Category: লিড নিউজ

  • দেশের সাত বিভাগে বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে

    দেশের সাত বিভাগে বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৮ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া তথ্যে জানা গেছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং মৌলভীবাজার জেলা; রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থি বৃদ্ধি পেতে পারে।

    আবহাওয়াবিদ আরও বলেন, ‘আবহাওয়া নিয়ে সহসাই কোনো সুসংবাদ নেই। দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে।’

  • গোলরক্ষক আন্দ্রি লুনিন কৃতিত্বে রিয়াল সেমিফাইনালে

    গোলরক্ষক আন্দ্রি লুনিন কৃতিত্বে রিয়াল সেমিফাইনালে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ এপ্রিল, ২০২৪: বিশ্বের সেরা দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাস্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল । সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে আসার পর সব চোখ ছিল ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে হতাশ করেনি এই দুই দল। টানটান উত্তেজনায় ভরপুর খেলা অবশ্য শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। আর সেখানে গোলরক্ষক আন্দ্রি লুনিনের চমকে জয় পায় রিয়াল মাদ্রিদ।

    রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনের কৃতিত্বে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে নাম লেখেয়িছে রিয়াল মাদ্রিদ। সেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

    বুধবার রাতে ইতিহাদে দ্বিতীয় লেগে টাইব্রেকারের আগে বলতে গেলে পুরো আধিপত্যই ছিল স্বাগতিক ম্যান সিটির। তবে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেও এক গোলের বেশি দিতে পারে নি ফোডেন-ডি ব্রুইনারা। প্রথমার্ধে রদ্রিগোর গোলে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরান তাদের তালিসমান কেভিন ডি ব্রুইনা। এরপর পুরো ম্যাচ রিয়ালের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করে গেছে সিটির খেলোয়াড়েরা। তবে রুডিগার-নাচোরা পরাস্ত হননি। রুডিগার-নাচোকে পার করলেও দেয়াল হয়ে দাড়িয়ে ছিলেন রিয়ালের গোলকিপার আন্দ্রি লুনিন। শেষ পর্যন্ত জয়ের নায়কও তিনি।

    সান্তিয়াগো বার্নাব্যুর মতো ইতিহাদেও রিয়াল প্রথম গোল করে ম্যাচের ১২ মিনিটে। বুদ্ধিদ্বীপ্ত পাসিংয়ে বল চলে যায় রদ্রিগোর পায়ে। তবে তার প্রথম শট ঠেকিয়ে দেন সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। ফিরতি বল পেয়ে তা জালে জড়াতে আর ভুল করেননি রিয়ালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

    এরপর বলতে গেলে পুরো ম্যাচ জুড়ে খেলেছে শুধু সিটিই। তবে রিয়ালের জমজমাট রক্ষণে সিটির প্রতিটি আক্রমণ মুখ থুবড়ে পড়ছিল। তবে ৭৬ মিনিটে বদলি ডকুর স্কিল আর রুডিগারের মুহূর্তের দুর্বলতায় সেটি আর থাকেনি। সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা। নব্বই মিনিটের খেলা দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত আধা ঘণ্টাও যায় একই ধারায়। এ সময়ে গোলের ভালো সুযোগটি ছিল রুডিগারের সামনে। জার্মান ডিফেন্ডার ১০৫ মিনিটে ৬ গজ বক্সের ভেতর নেওয়া শট বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

    এরপর সেই টাইব্রেকারের মুহূর্ত। সিটি ফ্যানদের মনে সম্ভবত তখনই কুঁ ডাকছিল কারণ চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে রিয়ালকে যে কেউ কখনো হারাতে পারেনি। আজও তার ব্যতিক্রম হলো না।

    টাইব্রেকারের প্রথম শট নেয় সিটির বিশ্বকাপজয়ী তারকা জুলিয়ান আলভারেজ। স্পট থেকে গোল করতে ভুল করেননি তিনি। কিন্তু রিয়ালের হয়ে লুকা মদ্রিচ ব্যর্থ হন তখন মনে হচ্ছিল সেমিতে মনে হয় সিটি যাবে। তবে তারপরই শুরু হয় আন্দ্রি লুনিন বীরত্ব। একে একে ফেরান বার্নাদো সিলভা ও ম্যাতেও কোভাসিচের। আর এতেই এগিয়ে যায় রিয়াল।

    পরে অবশ্য সিটি আর ভুল করেনি। ফিল ফোডেন ও এডারসন ঠিকই জালের দেখা পান। তবে ভুল করেনি রিয়ালও, জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকুয়েজ ও নাচোর পর জাল খুঁজে পান টনি রুডিগারও। তাতে মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে বায়ার্নের সাথে সাক্ষাৎ নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

    উয়েফা চ্যাম্পিয়নস লিগম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালম্যাচসেরার পুরস্কার যদিও উঠেছে ফেদে ভালভার্দের হাতে। তবে তা নিয়ে লুনিনের মনের খেদ নেই। সেটা তার কথাতেই স্পষ্ট। নয়তো কেনই বা নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে দাবি করবেন।

    লুনিন বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পরিশ্রমের ফসল এটি। রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে পেরে আমি খুশি এবং আমার পাশে থাকার জন্য এই দলকে ধন্যবাদ। ‘

  • নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন: নাদাভ

    নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন: নাদাভ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ এপ্রিল, ২০২৪: ইসরায়েলের ইতিহাসে ‘সর্বশ্রেষ্ঠ বিপর্যয়ের’ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নীতির মাধ্যমে সরাসরি দায়ী এমনটাই বলেছেন দেশটির প্রাক্তন গোয়েন্দা সংস্থা শিন বেট প্রধান নাদাভ আরগামান । তিনি আরও বলেন নিতানিয়াহুকে দেশের অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে নতুবা পরিস্থিতি  ‘খুব, খুব খারাপ’ হতে পারে।

    নাদাভ আরগামান ইসরায়েলের চ্যানেল টুয়েলভে দেওয়া সাক্ষাতকারে বলেন, “গত ৭ অক্টোবরের ঘটনার জন্য নেতানিয়াহু সরাসরি দায়ী ছিলেন, ইসরায়েলের সবচেয়ে খারাপ বিপর্যয়  ও সার্বিক পরিস্থিতি দেশটিকে ‘ধ্বংসের’ দিকে নিয়ে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন।”

    ইসরায়েলের দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে, আরগামান বলেন, নৈতিকভাবে নেতানিয়াহু নির্বাচনে লড়তে পারেন না। তিনি একটি স্মরণীয় ব্যর্থতার জন্য দায়ী। তিনি দায়ী। আর কেউ নেই… যে এই বিশালতার ব্যর্থতার দায় নেবে। সে ইহুদি জনগণের নেতা হওয়ার উপযুক্ত নয়।

    আরগামান ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত শিন বেটের নেতৃত্ব দেন, বেশিরভাগ সময় তিনি নেতানিয়াহুর অধীনে কাজ করেছেন। এখন তিনি যুক্তি দিয়ে বলছেন, ইসরায়েল ‘ইতিমধ্যেই অতল গহ্বরে, নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রীর পদ না ছাড়েন – এটি হবে আমাদের সর্বনাশ… আমি মনে করি যদি ইসরায়েল রাষ্ট্র তার কাজটি একসাথে এবং দ্রুত না করে, আমরা খুব শীঘ্রই খুব, খুব খারাপ জায়গায় পৌঁছে যাব।

    আরগামান বলেন, নেতানিয়াহু এমন একটি নীতির জন্য প্রত্যক্ষভাবে দায়ী যা বছরের পর বছর ধরে হামাসকে শক্তিশালী করেছিল, এটিকে বিশাল আক্রমণের জন্য নিজেকে গড়ে তোলার অনুমতি দিয়ে কাতারি নগদ মিলিয়ন ডলার সরবরাহ করেছিলেন। আরগামান বলেন, প্রধানমন্ত্রী বারবার হামাসের প্রতি আক্রমণাত্মক নীতির জন্য তার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে নেওয়ার প্রস্তাবের বিষয়ে অস্বীকার করেছিলেন।

    ইসরায়েলের সাবেক গোয়েন্দা সংস্থা বলেন, হামাসকে গড়ে না তোলার জন্যে আমরা জোরালোভাবে চাপ দিয়েছিলাম, যার মধ্যে অপারেশনাল পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। আমি এর বেশি বলব না, নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে হামাসকে গড়ে তুলতে পছন্দ করেছিলেন। অথচ হামাসকে ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত করা হয়নি। গত এক দশকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিবির কৌশল ছিল একটি চরম ব্যর্থতা।

    আরগামান বলেন, বিচারিক সংশোধনই আমাদের শত্রুদের দৃষ্টিতে ইসরায়েলকে দুর্বল করার দিকে পরিচালিত করেছে। শাসন করার জন্য নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি সমাজকে ছিন্নভিন্ন করেছেন। আমাদের অতল গহ্বর থেকে বেরিয়ে আসার জন্য একটি একক শর্ত রয়েছে এবং শর্ত হল আমরা এই বিপর্যয়কর সরকারকে বদলে দেব।

    এখানে উল্লেখ থাকে যে গাজায় হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে তাতে শুধু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি সেই সঙ্গে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

  • শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার বিষয়টি মন্ত্রীদের নজর রাখতে বলেছেন

    শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার বিষয়টি মন্ত্রীদের নজর রাখতে বলেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন । একই সঙ্গে মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন।

    আজ সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

    বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী প্রসঙ্গটা আলোচনা করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেটির দিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখা। মন্ত্রিসভার সকল সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এই ঘটনার পর এবং এতে সম্ভাব্য রিঅ্যাকশন কী হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছেন। সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি, সেজন্য প্র্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন। সেই নির্দেশনা দিয়েছেন।”

    ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে। যদি দীর্ঘমেয়াদি হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বা বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিস্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে সেটি মোকাবিলা করার জন্য যেন তারা পরিকল্পনা নেন এবং প্রস্তুতি নেন। সে প্রস্তুতি নিতে বলেছেন। যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেন। ’

    অর্থনীতির ওপর প্রভাব বা তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রথমত আলোচনা হয়নি। অর্থনীতি বা তেলের দাম এরকম না। তিনি বলেছেন, প্রত্যেককে এক্সারসাইজ করতে। তিনিও এক্সারসাইজ করছেন। সকলকে বলেছেন। যখনই পরিবর্তন বা চ্যালেঞ্জ দেখব তখনই যেন অ্যাকশন…। আমরা যেন রি-অ্যাকটিভ না, আমরা যেন প্রো-অ্যাকটিভ হই। সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।”

    ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, “যা যা করণীয় প্রস্তুতি নিতে বলেছেন। হয়তো জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন তার প্রভাব কী, কী করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন।”

  • মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, “প্রকল্পটা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অল্পদিনের মধ্যেই একনেকে তোলা হবে। একনেকে অনুমোদন করার পর দ্রুতই কাজ শুরু হবে। আগামী ১৭ এপ্রিলের পূর্বেই মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য একটি কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে।”

    আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশের পূর্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কিছু অবজারভেশন আছে। তিনি কিছু মতামত ব্যক্ত করেছেন। এটা যাতে আন্তর্জাতিক মানের করা যায় সে ব্যাপারে তিনি বলেছেন। আমরা সর্বস্তরের অংশীদারদের নিয়ে সভা করেছি। জনপ্রশাসনমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।”

    মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠান। তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সে বিষয়ে কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে।”

    তিনি আরও বলেন, “প্রমাণ হওয়ায় ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করা হয়েছে। ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই।”

    এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য সিমিন হোসেন রিমিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জমে থাকা পানি দ্রুত সরানোর জন্য আমাদের কর্মী বাহিনী রেডি থাকে : মেয়র তাপস

    জমে থাকা পানি দ্রুত সরানোর জন্য আমাদের কর্মী বাহিনী রেডি থাকে : মেয়র তাপস

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: জমে থাকা পানি দ্রুত সরানোর জন্য আমাদের কর্মী বাহিনী রেডি থাকে, বলে জানিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনে বলেন, “বলেন, আমরা লক্ষ্য করেছি ২০২০ সালের আগে যেখানে অল্প বৃষ্টিতে ৭০ ভাগ ঢাকা প্লাবিত হয়ে যেত, এখন সেটা কমে এসেছে। আমরা পানি প্রবাহ ও নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেছি। আমরা আঞ্চলিক কর্মকর্তাদের নেতৃত্বে বাহিনী রেডি রাখি, যাতে করে কোথাও পানি জমে থাকলে দ্রুত সেটি সরানো যায়। সেই হিসেবে আজকে আমরা পান্থপথের বক্স কালভার্ট পরিষ্কার করার কাজ শুরু করলাম।”

    আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের ভেতর পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    মেয়র তাপস বলেন, “পান্থকুঞ্জ উদ্যান এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যান। এর উন্নয়নের জন্য ২০১৭ সালে মেগা প্রকল্পে আওতায় উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ে এদিক দিয়ে নেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে এই পার্কের উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যায়। আমি দায়িত্ব নেওয়ার পরে তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করেছি,  যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে উদ্যানে বড় একটা অংশ তাদের কাছে চলে যাবে। তারপরও যতটুকু রক্ষা করতে পেরেছি তা ঢাকাবাসীর জন্য অচিরেই উন্মুক্ত করে দিতে পারব।”

    মেয়র আরও বলেন, “গত বছর যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে বিশেষ করে নিউমার্কেটের সামনে ও শান্তিনগরে। যেসব কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি। আশা করি এবার আর জলবদ্ধ থাকবে না। নিউমার্কেট এলাকার জন্য নতুন প্রকল্প নিয়েছি। এর মূল কারণ হচ্ছে পিলখানা ভেতর দিয়ে আগে যে পানি প্রবাহ প্রবাহের নর্দমা ছিল সেগুলো বন্ধ হয়ে যায় ২০০৯ সালে। এজন্য দেখেছি গত বছর সেখানে বড় জলবদ্ধতা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ করেছি এবং সম্মতি পেয়েছি। আমরা পিলখানার ভেতর দিয়ে পানি প্রবাহের বড় নর্দমা করছি। এটা করতে পারলে ওই অত্র এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। এভাবে প্রত্যেকটা এলাকায় বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।”

  • বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের মুশতাক আহমেদ

    বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের মুশতাক আহমেদ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ এপ্রিল, ২০২৪: পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ বাংলাদেশের ক্রিকেট দলেন নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    রঙ্গনা হেরাথ গত বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে যান । এই লঙ্কানের উত্তরসূরি হিসেবে এতদিন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার নিয়ে আসছে মুশতাক আহমেদকে।

    বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

    এর আগে অনেকগুলো দেশেই স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক। ইংল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বেও ছিলেন তিনি।

    বিসিবির বিজ্ঞপ্তিতে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব পালন ও নিজের অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে মুখিয়ে আছি, কারণ তাদের শেখানো যায়। আমি সবসময় বিশ্বাস  করি তারা দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর দল। ’

  • রান্না: ভেজিটেবল চিকেন কোপ্তা

    রান্না: ভেজিটেবল চিকেন কোপ্তা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ এপ্রিল, ২০২৪: আমাদের রন্ধন শিল্পীরা আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছে বিভিন্ন ধরণের মজাদার খাবার। আজ দেওয়া হলো ভেজিটেবল চিকেন কোপ্তা’র রেসিপি। আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার এই খাবারটি।

    Culinary Artist - Kaniz Fatema Ruma (2)
    Culinary Artist – Kaniz Fatema Ruma (2)

    উপকরণ:

    চিকেন কিমা-১ কাপ, পাতা কপি মিহি কুচি-১/৩ কাপ, গাজর মিহি কুচি-১/৪ কাপ, পিয়াজের বেরেস্তা-১/২ কাপ, কাঁচা মরিচ কুচি- ২টেবল চামচ, ধনেপাতা কুঁচি-২ টেবল চামচ, কাবাব মশলা-১চা চামচ, লবন- স্বাদ মত, ডিম-১টা, ব্রেড ক্রাম- ১/২ কাপ, করণ ফ্লাওয়ার-২টেবল চামচ, টমেটো কেচাপ-১টেবল চামচ, তেল ভাজার জন্য।

     

    প্রণালী:

    সব উপকরণ একসাথে ভালো মত মেখে নিয়ে কোপ্তা আকারে বানিয়ে ভেজে নিতে হবে।  খুবই মজার এই ভেজিটেবল চিকেন কোপ্তা  গরম গরম পরিবেশন করতে হবে পোলাও, খিচুড়ি,  সালাদ বা সসের সাথে।

     

    রন্ধন শিল্পী-কানিজ ফাতেমা রুমা

  • শিল্পকলায় আলোচনা, গান ও কবিতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

    শিল্পকলায় আলোচনা, গান ও কবিতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

    www.HelloBangla.News – বিনোদন – ১৭ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সকাল ১১.০০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আলোচনায় অংশ নেন সাবেক অধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহম্মদ শফিকুর রহমান, যিনি ১৯৭১ সালের সেই সময় মুজিবনগর সরকার গঠনের পর মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ঐতিহাসিক মুজিবনগরে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শী ছিলেন। আলোচক হিসেবে আরো ছিলেন মামুন সিদ্দিকী বিশিষ্ট লেখক ও গবেষক। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    আলোচনায় প্রধান আলোচক হিসেবে মুহম্মদ শফিকুর রহমান ঐতিহাসিক মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের বর্ণনা তুলে ধরে বলেন, “আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর ২৬ শে মার্চ থেকেই দেশব্যাপী যুদ্ধের আলোড়ন তৈরি হয় এর মধ্যেই আমরা জানলাম যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে ১০ তারিখ এবং শপথ গ্রহণ হবে ১৭ই এপ্রিল। তখন আমরা আমাদের ছাত্র ভাইদের সহকারে মুজিব নগরের আম্রকাননে সমবেত হই এবং সেখানে এককোণ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান ও প্যারেড সবকিছু প্রত্যক্ষ করি, তখন অন্যরকম একটা উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করেছে যেনো আমরা প্রকৃতপক্ষেই যুদ্ধরত অবস্থায় আছি”। তিনি আরো বলেন, “মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন দিয়ে, মা-বোনদের ত্যাগের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে। এ স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে, দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

    আলোচক মামুন সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুর ডাকে তাঁর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিলো তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এই সময়ে এসেও অনেকে জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন যা সঠিক নয়।”

    পরে সভাপতির বক্তব্যে একাডেমির সচিব বলেন, “মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা এ বাংলাদেশ পেয়েছি। আমাদের যাবতীয় অধিকার, সব রকমের নাগরিক সুযোগ সুবিধা সমস্ত কিছু নিশ্চিত হয়েছে এ স্বাধীনতার মধ্যে দিয়ে। আমাদের স্বাধীনতা কিভাবে অর্জিত হয়েছে তার নেপথ্য ইতিহাস আমাদের জানা জরুরি এবং এই ধারণাটিকেই শিল্পকলা একাডেমি লালন ও চর্চা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিসংগ্রামের যে ধারাবাহিক পরম্পরা, যে ঘটনাপ্রবাহ আছে তা আমাদের নতুন প্রজন্মকে জানলে তারা দেশেপ্রেমে উদ্ধুদ্ধ হবে। তারা সঠিক বাংলাদেশ, বঙ্গবন্ধূর স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে” । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির কর্মকর্তা সৌম্য সালেক।

    আলোচনা পর্বের মাঝে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন মীর বরকত এবং মুক্তির গান পরিবেশন করেন ঢাকা সাংস্কৃতিক দল।

  • সালমান খানের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    সালমান খানের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    www.HelloBangla.News – বিনোদন – ১৭ এপ্রিল, ২০২৪: গত ১৪ এপ্রিল (রবিবার)  সকালে বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই বন্ধকধারী। পরদিন সিসি ফুটেজ থেকে তাদের চিন্থিত করে মুম্বাই পুলিশ। ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুই বন্দুকধারীদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও। গোটা ঘটনায় বেশ চিন্তিত খান পরিবার। মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমনের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পাশপাশি সালমানসহ তার গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানান তিনি। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

    গোটা ঘটনায় এখনও পর্যন্ত সালমান কোনও মন্তব্য করেননি। সোমবার কাজেও বেরোন সলমন। যদিও কড়া নিরাপত্তার বেষ্টনীতে ছিলেন অভিনেতা। রবিবার থেকেই একে একে অভিনেতার ভাই-বোনরা পৌঁছেছেন তার বাড়িতে।

    যদিও সোমবার খান পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ় খান। তিনি লেখেন, ‘‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত।’’

    বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘‘দুঃখজনক ভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’’ আরবাজ় জানিয়েছেন, যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। পাশাপাশি পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বই পুলিশের উপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ়। একই সঙ্গে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, “আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম। ”

    তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে’র সালমানের পরিবারের সঙ্গে দেখা করার বিষয়টিতে প্রমান করে মুম্বাই প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন।