আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব প্রধানমন্ত্রী - জাতীয় - ১৭ ফেব্রুয়ারি ২০২৪( ফাইল ছবি)
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব প্রধানমন্ত্রী - জাতীয় - ১৭ ফেব্রুয়ারি ২০২৪( ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি, সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, এটাই আমার প্রতিজ্ঞা।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে স্থানীয় সময় রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর ব্যাহত না হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।”

শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি শুধু সেইটুকু চাই, কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না নিতে পারে। আবার যেন রাজাকার খুনিদের দেশ যেন না বানায়।”

প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগেও বলেছে, আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে। তো আন্দোলন করতে করতে সরকার উৎখাত দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েকগুণ বেশি পেল (আওয়ামী লীগ)। এখন আবার হুমকি-ধমকি দিচ্ছ। আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফায়।”

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “এখানে আরেক মজার ব্যাপার হচ্ছে, একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি। আরেক দিকে মুখ করে ছিলাম। কিন্তু আপনারা দেখেন, ওদিকে কমিউনিস্ট পার্টি এদিকে জামায়েত ইসলামী থেকে শুরু করে, সব আবার খুব আদর্শবাদী কথা, বিপ্লব করবে, সব হবে৷ বিপ্লব করতে করতে তারাও… হওয়ার পথে। আরেক দিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

পূর্ববর্তী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত তহবিল প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