www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৪ জুন, ২০২৪: গরুর মাংসের আলুঘাটি বর্তমান সময়ের একটি জনপ্রিয় খাবার। মজাদার এই রান্নার রেসিপি এবার দেওয়া হলো। আপনি ইচ্ছা করলে ঈদের সময় রান্নাটি সহজে বাসায় তৈরি করতে পারে।

উপকরণ:
গরুর মাংস-১ কেজি, আলু-দেড় কেজি, পেঁয়াজ-আধা কেজি, হলুদ গুঁড়ো-১ চা চামচ, মরিচের গুঁড়া-১ চা চামচম, কাঁচা মরিচ-৮ থেকে ১০টি, আদাবাটা-১ টেবিল চামচ, রসুনবাটা-দেড় চা চামচ, ধনেবাটা-১/২ চা চামচ জিরাবাটা-১/২ চা চামচ, আস্ত গরম মসলা-৭/৮ টি, তেজপাতা-৪টি, লবণ-পরিমাণমতো, সয়াবিন তেল ২৫০ গ্রাম, ধনেপাতা-সামান্য।
প্রণালী:
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ে আধা কেজির তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি দিন। এর মধ্যে কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসাথে মেখে ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিন যেন ধরে না যায়। যতক্ষণ মাংস ভালোমতো সেদ্ধ না হবে, ততক্ষণ প্রয়োজনে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে একটু তেল ভেসে উঠলেই নামিয়ে নিতে হবে। আলু সেদ্ধ করে আধা ভাঙা করে নিতে হবে। অন্য একটি প্যান চুলায় দিয়ে তাতে পরিমাণমতো তেল দেওয়ার পর একটু ভালোভাবে গরম হলে বাকি পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ একটু লালচে ভাব হলেই তাতে আধা ভাঙা আলু ও সব মসলার উপকরণ ঢেলে একটু একটু পানি দিয়ে নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। কিছুক্ষণ কষানো হলে এই কষানো মাংস আলুর মধ্যে দিতে হবে। এবার আরেকটু কষিয়ে নিতে হবে। তারপর ঘাঁটিটি পাতলা না ঘন হয়েছে, দেখে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। শেষে কাঁচা মরিচগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিন। একটু ঠান্ডা হলে উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন মজার “গরুর মাংসের আলুঘাঁটি”।
রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন










