Category: লিড নিউজ

  • ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ মনোনীত হলেন প্যাট কামিন্স

    ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ মনোনীত হলেন প্যাট কামিন্স

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ এপ্রিল, ২০২৪: উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ১৬১তম সংস্করণ প্রকাশিত হয়েছে। সেখানে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (পুরুষ) ও ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের (নারী) নাম ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত এই ম্যাগাজিনটি। বছরজুড়ে ব্যাটে-বলে পারফরম্যান্স ও নেতৃত্ব উভয়েই সফল ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। বল হাতে গত বছর আলো ছড়িয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি অ্যাশেজের শিরোপা ধরে রেখী নেতৃত্বের দারুণ ছাপও রাখেন তিনি। তাই এক যুগ পর কোনো অজি ক্রিকেটার পেলেন উইজডেন লিডিং ক্রিকেটারের খেতাব। সবশেষ ২০১২ সালে এই পুরস্কার জিতেছিলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

    কামিন্সকে নিয়ে উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সফলতার সঙ্গে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর, প্যাট কামিন্স অ্যাশেজ ধরে রাখেন। এজবাস্টনে প্রথম টেস্টে লেট অর্ডারে রানের জন্য বড় ধন্যবাদ প্রাপ্য তার। এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটের কোনো পেসারই টেস্টে তার ৪২ উইকেটের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ‘

    উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও অজিদের জয়জয়কার। অ্যাশেজের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৯৬) উসমান খাজা, বিশ্বকাপে ১৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক ও নারী দলের অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার আছেন এই তালিকায়। এছাড়াও আছেন ইংল্যান্ডের মার্ক উড ও হ্যারি ব্রুক।

    টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৪ বলে ১৬৩ রান করে সেরা টেস্ট পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। এর আগে গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন জনি বেয়ারস্টো।

    লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অলরাউন্ডার হেইলি ম্যাথিউসের নাম ঘোষণা করেছে উইজডেন। গত বছর টানা ৮ ম্যাচে ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েন তিনি। এছাড়া ব্যাটিং করেছেন ৮৮ গড় ও ১৪৪ স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট।

  • টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

    টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ এপ্রিল, ২০২৪: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক নির্দেশনায় জানিয়েছেন, টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অরিরিক্ত ফি আদায় করা যাবে না । এছাড়া বিভিন্ন করণ দেখিয়ে শিক্ষার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এমন নির্দেশনা জারি করা হয়েছে।

    এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করাসহ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

    নির্দেশনায় আরও বলা হয়, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন, টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অরিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না’ মর্মে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • গত বছর বাইডেন দম্পতির আয় ৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৯৫২ টাকা

    গত বছর বাইডেন দম্পতির আয় ৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৯৫২ টাকা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ এপ্রিল, ২০২৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ২০২৩ সালে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৯৫২ টাকা আয় করেছেন। এএফপি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের ট্যাক্স রিটার্ন অনুসারে, এই দম্পতি গত বছর (২০২৩ সালে) ৬ লাখ ১৯ হাজার ৯৭৬ মার্কিন ডলার উপার্জন করেছেন।

    এএফপি বলছে, বাইডেন দম্পতি ২০২৩ সালে ২৩.৭ শতাংশ হারে ফেডারেল ট্যাক্স হিসেবে ১ লাখ ৪৬ হাজার ৬২৯ মার্কিন ডলার প্রদান করেছেন বলে জানিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) তারা তাদের বার্ষিক আর্থিক বিবরণীর এই তথ্য প্রকাশ করেন।

    বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    মূলত প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে স্বচ্ছতার জন্য নতুন এই কর প্রদর্শন ব্যবস্থা চালু করেছেন। এই নিয়মের উল্লেখযোগ্য ব্যতিক্রম হচ্ছেন বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প, যিনি তার বার্ষিক আয় এবং ট্যাক্স রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করতেন। আর সেখানে বাইডেন নিজেই তার সব তথ্য প্রকাশ করছেন।

    ট্যাক্স রিটার্ন প্রকাশের বার্ষিক অলিখিত এই রীতিটি হোয়াইট হাউসে আস্থা তৈরি করার জন্য করা হয়ে থাকে। আর তাই অন্যান্য রাজনীতিবিদদের পাশাপাশি প্রার্থীরাও প্রায়শই এই ধরনের উদ্যোগে অংশ নেন।

    তাদের এই আয়ের সিংহভাগই প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য নির্ধারিত বেতন থেকে এসেছে, যার পরিমাণ ৪ লাখ মার্কিন ডলার। আর ২০২৩ সালে ফার্স্ট লেডি জিল বাইডেনের আয় ৮৫ হাজার ৯৮৫ মার্কিন ডলার।

    নিকটবর্তী ভার্জিনিয়ার একটি কলেজে শিক্ষকতার চাকরির জন্য বেতনের মাধ্যমে তিনি এই অর্থ আয় করেছেন। মূলত ফার্স্ট লেডি জিল বাইডেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন এবং বাইরের প্রতিষ্ঠানের বেতনে চাকরি চালিয়ে যাওয়া প্রথম প্রেসিডেন্টের স্ত্রী তিনি।

    এর আগে ২০২২ সালে বাইডেন দম্পতির মোট আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার এবং ২০২১ সালে তাদের আয় ছিল ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার। অর্থাৎ আগের দুই বছরের তুলনায় গত বছর বাইডেন দম্পতির আয় ছিল কিছুটা বেশি।

    জো বাইডেন ডেলাওয়্যারে আয়কর হিসেবে ৩০ হাজার ৯০৮ মার্কিন ডলার দেওয়ার কথাও জানিয়েছেন, যেখানে জিল বাইডেন ভার্জিনিয়ায় আয়কর দিয়েছেন ৩ হাজার ৫৪৯ ডলার।

    প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন- ওভাল অফিসের সকলকে আমেরিকান জনগণের কাছে উন্মুক্ত এবং সৎ থাকা উচিত এবং প্রেসিডেন্টের বার্ষিক ট্যাক্স রিটার্ন প্রকাশের বিষয়ে দীর্ঘকালের যে ঐতিহ্য রয়েছে সেটিও অবিচ্ছিন্নভাবে চলতে হবে।’

    এ নিয়ে ২৬ তম বছর প্রকাশ্যে নিজের ট্যাক্স রিটার্ন শেয়ার করলেন বাইডেন। এছাড়া বাইডেন দম্পতি ২০ হাজার ৪৭৭ মার্কিন ডলার দাতব্য অনুদান দিয়েছেন বলেও জানানো হয়েছে।

  • সালমানের বাড়িতে গুলি চালানো সেই দুই যুবক গ্রেফতার

    সালমানের বাড়িতে গুলি চালানো সেই দুই যুবক গ্রেফতার

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ এপ্রিল, ২০২৪: গত রবিবার ভোরে বলিউড সুপাস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটানা ঘটে। এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম। ”

    এর পর থেকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। অবশেষে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। গুজরাতের ভুজ এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর শিরিযোগেন্দ্র পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা।

    জানা গেছে, গ্রেফতার হওয়া দুই যুবক জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। একাধিক খুনের মামলায় জড়িত থাকার অপরাধে লরেন্স বর্তমানে তিহাড় জেলে বন্দি। তবে তার গোষ্ঠীর কার্যকলাপ এখনও সক্রিয় রয়েছে। আগেই সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে অনলাইনে পোস্ট করেছিলেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই।

    গ্রেফতার হওয়া দুই যুবক ভুজের একটি মন্দিরে লুকিয়ে ছিলেন। নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গা থেকে দু’টি বাইক ভাড়া নিয়েছিলেন দু’জন। তার পর পানভেল এলাকার ভাড়াবাড়ি থেকে বাইক নিয়ে গিয়েছিলেন বলিউড তারকার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের সামনে। সিসি ক্যামেরায় ধরা পড়ে দু’জনের বাইক নিয়ে চম্পট দেওয়ার ফুটেজ।

    মুম্বইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসিন্দা সালমান। গত রবিবার ভোর ৫টা নাগাদ এই আবাসনের সামনেই পর পর চার রাউন্ড গুলি চলে। শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যান দু’জন। গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই সালমানের নিরাপত্তা বাড়িয়ে তা ওয়াই প্লাস করা হয়েছিল। তা ছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়। কিছু দিন আগেই সালমান একটি বুলেট প্রতিরোধী গাড়ি কিনেছিলেন।

    ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতমের তালিকা’য় রেখেছেন, তাদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম।

    এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে।

  • ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে বিকল্পভাবে পণ্য আনা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে বিকল্পভাবে পণ্য আনা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ এপ্রিল, ২০২৪: ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে বিকল্পভাবে পণ্য আনা হবে, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি-না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি।”

    আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ এতে সভাপতিত্ব‌ করেন।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “তেলে ৫ শতাংশ ডিউটি কমিয়েছিলাম, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল তেলের দাম। সেই ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। আমাদের ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কী দামে তেলের কাঁচামাল আনছেন তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে। তবে তেলের দাম পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই এটা বলতে পারি।”

    আহসানুল ইসলাম টিটু বলেন, “টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এছাড়া, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে।”

  • মার্চে সারাদেশে ৬২৪টি সড়ক দুর্ঘটনায় ৫৫০ জনের মৃত্যু

    মার্চে সারাদেশে ৬২৪টি সড়ক দুর্ঘটনায় ৫৫০ জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ এপ্রিল, ২০২৪: সারাদেশে গত মার্চ মাসে ৬২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৫০ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৬৮৪ জন।

    সম্প্রতি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে ।

    ঢাকা বিভাগে ১০৫টি দুর্ঘটনায় ৯৮ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১২২টি দুর্ঘটনায় ১০৪ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ১১৯টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৮৪টি দুর্ঘটনায় ৭১ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ৩২টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৩৭টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৬৭টি দুর্ঘটনায় ৬০ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৫৮টি দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।

    মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ৩০টি, বাস/মিনিবাস ৯০টি, ট্রাক/কাভার্ডভ্যান ২০৪টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৯টি, অ্যাম্বুলেন্স ৪টি, মোটরসাইকেল ২০৪টি, ভ্যান ২৯টি, ট্রাক্টর ৩০টি, ইজিবাইক ৪১টি, ব্যাটারিচালিত রিকশা ৪৪টি, অটোরিকশা ৭২টি ও অন্যান্য যান ১৪৮টিসহ সর্বমোট ৯৫৫টি যানবাহন রয়েছে।

    এগুলোর মধ্যে মোটরকার/জিপ দুর্ঘটনায় ১২ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪৬ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, পিকআপ দুর্ঘটনায় ১৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১৩ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬১ জন, ভ্যান দুর্ঘটনায় ১৫ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১৬ জন, ইজিবাইক দুর্ঘটনায় ২২ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২০ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫৯ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৮৪ জনসহ সর্বমোট ৫৫০ জন নিহত হয়।

  • বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না: সেতুমন্ত্রী

    বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৫ এপ্রিল, ২০২৪: বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “১৭ এপ্রিল মুজিব নগর দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস, সেই দিনটিকে তারা অস্বীকার করে। ১০ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয় সেটা অস্বীকার করে। স্বাধিকার আন্দোলনের মাইলফলক ৭ জুন অস্বীকার করে। বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না।”

    সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “ছিল ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কি করে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।”

    করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তারা (বিএনপি) বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। ৭১ এ তাদের যে ভূমিকা, হঠাৎ করে বাঁশিতে ফুঁ দিলেন অমনিই তিনি ঘোষক হয়ে গেলেন।”

    ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।”

    নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে সরকারের বেশ কিছু কার্যক্রম চলমান ছিল। তা চালু থাকবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতদিন জনগণের প্রয়োজন থাকবে। ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে।”

    এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

  • বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে: বস্ত্র ও পাট মন্ত্রী

    বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে: বস্ত্র ও পাট মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “রুহুল কবির রিজভী সাহেবরা যে কথা বলেন, তারা সে বাংলাদেশ দেখতে অভ্যস্ত। আজকে বাংলাদেশ এমন এক জায়গায় গেছে যে পেছনে তাকানোর সময় নেই। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আজকে বিশ্ব হাতের নাগালের মধ্যে। কাজেই রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন সেই দুখঃ-কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। আজকের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, হাস্যোজ্বল বাংলাদেশ। রুহুল কবির রিজভী সাহেবরা যে যত স্বপ্নই দেখুক সে স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশ আর পিছনে তাকাবার বাংলাদেশ নেই।”

    আজ সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি একথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ে মন্ত্রী জানান, “আমরা গ্রামের মানুষ। আমরা যারা সরকারের লোক এবং সরকারে রয়েছি, আমরা কিন্তু রমজানের আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। রমজানের আগেই বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলাম। আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগরে ওয়ার্ডে ওয়ার্ডে সুলভমূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম। ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি ছিল মফস্বলের মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখে ছিল না। ঢাকা শহরে এক পরিস্থিতি, মফস্বলের আরেক পরিস্থিতি। তৃণমূল কৃষক যে দামে বিক্রি করে ভোক্তার কাছে এসে তা ৫০-৬০ গুণ বেড়ে যায়। এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।”

    তিনি বলেন, “সিন্ডিকেট একটা পপুলার শব্দ। সিন্ডিকেট আমার কাছে মনে হয়েছে বড় ব্যাপার। তবে সিন্ডিকেট কাঁচাবাজারের ব্যাপারে প্রযোজ্য নয়। মাঝখানে যারা মালামালটা কেনে সেখানে নিয়ন্ত্রণ হওয়া দরকার। সে কাজটা সরকার করবে, সেটা সরকারের দায়িত্ব। আমরা যারা সরকারের আছি আমাদের দায়িত্ব। সুলভ মূল্যের বাজারের কারণে ঢাকা শহরে ১৫ রোজার পরে বাজার ফল করেছে। বাজার নিয়ন্ত্রণে এসেছে। জিনিসপত্র, কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছে।”

    তিনি বলেন, “দেশের মানুষ দুটি বড় উৎসব পালন করলো। ঈদুল ফিতরের পর বাংলা নববর্ষ উদযাপন করেছে। দুই উৎসব আনন্দের মধ্যে দিয়ে পালন করেছে। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবাইকে।”

    বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, “সচিবালয়ে আজকে আমারও ভালো লাগেনি। অনেক ভিড়ের সচিবালয়ে আজকে ভিড় কম। ঢাকার রাস্তায় অস্বাভাবিক। আসলে আমার জানামতে দুই পর্ব মিলে এতো ছুটি হয়নি। এখন স্বল্প সময়ের মধ্যে মানুষ বাড়িতে যায়। সমস্ত যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। গ্রামের বাড়িতে যাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। এগুলো সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।”

  • সোমালিয়ার আট জলদস্যু গ্রেপ্তার

    সোমালিয়ার আট জলদস্যু গ্রেপ্তার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ এপ্রিল, ২০২৪: গত ১২ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩১ দিন পর অবশেষে জাহাজ কতৃপক্ষ মুক্তিপণ দিয়ে নাবিকদের মুক্ত করে ১৪ এপ্রিল। জানা গেছে সোমালিয়ার সময় শনিবার রাত ১২টার দিকে জাহাজটি ছেড়ে তীরে পৌঁছানোর পর অন্তত আট জলদস্যুকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

    এতে বলা হয়, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ। তবে জলদস্যুদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    তবে পান্টল্যান্ড পুলিশের ওয়েবসাইটে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এর আগে গত ১৭ মার্চ এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশের ওয়েবসাইটে।

    এর আগে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩২ দিন পর মুক্তি পান বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ও। শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা।

    গতকাল রবিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।

    তিনি জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। অতীতে জাহান মণির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে।

  • আজ দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খেপুপাড়ায়

    আজ দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খেপুপাড়ায়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ এপ্রিল, ২০২৪: দেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    আজ সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।

    তিনি বলেন, “খেপুপাড়ায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল(রবিবার) খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।