Category: লিড নিউজ

  • বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফল ও মিষ্টান্ন উপহার

    বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফল ও মিষ্টান্ন উপহার

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ উপহার হিসেবে ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন ।

    আজ সোমবার (১৭ জুন) সকালে মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে ফলমূল এবং মিষ্টান্ন হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

    অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

    তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন তো করেনি বরং নানাভাবে তাদের হয়রানি করেছে এবং অসম্মানিত করেছে। এটা করেই স্বৈরশাসকরা থেমে যায়নি, তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে এ দেশের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করেছে।

    বীর মুক্তিযোদ্ধারা বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মানের স্থানে আসীন করেছেন। যার ফলে শেখ হাসিনা সরকারের আমলে তারা সবচেয়ে সন্তুষ্ট আছেন।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বক্তব্যের মাধ্যমে বাঙালি জাতির সূর্যসন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠার সব মাপকাঠি পূর্ণ করেছেন। সামনের দিনগুলোতে তিনি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

  • জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি

    জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) ব্যবস্থাপনায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদের প্রধান জামাতে সর্বস্তরের জনগণের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন। রাষ্ট্রপতি তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আজ সকাল সাড়ে ৭টায় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন।

    এই জামাতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস,মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই জামাতে অংশ নেন।

    ভোর থেকেই প্রধান জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের ঢল নামে। সকাল সাড়ে ৭টার আগেই ঈদগা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

    জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। এই ঈদ জামাতে মোকাব্বির হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক মূল ক্বারী হিসেবে প্রধান ঈদ জামাতে দায়িত্ব পালন করেন।

    দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই জামাতে মুসল্লীরা দোয়া করেন।এরপর রাষ্ট্রপতি সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

    এবার জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

  • আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

    আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

    আজ সোমবার (১৭ জুন) সকালে তার সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

    এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  গণভবনে অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

  • ঈদের দিন গ্রুপ পর্বের শেষ খেলায় ২১ রানে জিতেছে বাংলাদেশ

    ঈদের দিন গ্রুপ পর্বের শেষ খেলায় ২১ রানে জিতেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ জুন, ২০২৪: ঈদুল আজহার দিন দেশবাসীর আনন্দ আরো বাড়িয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট দল। ২১ রানে নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার এইটে গেল বাংলাদেশ।বাংলাদেশের বোলাররা রয়েছে দারুন ছন্দে। শেষ দুই ওভারে জেতার জন্য যখন প্রয়োজন ২২ রান তখন ১৯ তম ওভারে মোস্তাফিজুর কোন রান না দিয়ে নিয়েছেন এক উইকেট। ২০ তম ওভারের প্রথম দুই বলে সাকিব নিয়েছে ২ উইকেট। ফলে আজ সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টায় আর্নস ভ্যালে স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০৬ রানের পুঁজি নিয়েও নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

    নেপালের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার নায়ক তানজিম। ডানহাতি এই পেসারকে দিয়ে ৪ ওভারের টানা স্পেল করান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিমও তাকে হতাশ করেননি। ২ মেডেনসহ স্রেফ ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।

    নেপালকে আটকাতে হলে শুরু থেকেই চাপ সৃষ্টি করতে হতো। যদিও প্রথম দুই ওভারে কোনো উইকেট পায়নি। তবে তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় বলে কুশল ভুর্তলকে ফুলটস ডেলিভারিতে বোল্ড করেন ডানহাতি এই পেসার। তার চতুর্থ বলটি মিডঅফের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন অনিল শাহ। কিন্তু ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে। ডাবল উইকেটের ওভারটি তানজিম শেষ করেন মেডেন দিয়ে।

    চতুর্থ ওভারে অবশ্য খরুচে ছিলেন তাসকিন। ১১ রান খরচ করেন তিনি। তবে পঞ্চম ওভারে এসে নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলের উইকেট তুলে নেন তানজিম। তানজিমের বলে পয়েন্টে থাকা রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা রোহিত।

    পাওয়ার প্লের শেষ ওভারে আসিফ শেখকে ফেরান মোস্তাফিজুর রহমান। আর নিজের শেষ ওভারের শেষ বলে সন্দ্বীপ জরাকে শিকার করেন তানজিম। রোহিতের মতো সন্দ্বীপও ধরা পড়েন পয়েন্টে থাকা রিশাদের হাতে।

