Category: বাংলাদেশ

  • সকাল থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    সকাল থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: তৃণমূল বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে । প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৩ জন প্রার্থী।

    আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

    তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

    প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, বগুড়া-৩ আসনে আবদুল মোতালিব, কুষ্টিয়া-১ আসনে আবদুল খালেক সরকার, খুলনা-৪ আসনে অবসরপ্রাপ্ত মেজর ডা. শেখ হাবিবুর রহমান, দিনাজপুর-৬ আসনে মো. মোফাজ্জল হোসেন, শৈলকূপা-১ (ঝিনাইদহ) আসনে কে এ জাহাঙ্গীর মাজমাদার, নাটোর-২ আসনে মো. মজনু মিয়া, শেরপুর-১ আসনে ফারুক হোসেন, ঢাকা-৮ আসনে এস এম আকাশ।

  • যাদের মানুষের ওপর আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

    যাদের মানুষের ওপর আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: যাদের মানুষের ওপর আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

    এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।

    শেখ হাসিনা বলেন, আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দেবো। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে।

    পরে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে এর পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষই তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি। আমাদের কষ্টের অর্জিত গণতান্ত্রিক ধারাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, এটাই আমার আহ্বান।

    তিনি আরও বলেন, দেশবাসী ভোট দিয়ে তাদের প্রিয় মানুষকে নির্বাচিত করবে। যারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। কাজে এটা হচ্ছে জনগণের অধিকার। জনগণের অধিকার যারা কাটতে চেষ্টা করবে, জনগণের অধিকার যারা কেড়ে নিতে অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে। আমি জনগণের কাছে সেই আহ্বানটাই জানাই।

  • ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

    ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হতে পারে। এ সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

    আজ শনিবার (১৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।

    তিনি বলেন, `ফল প্রকাশের জন্য আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তবে আমরা এখনও তারিখ পাইনি।‘

    রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

    সারাদেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    চলতি বছর সব বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে পরীক্ষার্থীরা অংশ নেয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।

    দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

    দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ও ছাত্রী ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন। মোট কেন্দ্র এক হাজার ৫৩৫টি ও প্রতিষ্ঠান ৪ হাজার ৬৪৭টি।

    মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি ও শিক্ষপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

    কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪টি।

  • এবার ১২টি সংগঠন পেয়েছে ‘জয় বাংলা’ ইয়ুথ অ্যাওয়ার্ড

    এবার ১২টি সংগঠন পেয়েছে ‘জয় বাংলা’ ইয়ুথ অ্যাওয়ার্ড

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে ১২টি সংগঠনের হাতে উঠলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বিজয়ীদের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন ।

    আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব।

     

    এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী যে ১২ সংগঠন বিজয়ী হয়েছে:

     

    ১. সোশ্যাল ইনক্লুশন বা সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে ‘উইমেনস ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি’ ও ‘স্বপ্ন এক চিলতি হাসির জন্য’ নামের দুইটি সংগঠন।

    ২.দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে ‘ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন’ ও ‘এফএপিএ বাংলাদেশ’ নামের ২টি সংগঠন। ।

    ৩. উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে ‘ক্লিয়ার কনসেপ্ট’ ও ‘টিম অ্যাটলাস’।

    ৪. সমাজের উন্নয়ন ক্যাটাগরিতে ‘নুপম ফাউন্ডেশন’ ও ‘আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন’ (এপিওয়াইও)।

    ৫.জলবায়ু ও পরিবেশ সুরক্ষা ও সচেতনতা সৃষ্টি ক্যাটাগরিতে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবিডি) ও ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’।

    ৬. শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে ‘অভিনন্দন ফাউন্ডেশন’ ও ‘টঙ্গের গান’।

    জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয় যা ১৫ অক্টোবর পর্যন্ত চলে। সারা দেশ থেকে আসা ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই ও ফিল্ড ভিজিট শেষে ছয় ক্যাটাগরিতে এবার ১২টি সংগঠনকে দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

    এবারের পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডে ছিলেন অ্যাক্টিভিস্ট ও উন্নয়ন বিশেষজ্ঞ আসিফ মুনীর, মুক্তিযোদ্ধা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মখদুম নার্গিস, সাংবাদিক ও আর্টিস্ট এলিটা করিম, অভিনয় শিল্পী মোশাররফ করিম, উদ্যোক্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মালিহা মান্নান আহমেদ, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

  • বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম এবং সৌদি আরবে সাম্প্রতিক সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।’

    বৈঠকে প্রধানমন্ত্রী ব্রাসেলস ও জেদ্দা সফর সংক্রান্ত দু’টি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

    প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ যোগ দিতে তিনদিনের (২৫-২৭ অক্টোবর) সরকারি সফরে গত ২৪ অক্টোবর বেলজিয়াম যান।

    পরে, সরকার প্রধান জেদ্দায় চার দিনব্যাপী (৬-৮ নভেম্বর) ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরে যান।

    শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল বিদেশ সফরের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং

    একে অপরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

    প্রধানমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করায় রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

    এরআগে সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

    প্রধানমন্ত্রীও প্রথা অনুযায়ী রাষ্ট্র প্রধান এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।

    এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাবে বিশ্বে যুদ্ধ চলছে: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাবে বিশ্বে যুদ্ধ চলছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ নভেম্বর, ২০২৩: বিশ্বে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে, বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বাসের ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাবে ইউরোপে যুদ্ধ এবং ফিলিস্তিনে গণহত্যা চলছে। এসব সংঘাত জরুরি ভিত্তিতে যুদ্ধরত দেশ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা তৈরির আহ্বান জানায়।’

    আজ শুক্রবার (১৭ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ-২০২৩’ সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি এ আহ্বান জানান।

    ভার্চ্যুয়ালি দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ-২০২৩’ এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ-২০২৩’ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য-প্রত্যেকের আস্থা নিয়ে প্রত্যেকের প্রবৃদ্ধির জন্য ঐক্য। এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব আজ ‘বিশ্বাসের ঘাটতি’ নামক যে গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি। এমন সময় প্রতিপাদ্যটি সময়োপযোগী।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘এক বিশ্ব হিসেবে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার এবং সংঘাত বন্ধের দাবি জানানোর এখনই সময়।’

    শেখ হাসিনা বলেন, ‘নির্মম গণহত্যার মুখে অসহায় ফিলিস্তিনিদের মর্মান্তিক ও অমানবিক অস্তিত্বে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এক বিশ্ব হিসেবে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার এবং সংঘাত বন্ধের দাবি জানানোর এখনই সময়।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পৃথিবী অসহনীয় দারিদ্র্য, অবাঞ্ছিত বৈষম্য, অসহনীয় সন্ত্রাস এবং জলবায়ু পরিবর্তনের সর্বনাশা হুমকিতে জর্জরিত। এ ছাড়া এখন গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ এবং দুর্ভোগ হিসেবে আবির্ভূত হয়েছে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা।’

    তিনি বলেন, ‘এ সংকটময় সময়ে বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকের প্রবৃদ্ধি অর্জনে প্রত্যেকের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্রস্তাবনা পেশ করে বলেন, ‘খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজন বিষয়ে বাংলাদেশ গ্লোবাল সাউথের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।’

    প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার পক্ষের একজন দৃঢ় সমর্থক হিসেবে বিশ্বাস করি মানবতার সার্বিক কল্যাণের জন্য বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। গ্লোবাল সাউথকে অবশ্যই একতরফা নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে থাকতে হবে।’

    দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, ‘বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রাণবন্ত সমাজ গঠন গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বপালনকারী নারী নেত্রী হিসেবে আমি নিশ্চিতভাবে জানি একটি উজ্জ্বল ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য নারীর ক্ষমতায়ন একটি কৌশলগত প্রয়োজন।’

    তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী জলবায়ু প্রসঙ্গে বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা অত্যাবশ্যক। জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং প্রাসঙ্গিক প্রযুক্তি বিনিময় অপরিহার্য।’

    চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা বলেন, ‘প্রধান জনশক্তি রপ্তানিকারক দেশগুলো গ্লোবাল সাউথে। এ হিসেবে সবার জন্য উন্নত জীবন, জনশক্তি রপ্তানিকারক দেশ এবং আমদানিকারক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে গ্লোবাল সাউথের উচিত উন্নয়ন প্রক্রিয়ায় অভিবাসনকে সুবিন্যস্ত করা।’

    পঞ্চম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত এবং কোভিড-১৯ এর কারণে স্বল্পোন্নত দেশগুলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকালে এবং উত্তরণের পর একটা ভালো সময় ধরে এসব দেশকে পণ্যের ডিউটি ও কোটা ফ্রি প্রবেশ সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়ার আহ্বান জানাই।’

    দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ-২০২৩’ শীর্ষ সম্মেলনের আহ্বান করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে: সেতুমন্ত্রী

    বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি মত পরিবর্তন করে নির্বাচনে এলে স্বাগত জানানো হবে।

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের এ কথা জানান। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। কারও জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি। একা নির্বাচন করতে চাই না, সবাইকে নিয়ে ক্ষমতায় যেতে চাই।’

    তিনি বলেন, যারা নির্বাচনে আসতে চায় তাদের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। কাউকে নির্বাচনে নিরুৎসাহিত করবো না। বিএনপি যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাই।

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা সংলাপের পক্ষে। ২০১৮ সালে বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুইবার সংলাপ করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ফোন করেছেন। কিন্তু খালেদা জিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে প্রধানমন্ত্রীকে। তার ছেলে মারা গেছে, তখনও গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবারও রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, নির্বাচন কমিশন ডেকেছে। তারা সাড়া দেয়নি। এখন নির্বাচনের তফসিল হয়ে গেছে। এখন আর সংলাপ করার মতো সময় নেই।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক শামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

    উল্লেখ্য, আগামীকাল বিকেল ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে দলের সভাপতি শেখ হাসিনা অংশ নেবেন। তিনি ভার্চুয়ালে মনোনয়ন ফরম বিক্রয় উদ্বোধন করবেন। শনিবার থেকেই সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

  • নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে: আইনমন্ত্রী

    নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ সরকার করবে না । এসময় তিনি বলেন, ‘ যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এখন নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। যে সরকার আছে, সেই সরকার গতানুগতিক রুটিন কাজগুলো করে যাবে।’

    আজ  বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন

    আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে। তবে নির্বাচনের কারণে পলিসি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।’

    আনিসুল হক বলেন, ‘এটি একটি স্বাধীন দেশ। যদি প্রয়োজন হয়, অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে, কোনো বিশেষ কারণে, বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি কারণে। সেখানে আইন হবে না, এ কথা আমি বলতে পারি না।’

    তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলার বিষয়ে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতনের বিষয়ে, প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে, এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে।’

    তিনি আরও বলেন, ‘উন্নয়ন কাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে। তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না। নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে না। নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ আমরা করব না।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ মোটেও আমার অধীনে না। ম্যাজিস্ট্রেটরাও না। বিচার বিভাগ স্বাধীন এবং অধস্তন আদালতগুলো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আওতায়। সুপ্রিম কোর্টের ক্ষমতায় তারা বলবে, আইন মন্ত্রণালয়ের অধীনে চলবে না। আমি বহুবার বলেছি, আইন মন্ত্রণালয় হচ্ছে, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের একটি সেতুবন্ধন।’

    পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্বাচন কমিশন চালাবে- ‘জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি হচ্ছে যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য থাকে, তাহলে তারা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে এবং নির্বাচন কমিশন যেটা বলেছে, সেটা যৌক্তিক হলে নির্বাচন কমিশন সেটা করবে।’

  • মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে: ইসি সচিব

    মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে: ইসি সচিব

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘প্রথমত নির্বাচন আচরণ বিধিমালায় সুস্পষ্টভাবে নির্বাচনপূর্ব সময় বলতে তফসিল ঘোষণার দিন থেকে বলা আছে। আইনে বলা আছে, নির্বাচনের ফল ঘোষণার সময় পর্যন্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা-২০০৮ অনুসরণ করতে হবে।’

    জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বদলির ক্ষেত্রে কমিশনের অনুমোদন নিতে হবে, বলেও জাননা তিনি।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এসব কথা জানান।

    মন্ত্রী-এমপিদের প্রচার-প্রচারণা নিয়ে কোনো পরিপত্র জারি হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। যেহেতু এটি আইনে আছে, সেহেতু প্রয়োজন নেই।’

    ইসি সচিব বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, নির্বাচনকালীন কোনো বিষয়ে নির্বাচন কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে। সেখানে বলে দেওয়া আছে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ কয়েকজন এবং তাদের অধস্তনদের বদলির ক্ষেত্রে কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে। সুতরাং তারা কমিশনের আওতায় চলে আসবেন, অধীন আসবেন- আইনে কিন্তু এভাবে বলা নেই। বলা আছে, কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে।’

    তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হয়েছে। সে সময়ের আগে যদি বদলি বা পদোন্নতি করা হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনে যে পদমর্যাদার কথা বলা আছে, সে পদমর্যাদার বদলির প্রস্তাব যদি কমিশনে আসে, কমিশন অনাপত্তি জানাতে পারে, আপত্তিও জানাতে পারে। এ পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।’

    আরেক প্রশ্নের জবাবে মো. ‘জাহাংগীর আলম বলেন, ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর থেকে। সেগুলো জেলা পর্যায়ে যাবে নির্বাচনের তিন-চারদিন আগ থেকে। সে সময় এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’

    স্থানীয় সরকারের মেয়র বা মেয়র পদত্যাগ কার কাছে করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আইনে বলা আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে।’

    আগাম প্রচারণার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এগুলো আমরা আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছি যে, তারা তাদের মতো করে উদ্যোগ নেবেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বলা আছে, নির্বাচন যেদিন হবে, তার ২১ দিনের আগে কখনোই প্রচার-প্রচারণা করা যাবে না। এ সময়ের মধ্যেই প্রচার চালাতে হবে।’ যেহেতু ৭ জানুয়ারি ভোট হবে, ‘সে হিসাবে ৫ জানুয়ারি সকাল ৮টার আগে থেকে প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত, এ সময়ে প্রচার-প্রচারণা চালাতে হবে।’

    সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (২০২৪) ।

  • তৃণমূল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে

    তৃণমূল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।

    সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, ‘গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’

    তৃণমূল বিএনপির সভাপতি বলেন, ‘তৃণমূল বিএনপি আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এই নির্বাচনের জন্য সকল প্রার্থী, ভোটারদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।’

    তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নেয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি।’

    বিএনপির উদ্দেশ্যে শমসের মবিন বলেন, ‘নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের দাবি নির্বাচন কমিশন যেন তাদের উপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।’

    শমসের মবিন চৌধুরী বলেন, ‘তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫  হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।’