Author: Hello Bangla News

  • খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্রগ্রাম

    খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্রগ্রাম

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে খুলনাকে ৬৫ রানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ হারলে বিদায় জিতলে প্লে অফ নিশ্চিত হবে। এই সমিকরণে খেলতে নেমেছিলো চট্রগ্রাম। টন জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল পুঁজি পায় চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ বল বাকি থাকতেই মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা।

    আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। এই রান করতে তানজিদ খেলেছে ৬৫ বল, চার আর ছয় মেরেছে ৮ টি করে।

    জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এনামুল হকের ৩৫ ও শাই হোপের ৩১ রানের সুবাদে ১২৭ জানে অলআউট হয়ে যায় খুলনা।চট্রগ্রামের পক্ষে শুভাগত হোম পেয়েছেন ৩ উইকেট।

    ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম।

    রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফে নাম লেখাচ্ছে ফরচুন বরিশাল।

  • রমজানে আরও দুবার দেওয়া হবে টিসিবির পণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

    রমজানে আরও দুবার দেওয়া হবে টিসিবির পণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: রমজানে আরও দুইবার দেওয়া হবে টিসিবির পণ্য, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) মাধ্যমে এক কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ আমরা শুরু করেছি। এই রমজানে আরও দুইবার আমরা এটা করব। সেখানে চাল থাকবে ৫ কেজি, তেল থাকবে, ডাল থাকবে, চিনি, খেজুর এবং ছোলা থাকবে।”

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমাদের যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন পর্যায়ের তারা নিশ্চিত করেছেন- আগামী রমজানে যে পরিমাণ অত্যাবশ্যকীয় পণ্য বাজারে থাকা দরকার বা মজুদ থাকা দরকার বা পাইপলাইনে থাকা দরকার সবগুলোই মোটামুটি পর্যাপ্ত আছে। মৌলভীবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে গোলাম মাওলা বলেছেন, উৎপাদনকারী যারা আছেন তাদের সরবরাহ যদি ঠিক থাকে, উনাদের কাছে যে আমদানিকৃত পণ্য আছে এবং যে পরিমাণ মজুদ আছে এটা রমজানের জন্য যথেষ্ট।”

    তিনি বলেন, “ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি। নীতিগতভাবে ভারত সরকার পেঁয়াজের বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে তা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছতে পারে, সে পদক্ষেপ আমরা নেব। এছাড়া কৃষি মন্ত্রণালয় বছরে দুইবার পেঁয়াজ উৎপাদনের যে উদ্যোগ নিচ্ছে আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে চালের মতো এটাতেও আমাদের আমদানি নির্ভর হতে হবে না।”

    প্রতিমন্ত্রী আরও বলেন, “মিয়ানমারে সব সময় নিউজ হয় আমাদের বর্ডার ও রোহিঙ্গা নিয়ে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা যেন বর্ডার থেকে নদী পথে আনতে পারি সে ধরনের একটি এমওইউ ড্রাফট বাণিজ্য মন্ত্রণালয় এসেছে। আমি প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছি। উনি বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন। আমাদের নৌ-পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যাতে দ্বিপাক্ষিক নৌ পরিবহন চুক্তির মাধ্যমে আমরা যেন মিয়ানমার থেকে সহজে পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারি।”

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে আগামী ২২ তারিখ মৌলভীবাজারে যাব। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব যাতে তারা পণ্য সরবরাহের মাধ্যমে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো ভোক্তাদের জন্য পর্যাপ্ত রাখতে পারে।”

  • জার্মানির মিউনিখ থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    জার্মানির মিউনিখ থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: জার্মানির মিউনিখে তিন দিনব্যাপী ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ ২০২৪-এ যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

    আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় সময় রাত ৯ টা ০৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মিউনিখ ছাড়েন।

    এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। সম্মেলন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ দেশে ফিরেন।

    ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেন।

    ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিসহ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

  • প্রধানমন্ত্রী যুদ্ধের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন: সেতুমন্ত্রী

    প্রধানমন্ত্রী যুদ্ধের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী যুদ্ধের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিন বলেন, “বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকে এই সংকটে সিকিউরিটির মতো সেনসেটিভ ইস্যুকে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশগ্রহণ করা এটা বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। সবচেয়ে বেশি জোরালো বক্তব্যের এই দুঃসাহস আগে কোনো নেতা দেখাতে পারেননি, বিশেষ করে স্টপ জেনোসাইড ইন গাজা নিয়ে। এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই আমরা দেখলাম।”

    আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য সম্পর্কে এসব মন্তব্য করেন তিনি।

    বর্তমান বাজারে দ্রব্যমূল্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছুকিছুর দাম কমতির দিকে। বাজারে ওঠানামা চিরদিনই আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে বলে সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করা হচ্ছে।”

    মিয়ানমার সীমান্তে উত্তেজনায় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে এর ফলে সীমান্তে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, হতে পারে। কাজেই এই বিষয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রস্তুতি আছে।”

    জাতীয় পার্টিকে ভাঙা হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আজকে যারা জাতীয় পার্টির সংসদে বিরোধী দল গঠন করেছে এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করা সেটা তাদের নিজেদের ব্যাপার। এতে জাতীয় সংসদে থাকা জাতীয় পার্টির কেউ নেই। জাতীয় সংসদে যারা বিরোধী দল তারা সংসদ সদস্য। এর বাইরে যারা আছেন তারা কেউ সংসদ সদস্য নন। কাজেই এ নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই।”

    ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বায়ুদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন। ইটের ভাটা বন্ধ করা একটা বড় কাজ।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

    বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সদ্য অস্ট্রেলিয়া সফর করেন।  ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি ৭ দিনের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো ।

    আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায়, সফরকালে সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কমিশনের উপ-নির্বাহী প্রধান ফিলিপ্পা কিং বাংলাদেশ-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পণ্য বহুমুখীকরণের ওপর জোর দেন।

    এ সময় তপন কান্তি ঘোষ তৈরি পোশাক ছাড়াও অন্যান্য সম্ভাবনাময় খাত হিসেবে তথ্য প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, নবায়নযোগ্য জ্বালানি ও শিক্ষার বিষয় উল্লেখ করেন। অস্ট্রেডের উপ-নির্বাহী প্রধান উচ্চ শিক্ষার বিকল্প মডেল হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বংলাদেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়ের অংশীদারত্ব বাড়ানোর ওপর জোর দেন।

    বৈঠকে উচ্চ শিক্ষা ছাড়াও কারিগরী শিক্ষা কার্যক্রমে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়। দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ যৌথভাবে বিনিয়োগ সংক্রান্ত সেমিনার আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়।

    সিনিয়র সচিব এ সফরকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান, অস্ট্রেলিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাণিজ্য বিষয়ক প্রধান ক্রিস বার্নস এবং সেদেশে স্থানীয় বাংলাদেশ অস্ট্রেলিয়া চেম্বারের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন।

    তপন কান্তি ঘোষ অস্ট্রেলিয়ার গ্যারি কাওয়ানের সঙ্গে বৈঠককালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রদত্ত সুযোগ সুবিধা বাংলাদেশকে অব্যাহত রাখার বিষয়ে অস্ট্রেলিয়ার সমর্থন কামনা করেন। এ সময় অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আশ্বাসের প্রশংসা করেন বাণিজ্য সচিব। এছাড়া আগামী মে মাসে অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টেকে পরবর্তী ধাপে উন্নয়নের জন্য করণীয় সম্পর্কিত আলোচনা হয়।

    এদিকে, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে সিডনিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

    সেমিনারে বক্তারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তারা বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের প্রশংসা করেন।

    বর্তমানে বাংলাদেশ -অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অধিক। গত দশকে দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ১১ শতাংশ। বাংলাদেশ–অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিশীল এ বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

  • ২১ ফেব্রুয়ারি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ডিএমপি কমিশনার

    ২১ ফেব্রুয়ারি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: ২১ ফেব্রুয়ারি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করা হয়েছে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান৷ তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

    আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি৷

    ডিএমপি কমিশনার বলেন, “আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বইমেলায় রয়েছে৷ সেখানে একটা কন্ট্রোল রুম স্থাপন করে ক্যামেরার মাধ্যমে সব ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট এবং সিকিউরিটি ইউনিট সেখানে কাজ করছে৷ আইন-শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে৷ একুশে ফেব্রুয়ারি যেহেতু গভীর রাত এবং ঢাকা শহরের মানুষ এদিকে আসবেন সেজন্য যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে৷ কিছু কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে৷ কোনো কোনো জায়গা দিয়ে গাড়ি এদিকে ঢুকতে পারবে সাধারণত পলাশীর মোড় দিয়ে শহীদ মিনারে আসার রাস্তাটা রাখা হয়েছে এবং বাহির হওয়ার রাস্তাটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন, “সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে। আমাদের বোম্ব ডিস্পোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমমহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে স্ট্যান্ডবাই থাকবে। শহীদ মিনার এলাকায় সার্বক্ষণিক তল্লাশি ব্যবস্থা এবং পেট্রলিংয়ের ব্যবস্থা রয়েছে৷ ড্রোন পেট্রলিং, মোবাইল পেট্রলিং এবং সাইবার পেট্রলিং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷”

    ডিএমপি কমিশনার আরও বলেন, “যারা কেন্দ্রীয় শহিদ মিনারে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন এবং শৃঙ্খলা মেনে চলবেন৷ সব নাগরিকের কাছ থেকে পুলিশ সহনশীল আচরণ প্রত্যাশা করে৷”

  • ১৯ মার্চের মধ্যে জিআই পণ্যের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

    ১৯ মার্চের মধ্যে জিআই পণ্যের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: মার্চ মাসের ১৯ তারিখের মধ্যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

    বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের জি আই পণ্য নিয়ে।

    গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া, আবেদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আরও দু’টি পণ্য।

    কোনো পণ্যের জন্য আবেদন করার অর্থ এই নয় যে সেগুলো জিআই সনদ পাওয়ার মতো যোগ্য বা পাবেই। নানারকম পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারিত হয় যে কোন পণ্য এই তালিকায় উঠবে। যাচাই-বাছাইয়ের পর এগুলোর কোনোটি যদি জিআই সনদ পেয়ে যায়, তাহলে তখন সেগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে।

    চলতি বছরের শুরুতে ‘টাঙ্গাইল শাড়ি’ বাংলাদেশের একটি জেলার দীঘদিন ধরে উৎপাদন হচ্ছে এবং সেই জেলার নামানুসারে শাড়িটির নামকরণ হওয়া সত্বেও ভারত দাবি করছে “টাঙ্গাইল শাড়ি’ তাদের নিজম্ব পণ্য। ভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয়। বলা হয়, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের বহিঃপ্রকাশ।

    ওই পোস্টের নিচে অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাদের বক্তব্য টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম এবং ওই শাড়িটির উৎপত্তি এই জেলায়। কিন্তু এই বিতর্কের প্রেক্ষাপট রচিত হয়েছে আরো এক মাস আগে। চলতি বছরের ২ জানুয়ারির  তারিখে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশকপণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

    বিষয়টি মাথায় রেখে নানা আলোচনার পর হাইকোর্ট এক মাসের মধ্যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা কারার নির্দেশ দিয়েছে। বিষয়টি অবশই ইতিবাচক।

  • জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি চলছে

    জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি চলছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: চার মাসেরও বেশি সময় ধরে চলছে গাজায় ইসরায়েলি হামলা। এতে নিহত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। এর মধ্যে আছে হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধের জন্য আবেদন করেছে।

    এই প্রেক্ষিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বিষয়ক একটি অভিযোগের শুনানি শুরু হয়েছে জাতিসংঘের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে)। আজ সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে এই শুনানি।

    ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বিষয়ক অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছে আইসিজেকে। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই এই সপ্তাহব্যাপী শুনানি শুরু হয়েছে।

    ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমানা নির্ধারণ করে দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু মৌখিকভাবে তাতে স্বীকৃতি দিলেও বাস্তবে ইসরায়েল নিয়মিত সেই সীমানা লঙ্ঘণ করছে বলে অভিযোগ রয়েছে।

    আইসিজে’র তদন্তে উঠে এসেছে, ১৯৬৭ সাল থেকেই বিভিন্নভাবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সীমানাভূক্ত এলাকা দখল করছে ইসরায়েল, আবাসন নির্মাণের মাধ্যমে সেখানে ইহুদি বসতকারীদেরও নিয়ে আসা হচ্ছে, সেই সঙ্গে নানা বৈষম্যমূলক নীতি গ্রহণের মাধ্যমে এই দুই অঞ্চলের ফিলিস্তিনিদের চাপে রাখার কৌশলও বজায় রেখেছে ইসরায়েল।

    আর গাজা উপত্যকায় ২০০৫ সাল থেকে দখলদারিত্ব কার্যক্রম স্থগিত রাখলেও এই উপত্যকার সীমান্তপথগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

    আইসিজের ১৫ জন বিচারপতি প্যানেলের সব সদসের উপস্থিতিতে শুরু হয়েছে সোমবারের শুনানি। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিও এজলাসে হাজির হয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে কারো উপস্থিতি দেখা যায়নি। ইহুদি রাষ্ট্রটি জানিয়েছে, আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য লিখিত আকারে পাঠানো হয়েছে এবং শুনানিতে ইসরায়েল পক্ষের আইনজীবী তা পড়ে শোনাবেন।

    এছাড়া শুনানিতে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসর এবং ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।

    প্রসঙ্গত, গত অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর ৩০ ডিসেম্বর জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। গত ১১ ও ১২ জানুয়ারি সেই মামলার শুনানিও হয়েছে।

    গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যার পাশাপাশি ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

    যুক্তরাষ্ট্র, কাতার, ও মিসরের নিরলস চেষ্টায় গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনের অস্থায়ী বিরতি চুক্তি হয়েছিল হামাস ও ইসরায়েলের মধ্যে। সেই ৭ দিনে নিজেদের কব্জায় থাকায় জিম্মিদের মধ্যে ১০৮ জনকে মুক্তি দিয়েছিল হামাস। পাল্টায় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে দেড়শর বেশি মানুষকে মুক্তি দিয়েছিল ইসরায়েলও।

    হিসেব অনুযায়ী, হামাসের কব্জায় এখনও ১৩২ জন জিম্মি রয়েছে। তাদের ফিরে পেতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন জিম্মিদের স্বজনরা। ইসরায়েলের সাধারণ জনগণের একাংশও যোগ দিয়েছেন আন্দোলন কর্মসূচীতে।

  • শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

    শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশর প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা ‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বইটির লেখক পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উক্ত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রথমআলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। এছাড়া বই সম্পর্কে বক্তত্ব রাখেন বইটির লেখক ড. এ কে আব্দুল মোমেন।

    স্বাগত বক্তব্য প্রদান করেন বেঙ্গলবুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান। এছাড়া বেঙ্গলবুকস নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রকল্পপ্রধান আজহার ফরহাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বেঙ্গলবুকসের কনসালট্যান্ট গাজী মুনছুর আজিজ।

    ‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এই বইটিতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের লেখা ২১টি প্রবন্ধ সংকলিত হয়েছে। লেখক শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতির নানা তথ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নানা বিষয়ও উঠে এসেছে। লেখকের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতির কথাও বলা হয়েছে বইটিতে।

    বইটির প্রচ্ছদ ও শিল্প নির্দেশনা দিয়েছেন আজহার ফরহাদ। ১৬৮ পৃষ্ঠার বইটির দাম ৬৯০ টাকা। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে   সোহরাওয়ার্দী উদ্যানে বেঙ্গলবুকসের ৮৮ নম্বর স্টলে।

  • শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক

    শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (এমএসসি) অংশ নিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি শনিবার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন।

    পোস্টে তিনি লিখেছেন, আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ প্রজাতন্ত্রের সমর্থনের প্রশংসা করি। প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাক্ষাতকালে, শান্তি ফর্মুলার উপর ভিত্তি করে একটি ন্যায্য শান্তির ইউক্রেন ভিশন, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

    এমএসসি সম্মেলন চলাকালে সাইডলাইনে শনিবার সকালে হোটেল বেয়েরিশার হফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

    বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন। বৈঠকে তারা গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।”

    জেলেনস্কির সঙ্গে বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, “স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই বৈঠকের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা ইউক্রেনের সঙ্গে শুধু যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করেছি।”

    জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।