Category: বাংলাদেশ

  • রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া-প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি।”

    আজ বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে এবং ইউএন-এসক্যাপের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য আমি গত ২৪ থেকে ২৯ এপ্রিল খাইল্যান্ড সফর করি। কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ আমার সফরসঙ্গী ছিলেন। ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছালে বিমানবন্দরে আমাকে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গানস্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।”

    শেখ হাসিনা বলেন, “গত ২২ থেকে ২৬ এপ্রিল ব্যাংককে ইউএন-এসক্যাপের ৮০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সংস্থাটির এক্সিকিউটিভ সেক্রেটারি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশে ব্যস্ত থাকায় আমি তাতে অংশ নিতে পারিনি। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমার পূর্বধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।”

    সরকারপ্রধান বলেন, “২৫ এপ্রিল সকালে ইউএন-এসক্যাপের একটি অধিবেশনে আমি এশীয় প্রশান্ত অঞ্চলে সহযোগিতা জোরদার করার মধ্য দিয়ে জাতিসংঘের এজেন্ডা ২০৩০ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করি। আমি বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আমাদের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করি।”

    তিনি আর বলেন, “একইদিনে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলিসজাহবানা আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপকালে, আমি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করি।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “থাইল্যান্ড চাইলে আমাদের দীর্ঘ ৮০ মাইল সমুদ্র সৈকতে জায়গা দেবো। কারণ থাইল্যান্ড পর্যটনের দিক থেকে অনেক অগ্রগামী। সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি। এজন্য তারা আমাদের বালুময় সমুদ্র সৈকতে বিনিয়োগ করতে চাইলে তাদের জায়গা দেওয়া হবে।”

    শেখ হাসিনা বলেন, “এ সফরের ফলে থাইল্যান্ডের কাছ থেকে সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল। সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। আপনারা জানেন যে, আমাদের দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা, যোগাযোগ, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ, সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই বন্ধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের ফল ও খাদ্য উৎপাদনে অনেক গবেষণা আছে। আমরা এসব ক্ষেত্রে মতবিনিময় করেছি। দুই দেশের মধ্যে এইসব অভিজ্ঞতা ভাগাভাগি করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যেই আমাদের চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের বন্দরের সাথে সরাসরি কার্গো নেওয়ার ব্যবস্থা আছে।”

    সরকারপ্রধান বলেন, “আমি মনে করি, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। যা ভবিষ্যতে কাজে লাগবে। যেহেতু থ্যাইল্যান্ড আশিয়ানভুক্ত দেশ এবং বর্তমানে বিমসটেকের সভাপতি। বিমসটেক আমরাই প্রতিষ্ঠা করেছিলাম এবং আমি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি। আমি আঞ্চলিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য।”

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কূটনৈতিক সম্পর্কের ৫২ বছরে থাইল্যান্ডে বাংলাদেশের সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর ছিল এটি। সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশ সরকারপ্রধান। এই সফরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং অর্থনৈতিক ও সামাজিক কমিশন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের নির্বাহী সচিব আরমিডা সালসিয়াহ আলিশাবানা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন নিয়ে অনেক কিছু হয়েছে, যাতে নির্বাচনটা না হয়। আমার শক্তি দেশের জনগণ। জনগণের শক্তির ওপর আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বলতে চাই, জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকব। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।”

  • আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

    আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: আজ বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় বসবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ।

    গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

    সংসদ সচিবালয়ে সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন বসবে। অধিবেশন হবে সংক্ষিপ্ত। এরপর জুনের প্রথম সপ্তাহে বসবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। তবে সংসদ অধিবেশনের কার্যদিবস কতোদিন হবে তা অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে বিকাল ৪টায় সংসদের ১নং স্থায়ী কমিটি কক্ষে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

    আজকের অধিবেশনের প্রথম বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হবে। রেওয়াজ অনুযায়ী সংসদের কোনও সদস্য মারা গেলে সব প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেছেন।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গ্রাম আদালত বিল ২০২৪, সংশোধিত স্থানীয় সরকারসহ ৪টি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

    উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেসন বসে, যা ৫ মার্চ শেষ হয়।

  • আগামী শনিবার থেকে মাধ্যমিক, রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

    আগামী শনিবার থেকে মাধ্যমিক, রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: রমজান মাস, ঈদুল ফিতর এবং কয়েক দফায় তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। আগামী শনিবার (৪ মে) থেকে খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। আর রবিবার(৫ মে) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।

    আজ বৃহস্পতিবার (০২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

    শনিবার থেকে কতদিনের জন্য শ্রেণিকার্যক্রম চলবে- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এটি সাময়িক। বন্ধের কারণে শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারের সিদ্ধান্ত বদল করা হবে।

    তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছিল আদালত। সে অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।

    তাপদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়।

    কিন্তু তাপদাহের তীব্রতার কারণে ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

    এরপর ৩০ এপ্রিল ২৭ জেলার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়।

  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত ৩ বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ।

    বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আজ  বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকেন।

    এরপর ৩ বিচারপতি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুহর তার পরিবারের  শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত ও পবিত্র ফাতেহা পাঠ করেন ।

    প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায়।

    শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন, আপিল বিভাগের  রিসার্চ  এন্ড রেফারেন্স অফিসার   যুগ্ন জেলা জজ  এবিএম আশরাফুল হক,  মিল্লাত হোসেন,  নওরিন আক্তার, গোপালগঞ্জের  সিনিয়র সহকারী জাজ শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক  প্রমুখ।

  • ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার

    ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: আগামীকাল শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা হবে।

    ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য কর্তৃপক্ষ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

    তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে তাপপ্রবাহ চলমান। যেহেতু শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী নিকটবর্তী কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেহেতু এবার আমরা অভিভাবকদের কেন্দ্রে না আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

  • মে দিবস উপলক্ষে বিলস এর মানববন্ধন

    মে দিবস উপলক্ষে বিলস এর মানববন্ধন

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এক মানববন্ধনে জানিয়েছে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং ট্রেড ইউনিয়নের ক্ষমতায়নের মাধ্যমেই শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।

    আজ বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনেটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একটি ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র স্থাপন করা হয় যেখান থেকে শ্রমিক অধিকার বিষয়ক গবেষণালব্ধ তথ্য ও সচেতনতামূলক বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন বিলস ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বিলস নির্বাহী পরিষদ সদস্য উম্মে হাসান ঝলমল, নাসরিন আক্তার দিনা, শামীম আরা, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, পরিচালক কোহিনুর মাহমুদ, নাজমা ইয়াসমিনসহ অনেকে।

    বক্তারা মহান মে দিবসের চেতনা ও গৌরবের ইতিহাস উল্লেখ করে বলেন, মে দিবসের মূলমন্ত্রকে ধারণ করে একটি সত্যিকার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলে এবং ট্রেড ইউনিয়নের ক্ষমতায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিত করেই সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

    তারা বলেন, অবকাঠামো উন্নয়নের সাথে শ্রমিকের উন্নয়ন নিশ্চিত করতে হবে, আইন কানুন ও নীতিমালার সর্বোত্তম ব্যবহার করতে হবে, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে রাসায়নিক, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা।

    ইউনিয়নের মাধ্যমে শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শ্রমিকের ক্ষমতায়নও জরুরি বলে উল্লেখ করেন তারা।

    বক্তারা আরও বলেন, অটোমেশনকে শ্রমিকের বিপরীতে দাঁড় না করিয়ে বরং এর মাধ্যমে শ্রমিকের কষ্ট লাঘব করতে সচেষ্ট হতে হবে। কার্বন নিঃসরণ হ্রাস, আবর্জনা ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানির যথাযথ ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করাসহ সর্বোপরি দায়িত্বশীল উৎপাদনের মাধ্যমে শিল্পক্ষেত্রে টেকসই উন্নয়ন অনুশীলন করা সম্ভব। এ জন্য চাই শ্রমিকের সবুজ সামাজিক আন্দোলন ও সংলাপ।

  • মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

    মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণী দিয়েছেন। বণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ‘মহান মে দিবস ২০২৪’ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

    রাষ্ট্রপতি বলেন, “বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতা, শ্রমিক-মালিক সুসম্পর্ক, উন্নত কর্মপরিবেশসহ শ্রমিকের সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ যথাযথ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”

    তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকল্পে তিনি মজুরি কমিশন গঠন করেন এবং শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন। ১৯৭২ সালে জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং আইএলও’র ছয়টি কোর কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও অধিকার রক্ষায় যা ছিল এক অনন্য মাইলফলক।”

    মো. সাহাবুদ্দিন বলেন, “বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্নপূরণের অন্যতম অনুষঙ্গ শ্রমজীবী মানুষের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। শ্রমিক-মালিক সম্প্রীতি ও যৌথ প্রয়াস দেশের উন্নয়নকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।”

    তিনি বলেন, “টেকসই শিল্প ও বাণিজ্য খাত গড়তে বিনিয়োগ-বান্ধব পরিবেশ, শ্রমিকের একাগ্রতা এবং শ্রমিক-মালিকের পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে হবে। আমি আশা করি, শ্রমিক ও মালিকের ইতিবাচক ও প্রাগ্রসরমান অংশগ্রহণের মাধ্যমে শ্রমক্ষেত্রে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মহান মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য ওতপ্রোতভাবে জড়িত। তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সকলে স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করি।”

  • আমরা চাই, মালিক-শ্রমিক উভয়পক্ষ লাভবান হোক: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: আমরা চাই, মালিক-শ্রমিক উভয়পক্ষ লাভবান হোক, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমাদের কিছু লোক আছে, কথায় কথায় শ্রমিকদের নিয়ে রাস্তায় নেমে যায়। যে কারখানা আপনার রুটি-রুজির যায়গা, এতে আপনার পরিবারও চলে। সে কারখানা বন্ধ হলে আপনি, আপনার পরিবার ও মালিকরাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু লাভবান কে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে।”

    আজ বুধবার (১ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাই। দেশটা আমাদের। এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখবো। এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের মাটি ও মানুষের চরিত্র, বৈশিষ্ট্য আমরা জানি। সমস্যার সমাধানও আমরা করতে পারবো।”

    তিনি বলেন, “আমাদের দেশ আমরা এগিয়ে নিয়ে যাবো। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়বো। এজন্য উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। নিজেদের প্রয়োজন নিজেরা মেটাবো। কারো কাছে হাত পাতবো না। জাতির পিতা বলেছেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না। আমাদের জনবল আছে, শ্রম দিতে পারবো, বাকি সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াবো।”

    শ্রমিকদের জন্য নেওয়া তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “শিল্পকল-কারখানা যাতে বন্ধ না হয়, সে ব্যবস্থা নিয়েছি। এমনকি করোনায় আমরা প্রণোদনা দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটেও শ্রমিক ও ব্যবসায়ীদের পাশে ছিলাম। গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৮২০০-১২৫০০ করে দিয়েছি।”

    প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মে দিবসকে প্রথমে শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও দিয়েছিলেন।”

    তিনি বলেন, “মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন-পালন করে গড়ে তোলেন, ঠিক সেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়ে সব কলকারখানা জাতীয়করণ করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সে পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন।”

    শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মজুরি কমিশন গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “মে দিবসের সরকারি ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু। এদেশে মানুষের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন।”

    শেখ হাসিনা বলেন, “খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমরা সব সময় সেই পদক্ষেপ নিই। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সব মালিক বাংলাদেশে ছিল শিল্প কলকারখানা মালিক তারা হবেন। আর যেগুলো মালিকানাবিহীন সেগুলো সরকার চালাবে। সে ব্যবস্থাও তিনি করেছিলেন, সরকারি খাতকেও গুরুত্ব দিয়েছিলেন।”

    তিনি বলেন, “মাত্র নয় মাসের তিনি আমাদের একটি সংবিধান দেন। সংবিধানের ১৩ অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী? সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠার থাকবে, সমবায় হবে এবং বেসরকারি প্রতিষ্ঠান থাকবে। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করার এটাই ছিল জাতির পিতা লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করে আমাদের প্রধান কাজ হলো মানুষের কল্যাণ করা। সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২০০৮ নির্বাচনের ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো।”

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহীম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।

  • সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষক, শ্রমিকের মতো মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্য নিয়ে সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়।

    আজ বুধবার (১ মে) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

    তিনি বলেন, সারা দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে গিয়ে সমস্যার কথা বলবেন,  স্বাস্থ্যসেবা পাবেন।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, “সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত কেন্দ্রগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন, গরমে কেমন স্বাস্থ্য সেবা পাচ্ছেন তারা সেটা নিশ্চিত করছেন।”

    বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার মধ্যে  দিয়ে শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়া স্বাধীনতার মূল লক্ষ্য ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে  চিকিৎসক সমাজ সব সময় শ্রমজীবী মানুষের সঙ্গে আছে, তারই অংশ হিসেবে মহান মে দিবসে বিএমএ ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করেছে।”

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে মে দিবসের উৎপত্তি। সেখানে মে দিবস উপেক্ষিত, বাংলাদেশে মে দিবসের লক্ষ্য পূরণে রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদ্‌যাপন করা হয়।”

    সরেজমিনে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল চত্বরে দেখা যায় বিনামূল্য সব ধরনের স্বাস্থ্যসেবার জন্য বুথ খোলা হয়েছে। সেবা দেওয়া হচ্ছে হাসপাতালেও। দিনভর ৪০ জন চিকিৎসক  শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষকে সেবা দেবেন।

    স্বাস্থ্য সেবা কেন্দ্রের বুথে দেখা যায় শিল্পাঞ্চলের স্ট্যান্ডার্ড তৈরি পোশাক কারখানার কর্মী তৌফিকুল রহমান সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, মে দিবস উপলক্ষ্যে আজ নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে, তাই তিনি এসেছেন। অপেক্ষা করছেন চিকিৎসা নেওয়ার জন্য।

    চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছেন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। মে দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে শুনে তিনিও এসেছেন।

    আনোয়ার হোসেন জানান, অন্যদিন অফিস খোলা থাকার কারণে তিনি ডাক্তার দেখানোর সময় পান না। আজকে এসেছেন চিকিৎসা নেবেন বলে।

    মে দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী সেবা বুথগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি নিজেও চিকিৎসা নেন।

    এরপর  কর্মজীবী শিশুর হাতের ইট ভাঙার হাতুড়ি ফেলে দিয়ে বই, ফুটবল ও চকলেট তুলে দেওয়ার মাধ্যমে ‘সব শিশুরা যাবে স্কুলে’ কর্মসূচিরও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

  • বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন: খাদ্যমন্ত্রী

    বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন: খাদ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন, বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, “১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে মেহনতি মানুষেরই জয়গান গেয়েছেন। তিনি বলেছিলেন, ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে শাসক, আর অন্যদিকে শোষক। আমি শোষিতের পক্ষে।’ বঙ্গবন্ধুর এই ভাষণকে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষ তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছিলেন। বঙ্গবন্ধু জানতেন শোষিত নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে সাম্যতা আসবে না।”

    আজ বুধবার নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখা আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন,‘আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সুফলা, শস্য-শ্যামলা বাংলায় রূপান্তরিত করব।’ বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়সম্পূর্ণ।”

    তিনি বলেন, “শ্রমিকরাই জাতীয় অর্থনীতির চাকা সচল রাখে। তাই শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। উন্নত কর্মপরিবেশ শ্রমিকের কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে। তাই শোভন কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগ করতে হবে।”

    খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এ যাবতকালের সেরা উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে মালিকদের সাথে কথা বলে তাদের মজুরি বৃদ্ধি করেছেন। দেশের ভেতরে ও বাইরে কর্মরত শ্রমিকদের কঠোর পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। অচিরেই ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে।”

    নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল মজিদ, ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস