Category: বাংলাদেশ

  • সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর  গভীর শ্রদ্ধা

    সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ নভেম্বর, ২০২৩: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এসময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

    পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত শেখ হাসিনা শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

    এরআগে শিখা অনির্বাণে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং তিন বাহিনীর প্রধানরগণ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছলে পিএসও এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকরা তাঁকে অভ্যর্থনা জানান।

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে যা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে।

    দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এই দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

    সূত্র: বাসস

  • পিছিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    পিছিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ নভেম্বর, ২০২৩: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরিক্ষা প্রথমে ২৪ নভেম্বর এবং পরে ১ ডিসেম্বর নেওয়ার কথা ছিল । অনিবার্জ কারণে প্রথম পর্বের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৮ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সভায় জানানো হয়, ৮ ডিসেম্বর প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

    প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

    এর আগে প্রথমে ২৪ নভেম্বর এবং পরে ১ ডিসেম্বর নেওয়ার কথা ছিল এ নিয়োগ পরীক্ষা।

    গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

    প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কমাতে বিভাগগুলোকে ক্লাস্টারে ভাগ করে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে স্কটল্যান্ডের ছয় সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে স্কটল্যান্ডের ছয় সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২০ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল আজ সোমবার (২০ নভেম্বর) গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

    প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

    স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

    ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

    প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

    প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশী প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশী দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২০ নভেম্বর, ২০২৩: পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে।’

    বাংলাদেশে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর আজ সেমবার ( ২০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

    সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বৈঠকে পর্যটন নিয়ে আলোচনা হয়েছে।

    প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুকেও শুভেচ্ছা জানান।

    রাষ্ট্রদূত বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে।

    প্রধানমন্ত্রী বলেন, অনেক বাংলাদেশি কর্মী মালদ্বীপে কাজ করছেন।

    ‘তারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে,’ তিনি বলেন।

    মালদ্বীপের রাষ্ট্রদূত ঢাকায় তার দায়িত্ব পালনে তাঁর সরকারের সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    তিনি বলেন, তার মেয়াদে মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডার এট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।

    সূত্র: বাসস

  • বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল দেওয়ার বিবেচনা করবে ইসি

    বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল দেওয়ার বিবেচনা করবে ইসি

    www.HelloBangla.News – জাতীয় – ২০ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএসপিসহ বেশ কয়েকটি দল। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী গীলসহ বেশ কিছু দল দলিয় অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘বিএনপিসহ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া অন্যান্য দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে পুনঃতফসিল দেওয়ার বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিএনপিকে ফরমালি ভোটে আসার কথা জানাতে হবে।’

    আজ সোমবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি বেগম রাশেদা সুলতানা।

    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘দেখেন যদি ফিরতে চান, আমার জানা মতে আগের ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। তারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যায়, এ নিয়ে নিশ্চয় আমরা আলোচনা করব। সিদ্ধান্ত নেব। ওনারা (নির্বাচনে) আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কখনোই ওনাদের আমরা ফিরিয়ে দেব না। ’

    তিনি বলেন, ‘বিস্তারিত এখন কিছুই বলব না। ওনারা (বিএনপিসহ তফসিল প্রত্যাখ্যানকারী অন্যান্য দল) যদি আসে, আমরা কমিশনাররা বসব। আইনকানুন দেখব। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারব না।’

    তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে কিন্তু তাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। যেভাবে আইনে আছে আমরা সেভাবেই করব। আমি বিস্তারিত আর কিছু বলব না।’

    রাশেদা সুলতানা আরও বলেন, ‘অতীতে যেভাবে হয়েছে আমরা দেখব। যদি বাড়ানো প্রয়োজন হয়, আমরা বাড়াব। যদি এই তফিসলের মধ্যেই আসেন, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নাই।’

    অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নিশ্চয়ই অংশগ্রহণমূলক নির্বাচনের এখনো সুযোগ আছে। মাঠের রাজনীতি অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না এমন কোনো কথা নেই। যেকোনো মুহূর্তে শান্ত হতে পারে।’

    রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। নিশ্চয় আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করব।’

  • আজ থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    আজ থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২০ নভেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও মেলেনি অনেক প্রশ্নের উত্তর। এরই মধ্যে সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।  ইতিমধ্যে বেশ কিছু দল মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

    আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বনানীস্থ কার্যালয়ে মোনাজাতের মাধ্যমে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

    রওশন এরশাদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। আজ থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

    জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

    জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কার্যালয়ের তৃতীয় তলায় ৮টি বিভাগের মননোয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, চট্রগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের মননোয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

    দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বিতরণ শেষে আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।

  • বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানি এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডের বাজারকে ছাড়িয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যেন ছাড়িয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে।’

    তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে,’  উল্লেখ করে তিনি বলেন,  ‘এককভাবে কোন দেশ যদি এক খন্ড জমি চায় আমরা তাও দেব আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে  করতে চাইলে সেটাও করা হবে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার অনেকগুলো সংস্থা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে-বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (এইচটিপিএ) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)। বিনিয়োগের সুবিধার্থে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোতে ওয়ান স্টপ পরিষেবা চালু করা হয়েছে।’

    সরকার প্রধান বলেন, ‘বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সমস্ত অফিস সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটালাইজড করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। একইসাথে কর মওকুফ, রেমিটেন্স রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন, আইন দ্বারা বিদেশী বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।’

    তিনি বলেন, ‘তাঁর সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য জাতীয় শিল্পনীতি ২০২২-এ সরবরাহ খাত, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট খাত এবং পর্যটন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘ব্লু-ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা নতুন পরিকল্পনা প্রণয়ন করেছি। লজিস্টিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং এই খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য শিল্প খাতের উন্নতি ত্বরান্বিত করার লক্ষে জাতীয় লজিস্টিকস ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশে এখন জ্বালানি, পানি, লজিস্টিকস এবং পরিবহন খাতে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে।’

    তিনি বলেন,  ‘২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে শেখ হাসিনা বলেন, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ও শক্তিশালী রপ্তানি কৌশল এবং শিল্পনীতি বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা ২০৩১ সালের মধ্যে জিডিপি-তে বেসরকারি বিনিয়োগের অনুপাত ৩১ দশমিক ৪৩ শতাংশে উন্নীত করতে চাই।’

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন প্রায় সতের কোটি মানুষের একটি বড় অভ্যন্তরীণ বাজার। এটি ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে আমাদের দেশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ‘২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও ধনীক শ্রেণির সংখা হবে ৩ কোটি ৪০ লাখ। ২০৪০ সালের মধ্যে আনুমানিক মাথাপিছু জিডিপি দাঁড়াবে ৫ হাজার ৮৮০ মার্কিন ডলার। কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩শ’ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে।’

    অনুষ্ঠোনে শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

    সরকার প্রধান আরও বলেন, ‘এসকল সাফল্যের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এখন ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’

    তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোট জনগোষ্ঠীর ৭৮.৫৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছে যা বিশ্বব্যাপী অনলাইন শ্রমের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। আইসিটি রপ্তানি খাতে ২০২৩ সালে আমরা অর্জন করেছি ১.৯ বিলিয়ন ডলার। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এই খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।’

    তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় মাত্র এক দশকে তিনগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৭৯৩ মার্কিন ডলারে। জিডিপির আকার ২০০৬ সালের ৪ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫০.৩১ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে দারিদ্রের হার প্রায় ৩ গুণ কমে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিগত প্রায় ১৫ বছরের উন্নয়নের কৃতিত্ব দেশের বেসরকারি খাতের। তিনি বলেন, ১৯৯৬ সালে আমরা বেসরকারি খাতের জন্য ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দেই। গত ১৫ বছরে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়নে নানা মূখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছি। এর ফলে বেসরকারি খাত আরও শক্তিশালী ও বিকশিত হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

    সরকার প্রধান বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। যেটা ’৭৫ সালে আমরা স্বীকৃতি পাই কিন্তু এরপর আর বেশিদূর এগুতে পারেনি’।

    তিনি বলেন, ‘আমাদের বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের ওপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং ২০২৬ সাল থেকে এই উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা শুরু হবে। তার প্রস্তুতিও আমরা এখন থেকে নিচ্ছি।’

    শেখ হাসিনা বলেন, ‘আশা করা হচ্ছে ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’। কারণ, জাতিসংঘ ঘোষিত এসডিজিও তাঁর সরকার বাস্তবায়ন করে যাচ্ছে এবং এতে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। যদিও আন্তর্জাতিক পর্যায়ের অনেক সমস্যার প্রভাব বাংলাদেশে পড়েছে। তবুও এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বাংলাদেশ।’

    প্রধানমন্ত্রী ফিকি’র সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা আমাদের লক্ষ্যের সাথে একাত্ত্বতা প্রকাশ করে টেকসই ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসার বিকাশ ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে। আমাদের দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ফিকি’র প্রকাশনা দু’টি এবং ‘ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩’ সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া, ফিকি’র সভাপতি নাসের ইজাজ বিজয় ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দীপল আবেবিক্রমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    বাংলাদেশে বিনিয়োগকারী কয়েকজন আন্তর্জাতিক সফল বিনিয়োগকারীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    ‘ফর এভার ফিউচার ফরওয়ার্ড’ শিরোনামের একটি ভিডিও প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

    প্রধানমন্ত্রী ফিকির গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন-২০৪১: প্রাইওরিটিজ ফর বিল্ডিং এ কনডাক্টিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি কমিটি প্রণোদিত ‘ইএসজি স্ট্রাটেজিস এন্ড ইমপাক্টস ফ্রম দি মেম্বারস অব এফআইসিসিসিআই’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচান করেন।

    প্রধানমন্ত্রীকে প্রখ্যাত বাংলাদেশী শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের তৈরি একটি স্মারক উপহার দেওয়া হয়, যা বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক।

    বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয় হল এফআইসিসিআই’র ৬০ বছর উদযাপন এবং বিনিয়োগ এক্সপো-২০২৩-এর কৌশলগত অংশীদার।

    ইনভেস্টমেন্ট এক্সপো -২০২৩ এফআইসিসিআই সদস্য এবং সরকারি স্টেকহোল্ডারদের প্রদর্শকদের সাথে স্থানীয় এবং বিদেশী উভয় বিনিয়োগকারীদের লক্ষ্য করে ৪০টি স্টল প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেছে। ‘রেডিসন ব্লু’ এর ওয়াটার গার্ডেনে ‘ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩’ আজ এবং আগামীকাল চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।

    সূত্র: বাসস

  • উৎসবের আমেজে দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

    উৎসবের আমেজে দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীকের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু করেছে আওয়ামী লীগ।

    আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দলটি।এলাকাটিত উৎসবের আমেজ বিরাজ করছে।

    এর আগে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে আসতে শুরু করেন। ফরম বিক্রি শুরুর আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তবে একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যেন অনেক মানুষ কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেজন্য কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সারি বেঁধে মনোনয়নপ্রত্যাশীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন তারা। একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কয়েকজন সমর্থককেই ঢুকতে দেওয়া হচ্ছে।

    মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।

    দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ গতকাল শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। প্রথম দিন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

  • ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

    ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

    তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

    সূত্র: বাসস

  • দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। আজ হরতালের প্রথম দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

    ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড করা পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে।