Author: Hello Bangla News

  • ঘড়ির ছবি আঁকার মাধ্যমে মানুষের মেধা পরীক্ষা

    ঘড়ির ছবি আঁকার মাধ্যমে মানুষের মেধা পরীক্ষা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ ফেব্রুয়ারি ২০২৪: মানুষের জীবনে শারীরিক বা মানসিক অনেক বিষয় আছে যার পরীক্ষা আমরা ঘরে বসেই করতে পারিেএর জন্য কোন ওষুধ বা যন্ত্রের প্রয়োজন হয় না। কার মেধা কটতা। সেটাও পরীক্ষা করা সম্ভব ঘরে বসেই।  কাগজের ওপর কলম বা পেন্সিল দিয়ে ঘড়ির ছবি আঁকার মাধ্যমে মানুষের মেধা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। মেধা মূল্যায়নের জন্য নিউরোলজিস্ট বা স্নায়ু বিশেষজ্ঞরা এই পরীক্ষাটি করে থাকেন।

    এজন্য যাকে পরীক্ষা করা হচ্ছে তাকে কাগজের ওপর একটি ঘড়ি আঁকতে দেয়া হয়। প্রথমে বৃত্ত, তারপর সঠিক ক্রম অনুযায়ী সংখ্যা ও সবশেষে সূচ বা ঘড়ির কাঁটা।

    সাও পাওলোর নিউরোলজিস্ট ফ্যাবিও পোর্তো এক্ষেত্রে ঘড়িতে বেলা দু’টা পয়তাল্লিশ ও এগারোটা বেজে দশ মিনিটের ছবি আঁকার পরামর্শ দেন৷

    এক্ষেত্রে ফলাফলগুলো কীভাবে পরিমাপ করা উচিত তা নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা ও পদ্ধতি রয়েছে, তবে কেউ যদি “অস্বাভাবিক” ছবি আঁকেন, তখন সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যেমন, কেউ যদি একই সংখ্যা একাধিকবার লেখেন, ঘড়ির কাঁটা যদি ঘড়ি থেকে বেরিয়ে যায়, অথবা যে সময়টি আঁকতে বলা হয়েছে তার চাইতে ভিন্ন কিছু আঁকেন।

    সেইসাথে কেউ যদি ছবিটি আঁকতে অনেক সময় নেন। ছবি আঁকার নির্দেশ বুঝতে এবং সে অনুযায়ী আঁকতে অসুবিধা হলে এর পেছনে স্মৃতিশক্তি ও মেধা কমে যাওয়াকে নির্দেশ করা হয়। বিশেষ করে, বৃদ্ধ বয়সে এই পরিবর্তনগুলো দেখা গেলে সেটি আলঝেইমার ও ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে।

    এই পরীক্ষার মাধ্যমে ভিজ্যুয়াল ফাংশন অর্থাৎ চোখের মাধ্যমে তথ্য নেয়া এবং মস্তিষ্কের সামনের অংশে থাকা ফ্রন্টাল লোবের কার্যকারিতা যাচাই করা হয়। ফ্রন্টাল লোবের সাহায্যে মানুষ পরিকল্পনা করা, যুক্তিসঙ্গত কারণ বের করা এবং আবেগ অনুভূতি প্রকাশের মতো কাজগুলো থাকে।

    এছাড়া অন্যান্য ছোট ও সহজ কাজের মাধ্যমেও মস্তিষ্কের কার্যকারিতার বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।

    যেমন, বছরের ১২টি মাসের নাম পেছন থেকে বলা, একই অক্ষর দিয়ে শুরু হওয়া ১১টি শব্দ এক মিনিটের মধ্যে বলা অথবা একই ধরণের জিনিষ যেমন, পশুর নাম, পাখির নাম, রান্নাঘরের বাসনকোসনের নাম একটানা বলা। এই পরীক্ষার মাধ্যমে মূলত অমনোযোগিতা, উদ্বেগ, বিষণ্ণতা, শিক্ষা ও কথা বুঝতে সমস্যা আছে কিনা সে ব্যাপারে ধারণা পাওয়া যায়।

    সূত্র: বিবিসি বাংলা

  • টানা নয় ম্যাচ হেরে বিপিএলে রেকর্ড ঢাকার

    টানা নয় ম্যাচ হেরে বিপিএলে রেকর্ড ঢাকার

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলের চট্রগ্রাম পর্বের খেলা চলছে।আর এখানেও আজকের ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা। দলটি এখন যেন জিততেই ভুলে গেছে! অথচ আসরের প্রথম ম্যাচে দলটি একটি জয় পায়। আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও আসহায় আত্মসমর্পণ করলেন নাঈম শেখ-সাইফ হাসানরা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। ফলে টানা নবম ম্যাচে হেরেছে ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের টানা হারের রেকর্ড।

    আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

    ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন এনামুল হক বিজয়। টাইগার্স অধিনায়ককে বোল্ড করেন শরিফুল ইসলাম। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার এভিন লুইসও। এই দুই ওপেনারকেই ফিরিয়েছেন শরিফুল।

    ১৭ রানে ২ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও শাই হোপের ব্যাটে বিপর্যয় সামাল দেয় খুলনা। ৩০ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমন। হোপের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩২ রান। শেষদিকে আফিফ হোসেনের ২১ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে সহজেই জয় পায় খুলনা।

    এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। ১১ বল খেলে ৫ রান করে নাঈম সাজঘরে ফিরলে ভাঙ্গে ১৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ সাইফ হাসান। এই টপ অর্ডার ব্যাটার গোল্ডেন ডাক খেয়েছেন।উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি অ্যাডাম রসিংটন। ১২ বলে ১৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ২৭ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ঢাকা।

    এরপর অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর দলের হাল ধরেন। তবে দুজনই সমান ২৫ রান করে আউট হয়েছেন। দলীয় শতক স্পর্শ করার আগেই ৬ ব্যাটারকে হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিল ঢাকা। তবে শেষদিকে মোসাদ্দেকের ২৬ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় তারা।

    ম্যাচ সেরা হয়েছেন পারনেল।

  • এমএসসি ২০২৪-এ যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী

    এমএসসি ২০২৪-এ যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে।

    রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম বিদেশ সফর।

    মিউনিখে অবস্থানকালে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন।

    পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সফরের সুচি অনুযায়ী, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকালে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল)-এর প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সাথে তাঁর বাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তাঁর বাসভবনের একই বৈঠক কক্ষে সাক্ষাৎ করবেন।

    শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং কনফারেন্স হলে হোটেল বেইরিশার হফ-এ কনফারেন্স চেয়ারের বক্তব্যকে স্বাগত জানাতে পারেন।

    একই দিন বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ সম্মেলনস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

    প্রধানমন্ত্রী হোটেল বেইরিশার হফ-এ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গেও বৈঠক করবেন।

    শেখ হাসিনা এরপর হোটেল বেইরিশার হফের মেইন হল আই-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

    রাতে প্রধানমন্ত্রীর জার্মানিতে বার্গারহাউস গার্চিং-এ প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি সংবর্ধনায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

    ১৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী হোটেল বেইেরিশার হফ-এ কিংডম অব নেদারল্যান্ডস’র প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে বৈঠক করবেন।

    এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হোটেল বেইরিশার হফ-এ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

    জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেনজা শুলজে সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

    শেখ হাসিনা এবং ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে বৈঠকটি কনফারেন্স ভেন্যু’র গার্ডেন সেলুনে অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রী পরে কিসারসাল মিউনিখের বাসভবনে ইওয়াল্ড ভন ক্লিস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

    ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী (মিউনিখ সময়) ৯টা ১০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি-২০৮-যোগে ঢাকার উদ্দেশ্যে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন।

    ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় (ঢাকা সময়) প্রধানমন্ত্রীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল: সেতুমন্ত্রী

    কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি সন্ত্রাসী দল- এটা কানাডার ফেডারেল আদালতই দিয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে। তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে হবে।”

    আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    বিএনপির মহাসচিবের জামিন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা তো আছে, মামলা চলবে। বিএনপির আন্দোলন বেগবান হতে হতে তাদের পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য।”

    নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা ডামি নির্বাচন বলছে, প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। নির্বাচনে অংশগ্রহণই করেনি।”

    বিএনপির আন্দোলন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “আবারো তাদের আন্দোলন দেখার অপেক্ষায় আছি আমরা। সেটা হয়তো ঈদের পরে অথবা আবারো আরেক কোন ২৮ অক্টোবরে।”

    সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন ।

  • মিয়ানমার বর্ডার এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

    মিয়ানমার বর্ডার এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: মিয়ানমার বর্ডার এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হবে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “মিয়ানমারের বর্ডার এলাকার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। সংঘর্ষের কারণে সেখানে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারবো। চট্টগ্রাম বোর্ড তাদের জন্য সে ব্যবস্থা নেবে।”

    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, “আজ সারাদেশে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ এর কারণে গত ৩ বছর যথাসময়ে এবং পূর্ণ সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছরের পরীক্ষা পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে “

    তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবার জন্যই গৃহীত ব্যবস্থাগুলো অত্যন্ত সন্তোষজনক। সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এবারের পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”

    শিক্ষামন্ত্রী বলেন, “অনেক সময় দেখা যায় উচ্চশব্দে মাইক বাজিয়ে শুধু গানের অনুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্য যে কোনো সময়ও সারারাত মাইক বাজানো উচিত নয়। রাতভর মাইক বাজানো রোগী ও পরীক্ষার্থী সবার জন্যই খুব অসুবিধার।”

    তিনি বলেন, “আলেম-ওলামা এবং অন্য সব ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এ সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনের অংশ। কিন্তু পরীক্ষার সময় একটি নির্দিষ্ট সময়ের পরে যেন তা না করা হয়, সেদিকেও নজর রাখতে হবে।”

    এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    প্রতি বছরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। তবে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পূর্বঘোষণা অনুযায়ী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাননি। তিনি মনে করেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

  • ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

    ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: মেট্রোরেল ঢাকাবাসীর জন্য একটি বিরাট স্বস্তি। কেননা ঢাকা যানজটের এই শহরে মানুষকে ঘন্টর পর ঘন্টা রাস্তায় অতিবাহিত করতে হতো। ঢাকাবাসীকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে মেট্রোরেল। তাই যাত্রীও বাড়ছে প্রতিদিন। এই কথা বিবেচনায় রেলে আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক।

    আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।

    মেট্রো ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, “প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলতো, এখন সেটা বেড়ে ১৭৮ টি ট্রেন চলবে। মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল।”

    তিনি বলেন, “বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।”

    তিনি আরও বলেন, “বর্তমান মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।”

    নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, “শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১ টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮ টা ১১ টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।”

    ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, “মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।”

    এর আগে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেডওয়ের সময় কমার আভাস দিয়েছিলেন। মন্ত্রী জানিয়েছিলেন, এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সেক্ষেত্রে দুই মিনিট হেডওয়ে কমানোর চেষ্টা চলছে।

  • অল্প কয়েক দিনের মধ্যে ক্যানসারের টিকা তৈরি করবে রাশিয়া: পুতিন

    অল্প কয়েক দিনের মধ্যে ক্যানসারের টিকা তৈরি করবে রাশিয়া: পুতিন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের টিকা তৈরি দ্বারপ্রান্তে তার দেশের বিজ্ঞানীরা। খুব শীঘ্রই এই টিকা চলে আসবে রোগীদের হাতের নাগালে।

    গতকাল বুধবার (১৪ ফিব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘‘আমরা নতুন প্রজন্মের ক্যানসার ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।’’

    আরটি জানায়, “ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মস্কো ফোরামে বক্তৃতা করার সময় তিনি আরও জানান, ‘‘আমি আশা করি যে, শীঘ্রই এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’’

    পুতিন আরও বলেন, “তথাকথিত ক্যানসার ভ্যাকসিন ও একটি নতুন প্রজন্মের ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আমি আশা করি খুব শিগগিরই এগুলো ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর হবে।”

    প্রেসিডেন্ট পুতিন বলেন,“ রাশিয়ায় প্রাথমিক পর্যায়েই অর্ধেকের বেশি ক্যানসার আক্রান্ত রোগীর রোগ শনাক্ত করা সম্ভব হয়েছে।”

    তিনি চিকিৎসা গবেষণায় অর্থ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

    বেশ কয়েকটি দেশ ও ওষুধ উৎপাদনকারী কোম্পানি ক্যানসারের টিকার তৈরি নিয়ে কাজ করছে। গত বছর যুক্তরাজ্য সরকার জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান বায়োএনটেকের সাথে এ রোগের টিকা আবিষ্কারের জন্য একটি চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় তারা ‘ব্যক্তিবিশেষে ক্যানসারের চিকিৎসায়’ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর ট্রায়াল করার লক্ষ্য রয়েছে তাদের।

    ওষুধ কোম্পানি মডার্না আর মার্ক অ্যান্ড কোং পরীক্ষামূলকভাবে ক্যানসারের টিকা তৈরির কাজ করছে। ওই টিকা সবচেয়ে ঘাতক ত্বকের ক্যানসার মেলানোমায় মৃত্যু ও এর ফিরে আসার হার অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনাসম্পন্ন বলে উঠে এসেছে এক গবেষণায়।

  • টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় জকোভিচ: নাদাল

    টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় জকোভিচ: নাদাল

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ, বলে জানিয়েছেন আর এক টেনিস তারকা রাফায়েল নাদাল।  এই দুই খেলোয়াড় দীর্ঘদিন ধরে একে অররের প্রিতিদ্বন্দ্বিতা করেছেন।

    স্প্যানিশ অনলাইন মিডিয়া এল অবজেকটিভ ডে লা সেকটাতে দেয়া এক সাক্ষাতকারে যখন নাদালকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে সেরা?’ তখন নাদাল অকপটেই স্বীকার করেছেন, ‘পরিসংখ্যান সব বলে দিচ্ছে, হ্যাঁ আমার কাছেও ইতিহাসের সেরা খেলোয়াড়ই জকোভিচই।’

    স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাড়িয়ে জকোভিচ সর্বোচ্চ ২৪টি শিরোপা জয় করেছেন। এত বড় সাফল্য সত্ত্বেও বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তার কোর্টের বাইরের বিতর্ক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন। এ সম্পর্কে নাদাল বলেন, ‘যে ধরনের ইমেজ তাকে নিয়ে রচিত হয়েছে প্রকৃত সত্য আসলে তা নয়। আমি মনে করি সে একজন ভাল মানুষ। কিছু কিছু হতাশাজনক মুহূর্ত সকলেরই আসে। নোভাক হয়তো হতাশার থেকে কখনো কোন ম্যাচে র‌্যাকেট ভেঙ্গেছেন। কিন্তু তার পরমুহূর্তেই আবারো সে ম্যাচে ফিরে এসে শতভাগ দেবার চেষ্টা করেছে। একজন খেলোয়াড়ের এই গুন আমি অন্য কারো মধ্যে দেখিনি।’

    ৩৭ বছর বয়সী নাদাল বর্তমান ইনজুরির সাথে লড়াই করছেন। কোমরের ইনজুরির কারনে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। গত মাসে আবারো ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি।

    ক্যারিয়ারের শেষ সময়ে এসে স্বদেশী উঠতি তারকা কার্লোস আলকারাজের ভূয়শী প্রশংসা করেছেন নাদাল। ইতোমধ্যেই মাত্র ২০ বছর বয়সী আলকারাজ দুটি গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন। নাদাল বলেন ‘কার্লোস একজন অসাধারণ খেলোয়াড়। একজন পরিপূর্ণ টেনিস খেলোয়াড়ের সব গুন তার মধ্যে আছে। এই বয়সে তার মধ্যে কোন ধরনের দূর্বলতা আমি দেখতে পাইনি। দুর্দান্ত একটি ক্যারিয়ারের সব ধরনের গুনাবলী তার মধ্যে আছে।’

    সূত্র: বাসস

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য বসন্ত বরণ অনুষ্ঠান

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য বসন্ত বরণ অনুষ্ঠান

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: ঢাকের তালে বসন্ত নৃত্যের রঙিন পরিবেশনা ও শোভাযাত্রার মাধ্যমে ঋতুরাজকে বরণের উৎসব পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শীতের নির্জীব প্রকৃতি ছেড়ে সহসা জেগে ওঠা প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ আর সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা সেজেছিলো বসন্তের সাজে।

    ঋতুরাজ বসন্তকে বরণের আয়োজন শুরু হয় রমনা পার্কে, ঢাকের তালে বসন্ত নৃত্যের মাধ্যমে। রমনায় শতায়ু অঙ্গণের পাশে ২২৫ জন নৃত্যশিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বসন্তবরণের আয়োজন। রমনার প্রাণ প্রকৃতির রঙ আর শিশু শিল্পী ও নৃত্য শিল্পীদের পরিবেশনা যেন মিলে মিশে একাকার।

    বর্ণাঢ্য বসন্ত বরণ অনুষ্ঠান - বিনোদন - ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (২)
    বর্ণাঢ্য বসন্ত বরণ অনুষ্ঠান – বিনোদন – ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (২)

    আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। রমনার এ আয়োজনে তাকে স্বাগত জানান বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহাপরিচালকের নানামুখী কার্যক্রমের প্রসংশা করেন তিনি।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতির বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক।

    বসন্ত নৃত্য পরিবেশনার পর ঢাকের তালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রমনা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিল্পী এই শোভাযাত্রায় অংশ নেয়। রমনা পার্ক প্রদক্ষিণ করে মৎস্য ভবন হয়ে শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

    ২য় পর্যায়ে বিকেলের সাংস্কৃতিক পরিবেশনা হয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে। আয়োজনে শুরুতেই পরিবেশিত হয় দলীয় নৃত্য ‘ঢাক নৃত্য’। পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল পরিবেশন করে দলীয় নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’। এরপর দলীয় সংগীত ‘আনন্দ লোকে’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল। দ্বৈত আবৃত্তি ‘রুমঝুম কে বাজায়’পরিবেশন করে ডালিয়া আহমেদ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। একক সংগীত ‘যেথা রামধনু উঠে হেসে’ পরিবেশন করে মেহরিন মাহমুদ।

    এরপর দ্বৈত সংগীত পরিবেশন করে নওশিন তাবাসসুম স্মরণ এবং মোমিন বিশ্বাস। ধারাবাহিক পরিবেশনায় থাকবে দলীয় নৃত্য ‘সুন্দরের অত্যন্ত প্রহরী’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা  একাডেমি শিশু নৃত্য দল। এরপর দ্বৈত নৃত্য ‘আজি দক্ষিণ পবনে’ পরিবেশন করে আবু নাইম এবং আনন্দিতা খান। দ্বৈত সংগীত পরিবেশন করে সারমিন সাথী ইসলাম এবং বুলবুল ইসলাম। এরপর আবার দলীয় সংগীত ‘মন শুধু মন ছুয়েছে’ পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল। দ্বৈত আবৃত্তি করবেন তামান্না তিথি ও মাহিদূল ইসলাম। দলীয় নৃত্য ‘বসন্ত মুখর আজি’/ ‘নীল দিগন্তে’ পরিবেশন করে রেওয়াজ পারফর্মার্স স্কুল। নৃত্য পরিচালনা করেছেন মুনমুন আহমেদ। দ্বৈত নৃত্য ‘বিশ্ববীণা রবে/ আজু সখি’ পরিবেশন করে সামিনা হোসেন এবং মাহতাব মেহেদী। এরপর একক সংগীত ‘চেনা চেনা লাগে’ পরিবেশন করে মো: ইউসুফ আহমেদ খান। দ্বৈত সংগীত পরিবেশন করে কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদার। দ্বৈত নৃত্য ‘ফাগুন লেগেছে শাখে শাখে’পরিবেশন করে জুয়েইরিয়াহ মৌলি এবং মারিয়া ফারিহ উপমা।  এরপর দলীয় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী নৃত্য পরিবেশন করে তপস্যা নৃত্যদল। পরিচালনা করেছেন নৃত্য পরিচালক- ফিফা চাকমা। এরপর দ্বৈত আবৃত্তি করে শিমুল মোস্তফা এবং রুপা চক্রবর্তী। দ্বৈত নৃত্য ‘একটুকু ছোঁয়া লাগে’ পরিবেশন করে অনিক বোস এবং কস্তুরী মুখার্জী। এরপর দলীয় নৃত্য ‘অবাক চোখে’ পরিবেশন করে কথক নৃত্য সম্প্রদায়। নৃত্য পরিচালনা করেছেন নৃত্য পরিচালক  সাজু আহমেদ। আবার পরিবেশিত হবে দ্বৈত নৃত্য ‘বাগিচায় বুলবুলি’ পরিবেশন করে আরোহী ইসলাম (আরিফুল ইসলাম অর্ণব) এবং হেনা হোসেন। সবশেষ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদলের অংশগ্রহনে পরিবেশিত হয় ফ্যাশন ডান্স প্যারেড। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীতা  চৌধুরী এবং আব্দুল্লাহ বিপ্লব।

    বিপুল সংখ্যক দর্শক বসন্ত বরণ অনুষ্ঠানটি উপভোগ করে।

  • নানান বাধা পেরিয়ে মেয়েরা আজ সফল হচ্ছে : প্রধানমন্ত্রী

    নানান বাধা পেরিয়ে মেয়েরা আজ সফল হচ্ছে : প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ফেব্রুয়ারি, ২০২৪: নানান বাধা পেরিয়ে মেয়েরা আজ সফল হচ্ছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনে বলেন, “মেয়েরা সাফ্যলের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন করে। পড়াশোনায় নারী আজ এগিয়ে। কর্মক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রাখছে। বিভিন্ন পেশায় ভালো করছে। নানান বাধা পেরিয়ে মেয়েরা আজ খেলাধুলার মাঠে আসছে। এখানেও এগিয়েছে তারা। এখন মেয়েরা অনেক পদক আনছে।”

    আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

    ১৯৮১ সালে দেশের ফেরার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “দেশে ফিরে আমি পেয়েছিলাম সারি সারি কবর। সেই কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এ স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। এ স্বাধীনতা ব্যর্থ হতে দেবো না। আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা ষড়যন্ত্র, চক্রান্ত চলছিল, এখনো ষড়যন্ত্র-চক্রান্ত আছে।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “এই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জনসভায় আমি বলেছিলাম, বাংলাদেশের জনগণই আমার পরিবার। বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছিলেন, যেভাবে আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”

    শেখ হাসিনা বলেন, “আমার চলার পথ, প্রতি পদে পদে বাধা। এখনো মনে পড়ে সেই ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আমাদের কত জন জীবন দিয়েছে। কত রকম অত্যাচার হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন সহ্য করেই, সংগ্রাম করে আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি।”

    প্রধানমন্ত্রী বলেন, “যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন তা ব্যর্থ হতে পারে না। সে আদর্শকে ধরে রাখতেই দেশে ফিরে আসা। কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়েছিলাম, এ স্বাধীনতা ব্যর্থ হতে দেবো না। তাই করেছি। তবে সে চলার পথ সহজ ছিল না।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় অত্যাচার নির্যাতন সহ্য করেছে। জেল-জুলুম সব সহ্য করেই ক্ষমতায় এসেছি। জীবনের হুমকি ছিল বারবার। লক্ষ্য ছিল, যুদ্ধ করে বিজয় অর্জন করা এ দেশকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। আজ তা অর্জন করেছি।”

    তিনি বলেন, “মেয়েরা খেলতে পারবে না, ব্যবসা করবে না- ইসলাম ধর্মেও এমন বলা নেই। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে একজন নারী, কোনো পুরুষ নয়। সাহস করে বিবি খাদিজা এগিয়ে এসেছেন। তিনি ব্যবসা করতেন।”

    এসময় মনোনয়নপ্রত্যাশীদের তিনি বলেন, “কাউকে পেছনে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। ১৫৫৩ মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে। তারাও এগিয়ে এসেছে। তবে এত প্রার্থীর মধ্য থেকে ৪৮ জনকে বেছে নেওয়া কঠিন কাজ। আপনাদের দিলেও তা আপনারা করতে পারবেন কি?”