Category: লিড নিউজ

  • ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক কে সংরক্ষণ করতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ এপ্রিল, ২০২৪: ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক কে সংরক্ষণ করতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আজকে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক। এখানে আমাদের ইতিহাসের অনেক স্মৃতি। বাহাদূর শাহ পার্কটি, ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষকে বলব এখানে বাঙালির ইতিহাসের অনেক স্মৃতি, অনেক লড়াই সংগ্রামের স্মৃতি। এই স্মৃতি ধরে রাখতে হবে এবং স্মৃতি সংরক্ষণের জন্য কর্মসূচি হাতে নিতে হবে।”

    বাংলা নববর্ষ উপলক্ষে আজ রবিবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বাংলার ঐতিহ্যবাহী এই দিন বাঙালি জাতি পরম ভালোবাসায় তাদের হৃদয়ে ধারণ করে, চেতনায় ধারণ করে। আজকের এই দিনে বেশি কথা বলার নেই। এটা আজ প্রতিষ্ঠিত সত্য, কারা বৈশাখের চেতনা বিরোধী, কারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে স্বৈরাচারী কায়দায় ’১৪ সালে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার শোভাযাত্রাকে বন্ধ করে দিতে চেয়েছিল। সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে।”

    ওবায়দুল কাদের বলেন, “আমি আজকে এই ঐতিহাসিক স্থানটিতে বাংলা নববর্ষের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংষ্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। হাজার বছরের সবার সেরা বাঙালি বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে আমরা বহতা নদীর মতো এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।”

    আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের, চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, শত্রু। আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির ঐহিত্যবাহী চেতনায় এই শত্রুপক্ষকে আমরা প্রতিহত করি, পরাজিত করি এবং বিজয়ের লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই।”

    তিনি বলেন, “বাংলাদেশের যে শিশু আজও সমুদ্রের মুখ দেখেনি, বাংলাদেশের যে শিশু অকালে ঝরে যায়, বনফুলের মত ফুটে বনফুলের মত অদৃশ্য হয়ে যায়, বাংলাদেশের যে শিশু কমলা রঙের অপরাহ্নের রোদ দু-হাতে গালে মাখেনি পরমানন্দে, সেই শিশুদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা নির্মাণ করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিশুদের জন্য। গাজায় ইহুদিরা রক্তস্রোতে ভাসিয়ে দিচ্ছে, ১৪ হাজার শিশুকে এ পর্যন্ত হত্যা করেছে। আসুন আমরা সেই শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলি।”

    ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নেতারা বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বঙ্গবন্ধু অ্যাভিনিউ অভিমুখে যায়। এতে নেতাকর্মীরা অংশ নেন।

  • আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে নাবিকদের উদ্ধারের আলোচনা করি: ডিএমডি শাহরিয়ার

    আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে নাবিকদের উদ্ধারের আলোচনা করি: ডিএমডি শাহরিয়ার

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ এপ্রিল, ২০২৪: আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে নাবিকদের উদ্ধারের আলোচনা করি, বলে জানিয়েছেন কেএসআএমের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেন, “জাহান মনি জাহাজ জলদস্যুর কবলে পড়ার ১৪ বছর পর দুর্ভাগ্যবশত একই ঘটনা ঘটল। গত ১২ মার্চ এ জাহাজ আক্রমণের শিকার হয়েছিল অস্ত্রের মুখে। ৩১ দিন পর ফাইনালি জলদস্যুরা জাহাজটি ছেড়ে যায়। সাধারণত দস্যুরা মালিকপক্ষকে টার্গেট করে বেশি স্বার্থ হাসিল করতে চায়। তাই আমরা তৃতীয়পক্ষের মাধ্যমে জাহাজ ও নাবিকদের উদ্ধারে আলোচনা শুরু করি।”

    আজ রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বারিক বিল্ডিং মোড়ের কেএসআরএম ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত।

    ডিএমডি শাহরিয়ার বলেন, “আমাদের জাহাজ হাইরিস্ক এরিয়ার বাইরে ছিল। ২০০ নটিক্যাল মাইল রিস্কি। আমরা ৬০০ নাটিক্যাল মাইলে ছিলাম। তাই আর্ম গার্ড নিইনি আমরা।”

    তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাতে চাই। বিদেশি যুদ্ধজাহাজ ফোর্সফুলি জাহাজটি উদ্ধারে যেতে চেয়েছিল। আমাদের সরকার কুইক রেসপন্স করেছে। সাংবাদিকরা সহযোগিতা করেছেন। ১৯-২০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে যাবে জাহাজটি আশাকরি। এরপর নাবিকদের দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    প্রথমত তারা ফ্লাইটে, দ্বিতীয়ত ওই জাহাজেই দেশে ফিরতে পারবেন।

    কেএসআরএম’র সিইও মেহেরুল করিম বলেন, “জাহান মণির সময় আমাদের জ্ঞানের অভাব ছিল। তখন উদ্ধারে সময় বেশি লেগেছিল। এবার জাহাজ দখলে নেওয়ার পর আমরা জাহাজের লোকেশন ট্রেক করতে থাকি। যোগাযোগ শুরুর পর প্রতিদিনই কথা হচ্ছিল। নাবিকরা কেমন আছে, কত তাড়াতাড়ি দস্যুরা জাহাজ ছেড়ে যাবে ইত্যাদি কথা হতো। দুই দিন আগে আমাদের দাবি ছিল, তাই প্রত্যেক নাবিকের ভিডিও নিয়েছি। মুক্তিপণের প্রতিটি কাজ আইনগতভাবে করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়েছে৷ কত ডলার সে বিষয়টি আমরা নানা কারণে বলতে পারছি না। ইউএসএ, ইউকে, সোমালিয়া, কেনিয়ার নিয়ম মানতে হয়েছে।”

    আজ ভোর তিনটায় কথা হয় ক্যাপ্টেনের সঙ্গে। জলদস্যুরা ৬৫ জন ছিল। বোটে করে তারা চলে যায়। নাবিকদের অপশন আছে ফ্লাইটে আসা কিংবা জাহাজে আসা। জাহান মণি ১০০ দিন ছিল। নাবিকদের ভিসা সমস্যা ছিল। আবদুল্লাহ জাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম নিয়ে আসব।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএসআএমের ডিএমডি সরোয়ার জাহান, পরিচালক করিম উদ্দিন, মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

    গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা।

  • বাঙালি জাতি বিশ্ববাসীকে আলোর পথ দেখায়: মেয়র তাপস

    বাঙালি জাতি বিশ্ববাসীকে আলোর পথ দেখায়: মেয়র তাপস

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ এপ্রিল, ২০২৪: বাঙালি জাতি বিশ্ববাসীকে আলোর পথ দেখায়, বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “পৃথিবীর অধিকাংশ দেশ রাতের বেলা ১২টা ১ মিনিটে নতুন বছরকে বরণ করে নেয়। আমরাই একমাত্র জাতি যারা নতুন সূর্যোদয়কে বরণের মাধ্যমে বর্ষবরণ করে থাকি। সুতরাং বাঙালি জাতি বিশ্ববাসীকে আলোর পথ দেখায়। বাঙালি জাতি আলোর দিশারী।”

    আজ রবিবার (১৪ এপ্রিল) সকালে নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘বর্ষবরণ উৎসব-১৪৩১ বঙ্গাব্দ’ এ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

    স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসবসমূহের মধ্যে অন্যতম। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা বিনির্মাণের অন্যতম ভিত্তি। অথচ দেশে বিরোধী সাম্প্রদায়িক শক্তি একসময় এই উৎসবকে বানচাল করার পাঁয়তারা করেছিলো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও এই উৎসবকে বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছে। তার নেতৃত্বেই বাঙালি সংস্কৃতি এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে।”

    অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে আগত সকলের মাঝে পান্তা-ইলিশের পাশাপাশি আলু, ডাল, লইট্টা শুটকি, বেগুন, শিম, কলা, ধনিয়া পাতা, টমেটো, চ্যাপা শুটকি, সরিষা, পেঁয়াজ ভর্তাসহ মোট ২০ ধরনের ভর্তা পরিবেশন করা হয়।

    অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ও তাদের পরিবারবর্গ, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের

    ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের

    www.HelloBangla.News – আন্তর্জাতি – ১৪ এপ্রিল, ২০২৪: ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের বলে হুশিয়ারি দিয়েছেন   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই হামলা চলাকালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাইডেন।

    আলাপকালে ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন তিনি। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ইরানি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র এবং এই ধরনের কোনো অভিযানকে সমর্থনও করবে না ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু রাষ্ট্রটি।

    হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন—মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ ব্যর্থ হয়েছে।

    বাইডেন বলেন, এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনী ইসরায়েলকে ‘প্রায় সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র’ নামিয়ে নিতে সহায়তা করেছে এবং মিত্রদের সুরক্ষার জন্য ওয়াশিংটনের ‘আয়রন-ক্লাড’ (লোহার মতো দৃঢ়) প্রতিশ্রুতির বিষয়টি পুনর্নিশ্চিত করেছে।

    তিনি আরও বলেন, শনিবার ইসরায়েলে ইরানি এই হামলার সময় মার্কিন বাহিনী বা স্থাপনাগুলোতে কোনো হামলা না হলেও ‘আমরা সমস্ত হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব’।

    ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন।

    জবাবে নিজ ভূখণ্ড থেকে প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলার সময় ইসরায়েলের দিকে তিনশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

  • সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক মুক্ত

    সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক মুক্ত

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ এপ্রিল, ২০২৪: গত ১২ মার্চ বাংলাদেশি কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি ২৩ জন নাবিকসহ জিম্মি করে সোমালিয়ান দস্যুরা।এক মাসেরও বেশি সময় ধরে জিম্মি থকা জাহাজের নাবিকরা মুক্ত হয়েছে । ২৩ নাবিকই সুস্থ রয়েছেন।

    জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানা যায় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

    জানা গেছে, জলদস্যুরা জাহটি ছেড়ে দিয়েছে এবং ২৩ নাবিকই অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি। আজ রবিবার (১৪ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

    জানা গেছে, জলদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে একটি বিমান বাংলাদেশ সময় শনিবার বিকেলে জিম্মি জাহাজের ওপর চক্কর দেয়। এসময় জাহাজের ওপরে ২৩ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর বিমান থেকে ডলারভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয়। স্পিডবোট দিয়ে এসব ব্যাগ জলদস্যুরা সংগ্রহ করে। জাহাজে উঠে দাবি অনুয়ায়ী মুক্তিপণ গুনে নেয় জলদস্যুরা। তবে চুক্তি অনুযায়ী জাহাজটি যথাসময়ে ছেড়ে দেয়নি দস্যুরা। পরবর্তীতে আশপাশে কেউ আটক করছে কি না, সেটি নিশ্চিত হয়ে জাহাজ থেকে দস্যুরা নেমে যায়।

    মুক্ত হয়ে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ২৩ নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ।

    যদিও মুক্তিপণ কত এবং কীভাবে দেওয়া হয়েছে সেটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি জাহাজের মালিকপক্ষের কোনো কর্মকর্তা।

    কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, সমঝোতার পর নাবিকসহ জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজের চারপাশে একাধিক আন্তর্জাতিক যুদ্ধজাহাজ রয়েছে।

    এর আগে গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

    কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এরকম মোট ২৩টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে।

    ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

  • পহেলা বৈশাখে বাংলাদেশ শিল্পকলার বর্ষবরণ অনুষ্ঠান

    পহেলা বৈশাখে বাংলাদেশ শিল্পকলার বর্ষবরণ অনুষ্ঠান

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ এপ্রিল, ২০২৪: ১৪৩১ এর প্রথম দিন, পহেলা বৈশাখ বরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়েছে লোকসাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন  জনাব মফিদুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক এবং ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। আলোচনায় বক্তারা বলেন, “বাঙালির চেতনাবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এর নানামুখী আচার অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে হবে। বাঙালির অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নানা রঙে, নানা রুপে কল্যাণ হয়ে ফিরে আসুক সকলের মাঝে” ।

    সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শুরুতেই পরিবেশিত হয় সমবেত সঙ্গীত ”তুমি নির্মল করো, মঙ্গল করে”, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির  শিশু সঙ্গীত দল। পরিচালনায় ছিলেন মুহাম্মদ আনিসুর রহমান।

    এরপর সমবেত “নৃত্য এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশন করে স্পন্দন নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ এর পরিচালনায়  সমবেত ঢাক নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এরপর বাংলাদেশ  শিল্পকলা একাডেমির বিশেষ পরিবেশনা কালচারাল হেরিটেজ অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন খন্দকার ফরহানা রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য “আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী”, পরিচালনা করেন এস কে জাহিদ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল পরিবেশন করে সমবেত সঙ্গীত “এসো হে বৈশাখ এসো, এসো,”  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  তামান্না তিথী।

    বিপুল সংখ্যক দর্শক পহেলা বৈশাকের এই অনুষ্ঠান উপভোগ করে।

  • আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে

    আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: আগামীকাল রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ এস এম মাকসুদ কামাল।

    আজ শনিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    উপাচার্য বলেন, “আমরা আগামীকাল বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।”

    তিনি বলেন, “আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। যাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।”

    উপাচার্য বলেন, “পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রকম ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। এছাড়া ইভটিজিং প্রতিরোধ পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে। এ শোভাযাত্রায় কোনো বাণিজ্যিক প্রচারণা করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটি বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।”

  • কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১৪ কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা অঙ্কন হচ্ছে

    কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১৪ কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা অঙ্কন হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: অষ্টমবারের মতো কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে আলপনায় বৈশাখ ১৪৩১ উৎসব। এর প্রধান লক্ষ্য হচ্ছে বাঙালির আবহমান ও সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে ১৪ কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে ঠাঁই করে নিতেই এই আয়োজন।

    গতকাল শুক্রবার বিকেল ৫টায় কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় আলপনা আঁকার উদ্বোধন করেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি। আরটিভি

    মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে এই আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। আলপনা অঙ্কন করছেন ৬৫০ জন শিল্পী মিলে। আলপনা অঙ্কন শুরু হয়েছে শুক্রবার এবং শেষ হবে আগামী রবিবার পহেলা বৈশাখের দিন।

    এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ ১৪৩১। এই সড়কের আলপনা আঁকার পর বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে নথিভুক্ত করার উদ্যোগ নেবেন আয়োজকরা।

    কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিআইজি মো. হারুন অর রশীদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক লিমিটেডের চিফ হিউমেন রিসোর্স কর্মকর্তা মন্জুলা মোর্শেদ প্রমুখ।

    যারা বক্তব্য দিয়েছেন তারা বলেন,বিশ্বরেকর্ড গড়ার অদম্য এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সম্প্রীতির আরও সুদৃঢ় হবে। এই বিশাল কর্মযজ্ঞ গ্রিনেজ বুক ওয়াল্ডে, বিশ্বের সর্ববৃহৎ আলপনা’র স্বীকৃতি পাবে, কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর নিকট নতুনভাবে পরিচিত হবে। পর্যটন শিল্প আরো বিকশিত হবে। আগামী ১৪ এপ্রিল  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মিঠামইনে ১৪ কিলোমিটার আলপনা আঁকা পরিদর্শন করবেন

  • বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে, বলে জানিয়েছেণল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “দেশের সর্বস্তরের জনগণ যখন ঈদ উদযাপন করছে, নিরাপদ ও আনন্দময় পরিবেশে প্রতিটি গৃহকোণ পরিবার-পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সে সময় বিএনপি তথাকথিত গুম-নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। মির্জা ফখরুলের দেওয়া বিরোধীদলের নেতা-কর্মীদের গুম, হত্যার ঘটনা এবং দায়েরকৃত মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।”

    আজ শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বিবৃতিতে বলেন, “তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকারবিরোধী এ অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন-নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুক। ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী এবং তার বিরদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন। কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু মির্জা ফখরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীর মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ‘বিরোধীদলের ওপর সরকারের নির্যাতন’-এর অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

    তিনি আরও বলেন, “বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালায়। ২০০১ থেকে ২০০৬ সালে অপারেশন ক্লিনহার্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মোট ১ হাজার ২২৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে ক্রসফায়ার এবং পুলিশ হেফাজতে হত্যা করে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকার যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।”

  • র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে: ডিজি র‌্যাব

    র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে: ডিজি র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে, বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।তিনি বলেন, “এই দেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যাতে সকল এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেজন্য র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে।”

    আজ শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

    র‌্যাব ডিজি বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবারও র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষে না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।”

    নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফিটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারী অব্যাহত রেখেছে। সারাদেশে আমাদের রিজার্ভ টিম, কন্ট্রোল রুম স্থাপন, সিসি ক্যামেরা মনিটরিং থাকবে।

    তিনি বলেন, “যেকোনো হামলা মোকাবেলায় আামাদের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে। জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।”

    র‌্যাব ডিজি আরও বলেন, “ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক বা মিথ্যে তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষনিক নজরদারি অব্যাহত রেখেছে।”