Category: লিড নিউজ

  • প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা

    প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ মে, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। উপলক্ষে আজ শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা।

    আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন।

    এরপর থেকে শেখ হাসিনা গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন।

  • জুনের ৬ তারিখে দেওয়া বাজেট আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

    জুনের ৬ তারিখে দেওয়া বাজেট আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৭ মে, ২০২৪: জুনের ৬ তারিখে দেওয়া বাজেট আমরা বাস্তবায়ন করব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ৬ তারিখে বাজেট দেব। বাজেট আমরা ঠিক মতো দিতে পারব, বাস্তবায়নও করব। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তীতে উত্তরণ করতে পারব সে আত্মবিশ্বাস আছে।”

    আজ শুক্রবার (১৭ মে) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতেন না, তারা এখন চারবেলা খান। হাট-বারের বাইরে কিছু পাওয়া যেতো না, এখন সুপার মার্কেট হয়েছে।”

    শেখ হাসিনা বলেন, “২০০৮-এর নির্বাচনি ইশতেহার ‘দিন বদলের সনদ’-এ আমরা ‘রূপকল্প ২০২১’ এর ঘোষণা দিই। জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। ২০০৯ সালে সরকার গঠন করে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করি। সবসময়ই বিশ্বাস করি, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে প্রয়োজন সবার অংশগ্রহণ। ১৯৭৫ সালের ১৫ জুন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার মাটির সঙ্গে, আমার মানুষের সঙ্গে, আমার কালচারের সঙ্গে, আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করেই আমার ইকোনমিক সিস্টেম গড়তে হবে’। তাই আমরা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন শুরু করি যাতে সমাজের কেউ বাদ না পড়ে। এসব বিষয় মাথায় রেখে সেসময় আমি ‘জনগণের ক্ষমতায়ন, উন্নয়ন ও শান্তির মডেল’ নামে একটি মডেল তৈরি করি। ২০১১ সালে এই মডেলটি জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।”

    তিনি বলেন, “২০১৪ সালের নির্বাচনি ইশতেহার ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এবং ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর প্রতিও জনগণ বিপুল রায় দেয়। ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলে বাংলাদেশের আর্থ-সামাজিক চিত্র বদলে যায়। বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিতি পায় ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে। ২০২৪ সালের নির্বাচনি ইশতেহারের শিরোনাম দিয়েছি, ‘স্মার্ট বাংলাদেশ। উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। এই স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিগত এবং উদ্ভাবনশীল। যাতে রয়েছে চারটি স্তম্ভ- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ।”

    শেখ হাসিনা বলেন, “আমাদের গ্রামের বাজার পাটগাতি থেকে ঈদের আগে ২০০ ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প কলকারখানা বাড়ছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “আমি আজ অর্থনীতি সমিতির প্রোগ্রামে আসছি। এখানে অনেকের অনেক বড় বড় ডিগ্রি আছে। আমার কিন্তু তা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছি। অর্থনীতির সুক্ষ ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। এতটুকু বুঝি কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে মানুষের উপকার হবে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেই আমি এটা শেখেছি। তিনি তো বেশিরভাগ সময়ই জেলে থাকতেন। যতক্ষণ বাইরে থাকতেন। আমাদের সঙ্গে গল্প করতেন- কীভাবে তিনি দেশের মানুষের জন্য কাজ করতে চান, কীভাবে গ্রামগুলোকে সাজাবেন।”

  • বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

    বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৭ মে, ২০২৪: বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করত, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।তিনি বলেন, “বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, অত্যাচার করত। এখন জনগণের যে উন্নয়ন হচ্ছে, তা মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে।”

    আজ শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ- কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

    এসময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ৫ টি দেশে বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন: কৃষিমন্ত্রী

    ৫ টি দেশে বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন: কৃষিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৭ মে, ২০২৪: ৫ টি দেশে বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন, বলে জানিযেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। তিনি বলেন, “আমরা রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারতের সঙ্গে কথা বলেছি। তারা বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা চেষ্টা করছি বেশি পরিমাণ আম রপ্তানি করার। এজন্য চীনের একটি প্রতিনিধিদল শিগগিরই রাজশাহীর আম দেখতে আসবে। আর এ দলটির সঙ্গে ঠিকমতো কথা বলে আমের সঠিক মূল্য নির্ধারণের জন্য কিছু কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

    আজ শুক্রবার (১৭ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে আমের বাগান পরিদর্শন ও আমচাষিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।

    কৃষিমন্ত্রী বলেন, “রাজশাহীতে আমের ফলন এবার কম হয়েছে, সে কারণে দাম বাড়বে। তাই সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।আমরা কোনোভাবেই সিন্ডিকেট করতে দেব না।”

    তিনি বলেন, “আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে।”

    কৃষিমন্ত্রী বলেন, “আম রপ্তানির জন্য ২৫০ থেকে ৩০০ কৃষককে এরই মধ্যে সহায়তা করা হয়েছে। আর আম রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড ও ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে।”

    আম সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, “আম পচনশীল পণ্য। তাই মৌসুমে একটা পার্সেন্টেজ আম নষ্ট হবেই। আমরা আম কিছু সময়ের জন্য সংরক্ষণ করতে চাই, অন্যান্য কৃষিজাত পণ্যও সংরক্ষণ করতে চাই। সেজন্য দেশের আটটি বিভাগে আটটি কোল্ড স্টোরেজ নির্মাণ করবো। তবে এর জন্য আরও অপেক্ষা করতে হবে। কারণ এ প্রজেক্টের জন্য অনেক টাকার দরকার। আমরা দেশি-বিদেশি সহযোগিতায় এটা করতে চাই।”

    এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলের ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান ও কৃষিক্ষেত পরিদর্শন করেন।

    কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টের, কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জু-উন নাহার চৌধুরী ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। এছাড়া কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল

    ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ মে, ২০২৪: ২০২৭ দশম নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আয়োজক হওয়ার প্রতিযোগিতায় তারা হারিয়ে দিয়েছে যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া ইউরোপের তিন দেশ বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে।

    আয়োজক হিসেবে ব্রাজিলের নাম চূড়ান্ত হতেই ইতিহাস গড়ে ফেলেছে দেশটি। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল তারা। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার আশা, ‘সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হতে যাচ্ছে এটি।’

    আজ শুক্রবার (১৭ মে) ব্যাংককে ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯টি ভোট পায় ব্রাজিল। অন্যদিকে, যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানির ভাগে পড়ে ৭৮টি ভোট। অবশ্য চূড়ান্ত ভোটাভুটির আগে ব্রাজিলের দিকেই পাল্লা ভারী ছিল। ফিফা টেকনিক্যাল কমিটির মূল্যায়নে লাতিন দেশটি আয়োজক হওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে ছিল।

    কেননা টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সম্ভাব্যতা, বাণিজ্যিক বিষয়াদি, অংশগ্রহণকারী দলগুলোর সুযোগসুবিধা ও আবাসনের মতো বিষয়। এ ছাড়া ২০১৪ পুরুষ বিশ্বকাপ আয়োজনের জন্য ১০টি স্টেডিয়াম নির্মাণ করায় বাড়তি সুবিধা পেয়েছে ব্রাজিল।

    ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরা জানতাম, দক্ষিণ আমেরিকার নারী ও ফুটবলের বিজয় আমরা উদযাপন করতে পারব। দম্ভ করে বলছি না, নিশ্চিত থাকতে পারে, নারীদের জন্য সবচেয়ে সেরা বিশ্বকাপ আমরা উপহার দেব।

    উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে আয়োজন হয়ে আসছে ফিফা নারী বিশ্বকাপ। সর্বশেষ গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে মঞ্চস্থ হয়েছিল টুর্নামেন্টটি। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এ ছাড়া সর্বোচ্চ চারবার বিশ্বকাপ জিতেছে যুক্তরাষ্ট্র। তবে লাতিন কোনো দেশ এখনো পর্যন্ত একবারও শিরোপার স্বাদ পায়নি।

  • জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ১৭ মে, ২০২৪: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ১১.০০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্টিত হয় এ আয়োজন। বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং লিয়াকত আলী লাকী, মহাপরচিালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। আজ সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এতে ১ম পুরস্কার পেয়েছেন মো. রেজওয়ানুল হাসান, ২য় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান এবং ৩য় হয়েছেন আব্দুল গণি এছাড়াও সম্মান সূচক পুরস্কার পেয়েছেন আরো ১০ জন আলোকচিত্র শিল্পী তারা হলেন, শোয়েব ফারুকী, মো. সাইফুল ইসলাম খান, মো. আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মো. খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল এবং সবুজ হাওলাদার।

    Prize Distribution of Photography Competition - Entertainment - 17 May 2024 (2)_1
    Prize Distribution of Photography Competition – Entertainment – 17 May 2024 (2)_1

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। কৃতজ্ঞতা বক্তব‌্য প্রদান করেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব‌্য প্রদান করেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান। সভাপতির বক্তব‌্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ফটোসাংবাদিকদের ভুমিকা তুলে ধরে বলেন, “ফটোগ্রাফি এখন বিশ্বব‌্যাপী সমাদৃত, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যত ধরনের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাতে অসাধারণ ভূমিকা পালন করে এই ফটোগ্রাফি”। ধর্মের সাথে শিল্পচর্চার কোন বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, “অনেকে শিল্পের সঙ্গে ধর্মের একটা সংঘর্ষের কথা বলে, ধর্মকে নানানভাবে অপব‌্যাখ‌্যা করে, ধর্মকে কলুষিত করে। যা শিল্পের সাথে কোনভাবেই সাংঘর্ষিক নয়।”

    শিল্প সংস্কৃতি চর্চা নিয়ে বঙ্গবন্ধুর নানান বক্তব‌্য ও তাঁর ভূমিকা তুলে ধরেন মহাপরিচালক। বলেন, “শিল্প চর্চা করা মানেই বিশ্ব শিল্পীর কাছে যাওয়ার চেষ্টা করা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে সকলের ঘরে পৌছে দিবো আমরা। সবাই শিল্প পরিবার এর মাধ‌্যমেই আমরা শিল্প সমাজ গড়ে তুলতে চাই”।

    পরে বিজয়ী আলোকচিত্র শিল্পীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।

    উল্লেখ‌্য যে সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত যে কোনো ইতিবাচক কর্মকান্ডকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উৎসাহিত করে থাকে, তারই অংশ হিসেবে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অনলাইনে ৩১৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পরে, পরে বিচারকদের বিচার বিশ্লেষনের মাধ্যমে ২২৯জন আলোকচিত্র শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। এতে বিচারকমন্ডলী হিসেবে ছিলেন জনাব এ বি এম রফিকুর রহমান, জনাব আবির আবদুল্লাহ, জনাব এস এম গোর্কি এবং মনির উজ্জামান। আলোকচিত্র প্রদর্শনী ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শিত হয়।

    বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবিকে উপস্থাপনার লক্ষ্যে প্রথম আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ” এর এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর ধারাবাহিকতা অব‌্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়।

  • তুরস্কের কুর্দিপন্থী বিরোধী নেতার ৪২ বছরের কারাদণ্ড

    তুরস্কের কুর্দিপন্থী বিরোধী নেতার ৪২ বছরের কারাদণ্ড

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ মে, ২০২৪: তুরস্কের কুর্দিপন্থী বিরোধী নেতা সেলাহাতিন ডিমিরতাসকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে সিরিয়ায় সংঘাত নিয়ে মারাত্মক বিক্ষোভে ভূমিকা রাখানজ আরও কিছু অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।ডেমিরতাসের এক ডজনেরও বেশি রাজনৈতিক মিত্রকেও কারাগারে পাঠানো হয়েছে।

    ডেমিরটাসকে মোট ৪৭টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তুর্কি মিডিয়া জানিয়েছে, এসবের মধ্যে রয়েছে ষড়যন্ত্র, সহিংসতা প্ররোচনা, রাষ্ট্রীয় ঐক্য বিঘ্নিত করা এবং একটি সন্ত্রাসী সংগঠনের পক্ষে প্রোপাগান্ডা করা। ৫১ বছর বয়সে, ডেমিরটাস সম্ভবত কারাগারে মারা যাবেন যদি তার সাজার আপিল করার প্রচেষ্টা ব্যর্থ হয়।

    তথাকথিত কোবানে বিচারে অভিযুক্ত ১০৮ জনের মধ্যে ডেমিরটাস ছিলেন একজন। মামলাটি সিরিয়ার কোবানে শহরকে কেন্দ্র করে, যেখানে কুর্দি জঙ্গিরা, এবং ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা ২০১৪ সালে শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছিল। ডেমিরতাসের বিরুদ্ধে তুর্কি সেনাদের অভিযোগ তিনি সেই সময়ে কুর্দিদের সাথে আন্তঃসীমান্ত গুলি বর্ষণের হুকুম দিয়েছিলেন। আইএস শহরটি ঘেরাও করার সময় তাদের সমর্থন দেওয়া ছাড়াও তাদের কুর্দিদের পালাতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

    তুরস্কের শীর্ষ আদালত কুর্দিপন্থী এইচডিপি পার্টিকে ভেঙে দেওয়ার অভিযোগ স্বীকার করেছে। কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) নেতা হিসেবে, দেমিরতাস দক্ষিণ তুর্কিয়ের প্রধান-কুর্দি অঞ্চলে বিক্ষোভের আহ্বান জানান। বিক্ষোভগুলি দ্রুত সহিংস হয়ে ওঠে এবং এর ফলে ৩৭ জন মারা যায় এবং শত শত আহত হয়। বিক্ষোভের দুই মাস আগে, তুর্কিয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমিরতাস তৃতীয় স্থানে ছিলেন।

    তিনি ২০১৮ সালে রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানকে আবার রাষ্ট্রপতির জন্য চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন, কারাগারের আড়াল থেকে তার প্রচারণা পরিচালনা করেছিলেন।

    ১০৮ জনের মধ্যে ১৮ জনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়। ৭২ জনকে এখনও আটকে রাখা হয়েছে। প্রাক্তন এইচডিপি সহ-নেতা ফিগেন ইউকসেকদাগকে ডেমিরতাসের বিরুদ্ধে আনা অভিযোগে ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস বারবার তার মুক্তি দাবি করেছে।

  • বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ মে, ২০২৪: আজ শুক্রবার (১৭) মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে, যার সুফল বাংলাদেশ ব্যাপকভাবে পেতে শুরু করেছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “রূপকল্প-২০২১ ঘোষণার পর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের কারণে দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে, যার সুফল বাংলাদেশ ব্যাপকভাবে পেতে শুরু করেছে।”

    তিনি বলেন, “সম্প্রতি স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের পর্যায়ে উত্তরণের ক্ষেত্রে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তথ্যপ্রযুক্তির অগ্রগতির ধারাবাহিকতায় এসেছে ফাইভ-জি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি। আর এগুলোকে জনকল্যাণে ব্যবহার করাই হচ্ছে পরবর্তী চ্যালেঞ্জ। এ পরিপ্রেক্ষিতে দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।”

    শেখ হাসিনা বলেন, “জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছরে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়ন, প্রায়োগিক উৎকর্ষ সাধন এবং এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এ খাতের সুষ্ঠু বিকাশে প্রণয়ন করা হয়েছে আইসিটি নীতিমালা, আইসিটি আইন, তথ্য নিরাপত্তা গাইডলাইন ও তথ্য অধিকার আইন।”

    তিনি বলেন, “আমরা টেলিযোগাযোগ খাতের সব সেবা আধুনিক ও যুগোপযোগী করেছি। ইন্টারনেট ডেনসিটি ও সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। স্থাপন করা হয়েছে নতুন সাবমেরিন ক্যাবল। আমরা ফোর-জি প্রযুক্তি চালু করেছি। ফাইভ-জি প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা চালু করার প্রস্তুতি চলছে। দেশের প্রায় শতভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। জনগণ ইউনিয়ন তথ্যকেন্দ্র, উপজেলা ই-সেন্টার এবং জেলা ই-সেবা কেন্দ্র ছাড়াও মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সেবাগ্রহণ করছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি স্থাপন করেছি। এর ফলে কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন গ্রোথ সেন্টারসমূহে অর্থাৎ প্রান্তিক জনগণের দোরগোড়ায় চক্ষু ও টেলিমেডিসিন সেবা পৌঁছানো সম্ভব হয়েছে। করোনার ভয়াবহতম সময়ে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এ ছাড়া ভিডিও কনফারেন্সিং চালু থাকার ফলে খুব অল্প সময়ে দেশের বিভিন্ন প্রান্তের জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং সরকারি দিক-নির্দেশনা প্রদান করা যাচ্ছে। তথ্যপ্রযুক্তির বহুল ব্যবহারের ফলে সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে পদার্পণ করেছি। চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধা ঘরে তুলতে এবং জনগণের জন্য বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে আমি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। আসুন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা উন্নততর তথ্যপ্রযুক্তি নির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’-এ পরিণত করি।”

  • ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

    ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৬ মে, ২০২৪: ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ব‌লেন, “যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন। এ নিয়ে বিএনপির মাথা আরও খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন দেখা সাক্ষাৎ করতে। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, গভীর করতে চায়। আমরাও সম্পর্ক এগিয়ে নিতে চাই।”

    আজ বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এ মন্তব্য ক‌রেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “আজ দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতারা কোনোকিছুই দেখতে পান না। সব রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশ প্রত্যাবর্তন করেছেন। জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু ১৯৮১ সালে শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সকল নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়ে।”

    তি‌নি ব‌লেন, “শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপরে শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরে ১৯৮১ সালের ১৭ মে তার আগমনে জনসমুদ্র সৃষ্টি হয়।”

    হাছান মাহমুদ ব‌লেন, “শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এবং এরশাদ দুজনই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। একবার নয় বহুবার তারা হত্যার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু শেখ হাসিনা কখনই তার লক্ষ্য জনগণের অধিকার আদায় থেকে বিচ্যুত হননি।”

    পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “আগে দেখতাম গয়েশ্বর রায় খেই হারায়, রহুল কবির রিজভী আবোলতাবোল বলে। এখন দেখি সিনিয়ররাও খেই হারিয়ে ফেলেছে, আবোলতাবোল বলছেন। যখন কেউ আশার আলো দেখে না তখন খেই হারিয়ে ফেলে।”

    তি‌নি ব‌লেন, “বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজ দেয়নি। আমি বিএনপিকে অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী  বিরোধী দলের ভূমিকায় নির্বাচনে অংশ নেবে।”

  • ডেঙ্গু রোগীদের বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করবেন: মেয়র আতিক

    ডেঙ্গু রোগীদের বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করবেন: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ মে, ২০২৪: ডেঙ্গু রোগীদের বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করবেন, বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।  তিনি বলেন, “ডেঙ্গু রোগীর তালিকা অনুযায়ী তাদের ঠিকানা সংগ্রহ করে রোগীর বাড়িসহ আশপাশের এলাকায় ব্যাপকভাবে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। কাউন্সিলরদের আহ্বান করছি আপনারা নিজ নিজ ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়িতে যাবেন, খোঁজ নেবেন। তাদের আশেপাশের মানুষদের সচেতন করবেন।”

    আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২৭তম করপোরেশন সভার আলোচনায় এ আহ্বান জানান তিনি।

    মেয়র বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, রাজনীতিবিদ, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা করতে হবে, সচেতনতামূলক র‍্যালি করতে হবে। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন পক্ষ থেকে ওষুধ প্রয়োগ করা, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি৷ জনগণের মাঝে বার্তা ছড়িয়ে দিতে হবে এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সেজন্য নিজেদের ঘর বাড়ি, অফিস পরিচ্ছন্ন রাখতে হবে। ছাদে, বারান্দায়, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোডে পানি জমতে দেওয়া যাবে না।”

    কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, “খাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যার যার এলাকায় খাল দখল রয়েছে এবং দখলদার কারা আমাকে জানাবেন। আপনারা তথ্য দেবেন সে অনুযায়ী অভিযান পরিচালনা করে খাল দখলমুক্ত করা হবে। খাল দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। ”

    গতবারের মতো এ বছরও ডিএনসিসি এলাকার কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা থাকবে বলে ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

    সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান।