জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত তহবিল প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

পর্যাপ্ত তহবিল প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
পর্যাপ্ত তহবিল প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এখন জার্মানিতে অবস্থান করছেন। সেখানে এক পার্শ্ববৈঠকে তিনি জানিয়েছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারত্ব, সমষ্টিগত পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পর্যাপ্ত তহবিল যোগানের বিকল্প নেই।”

জার্মানির মিউনিখে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ষিক আন্তুর্জাতিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘কারণ ও প্রভাব : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিমুখী লড়াই’ শীর্ষক ফোরামে মন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম উল্লেখ করে পরিবেশবিদ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত। ‘মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান’ এ ক্ষেত্রে একটি শীর্ষ পরিকল্পনা।”

ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ ক্ষেত্রে বহুমাত্রিক উদ্যোগের কথা জানান এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, দেশের উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস, সারাদেশে বন্যার প্রকোপ মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ বাংলাদেশের নীতি এবং কর্মসূচি তুলে ধরেন।

পররাষ্টমন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশ কার্বন নিঃসরণে নগণ্যতম (বৈশ্বিক নি:সরণের ০.৪৮%) দেশ’।

ফোরামে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান বিথ টিভিনেরিম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি, সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ সাইদ আলমেইরি অংশ প্রমুখ প্যানেলিস্টরা বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

পূর্ববর্তী বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে: সেতুমন্ত্রী
পরবর্তী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী