বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

www.HelloBangla.News – প্রযুক্তি – ২৪ জুলাই, ২০২৪: বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।”

আজ বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।”

তিনি বলেন, “আগামী সপ্তাহে রবিবার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।”

তিনি আরও বলেন, “সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।”

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব।”

পূর্ববর্তী শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না: শিক্ষামন্ত্রী
পরবর্তী কোটা আন্দোলনে আহতদের তিন জনের মৃত্যু