিরাট ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা হচ্ছে। কিছুদিন আগে দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে যে আলোচনা হয়েছে, সেখানেও এ নিয়ে আলোচনা হয়েছে।”

    তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে এ উদ্বেগটা আছে। ইউরোপীয় ইউনিয়নের যেমন আছে, তেমনি আমাদেরও আছে। সেক্ষেত্রে আমরা কীভাবে পরস্পরকে সহায়তা করতে পারি, তা নিয়ে আলাপ হয়েছে। এ ছাড়া আমাদের অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন তো আছেই।”

    প্রতিমন্ত্রী বলেন, “আজ মূলত আমরা ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন নিয়ে আলোচনা করেছি, কীভাবে ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) একটি ব্যবস্থার মাধ্যমে এটার বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারি।”

    ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বিষয়ে তিনি বলেন, “আইডিয়া বিনিময় করা, প্রযুক্তিগত সহযোগিতা থাকবে। সমস্যা হলো, তারা এর সমাধান করে ফেলেছে, তা-ও কিন্তু না। সমাধান কেউ করেনি। নতুন একটি সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে তারাও চিন্তা করছে, আমরাও করছি। এখানে আমরা অংশীদার হচ্ছি। পরস্পরকে সহযোগিতা করে বৈশ্বিকভাবে আমরা এর সুরাহা করতে পারি কি না, সে আলাপই হয়েছে।”

    সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়ে কী কথা হয়েছে, জানতে চাইলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধ-বিগ্রহে সাংবাদিকদের ঝুঁকির মধ্যে পড়া, সেটা তো আছেই। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে সেগুলো নিয়ে একটি আলাপ হয়েছে। ইউরোপেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে বলে রাষ্ট্রদূত বলেছেন। আমাদের দেশেও কোথায় কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি, তা নিয়ে আলাপ হয়েছে।”

    তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে ওপেন করে দেওয়া হয়েছে, গণমাধ্যমের বিস্তৃতি ঘটেছে। উদার করতে গিয়ে এমনও হয়েছে, গণমাধ্যমের মধ্যেও অনিয়ম দেখা দিয়েছে। এটি আমরা বলছি না, আপনারা গণমাধ্যমকর্মীরাই বলছেন। পেশাদার সাংবাদিকরাই বলছেন, একে রেগুলেশন, ডিসিপ্লিনে আনা দরকার। আপনারাই বলছেন একটু রেগুলেট করতে হবে। এগুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা একটি স্বাস্থ্যকর পরিবেশ চাই। গণতন্ত্র হচ্ছে আইনের শাসন। স্বাধীনতার নামে আমরা তো জঙ্গল বানিয়ে ফেলতে পারি না।”

  • রমজান মাসে কোন পণ্যের ঘাটতি হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

    রমজান মাসে কোন পণ্যের ঘাটতি হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: রমজান মাসে কোন পণ্যের ঘাটতি হবে না, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, রমজান মাসে কোন পণ্যের ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করছে।

    আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

    প্রতিমন্ত্রী বলেন, “রোজার আগেই ভারত থেকে এক লাখ টন পরিশোধিত চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।

    প্রতিমন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি, আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। রমজান শুরু হবে ১১ মার্চ। বাকি সময়টা আমাদের প্রস্তুতির জন্য। আমরা চেষ্টা করবো, বৈঠকে একটা দামও নির্ধারণ করতে। যে তারিখে কারখানা থেকে তেল বের হবে, সেই তেলের বোতলে নতুন মূল্য মার্ক করা থাকবে,’ যোগ করেন তিনি।”

    তিনি আরও বলেন, “আপনারা জানেন, প্রথমে অপরিশোধিত তেল আমদানি হয়, পরে সেটা পুনর্নির্ধারিত ট্যারিফ অনুসারে খালাস হওয়ার পর কারখানায় গেলে সেই উৎপাদিত তেলেরই দাম নির্ধারণ করে দেওয়া হবে। এটার জন্য একটা সময় লাগে, একটা যৌক্তিক সময় তাদের দিতে হয়। আমরা মঙ্গলবার আপনাদের পুনর্নির্ধারিত মূল্য ও কবে থেকে ভোক্তারা সেই সুবিধাটা পাবেন, সেটা নির্ধারণ করে জানাবো।

    বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, “মাঠ পর্যায়ের মনিটরিং থাকবে। যেদিন থেকে ঘোষণা করা হবে, সেদিন থেকে আমাদের কারখানা মূল্য, টিপি ও ভোক্তা পর্যায়ের মূল্য একদিনে পরিবর্তন হবে। আমরা যেদিন নির্ধারণ করবো, সেদিন এমআরপি নির্ধারণ করে দেব। সেটা হচ্ছে, এমআরপি সর্বোচ্চ এত টাকায় বিক্রি হবে, এর বেশিতে কেউ বাজারে বিক্রি করতে পারবে না।”

  • ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন,  শুধুমাত্র দুই রাষ্ট্রের সমাধানের মাধ্যমে অঞ্চলটি দীর্ঘস্থায়ী নিরাপত্তা অর্জন করতে পারে।

    শুক্রবার ৬০ তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়,জাতিসংঘের মহাসচিব সঙ্কটের দুই-রাষ্ট্র সমাধানকে তুলে ধরে শান্তি ও উন্নত বৈশ্বিক শৃঙ্খলার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    আন্তোনিও গুতেরেস বলেন, “সমস্ত জিম্মিদের অবিলম্বে, নিঃশর্ত মুক্তি এবং একটি মানবিক যুদ্ধবিরতিই গাজায় ব্যাপকভাবে সাহায্য বিতরণ বাড়ানোর একমাত্র উপায় যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে দৃঢ় এবং অপরিবর্তনীয় পদক্ষেপের ভিত্তি স্থাপন করবে।”

    বৈদেশিক বিষয় এবং নিরাপত্তা নীতির জন্য ইইউ-এর উচ্চতর প্রতিনিধি জোসেপ বোরেল মানবিক পরিস্থিতি এবং এই অঞ্চলের বিস্তৃত পরিণতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আঞ্চলিক উত্তেজনা কমানোর এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে উন্নীত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

    গুতেরেসের সাথে এখানে একটি বৈঠকের সময়, বোরেল একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে প্রচেষ্টার জন্য জাতিসংঘের সাথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

    জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্মেলনে তার বক্তৃতায়, দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে বলেন, এটি ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্যই সংঘাত থেকে বেরিয়ে আসতে এবং একটি শান্তিপূর্ণ ভবিষ্যত অর্জনের চাবিকাঠি।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্যানেল আলোচনায় বলেন, “ভারত দীর্ঘদিন ধরে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে বিশ্বাস করে। আমরা বহু দশক ধরে সেই অবস্থান বজায় রেখেছি। এবং আমি মনে করি আজ বিশ্বের আরও অনেক দেশ মনে করে যে শুধু দ্বি-রাষ্ট্র সমাধান কেবল প্রয়োজনীয় নয়, বরং এটি আগের চেয়েও বেশি জরুরি।”

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এমএসসি-তে শ্রোতাদের বলেন, “তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার একমাত্র পথ হল একটি সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা।”

    মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনায় ভাষণ দিতে গিয়ে ফয়সাল বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যত বেশি ঐকমত্য হবে, বিশ্ব ততই কাছে আসবে।”

    ফয়সাল বলেন, “আমরা একমত যে দুই-রাষ্ট্র সমাধানই সঠিক সমাধান। এবং এখন সময় এসেছে আমাদের সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এটি বাস্তবায়ন করা।”

    তিনি জোর দিয়ে বলেন, “আমরা আমাদের অঞ্চলের ভবিষ্যত, আমাদের প্রজন্মের ভবিষ্যত ধরে রাখতে পারি না। রাজনীতি বা মতাদর্শের কাছে তারা জিম্মি এবং এ অবস্থা থেকে আমাদের এগিয়ে যেতে হবে।”

    মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি প্যানেল আলোচনায় বলেন, “অতীতে দ্বি-রাষ্ট্র সমাধানে আলোচনা ব্যর্থ হওয়ার পিছনে কারণগুলোর একটি অংশ ছিল রাজনৈতিক সদিচ্ছার অভাব।”

    তিনি বলেন, “আমি মনে করি আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিশ্চিত যে এটিই একমাত্র সমাধান, একটি কার্যকর সমাধান যা এই অঞ্চলকে সহিংসতার চক্র থেকে বের করে আনতে পারে এবং সকলের সমৃদ্ধি এবং শান্তিতে বসবাসের জন্য স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারে।”

    কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন,এখন যা ঘটছে তা ‘একটি জাগানোর আহ্বান’ এবং ‘আমাদের পদক্ষেপ নিতে হবে এবং এই অঞ্চলের মানুষের জন্য একটি ভাল ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’

    দ্বি-রাষ্ট্র সমাধান ১৯৬৭ সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের নিশ্চয়তা দেয় যার রাজধানী ছিল পূর্ব জেরুজালেম।

    সূত্র: বাসস

  • জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই: রওশন এরশাদ

    জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই: রওশন এরশাদ

    www.HelloBangla.News – রাজনীতি – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই, বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, “সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই।”

    আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ কথা বলেন। সেই সঙ্গে তিনি আগামী ৯ মার্চ কাউন্সিলের ঘোষণা দেন।

    রওশন এরশাদ বলেন, “আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিচ্ছি।”

    তিনি বলেন, “একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে, সময়মতো পার্টির জাতীয় সম্মেলন। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।”

    রওশন এরশাদ আরও বলেন, “আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন রফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।”

  • বসা এবং দাঁড়ানোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা

    বসা এবং দাঁড়ানোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: বসা এবং দাঁড়ানো বা সিট অ্যান্ড স্ট্যান্ড এই পরীক্ষার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের গুরুপুর্ণ পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাটি সবার আগে সামনে আনেন দু’জন ব্রাজিলিয়ান গবেষক, যা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

    এই পরীক্ষাটি করতে, প্রথমে দাঁড়ানো অবস্থায় পা ক্রস করে শুধুমাত্র পায়ের ওপর ভর করে নীচে বসুন। একইভাবে শুধু পায়ের পাতায় ভর করে আবার উঠে দাঁড়ান। এই বসা বা দাঁড়ানোর সময় পায়ের পাতা ছাড়া হাত বা শরীরের কোনো অংশ দিয়ে মেঝে স্পর্শ করা বা ভর দেয়া যাবে না। তবে এই পরীক্ষাটি ধীরে ধীরে করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

    মূলত স্বাস্থ্যের চারটি বিষয় ওজন, নমনীয়তা, ভারসাম্য ও পেশী শক্তি মূল্যায়নের ক্ষেত্রে এই বসা এবং দাঁড়ানো পরীক্ষাটি করতে বলা হয়। অতিরিক্ত ওজন বা মোটা হয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট ধরণের ক্যান্সার, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে।

    আবার ভারসাম্য, নমনীয়তা ও পেশী শক্তির অভাব হাড় ক্ষয়সহ হাড়ের দুর্বলতার সংকেত দেয়। পরীক্ষাটি অবশ্যই খালি পায়ে, আরামদায়ক পোশাক পরে একটি সমতল জায়গায় করতে হবে। সবচেয়ে ভালো নীচে মাদুর বা কার্পেট বিছানো থাকলে। এতে পড়ে গেলেও আঘাত পাওয়ার আশঙ্কা কমে যাবে।

    তবে যদি কোন গর্ভবতী নারী বা বয়স হয়ে যায় কিংবা পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে পাশে অবশ্যই একজন সাহায্যকারীকে রাখতে হবে।

    যখন কাউকে পা ক্রস করে বসতে ও দাঁড়াতে বলা হয়, তখন ওই ব্যক্তির শরীরের সম্পূর্ণ ভর তার পায়ের তলায় ছাড়া শরীরের অন্য কোনো অংশে পড়ে না। এটি আপনি কতটা দ্রুত করছেন সেটি বিষয় না। আপনি ঠিকভাবে করতে পারছেন কি না সেটাই দেখার বিষয়।

     

    বাসা এবং দাঁড়ানোর এই  স্বাস্থ্য পরীক্ষাটি ঠিকভাবে করতে পয়েন্ট দিয়ে অভ্যাস করুন:

    ধরুন, বসা ও দাঁড়ানো এই দুটি ধাপের জন্য মোট ১০ পয়েন্ট। যদি আপনি বসা বা দাঁড়ানোর সময় হোঁচট খান বা ভারসাম্য হারান তাহলে প্রতিবারের জন্য আধা নম্বর কাটা যাবে। যদি হাত দিয়ে বা শরীরের অন্য অংশ যেমন বাহু, হাঁটুর ওপর ভর করেন তাহলে প্রতিবার ভর দেয়ার জন্য এক নম্বর কাটা যাবে। আবার আপনি যদি হাঁটু বা উরুতে আপনার হাত বিশ্রাম করান তাহলেও আধা নম্বর কাটা যাবে।

    আদর্শ স্কোর আট থেকে ১০ পয়েন্টের মধ্যে, তবে এটি লিঙ্গ ও বয়সের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের পক্ষে সম্পূর্ণ স্কোর অর্জন করা খুবই কঠিন ও বিরল বিষয়।

    যাদের স্কোর ছয় ও সাত দশমিক পাঁচ পয়েন্টের কম, তাদের এর চেয়ে বেশি স্কোর করা মানুষদের তুলনায় পরবর্তী ছয় বছরে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ; যাদের স্কোর তিন পয়েন্ট বা ‌এর চেয়েও কম, তাদের ওই সময়ের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা পাঁচগুণ বেশি।

    বছরের পর বছর ধরে ২০০০ মানুষের স্বাস্থ্যের ইতিহাস পর্যবেক্ষণ করে, ব্রাজিলিয়ান গবেষকরা বুঝতে পেরেছিলেন যে ভাল স্কোর মানে জীবনের মান ভাল এবং আপনি বেশি বছর বাঁচবেন। তবে ভাল খবর হল যাদের স্কোর কম তারা চাইলে এই স্কোর বাড়াতে পারেন। এজন্য দরকার নিয়মিত ব্যায়াম ও ডায়েটের মাধ্যমে স্বাস্থ্য ঠিক রাখা।

    বেশি ‍দিন সুস্থ থাকতে আপনি নিয়মিত এই এই ব্যায়ামটি করতে পারেন। এতে একদিকে শরিরের ফিটনেস বাড়ে অপরদিকে আপনার জীবন শক্তি বাড়িয়ে দেয়।

    সূত্র: বিবিসি বাংলা

  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

    মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে চট্রগ্রামে নেটে অনুশীলন করার সময় তিনি আহত হন। সম্ভবত বিপিএলে আর দেখা যাবেনা মোস্তাফিজকে।

    আজ রবিবার সকালে (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল। এই সময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

    বিপিএলে আজ কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।

    একটি ডেলিভারি দিয়ে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে, আরেকটি ডেভিলারি দেয়ার জন্য। এ সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন ডাক দেন তাকে। কোচের ডাকে সাড়া দিতে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলেই অন্য নেট থেকে আশা একটি শট পেছনে থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।

    সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। দ্রুত দলের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

    পরে তাকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর, এখনও জানা সম্ভব হয়নি।

    হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে আঘাত খুব গুরুতর নয়। মোস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। সিটি স্ক্যানে মাথায় ফাটল ধরা পড়েনি।

    এবারের বিপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

  • আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

    আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি, সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, এটাই আমার প্রতিজ্ঞা।

    গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে স্থানীয় সময় রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর ব্যাহত না হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।”

    শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি শুধু সেইটুকু চাই, কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না নিতে পারে। আবার যেন রাজাকার খুনিদের দেশ যেন না বানায়।”

    প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগেও বলেছে, আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে। তো আন্দোলন করতে করতে সরকার উৎখাত দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েকগুণ বেশি পেল (আওয়ামী লীগ)। এখন আবার হুমকি-ধমকি দিচ্ছ। আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফায়।”

    আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “এখানে আরেক মজার ব্যাপার হচ্ছে, একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি। আরেক দিকে মুখ করে ছিলাম। কিন্তু আপনারা দেখেন, ওদিকে কমিউনিস্ট পার্টি এদিকে জামায়েত ইসলামী থেকে শুরু করে, সব আবার খুব আদর্শবাদী কথা, বিপ্লব করবে, সব হবে৷ বিপ্লব করতে করতে তারাও… হওয়ার পথে। আরেক দিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই।”

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

  • জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত তহবিল প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

    জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত তহবিল প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এখন জার্মানিতে অবস্থান করছেন। সেখানে এক পার্শ্ববৈঠকে তিনি জানিয়েছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারত্ব, সমষ্টিগত পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পর্যাপ্ত তহবিল যোগানের বিকল্প নেই।”

    জার্মানির মিউনিখে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ষিক আন্তুর্জাতিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘কারণ ও প্রভাব : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিমুখী লড়াই’ শীর্ষক ফোরামে মন্ত্রী এ আহ্বান জানান।

    বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম উল্লেখ করে পরিবেশবিদ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত। ‘মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান’ এ ক্ষেত্রে একটি শীর্ষ পরিকল্পনা।”

    ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ ক্ষেত্রে বহুমাত্রিক উদ্যোগের কথা জানান এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, দেশের উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস, সারাদেশে বন্যার প্রকোপ মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ বাংলাদেশের নীতি এবং কর্মসূচি তুলে ধরেন।

    পররাষ্টমন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশ কার্বন নিঃসরণে নগণ্যতম (বৈশ্বিক নি:সরণের ০.৪৮%) দেশ’।

    ফোরামে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান বিথ টিভিনেরিম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি, সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ সাইদ আলমেইরি অংশ প্রমুখ প্যানেলিস্টরা বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

  • বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে: সেতুমন্ত্রী

    বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা ক্ষমতা থাকাকালে হত্যা করেছে।”

    আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

    ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই।”

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ৭৫-এর ১৫ আগস্ট ঘটিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোশতাক ও জেনারেল জিয়াউর রহমান। ৩ নভেম্বর জেলহত্যায় জাতীয় ৪ নেতা, একুশে আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে?  উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন তিনি “

    তিনি বলেন, “বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল নির্বাচনকে সামনে রেখে। একুশে আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারবার সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অন্যের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন তা এসব নাটকেরই প্রতিধ্বনি।”

    বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে সেটা আমাদের জানা নেই। এ কথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে?  আন্দোলনের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোনো বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনেশুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা নিরাশা থেকে নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।”

    মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়ে তিনি বলেন, “ওখানে এখন যেটা দরকার তা হলো ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সবপক্ষের গতিবিধি লক্ষ্য করে যুদ্ধকে পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি পাঠিয়েছে বাংলাদেশ।”

    সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা।