Category: বাংলাদেশ

  • বাগেরহাটের সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

    বাগেরহাটের সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (০৪ মে) বিকেলে সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়।

    বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানো চেষ্টা করছেন। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, “আগুন লাগার খবর পরে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।”

    তবে কী কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

  • ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষকের বৈঠক

    ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষকের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।

    জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনি জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থনের কথা তাকে অবহিত করেন।

    আজ শনিবার (৪ মে) ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রনারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

    ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওআইসি’র সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন।

    পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসি’তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, গাম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাসমূহ অণুবিভাগের মহাপরিচালক ওয়াহিদা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সরকারের ব্যর্থতা ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব: তথ্য প্রতিমন্ত্রী

    সরকারের ব্যর্থতা ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: সরকারের ব্যর্থতা ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেইজড, সিস্টেমেটিক মিথ্যাচার ছড়ানো হয়, সেগুলো আমরা বুঝি কে করছে, কারা করছে, কেন করছে। সে বিষয়গুলোকে আমরা নিন্দা জানাই। কিন্তু গঠনমূলক সমালোচনাকে আমরা সব সময় স্বাগত জানাই এবং জানাবো। কারণ আমরা মনে করি না, সরকার যারা পরিচালনা করছেন, তারা সবাই ফেরেশতা। সবাই মানুষ। আমাদের ভুল-ত্রুটি হতে পারে, ব্যত্যয়-বিচ্যুতি থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে, এটি গণমাধ্যমের দায়িত্ব। গঠনমূলকভাবে ধরিয়ে দিলে, সেটি স্বীকার করে নিতে এবং সেগুলো শুদ্ধ করে নিতে আমাদের কোনো সমস্যা নেই।”

    আজ শনিবার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে ‘গ্রহের জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা ‘ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সম্পাদক পরিষদ।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা জানি, আজকে পরিবেশ বিপর্যয়ের মুখে। এর জন্য প্রধানত দায়ী উন্নত বিশ্ব। এর প্রধান ভুক্তভোগী যারা হতে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশ একটি। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ একটি লিডারশিপ রোল নিয়েছে ভুক্তভোগীদের পক্ষে। কাজেই এখানে আমাদের সরকারিভাবে যে নীতি গ্রহণ করা হয়েছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, সেখানে পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা সে সাংবাদিকতাকে আমরা প্রণোদনা, উৎসাহ, সমর্থন ও সুরক্ষা দিতে চাই। এখানে কোনো বিরোধের জায়গা আমি দেখি না। তবে হ্যাঁ, ক্ষেত্রবিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে। সে ব্যত্যয়গুলোকে আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন। সরকারের অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে।”

    তিনি আরও বলেন, “শুধু পরিবেশ সুরক্ষা না, মুক্ত গণমাধ্যম, গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সে বিষয়েও আমাদের অঙ্গীকার আছে এবং থাকবে। তবে রাজনীতিতে যেমন অনেক ক্ষেত্রে অপরাজনীতি আছে, বিভিন্ন পেশায় যেমন কিছু নেতিবাচক দিক আছে, তেমন তথ্যের সঙ্গেও আমরা অপতথ্যের বিস্মৃতি অনেক সময় দেখি। সাংবাদিকতার ক্ষেত্রেও আমরা অপসাংবাদিকতা আমরা দেখি। এটি শুধু আমি বলছি না, আমাদের সাংবাদিক বন্ধুরাও বলেন। সব সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, যেগুলোর রেজিস্ট্রেশন নেই, সেগুলো বন্ধ করে দেন।”

    মফস্বলের সাংবাদিকতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “ঢাকায় তো বিভিন্ন ধরনের প্রটেকশন পাওয়া যায়। এ কঠিনটা যাতে সহজতর হয়, সে পদক্ষেপ আমরা নেবো। আবার এটাও সত্যি, মফস্বলে অপসাংবাদিকতার চর্চা অনেক হয়। যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়। এ অপসাংবাদিকতার চর্চা বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। তারা (সাংবাদিক সংগঠন) নিজেরাই এ কথা বলছেন। তারা বলছেন, এখানে শৃঙ্খলা আনা দরকার, আমরা (সরকার) বলছি না। তাদের দাবির প্রেক্ষিতে গণমাধ্যমের রেজিস্ট্রেশনসহ এ ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি।”

    মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, “গণমাধ্যমকর্মী আইন নিয়েও বিশাল দাবি আছে। গণমাধ্যমকর্মী আইন গত সংসদে পাস হওয়ার কথা ছিল। শেষের দিকে এসে এটি স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল। আমি সেই গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি। যতগুলো সাংবাদিক সংগঠন আছে সবাইকে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, প্রতিটি সংগঠন থেকে দুইজন করে প্রতিনিধি দেওয়ার জন্য। তাদের সঙ্গে বসে গণমাধ্যমকর্মী আইনটি পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ আইন করে আমরা দ্রুততম সময়ে সংসদে পাস করার ব্যবস্থা করবো।”

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত হয়ে আছে। এখানে কোনো ধরনের শৃঙ্খলা ও আইনকানুন নেই। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এখানে শৃঙ্খলা আনা দরকার। তবে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে। এবং আমি মনে করি, সরকারের মধ্যে সেই স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। আমরা (সরকার) মনে করি, গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু। তারা আমাদের সহযোগিতা করেন। কারণ যেসব সমস্যা আমাদের চোখে পড়ে না, সেটি তারা দেখিয়ে দেন এবং আমরা সেখানে গিয়ে কাজ করতে পারি।”

    বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, “রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে আছে, সেটা আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে তথ্য চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকবো। এ ধরনের মানসিকতা তৈরি করার জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা ওরিয়েন্টেশন করবো। কারণ তথ্য দিলে আমার কোনো সমস্যা নেই তো৷ যদি না আমার মধ্যে কোনো গলদ থাকে। যে তথ্য পাওয়ার অধিকার মানুষের আছে, সেটি দিতে হবে। এটি আমি নিশ্চিত করবো। একইসঙ্গে বলতে চাই যেগুলো সংবেদনশীল তথ্য, যেগুলো প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে, এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে, সে চোর। তার কোনো পেশা আমরা দেখবো না৷ এ ধরনের সেনসেটিভ অ্যান্ড সিক্রেট ইনফরমেশন প্রটেকশনের আইন সবদেশে আশে। বাংলাদেশ ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোকে সব তথ্য দিতে হবে যেগুলো মানুষের জানার অধিকার আছে। একইসঙ্গে সংবেদনশীল তথ্য গোপন রাখবে। কাজেই একটি সিস্টেম করতে হবে যাতে সব তথ্য তারা অবহিত করতে পারে, আবার সংবেদনশীল তথ্য প্রটেকশনটাও রাখা জরুরি। আমরা এটি ঘেটে দেখছি, পৃথিবীর অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কীভাবে অপারেট করে। সাংবাদিকদের এক্সেস কতটুকু আছে? আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে আমরা সবকিছু রাখার চেষ্টা করবো।”

    সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বণিকবার্তা সম্পাদক দেওয়ান মাহমুদ হনিফের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন জ্যৈষ্ঠ সাংবাদিক পিনাকী রায়।

    এতে আরও উপস্থিত ছিলেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও সমকালের প্রকাশক একে আজাদ, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

  • সিপিডি ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা প্রস্তাব করেছে

    সিপিডি ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা প্রস্তাব করেছে

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের জন্য শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব করেছে । সেইসঙ্গে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

    আজ শনিবার (৪ মে) সিপিডি’র ধানমন্ডির কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনায় উঠে আসে।

    সিপিডি’র গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেমের নেতৃত্ব গবেষণা পরিচালনা করা হয়। সিপিডির সিনিয়র গবেষক তামিম আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদসহ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

    শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবনায় সিপিডি বলছে, শ্রমিকদের খাদ্যমূল্য ২০ হাজার ৫৬৪ ও নন-ফুড মূল্য ১২ হাজার ৮৮১ টাকা হিসেবে মাসে মোট ৩৩ হাজার ৪৪৫ টাকা প্রয়োজন। অ্যাংকর সিস্টেমে পরিবারের সদস্য সংখ্যা ও তাদের আয়কেও বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের আয় ও বর্তমান বাজার বিবেচনায় নেওয়া হয়। সেই হিসেবে সিপিডি মনে করছে ন্যূনতম মজুরি হওয়া উচিত ২২ হাজার ৭৭৬ টাকা। একইসঙ্গে আমাদের প্রস্তাব থাকবে গ্রেডিং সিস্টেম ঠিক করে একটি গ্রেডে আনা। এই খাতে গ্রেড উন্নয়নের সুযোগ কম, কারণ একেকটি গ্রেডের কাজ একেক রকম। যেহেতু পদোন্নতির সুযোগ নেই, তাই গ্রেডের মধ্যে কয়েকটি ভাগ করে ( যেমন-গ্রেড-৫ এর এ, বি ও সি) সাবগ্রেড করার প্রস্তাব রয়েছে। এর ফলে পদোন্নতির সুযোগ থাকবে ও শ্রমিকদের কাজে উৎসাহ বৃদ্ধি পাবে।

    গোলাম মোয়াজ্জেম তার বক্তব্যে বলেন, পোশাক শিল্পের পরে যে শিল্পটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চামড়া বা চামড়াজাত পণ্য। ট্যানার অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে ২০০ এর মতো ট্যানারি শিল্প রয়েছে। সাভারের ট্যানারি শিল্পে ১২৭টি প্লটে বিভিন্ন রকমের ট্যানারি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। ২০২৩ সালের চামড়া জাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১.২ বিলিয়ন ডলার। যার ভিতরে ট্যানারি শিল্প থেকে এসেছে ১২৩ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিলিয়ন ডলারের রপ্তানি খুঁজছে সে হিসাবে চামড়াজাত গুরুত্বপূর্ণ একটি খাত হতে যাচ্ছে।

    তিনি বলেন, চামড়াজাত নিয়ে আলোচনা আসলে সবচেয়ে বেশি পরিবেশগত বিষয়টি আলোকপাত করা হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যূনতম মজুরি। মূলত ট্যানারি শিল্পখাতে শ্রমিকদের মজুরি। ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যে হয়ত বোর্ড মজুরি সুপারিশ করবে। ট্যানারি খাতে ন্যূনতম মজুরি অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি রয়েছে। তার মানে এই নয় যে ন্যূনতম মজুরি ঘোষণার দরকার নেই। এজন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শিল্পে শ্রমিক ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী পর্যায়ে রয়েছে। আমাদের গবেষণায় এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব এসেছে, আমরা জানি শ্রমিকদের দাবি ২৫ হাজার টাকা আর মালিকদের প্রস্তাবনা ১৫-১৬ হাজার টাকা। আমি আশা করছি মজুরি বোর্ড সকল পক্ষে প্রস্তাব বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

    সিডিপির গবেষণায় বলা হয়েছে, ২০১১ সালে সর্বপ্রথম ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যার পরিমাণ ৮ হাজার ৭৫০ টাকা। ২০১৮ সালে সেটা বৃদ্ধি করে শহর অঞ্চলের জন্য ১৩ হাজার ৫০০ টাকা ও গ্রাম অঞ্চলের জন্য ১২ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২০১৮ সালে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেটা কতগুলো প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। সিপিডি’র গবেষণায় দেখা গেছে ২০২৪ সালে এসেও দেখা গেছে ৬০ শতাংশ কারখানা ওই বেতন দিচ্ছে না। প্রতিবছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও সেটা বিবেচনায় বাস্তবায়ন হার অনেক কম পাওয়া গেছে।

    সিপিডি অ্যাংকর মেথডে ৩৫টি ট্যানারির ওপর গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণা নিয়ে সিপিডির গবেষক তামিম আহমেদ বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে ট্যানারি শিল্পের জন্য আলাদা ন্যূনতম মজুরি নেই। ওই সব দেশে সকল শিল্পের একই হারে ন্যূনতম মজুরি রয়েছে। তবে ভারতে রাজ্যভিত্তিতে ন্যূনতম মজুরি রয়েছে। ভারতের কেরালায় ১৪৬, তামিলনাডুতে ১৩৮, উত্তর প্রদেশে ১২৩ ও পশ্চিম বঙ্গে ১১৭ মার্কিন ডলার ন্যূনতম মজুরি রয়েছে। অন্যদিকে ভিয়েতনামে ১৭১, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ১৮৬ ও ২৫৫ মার্কিন ডলার। সেখানে বাংলাদেশে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি ১২৩ মার্কিন ডলার, যা বাংলাদেশের খাদ্যপণ্যের মূল্য হিসেবে অনেক বলে মনে করছি।

    গবেষণায় বলা হয়েছে, গড়ে প্রতিটি ট্যানারিতে ২১ জনের মতো শ্রমিক কাজ করে। যার মধ্যে নারী শ্রমিকের সংখ্যা খুবই কম। শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেন না। ৬৫ শতাংশ মজুরি সময়মতো দেওয়া হয় না। অন্যদিকে শ্রমঘণ্টা অনেক বেশি। মজুরি সময়মতো না দেওয়া কিংবা কম দেওয়ার বড় কারণ রপ্তানি ও দেশের বাজারে বিক্রি কমে যাওয়া।

  • আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব নেওয়ার সাত মাস পর বিচারকাজ পরিচালনার জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন ।

    আগামীকাল রবিবার (৫ মে) জন্য আজ শনিবার (৪ মে) প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    এতে দেখা যায় এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুই নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

    এক নম্বর বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাশেফা হোসেন।

    দুই নম্বর বেঞ্চের সদস্যরা হচ্ছেন হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

    গত বছরের ২৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। ২৪ এপ্রিল আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

  • সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

    শুক্রবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭) ও তার মামী রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

    গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, গত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

    পুলিশ জানিয়েছে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ১০ টাকা দিয়ে টিকিট কেটে চক্ষু চিকিৎসা নিলেন শেখ হাসিনা

    ১০ টাকা দিয়ে টিকিট কেটে চক্ষু চিকিৎসা নিলেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই ১০ টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শুক্রবার (৩ মে ) সকালের দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার তা নিশ্চিত করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।

    এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর একই হাসপাতালে একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।এসময় প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন ।

  • বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন, বলে জানয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। তবে দুই একটি ব্যতিক্রম থাকতেই পারে।”

    আজ শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ২০২৪ উপলক্ষে ‘তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, “কেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়। আমি এর সঙ্গে একমত নই। সাংবাদিকরা যদি কোনো ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারে। বিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথা।”

    বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, “সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবে। তবে সেই সত্য যেন দেশপ্রেমের সত্য হয়। সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনো ক্ষতি না হয় এটা আমাদের মনে রাখতে হবে। আপনি যা দেখবেন তা লিখতে পারেন না, যদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। কিন্তু স্বাধীনভাবে লেখার যে অধিকার সেই অধিকার সাংবাদিকদের থাকতে হবে।”

    তিনি আরো বলেন, “আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবে।”

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, “প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা আমাকে দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে এটি প্রয়োগ করতে আমরা পিছ পা হবো না।

    বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন।

  • রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক

    রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: রিকশাচালকরা যাতে ছাতার ছায়ায় থেকে রিকশা চালাতে পারে তাই তাদের ছাতা বিতরণ করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ রাজধানীর উত্তরায় সিটি কর্পোরেশনের নিবন্ধিত রিকশাচালকদের ছাতা বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবার কাছে ধাপে ধাপে ছাতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিক।

    আজ শুক্রবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    তাপদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন মেয়র। এ সময় তিনি রিকশায় স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।

    এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, “দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয়, তাদের কষ্ট বেড়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা আছেন, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি। তারা যাতে অন্তত ছাতার ছায়ায় থাকতে পারেন এ জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং সেটাতে প্রয়োজন মতো স্যালাইন তৈরি করে পান করা যাবে।”

    এর আগে, ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াকওয়েটি উদ্বোধন করা হয়।

    এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।

  • আগামী ১২ মে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল

    আগামী ১২ মে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: আগামী ১২ মে প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল । এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

    বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।

    এদিকে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীর সম্মতির চিঠি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

    প্রথমদিনে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩-২০ মার্চের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।