Author: Hello Bangla News

  • বিদ্যুতের দাম  প্রতি ইউনিটে বাড়ছে ৩৪ থেকে ৭০ পয়সা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়ছে ৩৪ থেকে ৭০ পয়সা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: মার্চে বিদ্যুতের দাম  প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধি করা হবে, বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলন, “আমাদের লক্ষ্য হলো আগামী তিন বছর আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। আগামী মার্চে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধি করা হবে।”

    বিদ্যুতের দাম বাড়ানোর গেজেট আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জারি হতে পারে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। মার্চের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এ নতুন দাম কার্যকর করা হবে। বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় “

    গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, “বিদ্যুতের নতুন দাম মার্চ থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এ সমন্বয়ও মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।”

  • এখন বিএনপি দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে আছে: সেতুমন্ত্রী

    এখন বিএনপি দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: এখন বিএনপি দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে আছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মার্কিন প্রতিনিধি দলের কাছে বিএনপির অভিযোগের জবাব সরকার দিয়েছে। তারা নালিশ করবে। আমরা চুপচাপ থাকব। এমনতো হতে পারে না। বিএনিপির ৫০ হাজার নেতাকর্মী জেলে আছে। এমন উদ্ভট দাবিও করেছিল। এখন আবার দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে। তাহলে জেলে থাকা চোর-ডাকাতরাও বিএনপির নেতাকর্মী?”

    আজ সোমবার (২৬ ফ্রেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর দাগনভূঞাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তিনি জনগণের কাছে অসুস্থতার অজুহাতে যাননি। মার্কিনি প্রতিনিধি আসলে তিনি নালিশ করতে চলে গেছেন। নালিশ করা তাদের পুরোনো অভ্যাস।”

    মন্ত্রী আরও বলেন, “সমালোচনা যারা করবে। তারা করবেই। দেশেও করবে। বিদেশেও করবে। যারা ক্ষমতা পায়নি, নির্বাচনে আসেনি। তারা টের পাবে তারা নিজেদের রাজনীতিতে কতটা সংকুচিত করেছে। এ জন্য বিএনপিকে খেসারত দিতে হবে।”

    উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “উপজেলা নির্বাচনে আমরা কাউকে নৌকা দিচ্ছি না। অতএব বুঝেশুনে নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রী এ অভিজ্ঞতাও নিতে চান। জাতীয় নির্বাচনে বিএনপি না আসলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন।”

    মন্ত্রী এ সময় আরও বলেন, “ঢাকা-চট্রগ্রাম ছয়লেন হবে আপাতত। ভবিষ্যৎ আরও বর্ধিত করার বিষয়ে ভাবতে হতে পারে।”

    মন্ত্রী বলেন, “নোয়খালী- ফেনী মহাসড়ক চার লেন হয়েছে। এটি কল্পনাও কেউ করেনি কেউ আগে। এলাকাটি অন্ধকার ছিল এখন সেটি অনেক প্রশস্ত। এ অঞ্চলের মানুষ এমন পরিবর্তনকে গ্রহণও করেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “দেশের সাধারণ নির্বাচন অনেক প্রতিকূলতা চক্রান্ত প্রতিহত করে সম্পন্ন হয়েছে। সংশয় ছিল নির্বাচন হবে কী হবে না। বঙ্গবন্ধু কন্যা নির্ভীক ছিলেন। তিনি দেশের জনগণ ও সংবিধানের কমিটমেন্ট পূরণ করেছেন। অনেক ষড়যন্ত্র সন্ত্রাস হয়েছে। প্রধানমন্ত্রী লক্ষ্যের পথে এগিয়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি তার কর্তব্য সম্পাদন করেছেন।”

    মন্ত্রী আরও বলেন, “ফেনীতে বড় সমাবেশ করার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী।”

    দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও দাগনভূঞাঁ পৌর মেয়র ওমর ফারুক।

  • বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “৭ জানুয়ারি বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না। মানুষ যাতে ভোট দিতে না যায় সেই প্রার্থনা করেছিল তারা। কিন্তু ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যখন একটি সুন্দর নির্বাচন হলো, প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, জো বাইডেন চিঠি দিয়ে প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও প্রশংসা করেছে, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে।”

    আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্য ‘ক্ষমতা কুক্ষিগত রাখতে আওয়ামী লীগই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল’ এই নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, “রিজভী সাহেবের এই বক্তব্য টেলিভিশনে শুনেছি, অনলাইনে দেখেছি। এই বক্তব্য আমার কাছে পাগলের প্রলাপ মনে হয়েছে।২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে আমরা আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৩৩ আসন পেয়ে সরকার গঠন করি। বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। এই রকম বিপুল রায় পেয়ে সরকার গঠন করার পর এমন জঘন্য ঘটনা কেন ঘটাবে সরকার? আর সেদিন আওয়ামী পরিবারের সদস্যরাই বেশি নিহত হয়েছিল। এমনকি তৎকালীন আইজিপি’র মেয়ের জামাতাও নিহত হন।”

    তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুপুরের আগে ঘুম থেকে জাগেন না, কিন্তু সেদিন খালেদা জিয়া কোন কারনে সকালেই ঘুম থেকে উঠে ক্যান্টনমেন্ট থেকে বের হলেন? তার গতিবিধি সন্দেহজনক ছিল। তিনি সেদিন লন্ডনে কতবার কথা বলেছিলেন সেই রেকর্ড আছে। এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত সেটিই প্রমাণিত। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ মাত্র।”

    সাংবাদিকরা এই সময় বিএনপি নেতা মঈন খান সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন-এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি লুটপাটের কারণে পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতিতে সাক্ষ্য দিতে এফবিআই বাংলাদেশে এসেছিল। বিএনপি নেতা মঈন খান হয়তো এসব কথা ভুলে গেছেন। কারো বাবাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মঈন খানের বাবা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- প্রয়োজনে দেশ বিক্রি করে দেওয়া হবে।”

    এরপর পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে তার সাথে সাক্ষাতে আসেন ঢাকা সফররত আগরতলা প্রেসক্লাবের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য, সেক্রেটারি রমাকান্ত দে এবং সৈয়দ সাজ্জাদ আলী, কামাল চৌধুরী, রঞ্জন রায়, অভিষেক দে, সুরজিৎ পাল, মনিষ লোদ, অভিষেক দেববর্মা, প্রণব সরকার, সুপ্রভাত দেবনাথ, দেভাশিষ মজুমদার এবং সুমন দেবরায় ও বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক প্রমুখ মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে চা-চক্রে মিলিত হন।এই সময় প্রতিনিধি দল মন্ত্রীকে উত্তরীয় ও সম্মাননা স্মারক অর্পণ করেন।

  • চিকিৎসাসেবা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    চিকিৎসাসেবা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: চিকিৎসাসেবা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে, বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন “আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।”

    আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন। যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।”

    গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।”

    এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।

  • পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

    পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হয়েছেন মরিয়ম নওয়াজ। পাকিস্তানের ইতিহাসে তিনি প্রথম একজন নারী যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। মরিয়ম নওয়াজ পাঞ্জাব প্রদেশ নারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

    পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ, জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ।

    পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন দেশটির স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়। এ সময় সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের বিধায়করা বিক্ষোভ করে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা উপস্থিত ছিলেন।

    মুখ্যমন্ত্রীর জন্য দলের মনোনীত প্রার্থী রানা আফতাব আহমেদ খানকে স্পিকার কথা বলার অনুমতি না দেওয়ার পরে এসআইসি বিধায়করা ওয়াক আউট করেন।

    ভোট গণনা শেষ হওয়ার পর পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক মুহম্মদ আহমেদ খান ঘোষণা করেন মরিয়ম ২২০ ভোট পেয়েছেন এবং আফতাব একটি ভোটও পাননি। এসআইসি বিধায়করা সম্পূর্ণভাবে ভোট বয়কট করেন।

    পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বিধায়কদের বজ্র করতালিতে স্পিকার বলেন, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের পদ্ধতির নিয়ম অনুসারে, মরিয়ম নওয়াজ শরীফকে পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো।

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বক্তৃতায় মরিয়ম বলেন, আমি বিধানসভার সব বিধায়কদের প্রধান নির্বাহী, যারা আমাকে ভোট দেননি তাদেরও।

    তিনি আরও বলেন, আমি ডেথ সেলে বন্দি থাকাসহ অসংখ্য কষ্টের মুখোমুখি হয়েছি, কিন্তু আমি আজ যা হওয়ার জন্য আমি আমার বিরোধীদের কাছে কৃতজ্ঞ। কারো বিরুদ্ধে প্রতিহিংসা থাকবে না।

    পাঞ্জাবের জন্য তার কর্মসূচির রূপরেখা দিয়ে মরিয়ম বলেন, আমি আমার অফিসে প্রথম দিন থেকেই মানুষের জীবন উন্নত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাবো।

  • গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

    গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় ও খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

    আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

    পঙ্কজ উদাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস আজ মারা গেছেন।’

    পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন।

    তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। ৮০’র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

  • বিপিএলের ফাইনালে কুমিল্লা, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর ও বরিশাল

    বিপিএলের ফাইনালে কুমিল্লা, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর ও বরিশাল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: বিপিএলে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। তাওহিদ হৃদয়-লিটন দাসের ব্যাটে রীতিমতো উড়ে গেল রংপুর। অন্যদিকে রংপুরের জন্য থাকছে দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা।কেননা আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়ছিলো বিপিএলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বরিশাল ও চট্রগ্রাম। সেই খেলায় বরিশাল অতি সহজেই হারায় চট্রগ্রামকে। ফলে রংপুর ও বরিশালের মধ্যে যে বিজয়ী হবে সেই কুমিল্লার সঙ্গে ফাইনালে খেলবে।

    সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেছেন নিশাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

    এলিমেনেটরে ফরচুন বরিশালের কাছে হেরে বিদায় বলতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ম্যাচটিতে একদমই প্রতিদ্বন্দ্বিতা করতে চট্রগ্রাম।

    ১৩৬ রানের লক্ষ্য ৫ ওভার ১ বল হাতে রেখেই টপকে যায় বরিশাল। ৩ ওভার করে শুভাগত দেন ৪৫ রান। এমন দিনে শেষ হয়েছে এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পথচলাও। বরিশালের তামিম ৫২ রানে অপরাজিত থাকে।

  • জনপ্রতিনিধিকে জনগণের আস্থা অর্জন করতে হয়: প্রধানমন্ত্রী

    জনপ্রতিনিধিকে জনগণের আস্থা অর্জন করতে হয়: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: জনপ্রতিনিধিকে জনগণের আস্থা অর্জন করতে হয়, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যাদের পুনর্বাসন করে দিয়েছি। তাদের খোঁজখবর নিয়েন। তাতে আপনাদের লাভ আছে। তাদের আস্থা অর্জন করলে নির্বাচনে ভোটটা পাবেন। জনপ্রতিনিধিকে জনগণের আস্থা অর্জন করতে হয়। কমিউনিটি ক্লিনিকের দিকেও খেয়াল রাখবেন। কাজগুলো যাতে যথাযথভাবে হয়। ওষুধ যাতে যথাযথভাবে বণ্টন হয়। সেদিকে খেয়াল রাখলে মানুষ উপকৃত হবে।”

    আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী বলেন, “করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বেড়ে গেলো। দাম বেড়ে গেলো। এজন্য তখন থেকে সবাইকে আহ্বান করেছিলাম, সবাইকে উৎপাদন করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। ”

    তিনি বলেন, “বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতে অনেক উৎপাদন খরচ। আমরা কিন্তু ভর্তুকি দিচ্ছি। তবে এখন থেকে যে বেশি ব্যবহার করবে, তার মূল্য বেশি দিতে হবে। সেভাবেই করতে চাই।”

    শেখ হাসিনা বলেন, “খাল-বিল নদী-নালাগুলোকে রক্ষা করতে হবে। একটা পুকুর দেখলেই সেখানে ভবন করতে হবে, এই চিন্তা বাদ দিতে হবে। জলাধার আমাদের দরকার। বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “কোনো প্রকল্প নেওয়ার জন্য দেবেন না। সেটা যথাযথ কাজে লাগবে কি না, দেখে দেবেন। কোনো প্রকল্প ব্যক্তির উপকার চিন্তা করে নয়, মানুষের কল্যাণের দিকে চিন্তা করে নিতে হবে।”

    তিনি আরও বলেন, “পানির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেখানে ফিল্টার দেওয়া হচ্ছে। এগুলো একবার করে দেওয়া হলে আজীবন চলবে না। এটার দিকে জনপ্রতিনিধিদের নজর রাখতে হবে। এটা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, সংস্কার ও সংরক্ষণ করতে হবে। এটা জনপ্রতিনিধিদের করতে হবে। কারণ সরকারি কর্মকর্তারা তো নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে, এরপর শেষ। কিন্তু জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আছে, তাদের দেখতে হবে। তবে, সরকারি কর্মকর্তারাও বিষয়টা দেখবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এটার পরিষ্কার হচ্ছে কি না “

    প্রধানমন্ত্রী বলেন, “মাদকের প্রভাব, মাদক থেকেই আবার দুর্নীতি, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়। সেদিকে বিশেষ যত্নবান হয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমরা চাই।”

    অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সচিবসহ বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন।

  • সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখা হবে: এমডি বিশ্বব্যাংক

    সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখা হবে: এমডি বিশ্বব্যাংক

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: আগারগাঁওয়ের ইআরডি ভবনে সকালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়।

    বৈঠক শেষে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন,“মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জানান।”

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না, এ নিয়ে কাজ চলছে, অপেক্ষা করতে হবে, আমাদের ম্যানেজ করতে হবে।

    শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

    শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এর তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড, যা শেষ হয়েছে। প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচারও হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো বিষয়টি বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। শিগগির চূড়ান্ত বিচারটিও দেশবাসী দেখবে বলে উল্লেখ করেন মন্ত্রী।”

    আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহিদদের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

    পিলখানায় নিহত (তৎকালীন বিডিআর) বর্তমান বিজিবি সদস্যদের পরিবারের লোকজন এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হোক। এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আমরাও চাই বিচারকাজ দ্রুত হোক। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত। আমাদের আদালত স্বাধীন, তাদের মতো একটি ন্যায্য বিচার করবে এটাই আমাদের প্রত্যাশা।”

    আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “এই হত্যাকাণ্ডের বিচারে কারও গাফলতি নেই। আমি আগেই বলেছি বিরাট ধরণের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরণের বিচারকার্য ছিল, একারণে সময় লেগেছে।”