www.HelloBangla.News – জাতীয় – ৫ নভেম্বর, ২০২৩: রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল। ২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩২ মিনিটে।
সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্রুতগতির মেট্রোট্রেন যাত্রীদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।
সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে। যদিও আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
এদিকে মেট্রোরেল সকালের মতো বিকেলের অফিস শেষের সময়ও মতিঝিলে মেট্রোরেল চালানোর দাবি করেছে অনেক যাত্রী। মেট্রোরেল শুধু সকালের শিফটে চালু হচ্ছে । তাই দেখা যাচ্ছে যে ফেরার পথে ওই আগের মতোই ধকল সয়ে পৌঁছাতে হবে।
অবশ্য মেট্রোরেলের কর্মকর্তাদের ভাষ্যে, উত্তরা থেকে আগারগাঁও অংশের মতোই মতিঝিল অংশে ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হবে।










