Category: লিড নিউজ

  • নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

    নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন।

    আজ শুক্রবার (১৪ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।

    আজ বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

    পরিবারের সদস্যরা জানান,গত দুমাস ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন মেজর জেনারেল আব্দুর রশীদ। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

    সেনাবাহিনীতে চাকরির সময় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। বিভিন্ন টকশোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নেন এবং তার লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

  • ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা

    ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ জুন, ২০২৪: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তায় ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা। চলতি বছরের শেষ দিকে এই অর্থ দেওয়া হবে।

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করছি যে, আমরা চলতি বছরের শেষ দিকে ইউক্রেনকে আনুমানিক ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছি।

    বৃহস্পতিবার (১৩ জুন) মেলোনি এ তথ্য দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছে জি-৭ নেতারা। এ বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন। তবে এই অর্থের যোগান দেওয়া হবে রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে সহায়তার জন্যই ইউক্রেনকে এই অর্থ দেওয়া হবে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হলো আমরা ইউক্রেনের সঙ্গে আছি। তবে জি-৭ নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

    চলতি বছরের শেষ দিকে এই অর্থ দেওয়া হবে, যা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তাছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বাইডেনের সঙ্গে ১০ বছর মেয়াদি একটি নিরাপত্তা চুক্তি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে কিয়েভ।

    এখন পর্যন্ত রাশিয়ার ৩২৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে জি-৭ দেশগুলো। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

    রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে বছরে ৩ বিলিয়ন ডলারের সুদ আসে। সেখান থেকেই মূলত ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়া হবে।

    জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল। বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

  • কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা

    কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: নিরাপত্তা জোরদার করায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন যাত্রীরা। ঈদযাত্রা শুরু হয় গত ১২ জুন। সেদিন ট্রেনের বিলম্বের কারণে ভোগান্তি হয় যাত্রীদের। কিন্তু গতকাল ও আজ সেই ভোগান্তি নেই। সময়মত ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে।

    আজ শুক্রবার (১৪ জুন) দেশের প্রধান কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারছেন। ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে প্রায় নির্ধারিত সময়ে।

    জানা গেছে, সকালের দিকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে একটু ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ে ভাটা পড়ে। তাই সকাল ১০টার পর স্টেশনে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

    গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনো মানুষকে প্রবেশ করতে পারছে না।

    ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় এজন্য প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের মুখে ‍র‌্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) দেখা গেছে যাত্রীদের টিকিট চেক করতে, তবে এনআইডি মিলিয়ে দেখতে দেখা যায়নি এবার। যাদের টিকিট নেই, তাদের ১-৬ নম্বর কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট (স্ট্যান্ডিং) সংগ্রহ করতে দেখা গেছে।

    নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস। এছাড়া সকাল সাড়ে ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ১০টা ৪০ মিনিটে স্টেশন ছেড়ে যায়।

    আজ সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। এখন আর প্রথম দিনের মতো ট্রেনে কোনো বিলম্ব নেই।

  • গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা

    গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ জুন, ২০২৪: ঈদের সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চলাচল বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে গতবারের তুলনায় এবার বেশি যানবাহন চলাচল করছে। ঈদ-উল-আজহা উদযাপন করতে ঘরে ফেরা মানুষবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি চলছে।

    আজ শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) ভোররাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

    এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ২২ হাজার ৬৪৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ২৬১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

    বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুর দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়।

  • মারা গেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা

    মারা গেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ জুন, ২০২৪: মরা গেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা। আজ শুক্রবার (১৪ জুন) এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায় বসবাস করছিলেন তিনি।

    ভারতের কলকাতায় ১৯৭০ সালের ৭ জুলাইয়ে জন্ম। মূল নাম রীনা সুনেত্রা কুমার। তবে বাংলা চলচ্চিত্রে তিনি সুনেত্রা নামেই পরিচিত। ঢালিউড ও টালিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সুনামের সঙ্গে অভিনয় করেছেন সুনেত্রা।

    বাংলাদেশি পরিচালক মমতাজ আলী তাকে ঢালিউডে আনেন। প্রথম সিনেমা ছিল তখনকার হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘উসিলা।’ ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমাটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় তাকে দেখা গেছে।

    বাংলাদেশে তার উল্লেখযোগ্য ছবি : ‘পালকি, ভাইবন্ধু, বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরাণী, বিক্রম, উসিলা, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবীর সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা, আলাল দুলাল।

    ঢালিউডের সেই সময়ের ব্যস্ত সব নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সবার সাথেই সুনেত্রা ছবি করেছেন।

  • রান্না:গরুর মাংসের আলুঘাটি

    রান্না:গরুর মাংসের আলুঘাটি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৪ জুন, ২০২৪: গরুর মাংসের আলুঘাটি বর্তমান সময়ের একটি জনপ্রিয় খাবার। মজাদার এই রান্নার রেসিপি এবার দেওয়া হলো। আপনি ইচ্ছা করলে ঈদের সময় রান্নাটি সহজে বাসায় তৈরি করতে পারে।

    উপকরণ:

    গরুর মাংস-১ কেজি, আলু-দেড় কেজি, পেঁয়াজ-আধা কেজি, হলুদ গুঁড়ো-১ চা চামচ, মরিচের গুঁড়া-১ চা চামচম, কাঁচা মরিচ-৮ থেকে ১০টি, আদাবাটা-১ টেবিল চামচ, রসুনবাটা-দেড় চা চামচ, ধনেবাটা-১/২ চা চামচ জিরাবাটা-১/২ চা চামচ, আস্ত গরম মসলা-৭/৮ টি, তেজপাতা-৪টি, লবণ-পরিমাণমতো, সয়াবিন তেল ২৫০ গ্রাম, ধনেপাতা-সামান্য।

    প্রণালী:

    প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ে আধা কেজির তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি দিন। এর মধ্যে কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসাথে মেখে ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিন যেন ধরে না যায়। যতক্ষণ মাংস ভালোমতো সেদ্ধ না হবে, ততক্ষণ প্রয়োজনে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে একটু তেল ভেসে উঠলেই নামিয়ে নিতে হবে। আলু সেদ্ধ করে আধা ভাঙা করে নিতে হবে। অন্য একটি  প্যান  চুলায় দিয়ে তাতে পরিমাণমতো তেল দেওয়ার পর একটু ভালোভাবে গরম হলে বাকি পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ একটু লালচে ভাব হলেই তাতে আধা ভাঙা আলু ও সব মসলার উপকরণ ঢেলে একটু একটু পানি দিয়ে নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। কিছুক্ষণ কষানো হলে এই কষানো মাংস আলুর মধ্যে দিতে হবে। এবার আরেকটু কষিয়ে নিতে হবে। তারপর ঘাঁটিটি পাতলা না ঘন হয়েছে, দেখে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। শেষে কাঁচা মরিচগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিন। একটু ঠান্ডা হলে  উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে  পরিবেশন করুন দারুন মজার “গরুর মাংসের আলুঘাঁটি”।

    রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন

  • শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত: খাদ্যমন্ত্রী

    শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত: খাদ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত, বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, “বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন নজির বাংলাদেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে।”

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, “একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। অনেকেই তখন একবেলা ভাত খেতো। বিদেশ থেকে চাল আমদানি করে তখন খেতে হতো। আর তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে।”

    তিনি বলেন, “যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। আটা কিনলে মনে করতো সে মনে হয় সবচেয়ে গরীব মানুষ। আর এখন কিন্তু গরিবের তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

  • রোজার ঈদের কয়েক বছর পর কোরবানি দেওয়ার রীতি চালু হয়েছিল

    রোজার ঈদের কয়েক বছর পর কোরবানি দেওয়ার রীতি চালু হয়েছিল

    www.HelloBangla.News – মতামত – ১৩ জুন, ২০২৪: আমাদের মুসলিমদের জন্য যে দুটি ইদ পালন করা হয় তা হচ্ছে ঈদুল ফিতর বা রোজার ঈদ, ও ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কিন্তু কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়া কখন থেকে শুরু হয় সেটা সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছু জানা নেই। আজ আমরা পশু কোরবানি কখন থেকে শরু হয়েছে সেই বিষয়ে কিছু তথ্য জেনে নেব।

    আমরা ইসলামের ইতিহসা থেকে জানতে পারি যে নবী আদম বা নবী ইব্রাহিমের সময় থেকেই পশু কোরবানি দেয়ার রীতি থাকলেও ঈদুল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেয়ার রীতি চালু হয়।

    ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মক্কায় প্রতি বছরই কোরবানি দেয়া হতো। কিন্তু তখন মক্কার বাসিন্দারা বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে ইসলামের নবী সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় তের বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেয়ার রীতি চালু হয়।

    ইসলামিক চিন্তাবিদরা জানিয়েছেন, ‘ইসলামের অনেক বিধিবিধান রাসুল (সাঃ) মদিনায় আসার পর কার্যকর হয়েছে। কারণ তিনি ইসলাম প্রচার শুরু করার পর মক্কার মানুষের মধ্যে একাত্মবাদ প্রতিষ্ঠা ছিল প্রাথমিক কাজ। আর মদিনায় হিজরত করে আসার পর ইসলামের বিধিবিধান জারি হয়। হিজরি দ্বিতীয় সনে রোজা এবং ঈদুল ফিতরের প্রবর্তন হয়েছিল। অবশ্য তার আগে থেকেই মদিনার মানুষজন অনেকটা একই আদলে উৎসব এবং রোজা পালন করতেন।

    ইসলামিক বিশেষজ্ঞরা, হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল। আনাস নামে নবী মুহাম্মদের একজন সাহাবী বা সাথীর বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে দুইটি বড় উৎসব পালন করে।

    তিনি তখন জানতে চান, সেগুলো কী উৎসব?

    এগুলো ছিল নওরোজ এবং মিহিরজান নামে দুটি উৎসব – যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হত। তখন ওই দুইটি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে দুইটি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। সেই দুই ঈদের একটি হজের সময় পালন করা হতো, যা ঈদুল আযহা নামে পরিচিত।

    তবে ইসলাম প্রচারের পর ঠিক কবে আর কীভাবে প্রথম কোরবানি দেয়া হয়েছে সেই সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না। কোন কোন ইতিহাসবিদ বলেন, মদিনায় আসার পর ইসলামের নবী প্রথম দুইটা দুম্বা নিজ হাতে কোরবানি দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, একটা আমার নিজের পক্ষ থেকে আরেকটা আমরা উম্মতের পক্ষ থেকে।

    ইসলামিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘ইসলামের অনেক কিছুই আগের পয়গম্বরদের রীতি মেনে করা হয়েছে। যেমন প্রথম দিকে বায়তুল মোকাদ্দেসের দিকে সিজদা করা হলেও পরবর্তীতে ইব্রাহিম (আঃ) এর আদর্শ অনুযায়ী কাবার দিকে সিজদা করা হয়। কোরবানির ব্যাপারটিও তেমনি এসেছে। ইসলামের কোরান ও হাদিস অনুযায়ী, আদম (আঃ) থেকে কোরবানি শুরু হয়েছে। তবে সুরা কাওসার ও সুরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায়। এই সুরা কাওসার নাজিল হয়েছিল হিজরতের আগেই, রাসুল (সাঃ) মক্কায় থাকার সময়। আর সুরা হজ মক্কা ও মদিনায় মিলিয়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয়। এই দুইটি সুরাতেই কোরবানি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, রাসুল (সাঃ) মক্কায় থাকার সময় থেকেই কোরবানির বিষয়টা এসেছে। তবে তিনি প্রথম কবে কোরবানি দিয়েছেন, সেই বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি।

    তিরমিজি হাদিসে উল্লেখ আছে, আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, হিজরতের পরে রাসুল (সাঃ) ১০ বছর মদিনায় ছিলেন, ১০ বছরেই কোরবানি করেছেন। আর আনাস ইবনে মালিক বলেছেন, রাসুল (সাঃ) দুইটা শিং ওয়ালা নাদুস-নুদুস দুম্বা জবাই করেছেন আর বলেছেন একটি আমার উম্মতের পক্ষ থেকে একটা আমার পক্ষ থেকে।’

    আরেকটি হাদিসে বলা হয়েছে, তিনি সবসময়ে দুটা দুম্বা কোরবানি দিতেন।

    আলেম বা বিশেষজ্ঞরা বলছেন, সেই সময় কোরবানির বিষয়টি ছিল অনেকটাই হজ কেন্দ্রিক।

    যারা হজ বা ওমরাহ করতে যেতেন, তারা কোরবানির জন্য উট বা দুম্বার মতো পশু সঙ্গে করে নিয়ে যেতেন। এসব পশুকে বলা হতো হাদি।

    ইসলামের ইতিহাসের আলোকে কেউ কেউ বলেন, ‘ষষ্ঠ হিজরিতে বা ৬২৮ খৃষ্টাব্দে যখন রাসুল (সাঃ) ওমরাহের উদ্দেশ্যে রওনা হন, তখন হুদাইবিয়ায় বাধা দেয়া হলে তিনি তাবুতে অবস্থান করেন। হুদাইবিয়ার সন্ধি হলে তিনি সেই সময় নিজের ও পরিবারের জন্য উট কোরবানি দেন। এ সময় তিনি ৬৩টি উট কোরবানি দেন বলে জানা যায়।

    সেই সময় ইসলামের বিধিবিধানে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি দেয়ার তথ্য পাওয়া যায়।

    ইতিহাস গবেষকদের মতে, ‘ষষ্ঠ হিজরিতে ওমরাহ করতে যাচ্ছিলেন, সেই সময় পশুগুলোকে সাথে করে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তখন কোরবানি ছাড়া আরেকটা রীতি ছিল। পশুগুলোর সিনায় কেটে দাগ লাগিয়ে মক্কার দিকে ছেড়ে দেয়া হতো, যাতে বোঝা যেতো যে এগুলো কোরবানির পশু। হুদাইবিয়ার সন্ধির পর কিছু পশু কোরবানি দেয়া হয়, আর কিছু পশুকে সিনায় দাগ লাগিয়ে ছেড়ে দেয়া হয়।

    ‘দশম হিজরিতে রাসুল (সাঃ) মক্কা বিজয়ের পর সেই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন।’

    এর আগের বছর সাহাবী আবুবকরের নেতৃত্বে একটি দলকে হজের জন্য পাঠানো হয়েছিল। সেই দলের সঙ্গেও কোরবানির জন্য হাদি বা পশু ছিল।

    বাংলাদেশে এবার ঈদুল আযহা পালন করা হবে ১৭ জুন (সোমবার)। তবে ঈদকে কেন্দ্র করে আমাদের একটা আর্থিক বিষয় জড়িত থাকে। কে বেশি দামের পশু কোরবানি দিতে পারে সেই প্রতিযোগিতা লেগে থাকে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করে পশু কোরবানির বিষয়টি সঙ্গে আর্থিক বিষয়টি কোন উল্লেখ পাওয়া যায়নি। তাই আমাদেরকে কোরবানির পশু কেনার সময় আর্থিক প্রতিযোগিতার বিষয়টি যেন প্রভাবিত না করে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। কেননা কোরবানি ঈদ হচ্ছে ত্যাগ ও মানবতার।

    সূত্র: বিবিসি বাংলা

  • মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ের পরিবর্তন আনা হয়েছে

    মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ের পরিবর্তন আনা হয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: সরকার নির্ধারিত নতুন অফিসের সময়সূচির কারণে পরিবর্তন হয়েছে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়। গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি ৯ থেকে ৫ টা পর্যন্ত করা হয়েছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

    ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন,  “উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ০৭টা ১০ মিনিট থেকে সকাল ০৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতই স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট।”

    তিনি বলেন, “আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেড ওয়ে হবে ৮ মিনিট। আবার সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ০২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এসময় ১২ মিনিট হেড ওয়ে। আবার দুপুর ০২টা ২৫ মিনিট থেকে রাত ০৮টা ৩২ মিনিট পিক আওয়ার। এসময় হেডওয়ে ০৮ মিনিট। আবার রাত ০৮টা ৩৩ মিনিট থেকে রাত ০৯টা ০০ পর্যন্ত স্পেশাল অফ পিক। এইসময় হেডওয়ে হবে ১০ মিনিট “

    এমএএন ছিদ্দিক বলেন, “আবার অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ০৭টা ৩০ মিনিট থেকে সকাল ০৮টা ০০ পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ০৮টা ০১ মিনিট থেকে দুপুর ১২টা০৮ মিনিট পিক আওয়ার। এইসময় হেডওয়ে ০৮ মিনিট। দুপুর ১২টা ০৯ মিনিট থেকে দুপুর ০৩টা ০৪ মিনিট স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১২ মিনিট। আবার দুপুর ০৩টা ০৫ মিনিট থেকে রাত ০৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেড ওয়ে ০৮ মিনিট। রাত ০৯টা ১৩ মিনিট থেকে রাত ০৯:৪০ স্পেশাল অফ পিক। এই সময় হেড ওয়ে ১০ মিনিট।”

    তিনি বলেন “আগের মতই সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। ইতোপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো চলাচল বন্ধ থাকবে।”

    তিনি জানান,“ শনিবার ব্যতীত সকল সরকারি ছুটির দিনে হেডওয়ে ট্রেন ১২ মিনিট এর পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে।”

    ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে কিনা এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।

    তিনি বলেন, “এখন একটি মেট্রোতে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে। দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার করবে।”

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আলহামুদি।

    রাষ্ট্রদূত তার দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

    আলোচনায় দুদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

    পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

    নাঈমুল ইসলাম খান বলেন, সংযুক্ত আরব আমিরাত একটা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা যে সকল মানুষ নেবে, তারা নিশ্চিত করে নেবে যে তাদের জন্য চাকরি অপেক্ষা করছে। এমনভাবে নেবে না যে, লোক নিয়েছে কিন্তু কাজ নেই বা চাকরি নেই।

    প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়ই জোর দিয়েছেন যাতে অবৈধ ইমিগ্রেশন না হয়। উভয় পক্ষই এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার বিষয়ে একমত হয়েছেন।

    প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত জানান, প্রতিদিন সংযুক্ত আরব আমিরাত প্রায় ১ হাজার ভিসা ইস্যু করছে; যার মধ্যে সরাসরি ৫০০ ভিসা এবং এজেন্টের মাধ্যমে ৫০০ ভিসা ইস্যু করা হচ্ছে।

    শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন জানিয়ে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি বলেন, তারা (মন্ত্রীরা) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান করবেন।

    রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে দুই দেশের মধ্যে খুবই বিস্তৃত এবং গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই, নতুন উচ্চতায় নিতে চাই।

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

    আবদুল্লাহ আলি আল হামুদি বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    বিনিয়োগ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান।

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে তার দেশের যেসব মন্ত্রীরা বাংলাদেশ সফরে আসবেন, তারা এ বিষয়ে আলোচনা করবেন।

    কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসাইফ আল হামুদি।

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার সব সেক্টরে সব কিছু বাস্তবায়নের গতি ত্বরান্বিত করছে। গতি ত্বরান্বিত করতে আমরা সব কিছু করছি।

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, তার দেশের একটি কোম্পানি বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশনকে ‘অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)’ সরবরাহের জন্য অপেক্ষা করছে।

    সিভিল অ্যাভিয়েশনকে ‘অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)’ বিষয়টি দর কষাকষির চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার‌্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে দায়িত্ব দেন।

    ‘অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’ হলো একটি ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ সিস্টেম। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং অন্যান্য দেশগুলো সেসব দেশ ভ্রমণের আগে এয়ারলাইন্সের কাছে যাত্রীদের তথ্য চায়। এটিই অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) নামে পরিচিত।

    বাণিজ্যিক এয়ারলাইনগুলো যাত্রীদের পাসপোর্ট এবং ফ্লাইটের তথ্য থেকে স্বল্প পরিসরে শনাক্তকরণ তথ্য কম্পিউটার পদ্ধতিতে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে থাকে।