Category: লিড নিউজ

  • নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়: তথ্য প্রতিমন্ত্রী

    নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  তিনি বলেন, “সরকার কাজ করবে। কিন্তু নাগরিকদের দায়িত্বের জায়গা থেকে, নাগরিকদের অধিকার যেমন সংরক্ষণের বিষয় আছে, তেমন দায়িত্ব পালনেরও বিষয়টি থাকে। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার ও নাগরিকদের মধ্যে একটি পার্টনারশিপ তৈরি হয়। তখনই সমস্যাগুলো অনেক সহজে দূর হয়।”

    আজ বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এ ধরনের অভিযোগ আমরা পাই। অনেকে ভিডিও করেও আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা গিয়ে দেখি, ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট পড়ে থাকে। পানির মধ্যে বড় বড় জিনিসপত্র, জাজিম, সোফা, ফ্রিজ ফেলে রাখা হয়।”

    তিনি আরও বলেন, “একদিকে সিটি করপোরেশন সারাক্ষণই যদি পরিষ্কার করতে থাকে, অন্যদিকে আপনারা নোংরা করতে থাকেন, নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এ সমস্যা কোনোদিনও সমাধান হবে না।”

    তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি মেয়রকে ধন্যবাদ জানাতে চাই এ উদ্যোগের জন্য।”

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাতালিয়া কানেম।

    আজ বুধবার (১৫ মে) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন নাতালিয়া কানেম।

    পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যুহার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ে এবং নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    শিশু ও মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বলেন, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

    জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমেছে।”

    তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।”

    নারী শিক্ষায় অগ্রগতির কথা উল্লেখ করে শেখ হাসিনার বলেন, “বাংলাদেশে এখন স্কুল পরীক্ষায় সংখ্যা এবং একাডেমিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে। সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সংখ্যা এবং পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে। এটা সম্ভব হয়েছে নারী বান্ধব শিক্ষা নীতির কারণে। অথচ অতীতে একটা সময় অনেক বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না।”

    এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি এবং স্কুল ফিডিং কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক নারীরা এখন স্কুলে আসছে।”

    এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান।

  • আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

    আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ মে, ২০২৪: বাংলাদেশ ক্রিকেট দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতে দেশ ছাড়বে । যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বৈশ্বিক ক্রিকেট আসরে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ১৫ ক্রিকেটার।

    আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয় এই ফটোসেশন। যেখানে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, জাতীয় দলের কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও।

    এরপর বিশ্বকাপের প্রস্তুতি–লক্ষ্য ও দল বাছাই সংক্রান্ত নানা প্রশ্নে উত্তর দিতে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

    সেখানে নানা প্রশ্নের একপর্যায়ে সাইফউদ্দিনকে বাদ দেওয়া ও তানজিম সাকিবকে দলে নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

    চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন সাইফউদ্দিন। পুনর্বাসন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেললেও, জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এই অলরাউন্ডার লাল-সবুজ জার্সিতে ফেরেন ১৮ মাস পর। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে সাইফউদ্দিন নিয়েছেন ৮ উইকেট, অন্যদিকে ২ ম্যাচ খেলে তানজিম সাকিব মাত্র ১টি উইকেট নিয়েছেন। এর আগে সর্বশেষ বিপিএলে ১১ উইকেট নিয়েছেন তানজিম, যেখানে সাইফউদ্দিনের শিকার ১৫ উইকেট। তবে গতির দিক থেকে তানজিমকে এগিয়ে রাখলেন হাথুরু। একইসঙ্গে চাপ সামলানোয়ও সাইফউদ্দিন পিছিয়ে রয়েছেন বলে ধারণা টাইগার টিম ম্যানেজমেন্টের।

    একই প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত জানিয়েছেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে (দুজনের প্রতিযোগিতা) খুব ক্লোজ ছিল।’

    জিম্বাবুয়ে সিরিজে রান না পাওয়ায় মাঝপথে একাদশের বাইরে রাখা হয় লিটন কুমার দাসকে। অবশ্য তিনি ব্যাট হাতে চরম বাজে সময় পার করছেন আরও আগে থেকেই। তবুও লিটনকে দলে রাখা নিয়ে শান্ত ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গেছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’

    বিশ্বকাপের আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ম্যাচগুলো হবে যথাক্রমে- ২১, ২৩ ও ২৫ মে।

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপের বাকি তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তারা।

    বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি’ গড়ে তুলেছি। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের কিশোর-কিশোরীদের নিয়ে ৮ হাজারেরও বেশি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। ‘তথ্য আপা’ প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এক কোটি নারীকে তথ্যসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন ‘১০৯’ চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি।

    আজ বুধবার (১৫ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যাশিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে কমেছে।”

    তিনি বলেন, “আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা ১ হাজার ২৫৩টি ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫০ লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী ‘স্কুল মিল’ চালু করার উদ্যোগ নিয়েছি।”

    সরকারপ্রধান বলেন, “আমরা ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। ২০২৪ পর্যন্ত প্রায় ৪৬৪ কোটি বই বিতরণ করা হয়েছে। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু করেছি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। আমরা জাতীয় বাজেটের মোট ৩০ শতাংশ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে আমাদের শ্রমশক্তির ৪২.৬ শতাংশ নারী, যা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আইসিটি খাতে ২০২৬ সালের মধ্যে ২৫ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৩ অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এ অঞ্চলে প্রথম। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় ৩৮.২৪ শতাংশ বেশি ছিল। আমাদের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল হিসেবে ২০২৩ সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২.৩ বছর। বর্তমানে আমাদের মোট জনসংখ্যার ৬২ শতাংশই কর্মক্ষম।”

    শেখ হাসিনা বলেন, “দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯.২৯ শতাংশ ষাটোর্ধ্ব বয়সী। প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। ২০২৩ সালে আমরা ৫৮ লাখের বেশি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমরা অসহায় নারী, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন। এছাড়াও আমরা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো নাগরিক এই পেনশন সুবিধা নিতে পারবেন।”

    সরকারপ্রধান বলেন, “আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ ভিশন’ বাস্তবায়ন করেছি। ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের জন্য আমরা চারটি পিলার নির্ধারণ করেছি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এ লক্ষ্যে আমরা আমাদের জনগোষ্ঠীকে বিশেষ করে তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। অতি সম্প্রতি আমরা জনসংখ্যানীতি ২০১২ যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন নীতিতে ২০৪১ থেকে ২০৬১ পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডেভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কর্মদক্ষতা সৃষ্টি ও উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হচ্ছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদ করা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সবার জন্য, বিশেষ করে নারী ও শিশুর, জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, “জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারব। এ লক্ষ্যে সর্বজনীন স্বাস্থ্য সেবা বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সবার জন্য বিশেষ করে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

  • ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে: সেতুমন্ত্রী

    ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: ঢাকার বাইরে মফস্বল এলাকা গুলোতে উন্নত মানের গণপরিবহন চলে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে। কিন্তু ঢাকায় লক্কর-ঝক্কার ও রংচটা গাড়ি চলে। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহন চলে।”

    আজ বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে বিআরটিএ।

    বিআরটিএ’র উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “এই লক্কর-ঝক্কর বাসগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও এখন ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর রাস্তা বের হবে না। তখন জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।”

    তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ অনেক কর্মসূচি ও আইন করে। কিন্তু রেজাল্ট কী? সড়কের দুর্ঘটনা এবং যানজট তো কমছে না।”

    ওবায়দুল কাদের বলেন, “সড়ক দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশেই বন্ধ হবে না। তবে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। যানজট এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিছু যদি আমরা করতে না পারি তাহলে আমাদের নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ। প্রতিনিয়তই আমাদের কথা শুনতে হচ্ছে।”

    সেতুমন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনা মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়। একটা মন্ত্রণালয়ে এতদিন দায়িত্ব পালন করার পরও সড়ক দুর্ঘটনা কমছে না। অথচ নিয়ম তো এমন হওয়া উচিত ছিল, এই বছরের ঈদে যে যানজট এবং দুর্ঘটনা ঘটবে, আগামী বছর তা আরও কমবে। কিন্তু সেখানে দুর্ঘটনা বাড়ছে। তাহলে আমরা কী কাজ করছি? আমাদের টিম ওয়ার্কের কী সফলতা আছে? এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ঢাকার মতো মফস্বল এলাকাগুলোতে পাম্পে তেল দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল চালকের হেলমেট বাধ্যতামূলক করতে হবে। বিআরটিএ জেলা প্রশাসকদের নির্দেশ দেবে যাতে প্রতিটি পাম্প হেলমেট বাধ্যতামূলক করে। ‘নো হেলমেট নো ফুয়েল’ এই নীতিতে আমরা যাবো। এটি আজকের মিটিংয়ের সিদ্ধান্ত।”

  • রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে উদগ্রীব রয়েছেন: ড. মোমেন

    রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে উদগ্রীব রয়েছেন: ড. মোমেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: রোহিঙ্গারা নিজ ভূমি ফিরতে উদগ্রীব রয়েছেন, বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “বাংলাদেশ ও মিয়ানমার সরকার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব রয়েছেন।”

    আজ বুধবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনে মিয়ানমার বিষয়ক মালয়েশিয়ার উপদেষ্টা গ্রুপের চেয়ারম্যান তান  সৈয়দ হামিদ আলবারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন।

    এসময়  মালয়েশিয়া ও বাংলাদেশের পার্লামেন্ট সদস্যদের মধ্য একটি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ফোরাম গঠনে উভয়পক্ষ নীতিগতভাবে রাজি হয়েছে। এটা কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে উভয় দেশ কাজ করবে।

    ড. এ কে আব্দুল মোমেন বলেন, “মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরে নিতে রাজি আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে উদগ্রীব হয়ে বসে আছে। বাংলাদেশ সরকারও তাদেরকে ফেরত পাঠানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে সব পক্ষ রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ কেন? কেন রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না? এর কারণ খতিয়ে দেখা দরকার।”

    পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সকল সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই।”

    সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এই সমস্যা শুধু মিয়ানমার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও বড় সমস্যার কারণ। এমনকি এটি বৈশ্বিক সমস্যা হিসেবেও আবির্ভূত হওয়ার সংশয় রয়েছে।”

    ড. একে আব্দুল মোমেন বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমার সরকারের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিয়মিতভাবে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।”

    এসময় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা ও কর্মের পরিবেশ নিশ্চিত করতে তিনি মালয়শিয়া সরকারের প্রতি অনুরোধ জানান ড. মোমেন।

    জবাবে তান শ্রী সৈয়দ হামিদ আলবার মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই -ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক কর্মী পাঠানোর আহ্বান জানান।

    বৈঠকে তান সৈয়দ হামিদ বিন আলবার মিয়ানমারের নির্যাতিত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতেই হবে।

    মালয়েশিয়ার সাবেক এই মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে নিরাপদ, স্বেচ্ছা আর মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। আর নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন সফল করতে মালয়েশিয়া সরকার বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    উল্লেখ্য, আগামী বছর মালয়শিয়া আসিয়ানের সভাপতির দায়িত্ব পাবে।

    সাক্ষাতের সময় মায়ানমার বিষয়ক মালয়শিয়ার উপদেষ্টা গ্রুপের অন্যান্য সদস্য ছাড়াও ঢাকায় নিযুক্ত মালয়শিয়ার হাইকমিশনার উপস্থিত ছিলেন।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো: পরিবেশমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “ডেনাল্ড লুর সঙ্গে অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি। বর্তমান সম্পর্ক এগিয়ে নিয়ে যাবো। কিছু বিষয়ে আমাদের অবস্থান অভিন্ন। জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো।”

    আজ বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আছে, এটাকে কীভাবে আগামীদিনে আরও এগিয়ে নিতে পারি এবং সেখানে স্বাভাবিকভাবে যে বিষয়গুলোতে আমাদের অবস্থান ভিন্ন যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবিলা করার ক্ষেত্রে দুই দেশ আরও কীভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি।”

    মন্ত্রী বলেন, “যখনই আমরা জলবায়ু নিয়ে কথা বলি পরিবেশের বিষয়টি চলে আসে। পরিবেশ, বন এবং জীববৈচিত্র্য। আমরা চাচ্ছি আমাদের আগামীদিনের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনা চেষ্টা করবো। আমাদের ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে। আমরা তিন/চার অথবা পাঁচ বছরের একটা কর্মসূচি নেবো। প্রতি বছরের সেই কর্মসূচির অধীনে আমরা কী কী কাজ করবো সেটা থাকবে।”

    ‌তিনি আরও বলেন, “এছাড়াও আমরা যেটা বলেছি জলবায়ু অর্থায়নের যে বিষয়টা আছে, সেখানে বিশেষ করে বিশ্বব্যাংক আছে, এডিবি আছে, আগামীদিনে তারা কীভাবে অর্থায়ন করবে জলবায়ুতে, সেটা একটা বড় বিষয়। কেননা আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি, সেখানে চাহিদাটা ছিল বিলিয়ন ডলারের। এখন চাহিদা চলে যাচ্ছে ট্রিলিয়ন ডলারে। এখন ট্রিলিয়ন ডলার তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না। মূলত আসবে এই ধরনের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত থেকে।”

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, “দুদেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যার একটা স্থায়িত্ব থাকে। আবার কিছু কিছু বিষয় তৈরি হতে পারে, যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে তাদের কিছু অবস্থান থাকতে পারে। আমরা আজ যেটা আলাপ করেছি, আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো আমরা মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আলোচনা করেছি।”

    সাবের হোসেন চৌধুরী বলেন, “নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল। তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, কিন্তু সেটা তো আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি। সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, আমি এভাবে দেখি। এখন তো ওই পর্বটা আর নেই। আবার ইলেকশন হবে চার বা সাড়ে চার বছর পরে। তো এখন তো ইলেকশনের বিষয়টি এই আলোচনায় ভ্যালিডেড না। আর আমি আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কীভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করবো, সেটা নিয়েই মূলত আলোচনা।”

  • প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোনের যাত্রা শুরু

    প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোনের যাত্রা শুরু

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ মে, ২০২৪: প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা হয়েছে স্মার্টফোন-নর্ড এন৩০ এসই ফাইভজি। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের প্রযুক্তিতে দেশে তৈরি হয়েছে এই স্মার্টফোন।।

    ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন—নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।

    আনুষ্ঠানিক এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। পাশাপাশি, ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দেবে প্রতিষ্ঠানটি।

    প্রথম পর্যায়ে সারা দেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একইসাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দেবে ওয়ানপ্লাস বাংলাদেশ।

    এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই, দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দেব।

    স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র মধ্য দিয়ে ক্রমান্বয়ে বাংলাদেশে তৈরি ফাইভজি স্মার্টফোনের বিস্তৃত সমাহার নিয়ে আসবে ওয়ানপ্লাস।

    আজ বুধবার (১৫ মে) থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে। মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‍্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

    এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; আর বাংলাদেশে যাত্রা শুরু করার মধ্য দিয়ে আমাদের এই লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করবো, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

    দেশের সকল প্রযুক্তিপ্রেমী মানুষের জন্য স্মার্টফোন প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের সকল পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। এছাড়া, ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

  • যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলকে অস্ত্র দেয়ার কথা জানিয়েছে

    যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলকে অস্ত্র দেয়ার কথা জানিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ মে, ২০২৪: গাজায় হামলা চালিয়ে ইসরায়েল বিগত সাত মাসে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ বন্দের  প্রস্তাব দিচ্ছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলকে নতুন করে একশ’ কোটি ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে। বিষয়টি বিশ্ব শান্তির জন্য উদ্বেগের।

    গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে বলে বাইডেনের হুমকির এক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনার কথা জানাল তার প্রশাসন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রশাসন মঙ্গলবার কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে।

    এরআগে মার্কিন কংগ্রেস ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্যে নয় হাজার পাঁচশো’ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করে।

    এদিকে নতুন করে অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা এমন এক সময়ে আসলো যখন কেবল সপ্তাহ খানেক আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছিল, রাফায় স্থল হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র বোমা ও কামানের গোলা সরবরাহ বন্ধ করে দেবে।

    যদিও বাইডেনের এ হুঁশিয়ারি অগ্রাহ্য করেই ইসরায়েল রাফায় বোমা হামলা অব্যাহত রেখেছে এবং রাফা ক্রসিংয়ে সৈন্য ও ট্যাংক জড়ো করেছে।

    ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিক্রির খবরটি প্রথম প্রকাশ করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। জার্নালের খবরে বলা হয়েছে, এতে সম্ভবত ৭০ কোটি ডলারের ট্যাংক গোলাবারুদ এবং ৫০ কোটি ডলারের কৌশগলগত যানবাহন রয়েছে।

    উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১২৮ জিম্মি আটক রয়েছে।

    এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে।

  • সরকার ৬৩২ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকার সার কেনার অনুমোদন দিয়েছে

    সরকার ৬৩২ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকার সার কেনার অনুমোদন দিয়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ মে, ২০২৪: রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে চলতি অর্থবছরের জন্য সরকার ৬৩২ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকার সার কেনার অনুমোদন দিয়েছে। এক লাখ ৭০ হাজার টন সার কেনা হবে কানাডা, কাতার, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ।

    এর মধ্যে ৯০ হাজার টন ইউরিয়া, ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং ৪০ হাজার টন ডাই–অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার।

    আজ বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় প্রথম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৪০ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৮৫ ডলার, যা আগে ছিল ৩২৭ দশমিক ৭৫ ডলার।

    আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় পঞ্চম লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২২৮ কোটি ৩৬ লাখ টাকা, প্রতি টন সারের দাম পড়বে ৫১৯ মার্কিন ডলার, যা আগে ছিল ৫৫৪ ডলার।

    সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে ১৩তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯২ কোটি ২৯ লাখ ১১ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৭৯ দশমিক ৬৭ মার্কিন ডলার, যা আগে ছিল ২৮২ দশমিক ৫০ ডলার।

    ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৪তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৭৬ দশমিক ১৭ ডলার, যা আগে ছিল ২৮৮ দশমিক ৩৩ ডলার।

    এ ছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৬তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৫ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৫০ ডলার, যা আগে ছিল ৩৬৬ দশমিক ৩৭৫ ডলার।