    বিপর্যয়ে থাকা নেপালের এরপর হাল ধরেন কুশল মল্লা ও দীপেন্দ্র সিং ঐরী। মাটি কামড়ে পড়ে থেকে পঞ্চম উইকেটে ৫২ রানের জুটিও গড়ে ফেলেন তারা। সেই জুটি ভাঙে শান্তর হাতে এসে। ১৭তম ওভারে মোস্তাফিজের বলে মল্লার (২৭) দারুণ এক ক্যাচ নেন তিনি। পরের ওভারে গুলশান ঝাকে ফেরান তাসকিন। ১৯তম ওভারে এসে কোনো রানই দেননি মোস্তাফিজ। একইসঙ্গে শেষ বলে শিকার করেন ২৫ রান করা দীপেন্দ্রর উইকেট। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান খরচে ২ উইকেট নেন বাঁহাতি এই পেসার। শেষ ওভারে এসে প্রথম দুই বলেই দুই উইকেট নেপালের ৮৫ রানে ইনিংসের ইতি ঘটান সাকিব।

    ডি গ্রুপ থেকে এর আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গী হতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সম্পাল কামির বাউন্সার ডাউন দ্য উইকেটে এসে পুল করতে যান তানজিদ হাসান তামিম। কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি, বোলারের কাছেই ক্যাচ দেন তিনি। প্রথম ওভার থেকে আসে স্রেফ ৩ রান।

    দ্বিতীয় ওভারেও উইকেট হারায় বাংলাদেশ। এবার বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীপেন্দ্র সিংয়ের বলে আউট হওয়ার আগে ৫ বলে ৪ রান করেন তিনি।

    মাঝে দুই ওভার বাদ দিয়ে আবার উইকেট এনে দেন সম্পাল। নিজের তৃতীয় ওভারে এসে লিটন দাসকে ফেরান তিনি। তার বলে পুল করতে গিয়ে আসিফ শেখের হাতে ক্যাচ দেন লিটন। ১২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    পাওয়ার প্লের আগেই তাওহীদ হৃদয়কেও হারিয়ে ফেলে বাংলাদেশ। রোহিত পোডেলকে সুইপ করতে গেলে বল বাতাসে ভেসে যায়। হৃদয়ের দুর্দান্ত এক ক্যাচ নেন সন্দীপ লামিচানে। ৭ বলে ৯ রান করে আউট হন হৃদয়।

    পাওয়ার প্লেতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসানের জুটিটিই ছিল বাংলাদেশের জন্য বড় ভরসা। দুজন মিলে দলকে দিচ্ছিলেন ভালো কিছুর বার্তাও। কিন্তু হুট করেই ফের ঘটে ছন্দপতন!

    কিন্তু ২০ বলে দুজনের ২২ রানের জুটি ভাঙে হতাশার রান আউটে। সাকিব আল হাসান ফুলটস বল পাঠিয়েছিলেন এক্সট্রা কাভারে। দৌড়ও শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ তার মনে হয় বলের কাছাকাছি আছেন ফিল্ডার। সাকিব ফেরত পাঠান মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু তিনি ফেরার আগেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে। ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফেরত যান রিয়াদ।

    তার আউট হওয়ার পর মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন সাকিব। কিন্তু এরপর নিজেও দায়িত্ব নিয়ে ইনিংস টানতে পারেননি। রোহিত পোডেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২ বলে ১৭ রান করেন সাকিব। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

    ১৪তম ওভারের প্রথম বলে সন্দীপ লামিচানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিবকে। রিভিউ নিয়ে ওই বলে বেঁচে যান তিনি। কিন্তু পরের বলে আরও এক গুগলিতে বোল্ড হয়ে যান ৫ বলে ৩ রান করে।

    এরপর বাংলাদেশের জন্য শেষ ভরসা ছিলেন জাকের আলি। অনেকগুলো বলও খেলেছিলেন তিনি। কিন্তু জাকেরও লামিচানের গুগলি না বুঝতে পেরে বোল্ড হয়ে যান। ২৬ বল খেলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    তার বিদায়ের পর রিশাদ একটু আশা জাগিয়েছিলেন। কুশল ব্রুথালকে ১৭তম ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয়টিতে চার হাঁকান তিনি। ওই ওভার থেকে আসে ১৩ রান। কিন্তু পরের ওভারের প্রথম বলেই লং অফে ক্যাচ দেন রিশাদ।

    বাংলাদেশের একশ রানের আশাও তখন মনে হচ্ছিল দূরের কল্পনা। তবে শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ১৪ বলে ১৮ রান করলে একশ ছাড়াতে পারে বাংলাদেশ। ‍তৃতীয় বলে মোস্তাফিজ রান আউট হলে জুটি ভাঙে। ১৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তাসকিন। নেপালের হয়ে দুই উইকেট করে নেন সম্পাল, লামিচানে, রোহিত ও দীপেন্দ্র।

    ব্যাটারদের ব্যর্থতাকে ঢেকে দিয়ে শেষ পর্যন্ত আলো ছড়ালেন বোলাররা। যার ফলে প্রথম আসরের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার সুযোগ পেল বাংলাদেশ। ঈদের দিনে এমন বাড়তি আনন্দই তো চেয়েছিলেন সমর্থকরা।

    এই প্রথম বাংলাদেশ দল গ্রুব পর্বে চাল খেলায় তিনিটতে খেলে জয়লাভ করলো। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হরে ৫ রানে। দক্ষিণ আফ্রিকা নেপালকে হারায় ১ রানে।

    দিনের অপর খেলায় শ্রীলঙ্কা হারিয়েছে নেদারল্যান্ডকে

    সান্ত্বনার জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

    গতকাল রাতের খেলায় জিতেছে পাকিস্তান

    গতকাল রবিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলেছে পাকিস্তান। এই ম্যাচে ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে আইরিশদের ৩ উইকেটে হারিয়েছে তারা। এতে সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাবর আজমরা।

    আজ নিউজিল্যান্ড গ্রুপ পর্বের শেষ খেলায় অংশ নিবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ত্রিনিদাদে খেলাটি অনুষ্ঠিত হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার অন্যতম বৃহৎ জামাত

    দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার অন্যতম বৃহৎ জামাত

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩ লাখ মুসুল্লির অংশগ্রহণে আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী।

    এ জামাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন।

    ঈদের নামাজে আশপাশের জেলা থেকে এ ময়দানে মুসল্লি-দের আসার সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

    র‌্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। মাঠের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।

    নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এ মাঠে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।

  • ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় ৮ জন নিহত

    ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় ৮ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ জুন, ২০২৪: পশ্চিমবঙ্গে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার দুর্ঘটনার শিকার শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার (১৭ জুন) সকালে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

    জানা যায়, আজ সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। তার মাঝেই ঘটল এই দুর্ঘটনা। এই বৃষ্টির মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওয়ানা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি ও রাঙামাটি স্টেশনের মাঝে ঢুকতেই একটি মালগাড়ি পিছন দিক থেকে ট্রেনটিকে ধাক্কা মারে।

    সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উলটে যায়। দুমড়েমুচড়ে গেছে অসংরক্ষিত কামরা। সেখানে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন পশ্চিমঙ্গ রেলওয়ে কর্মকর্তা, এনডিআরএফ বাহিনী, জিআরপি ও আরপিএফের জওয়ানরা।

    দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় সবাই। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরা থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন ৩০ থেকে ৪০ জনের মতো। উদ্ধার কাজ এখনো চলছে।

    যেহেতু অসংরক্ষিত কামরায় প্রচুর মানুষের ভিড় ছিল, তাই আশঙ্ক করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাস কাটার দিয়ে বগি কেটে উদ্ধার কাজ চলছে। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরার ভেতর থেকে এখনো গোঙানির শব্দ ভেসে আসছে।

    যেহেতু একটি প্রত্যন্ত এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে, সেহেতু ঘটনাস্থল থেকে হাসপাতালে অনেকটা দূরে। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। পরে যাদের আঘাত গুরুতর, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, দিল্লি থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার আগে এই দুর্ঘটনা নিয়ে বৈঠকও করেন তিনি।

    মৃতের পরিবার পিছু দু’লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    এদিকে, এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনো বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে জেলা প্রশাসক, এসপি, চিকিৎসক ও পর্যাপ্তসংখ্যক অ্যাম্বুলেন্স পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

    সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি চলছে। তার মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। যদিও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

    এদিকে, এ দুর্ঘটনায় সংকেত ব্যবস্থার ত্রুটি রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বিজিবি মাহাপরিচালক

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বিজিবি মাহাপরিচালক

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ।

    আজ রবিবার (১৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। মিয়ানমারের মংডু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ সীমান্ত অবস্থিত হওয়ায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক টেকনাফ-২ বিজিবির অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপি পরিদর্শন, বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যের দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দুর্গম এই দ্বীপে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মহাপরিচালক সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    একই সাথে মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সদা তৎপর থাকার নির্দেশ দেন মহাপরিচালক।

    পরে বিজিবি মহাপরিচালক বিজিবি রামু সেক্টর সদর দপ্তর, রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় বিজিবি মহাপরিচালক সীমান্তের দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়ক এবং বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ঢাকায় উল্লেখযোগ্য কিছু ঈদের জামাতের সময় ও স্থান

    ঢাকায় উল্লেখযোগ্য কিছু ঈদের জামাতের সময় ও স্থান

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল সোমবার (১৭ জুন)। বরাবরের মতো এবারও সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

    তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে এসব জামাত হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় ও ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল ৭টায় হবে ঈদের জামাত। এছাড়া সকাল ৮টায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে; সকাল ৮টায় মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে ঈদের জামাত হবে।

    ধানমন্ডির ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল সাড়ে ৭টায়, ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদে সকাল ৮টায়, ১২এ রোডের তাকওয়া মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

    গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।

    বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামিতে (বসুন্ধরা কমপ্লেক্স) সকাল ৭টায়, বসুন্ধরা সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, কে ব্লকের মদিনাতুল উলুম মাদরাসায় ৭টা ৪৫ মিনিটে এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

    এছাড়া বিভিন্ন মহল্লার মসজিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

  • রান্না: কাবাবি বিফ ভূনা

    রান্না: কাবাবি বিফ ভূনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ জুন, ২০২৪: কোরবানির ঈদ মানেই গরু আর খাসির মাংসের বিভিন্ন রকমের আইটেম। তাই এবারের কোরবানির ঈদকে সামনে রেখে অমি নিয়ে এসেছি মজার এক রেসিপি ‘কাবাবি বিফ ভূনা’। চলুন দেখি এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে?

    উপকরণ:              

    গরুর মাংস-এক কেজি, পেয়াজকুচি-হাফ কাপ, পেয়াজ বেরেস্তা-হাফ কাপ, সরিষার তেল-এক কাপ, লবন-স্বাদমতো, আদা বাটা-এক চা চামচ, রসুন বাটা-দেড় চা চামচ, হলুদগুঁড়া-এক চা চামচ, মরিচগুঁড়া-দুই চা চামচ, ধনেগুঁড়া-এক চা চামচ, জিড়াগুড়া-এক চা চামচ, তেজপাতা-বড় দুটা, দারচিনি -দুই টুকরা বড়-এলাচ ছোট-পাচটা, এলাচ বড়-একটা, লং-পাচটা, টক দৈ-হাফ কাপ, পানি- এক কাপ, কাবাবরের মসলা-দুই টেবিল চামচ।

    বাগারের উপকরণ:

    রসুন কুচি-এক টেবিল চামচ, সরিষার তের-এক টেবিল চামচ, শুকনা মরিচ-দুটা।

    কাবাব মসলা:

    আস্ত ধনিয়া-এক চা চামচ, আস্ত জিড়া-এক চা চামচ, জিরা-এক চা চামচ, শাহী জিড়া-হাফ চা চামচ, লং-পাচটা, ছোট এলাচ-চারটা, বড় এলাচ-একটা, কাবাবচিনি-হাফ চা চামচ, গোলমরিচ-এক চা চামচ, রাধুনি-হাফ চা চামচ, তেজপাতা-দুটা, শুকনা মরিচ-দুটা, স্টার এনিস-অর্ধেকটা, জায়ফল-অর্ধেকটা, জৈত্রি-               একটা।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিবো। এখন এতে এক এক করে সব মসলা মাখিয়ে নিবো। মাখানোহলে আধ ঘন্টা ম‍্যরিনেট করে রাখবো।

    এরপর মিডিয়াম আচে এই মাংস রান্না করবো। কিছু সময় পর পর নাড়তে হবে যাতে পুড়ে না যায়। মাংসের থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নিবো। মাংস সেদ্ধ করারর জন‍্য আবারও পানি দিবো। আচ মিডিয়াম থাকবে। এরমধ‍্যে কাবাবের জন্য  গোটা মসলা গুলো একটা রোস্ট বা টেলে নিতে হবে। হালকা একটা ঘ্রান আসবে । নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুড়া করে  নিবো।

    মাংস কষানোর সময় এই মসলা দিতে হবে। ভালো করে নেড়ে মসলা মিশিয়ে নিবো মাংসের সাথে। সামান‍্য পানি দিবো। সব শেষে মাংসে রসুনকুচি ও শুকনা মরিচ সরিষার তেলে ভেজে ফোড়ন দিবো। দমে রাখবো পাঁচ সাত মিনিট।

    সবশেষে এক টুকরা কয়লা আগুনে পুড়ে তাতে হাফ চা চামচ ঘি ঢেলে মাংসের মধ‍্যে একটা ছোট বাটিতে রেখে ঢেকে দিবো। আপনার হাতের কাছে কয়লা থাকলে স্মোক দিতে পারেন না থাকলে এটা বাদ ও দিতে পারেন।

    হয়ে গেলো খুব মজার কাবাবি বিফ ভূনা। এবারের ঈদে এই আইটেমটি করে সবাইকে চমক দিতে পারেন।

    রন্ধন শিল্পী-জিনিয়া ইসলাম

  • আগামীকাল বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

    আগামীকাল বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই দিন বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আগামী সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

    আজ রবিবার (১৬ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ কথা জানান।

    রাষ্ট্রপতি দেশের বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

    বঙ্গভবনের এ অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

    সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে।

    অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।