মারা গেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা

www.HelloBangla.News – বিনোদন – ১৪ জুন, ২০২৪: মরা গেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা। আজ শুক্রবার (১৪ জুন) এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায় বসবাস করছিলেন তিনি।

ভারতের কলকাতায় ১৯৭০ সালের ৭ জুলাইয়ে জন্ম। মূল নাম রীনা সুনেত্রা কুমার। তবে বাংলা চলচ্চিত্রে তিনি সুনেত্রা নামেই পরিচিত। ঢালিউড ও টালিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সুনামের সঙ্গে অভিনয় করেছেন সুনেত্রা।

বাংলাদেশি পরিচালক মমতাজ আলী তাকে ঢালিউডে আনেন। প্রথম সিনেমা ছিল তখনকার হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘উসিলা।’ ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমাটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় তাকে দেখা গেছে।

বাংলাদেশে তার উল্লেখযোগ্য ছবি : ‘পালকি, ভাইবন্ধু, বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরাণী, বিক্রম, উসিলা, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবীর সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা, আলাল দুলাল।

ঢালিউডের সেই সময়ের ব্যস্ত সব নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সবার সাথেই সুনেত্রা ছবি করেছেন।

পূর্ববর্তী রান্না:গরুর মাংসের আলুঘাটি
পরবর্তী গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা