Category: লিড নিউজ

  • আগামীকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা দেখবেন প্রধানমন্ত্রী

    আগামীকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা দেখবেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ এপ্রিল, ২০২৪: আগামীকাল শনিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে । বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুরের মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে।

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, ২০১০ সাল থেকে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে।

    ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪ টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ  টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে।

  • বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ মারা গেছেন

    বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন। তিনি জাসদ রাজনীতির্ সঙ্গে জড়িত ছিলেন।

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ।

    এর আগে শিব নারায়ণ দাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

    শিব নারায়ণ দাশ প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন।

    ১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’ গঠন করা হয়। ছাত্রনেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়।

    এই লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১০৮ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিব নারায়ণ দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।

    সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান (খসরু) তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারী দর্জির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনলেন; এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হলের (বর্তমানে তিতুমীর হল) ৩১২ নম্বর কক্ষের এনামুল হকের কাছ থেকে অ্যাটলাস নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র।

    শিব নারায়ণ দাশ সবারশেষে তার নিপুন হাতে মানচিত্রটি আঁকলেন লাল বৃত্তের মাঝে, এমনি করে রচিত হলো ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’র পতাকা, যা কিছুদিন পর স্বীকৃত হয় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে।

    শিব নারায়ণ দাসের পিতা সতীশচন্দ্র দাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা সতীশচন্দ্রকে ধরে নিয়ে হত্যা করে। শিব নারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের সন্তান অর্ণব আদিত্য দাস।

    এক শোকবার্তায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুর হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদ নেতা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৮ এপ্রিল, ২০২৪: গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে, বলে  এক বিবৃতিতে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনে বলে, “প্রকৃতপক্ষে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। একদিকে তারা অগুন-সন্ত্রাসীদের লালন-পালন করছে, অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে বিরোধীদল দমনের মিথ্যা অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতারভাবে ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা লাগাতারভাবে মিথ্যাচার করে যাচ্ছেন।”

    সেতুমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণতন্ত্র ও নির্বাচন বানচালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছিল বিএনপি। ইতোপূর্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত অপশক্তি সারাদেশে ভয়াবহ অগ্নিসন্ত্রাস চালিয়ে শত শত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। তাদের এই ভয়াবহ সম্মিলিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেই বিএনপি নেতারা বিরোধী দল দমনের কথা বলে। সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না। বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতা-কর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে। তবে যারা নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, সেসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ও মহামান্য আদালত যথাযথ আইনি পদক্ষেপ নেবে।”

    বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় মন্তব্য করে তিনি বলেন, “এ কারণে বিএনপি নেতারা বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, সে যে দলেরই হোক না কেন, সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে।”

    বিবৃতিতে সেুতমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বদ্ধপরিকর। জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন গুরুত্ব অপরিসীম। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বরাবরের ন্যায় নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। সে কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে। তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না। দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে।”

    তিনি আরও বলেন, “উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। দেশের জনগণ যখন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, বিএনপি নেতারা তখন বরাবরের মতো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে নিরন্তন সংগ্রাম চালিয়ে আসছে। আমরা বিএনপির গণতন্ত্রবিরোধী অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিতে সংগঠনের নেতা-কর্মীদের অনুরোধ জানাচ্ছি।”

  • দর্শক থাকলে বাংলাদেশের  সিনেমা ভারতে যাবে: তথ্য প্রতিমন্ত্রী

    দর্শক থাকলে বাংলাদেশের সিনেমা ভারতে যাবে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: দর্শক থাকলে বাংলাদেশের সিনেমা ভারতে যাবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “দর্শককে জোর করে কিছু দেখানো যায় না। বাজারে কোনো জিনিসের চাহিদা থাকলে তা স্বয়ংক্রিয়ভাবেই যাবে-আসবে। সিনেমা যেহেতু প্রোডাক্ট, সেহেতু ভারতের বাজারে দর্শক থাকলে অবশ্যই যাবে। ”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ এসব কথা বলেন।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অপপ্রচার রোধে ভারতের কিছু প্রতিষ্ঠান কাজ করে। তারা কীভাবে কাজ করে, তাদের অভিজ্ঞতা এবং প্রক্রিয়া-পদ্ধতি বিনিময় জানা-বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সহায়তা নেব। ”

    তিনি বলেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব কো-অপারেশন আছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিটিভিতে দুই ঘণ্টার একটি চাংক নিয়ে আমরা আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ, চলমান ঘটনাপ্রবাহ এবং সংবাদ উপস্থাপনা শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভারতের যে সংবাদ সংস্থাগুলো আছে, বিশেষ করে এএনআইয়ের সঙ্গে কোলাবরেশন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।”

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু বিটিভি ইন্ডিয়াতে দেখানো হয়, সেহেতু দুই ঘণ্টার এ চাংক আমরা ধীরে ধীরে দুই, তিন, চার ঘণ্টা পর্যন্ত বাড়াব। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে চাচ্ছি, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খবর থাকবে, এর বাইরেও বিভিন্ন দেশের খবর থাকবে। এখানে আমরা চেষ্টা করব ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে। এ ছাড়া ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন নিয়ে ইনস্টিটিউশন আছে, তাদের সঙ্গে কোলাবরেশন করা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও ট্রেনিং করা। সম্প্রতি ‘মুজিব’ শিরোনামের যে সিনেমাটি সহ-প্রযোজনা হয়েছে, এমন অন্য কোনো সিনেমায় সহ-প্রযোজনার সুযোগ আছে কি না।”

    তিনি আরও বলেন, “যে বিষয়গুলো নিয়ে আমাদের আরও কো-অপারেশনের সুযোগ আছে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি। আমি মনে করি- বাংলাদেশ এ বিষয়ে বেশি লাভবান হবে। কারণ ভারতের ফিল্মে, টেলিভিশনে বা অন্যান্য জায়গায় যে অভিজ্ঞতা আছে, তা আমরা যত বেশি নেয়ার চেষ্টা করা যায়। এসব দেশের উন্নয়নের জন্য জরুরি।”

  • প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ টাকা

    প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ এপ্রিল, ২০২৪: সরকার পুনর্নির্ধারণ করলো সয়াবিন তেলের দাম ।  প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ থে‌কে বা‌ড়ি‌য়ে ১৬৭ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। ফলে প্রতি লিটার তেলে দাম বেড়েছে ৪ টাকা। আর খোলা সয়া‌বি‌নে‌র দাম লিটা‌রে ২ টাকা ক‌মি‌য়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সয়াবিন তেলের এই দাম ঘোষণা করেন।

    এসময় ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮০০ টাকা থেকে বাড়ি‌য়ে ৮১৮ টাকা এবং প্রতি লিটার বোতল জাত পামঅয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেল আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়। ৫৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

    এই ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। এ কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যাহতি ছাড়াই আগের দামে, ১৭৩ টাকা লিটারে সরবরাহ করার কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

    পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা বন্ধ করে। এ নি‌য়ে দু‌দিন ধ‌রে দফায় দফায় বৈঠক শে‌ষে  আজ নতুন দাম নির্ধারিত হলো।

  • আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

    আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

    www.HelloBangla.News – বিনোদন – ১৮ এপ্রিল, ২০২৪: এবারের ২১ সদস্যবিশিষ্ঠ বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচসনে দুটি প্যানেল ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরতে (বিএফডিসি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

    দু’টি প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটি সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

    মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

    এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

    অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

    কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

    এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।

    গতবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়ছিলো। তবে এবার আশা করা যাচ্ছে এবারের নির্বাচন ঝামেলামুক্ত হবে।

    ইতোমধ্যেই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে।

  • সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে: পরিবেশমন্ত্রী

    সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে, বলে জানিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে। ইউএন সিস্টেম অব এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যাকাউন্টিং এর ফ্রেমওয়ার্ক এবং সংশ্লিষ্ট থিমেটিক এরিয়াসমূহের বিবেচনায় এই উদ্যোগ নেয়া হয়।”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে ‘ন্যাচারাল রিসোর্স একাউন্টস আন্ডার সিস্টেম অন এনভায়রনমেন্টাল ইকোনমিক একাউন্টিং ইন ফোকাসিং ল্যান্ড এন্ড ফরেস্ট একাউন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিবেশ পরিসংখ্যান প্রণয়নের জন্য এ সংক্রান্ত একটি সেল গঠন করেছে। এবং সেলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন করছে।”

    তিনি বলেন, “এসডিজি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, পারসপেক্টিভ প্ল্যান, ডেল্টা প্ল্যান ২১০০সহ মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান বাস্তবায়নে টেকসই পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ ও মূল্যায়নে ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টস এবং এ সংক্রান্ত আরও পরিবেশ পরিসংখ্যান অতীব জরুরী, যা বিবিএস প্রণয়ন করবে। বিবিএস পরিবেশ পরিসংখ্যান প্রণয়নের এ কাজে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থাকে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে হবে।”

    বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, “প্রাকৃতিক সম্পদের জরিপ বিষয়টি আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত, এর ফলে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্যভা-ার আরও সমৃদ্ধ হবে।”

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ জিয়াওকুন শি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র উপমহাপরিচালক পরিমল চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন খান।

    বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস এর সদরদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি, বলে জানয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন- আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মান-সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি।”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম, তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্য মন্দা। আমাদের লক্ষ্য ছিল, আমরা কারো কাছে হাত পেতে চলব না। নিজের ফসল নিজে উৎপাদন করব।”

    শেখ হাসিনা বলেন, “পার্লামেন্টে যেদিন ঘোষণা দিলাম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বসা ছিলেন। আর সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্যের সাহায্য পাওয়া যাবে না। তাদের চিন্তাধারা ছিল আমরা প্রতিনিয়ত অন্যজনের কাছে হাত পেতে থাকবো। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার খাব।”

    তিনি আরও বলেন, “২০০১ সালে আমার সরকারের মেয়াদ শেষ হলে যখন ক্ষমতা হস্তান্তর করি, তখন ২৬ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয়— ২০০৯ সালে যখন আমরা আবার ক্ষমতায় আসি তখন দেখি, ২৬ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল বাংলাদেশে।”

    সরকারপ্রধান বলেন, “আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, ২০০১ সালে বিএনপি এসে সেগুলোর ওপর হামলা চালায়। অনেকের পোল্ট্রি ফার্মে বোমা মেরে মুরগি উড়িয়ে দিয়েছে। খামারিদের কাছ থেকে গরু নিয়ে খেয়ে ফেলেছে। পেঁপে থেকে শুরু করে সকল ফলের গাছ কেটে ফেলেছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে তারা এভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। দেশের জন্য এটা কত ক্ষতি হবে সেই চিন্তা তাদের মাথায় ছিল না।”

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সাল থেকে আমরা গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। গবেষণা ইনস্টিটিউটগুলো জাতির পিতা করে দিয়ে গেছেন। গবেষণা ছাড়া উন্নত জাত বা অধিক ফলন ফলানো সম্ভব না।”

    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে সভাপতিম্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপী পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁওয়ে দুদিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের ৬৪ জেলার ৪৬৬ উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে।

    এসব প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন: গাভি, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

  • জলবায়ু সহনীয় বাড়ি তৈরি করে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা

    জলবায়ু সহনীয় বাড়ি তৈরি করে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের মেরিনা তাবাসসুম বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন । তিনি পেশায় একজন স্থপতি। উদ্ভাবক ক্যাটাগরিতে এ তালিকায় স্থান পেয়েছেন মেরিনা। তিনি একজন সফল চিন্তিবিদও।

    মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সচরাচর পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকার শব্দটি তেমন একটা উল্লেখ করা হয় না। তবে মেরিনা তেমন সাধারণ নন। তিনি স্থাপত্য কাজে এমন একটি চর্চা তৈরি করেছেন, যাতে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

    টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসসুম এমন এক ধরনের বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয়ও কম এবং সহজে স্থানান্তর যোগ্য।

    গতকাল বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে টাইম।

    তালিকায় মেরিনা তাবাসসুম ছাড়াও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পীশ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন।

    এর আগে ২০২০ সালে বিশ্বের সেরা ৫০ চিন্তাবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। গত ১৪ জুলাই বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের এই তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘প্রসপেক্ট’।

    ম্যাগাজিনটিতে বলা হয়েছে, মেরিনা তাবাসসুম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করায় দারুণ অবদান রেখেছেন।

  • দূতাবাসে নয় চীনের ভিসা এখন পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সেন্টারে

    দূতাবাসে নয় চীনের ভিসা এখন পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সেন্টারে

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: ঢাকায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করেছে চীনা দূতাবাস। এই সেন্টার বাংলাদেশের মানুষকে ভিসা-সংক্রান্ত আরও উন্নত সেবা দিবে । ফলে সাধারণ পাসপোর্টধারীদের ভিসার জন্য আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব প্রমুখ।

    অনুষ্ঠানে বলা হয়, আবেদনকারীকে ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে (www.visaforchina.cn) লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং তারপর ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে। দূতাবাস আর সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন এবং বৈধকরণের আবেদন সরাসরি গ্রহণ করবে না। চীনা দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে।

    অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনে মধ্যে সব পর্যায়ে সম্পর্ক দিন দিন বাড়ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে। সে কারণে চীনা ভিসা আরও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এই ভিসা সেন্টার চালু করা হলো।

    অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার সেই অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।

    তিনি আরও বলেন, চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে ভিসা পাওয়া আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

    ছুটির দিন ছাড়া রবি থেকে বৃহস্পতিবার ভিসা সেন্টার খোলা থাকবে। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর পাসপোর্ট সংগ্রহের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা।