Tag: বাংলাদেশ

  • নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর বাংলাদেশ বিশ্বে নতুন অবস্থানে এসেছে: প্রধানমন্ত্রী

    নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর বাংলাদেশ বিশ্বে নতুন অবস্থানে এসেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুলাই, ২০২৪: নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর বাংলাদেশ বিশ্বে নতুন অবস্থানে এসেছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “পদ্মা সেতু নিজেদের টাকায় করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই একটি মাত্র সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন অবস্থানে নিয়ে গেছে। যারা মনে করতো, তাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না, সেই ধারণা পাল্টে গেছে।”

    আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধনমন্ত্রী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মাথা উঁচু করে চলতে হবে। তার চেতনাকে আমরা ধারণ করি। বাংলাদেশের জনগণের নিজের টাকার আমরা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি। সাধারণত কোনো প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হয় না। কিন্তু পদ্মা সেতু নির্মাণে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে আমরা এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি।”

    শেখ হাসিনা বলেন, “আমরা এগিয়ে যাবো অপ্রতিরোধ্য গতিতে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের দেশ গঠনের পথে এগিয়ে যাবো।”

    তিনি বলেন, “আগে বিদেশে গেলে জিজ্ঞেস করত, এদেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে। মিসকিন হিসেবে আমাদেরকে হিসেব করা হতো। যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট, ব্যথার ছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমাদের আত্মমর্যাদাবোধ থাকবে না, এটা কি ধরনের বাংলাদেশ?”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করেন।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

    অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতুর থিমসং প্রচার করা হয়। এছাড়া পদ্মা সেতুর ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। সুধী সমাবেশে সেতুমন্ত্রীর ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। পদ্মা সেতুর বাস্তবায়নকে স্মরণীয় করে রাখতেই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে মাওয়া পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হয়েছিলো, সেখানেই সমাপনী অনুষ্ঠানের আয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, সমাপনী অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকার ওপরে।

    রাজনীতিবিদ, কূটনীতিক, আমলাসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড় হাজার অতিথি আমন্ত্রণ পেয়েছেন সুধী সমাবেশে। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    অন্যান্য প্রকল্পের জনবলের মতো পদ্মা সেতুতে কাজ করা কর্মীদের বিদায় নিতে হচ্ছে না। সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গঠন করা হচ্ছে সরকারি কোম্পানি। এতে নিয়োগ পেতে পারেন সদ্য সমাপ্ত প্রকল্পে কাজ করা ৫৯ কর্মী।

    পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর এই অনুষ্ঠান শেষে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

    আগামীকাল শনিবার বঙ্গবন্ধুর বাল্যশিক্ষার বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক’ অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন। এরপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এ ছাড়া দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

    দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

  • বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ জুন, ২০২৪: বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বলে জানিয়েছেন আওয়মী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই এটাকে (আস্থা-বিশ্বাস) ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

    আজ (জুন ২৩) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যেকোন একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক (সফল হওয়া যায়)।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলব, আপনারা একবার চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে। বার বার আঘাত এসেছে। পরিবারগুলো কষ্ট করেছে। কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে, সেই ভাবে জনগণের আস্থা-বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা-বিশ্বাসটা অর্জন করতে হবে।”

    শেখ হাসিনা বলেন, “(জনগণের) সেই আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বার বার জনগণ আমাদের ভোট দিয়েছে। বার বার ক্ষমতায় এসে, দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থ-সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে।”

    শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করার সংগঠন। কাজেই বার বার আঘাত এসেও এই সংগঠনের কোনো ক্ষতি করতে পারেনি। বেশি দিন আগের কথা নয়, ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নতুন কিংস পার্টি গড়ে তোলার। সেটাও সফল করতে পারেনি। কারণ, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুজিব আদর্শের সৈনিক। এ সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়ত কখনো কখনো নেতারা ভুল করেছেন। কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকলে তারাই হয়ত বড় নেতা। দলের থেকে নিজেকে বড় মনে করেন, কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন। তারা ভুল করেছেন।

    স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “২০৪১, ২১০০… অনেক বয়স হয়েছে, ততদিন হয়তো বেঁচে থাকব না। কিন্তু আজকে যারা নবীন, যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে; আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটিনাম জুবিলিতে এটাই আমাদের প্রতিজ্ঞা।”

    প্রধানমন্ত্রী বলেন, “আকাশে মিটি মিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যেসব নেতারা আওয়ামী লীগ ছেড়েছিলেন তারা ভুলে গিয়েছিলেন দলের কথা। তারা আলোকিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই। চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলেনি। অনেকেই নিভে গেছেন। কেউ ভুল বুঝে ফিরে এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ কেউ এখনো আওয়ামী লীগের ও সরকারের পতন কল্পনা করে যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি।”

    মৃত্যুকে পরোয়া করেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ, মৃত্যু যেকোন সময় সবার হতে পারে। যেকোন সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনদিন ভীত না। কখনো ভয় পাইনি, পাব না। কিন্তু যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা-চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব। এটাই আমাদের লক্ষ্য।”

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্লাটিনাম জয়ন্তীর এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ১৪ দলের কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পায়রা ও বেলুন অবমুক্ত করেন।

    এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। সাংস্কৃতিক পর্বের শুরুতে পরিবেশন করা হয় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং। পরে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নাচ ও গান পরিবেশন করা হয়।

    বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বেলা ৩টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ঢাক-ঢোলের তালে নেচে গেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন অনেক নেতাকর্মী। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

  • বৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    বৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ জুন, ২০২৪: প্রথম ওভারে বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমের উইকেট। শূন্য রানে বাংলাদেশের প্রথম উইকেট হারালেও অধিনায়ক শান্তর ৪১ এবং তাওহীদ হৃদয়ের ৪০ রানের সুবাদে বাংলাদেশ সংগ্রহ করে ১৪০ রান। অল্প পুঁজি নিয়ে মাঠে নামার পর ভালো করতে পারেননি বোলাররাও। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ঝড়ে সহজ জয় পেয়েছে অজিরা।

    শুক্রবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ১৪১ রান জয়ের লক্ষে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ ‍হওয়ার আগে ১১ ওভার দুই বলে ২ উইকেট হারিয়ে ঠিক ১০০ রান করে অজিরা।

    টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৩ বলে শূন্য রানে ফেরেন তানজিদ। তার বিদায়ের ওভারেই একটি চার হাঁকান শান্ত।

    পরের ওভারে জশ হ্যাজলউড দেন মেডেন। প্রথম বাউন্ডারির মতো ছক্কাও আসে শান্তর ব্যাট থেকেই। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন হ্যাজলউড। পরের ওভারে স্টার্ককে দুটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।

    পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে সবমিলিয়ে ১২রান হজম করেন প্যাট কামিন্স। ছয় ওভারে ৩৯ রান করে বাংলাদেশ। প্রথম উইকেট হারানোর চাপ তারা কিছুটা সামলে উঠেছিল লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর জুটিতে। কিন্তু এই স্বস্তি খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি বাংলাদেশের জন্য।

    অ্যাডাম জাম্পার বলে সুইপ করতে গিয়ে মিস করেন লিটন। তার পেছনের পায়ে লেগে বল চলে যায় স্টাম্পে। ২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। ভাঙে শান্তর সঙ্গে তার ৪৮ বলে ৫৮ রানের জুটি। এরপর রিশাদ হোসেনকে পাঠানো হয় ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বলে তুলে মারতে গিয়ে ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় জাম্পার হাতে।

    এরপর শান্তও ফেরেন সাজঘরে। জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এর আগে পাঁচটি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন শান্ত। হৃদয়ের সঙ্গী হন সাকিব আল হাসান। ১০ বলে ৮ রান করে স্টয়নিসের বলে তার হাতে ক্যাচ দেন তিনি।

    সাকিব আউট হওয়ার এক বল পর স্ট্রাইক পান হৃদয়। মার্কোস স্টয়নিসকে টানা দুটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু পরের ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রথমে তার বাউন্সারে পুল করতে গিয়ে বল স্টাম্পে চলে আসে ৩ বলে ২ রান করা মাহমুদউল্লাহর। পরের বলে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দেন মাহেদী হাসান।

    কামিন্স নিজের পরের ওভারে এসে পূরণ করে নেন হ্যাটট্রিকও। ‍দুটি চার ও সমান ছক্কায় ২৮ বলে ৪০ রান করে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হৃদয়। স্রেফ দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন কামিন্স। বাকি চার বলে সাত রান নেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

    রান তাড়ায় নামা অস্ট্রেলিয়ার সামনে প্রথম ওভার করতে এসে ৫ রান দেন মাহেদী হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু তানজিমের বল পয়েন্টে দাঁড়িয়ে নিতে পারেননি তাওহীদ হৃদয়। এরপর ঝড়ের শুরু অস্ট্রেলিয়ার দুই ওপেনারের।

    চতুর্থ ওভারে তাসকিন ১৫ ও পরের ওভারে মোস্তাফিজ দেন ১৪ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ১০ রান দেন তানজিম। ছয় ওভারে তারা তোলে ৫৯ রান। এরপর দুই বল হতেই নেমে আসে বৃষ্টি।

    বৃষ্টির বিরতির পর ফিরে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন রিশাদ হোসেন। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান ট্রাভিস হেড। এর আগে ২১ বলে তিন চার ও দুই ছক্কায় ৩২ রান করেন তিনি। নিজের পরের ওভারে এসেও উইকেট পান রিশাদ।

    এবার তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিচেল মার্শ। কিন্তু এরপর অজিদের ঝড় থামেনি। আগে থেকেই উইকেটে থাকা ওয়ার্নারের সঙ্গে এবার যোগ দেন ম্যাক্সওয়েল। ১২তম ওভারে বৃষ্টি নামার আগে ১৪ বলে ৩০ রান করেন দুজন।

    ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৩ রান করে ওয়ার্নার এবং ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ১১ ওভার ২ বলের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়, এরপর আর শুরু না হলে বৃষ্টি আইনে জয় পায় অস্ট্রেলিয়া।

    আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

    রাতের খেলায় জিতেছে ভারত

    সুপার এইটের গতকাল রাতের ম্যাচে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান পেয়েছে ভারত। তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়েছে আফগানরা। ফলে ভারত জেতে ৪৭ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। আফগানদের ব্যাটিংয়েল সর্বোচ্চ ২৬ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ে কাছ থেকে। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।

    আজ রাতের খেলায় অংশ নিবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে রাত ৮-৩০ মিনিটে।

  • সুপার এইটে বাংলাদেশের প্রথম খেলা ২১ জুন

    সুপার এইটে বাংলাদেশের প্রথম খেলা ২১ জুন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জুন, ২০২৪: সুপার এইটে প্রতিটি দল যোগ্যতাসম্পন্ন। ডি গ্রুপ থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে গেলেও টুরর্নামেন্টে খুব একটা যোগ্য দল হিসেবে খেলতে পারেনি। বিশেষ ভাবে দক্ষিণ আফ্রিকাকে প্রতি টুর্নামেন্টে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবা হয়। কিন্তু এবার দলটির ব্যাটিং লাইন খুব নড়বড়ে। বাংলাদেশের ঠিক একই অবস্থা।তার পরেও আশার কথা সাকিব ফর্মে ফিরেছেন। এদিকে সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দলগুলো প্রতিটি দিকে শক্তিশালী। তাই বাংলাদেশ যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ  সর্বচ্চটা দিতে না পারে তাহলে বাংলাদেশ হতাশ করবে সমর্থকদের। তবে বোলার হিসেবে মোস্তাফিজ প্রতিদিন অসাধারণ বোলিং করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখেতে পারলে বাংলাদেশ যে কোন প্রতিপক্ষকে হারাতে পারে।

    গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।যেটি হেরেছে, সেটিও মাত্র ৪ রানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের সবকটি জিতে এক নম্বরে। বাংলাদেশ শেষ করেছে দুইয়ে থেকে।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু বাংলাদেশ। শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।

    সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

    সূচিও বেশ কঠিন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টানা দুই দিন (২১ এবং ২২ জুন) ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর দুদিন বিরতি পাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২৫ জুন।

    গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ

    গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

    বাংলাদেশের ম্যাচের সূচি

    ২১ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (নর্থ সাউন্ড)

    ২২ জুন-বাংলাদেশ বনাম ভারত (নর্থ সাউন্ড)

    ২৫ জুন-বাংলাদেশ বনাম আফগানিস্তান (কিংসটাউন)

  • সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ জুন, ২০২৪: বিশ্বসেরা সাকিব আল হাসানের রানে ফেরার দিনে বাংলাদেশ জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার সমীকণে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন বিকল্প ছিলোনা শান্ত বাহিনীর হাতে। সেটাই করে দেখালেন সাকিবের রানে ফেরার দিনে টাইগাররা

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজিও গড়ে বাংলাদেশ। তবে ডাচদের ব্যাটিংয়ের একটা পর্যায়ে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ । ১৫তম ওভারেলেগস্পিনার রিশাদ হোসেন দুই উইকেট শিকার করে ম্যাচের চেহারা বদলে দিলেন তিনি। অবশেষে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথ উজ্জ্বল করলো বাংলাদেশ।

    শুরুতে নেদারল্যান্ডস শিবিরে আঘাত করেছিলেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল লিভিটের উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। দেখেশুনে খেলে এগোতে থাকা এই ডাচ ব্যাটারকে ১৮ রানের (১৬ বলে) মাথায় তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তিনি।

    পরের ওভারে বোলিংয়ে এসেই ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারকে ফলোথ্রু করে সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাইউ (১৬ বলে ১২)। দলীয় ৩২ রানের মাথায় ২ উইকেট হারায় নেদারল্যান্ডস।

    ১৪ ওভারের খেলা শেষে নেদারল্যান্ডসের বোর্ডে ১০৪ রান। চতুর্থ উইকেটে ৪২ রানের ঝোড়ো জুটি। এই জুটির কারণে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশকে। অবশেষে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন রিশাদ। ১৫তম ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি। চতুর্থ বলে ৩১ বলে ৪২ রানের জুটি ভাঙেন। ২২ বলে ৩২ রান করা সাইব্রান্ড এনগেলব্রখটকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। রিশাদের ওভারের শেষ বল খেলতে গিয়ে স্টাম্পড আউট হন ডি লিডে।

    মোস্তাফিজের করা ১৭তম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট শিকারও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কট এডওয়ার্ডসকে (২৩ বলে ২৫) জাকির আলির ক্যাচ বানান তিনি।

    ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসেই আবারও রিশাদের উইকেট শিকার। লোগান ফন বিক (৩ বলে ২) রিশাদের হাতেই ক্যাচ হন। সর্বশেষ টিম প্রিংলেকে ফেরান তাসকিন। এতে ২০ ওভারে ডাচরা তুলতে পারে ৮ উইকেটে ১৩৪ রান।

    এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করে নেমে সাকিব আল হাসানের ৬৪ ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। যদিও শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

    এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান।

    তৃতীয় উইকেটে সাকিবকে নিয়ে ৩২ বলে ৪৮ রানের দারুণ একটি জুটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ ২৬ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলে জুটি ভাঙে। পল ফন ম্যাকেরেনের বলে ডি লিডের হাতে ক্যাচ হন তিনি।

    এদিন ভালো করতে পারেননি তাওহিদ হৃদয়। তার ব্যাটে যেন বলই আসতেছিল না। ১৫ বল খেললেও রান করতে পেরেছেন মাত্র ৯। শেষ পর্যন্ত টিম প্রিংলের বলে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।

    মাহমুদউল্লাহ বেশ ভালোভাবেই পিচে সেট হয়েছিলেন। কয়েকটি দারুণ শটও খেলেছিলেন। তবে ম্যাচটি শেষ করে আাসতে পারেননি। ২ বাউন্ডারি আর ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ফন ম্যাকেরেনের দ্বিতীয় শিকার হন তিনি, ক্যাচ হন এনগেলব্রেখটের হাতে।

    দুর্দান্ত ব্যাট করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন সাকিব। ৪৬ বলে ৬৪ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ২ বছর পর সাকিবের ব্যাট থেকে আসে অর্ধশত রানের ইনিংস। কোনো ছক্কা হাকানো ছাড়াই ৯ বাউন্ডারিতে এই রান করেন সাকিব। তার সঙ্গে ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের আলি।

    নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আরিয়া দত্ত ও পল ফন ম্যাকেরেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। ২ উইকেট নেন তাসকিন। ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

    ওমানকে হারিয়ে সুপার এইটে খেলার সংশয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড

    সে কারণে রানরেটও দুর্বল হয়ে পড়ে, তাই সুপার এইটে তাদের খেলা নিয়ে ছিল সংশয়। ওমানকে উড়িয়ে দিয়ে সেই সংশয় অনেকটাই দূর করে ফেলল জস বাটলারের দল।

    ওমানকে হারানোর আগে ইংল্যান্ডের রানরেট ছিল -১.৮০০, ওমানকে হারানোর পর তা বেড়ে দাঁড়িয়েছে +৩.০৮১ এ। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসে তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। ওমানের দেওয়া ৪৮ রানের লক্ষ্য পেরোতে কেবল ১৯ বল খরচ করে তারা। ৮ উইকেটের জয় নিশ্চিত করার পর হাতে বাকি ছিল আরও ১০১ বল।

    পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইটে আফগানিস্তান

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম তিন প্রতিপক্ষের দলীয় রান তিন অংকে যেতে দেয়নি। এতেই বোঝা যায়, এবার কতটা বিধ্বংসী বোলিং করছেন আফগান বোলাররা।

    তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা।এর মধ্যে আজ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আইসিসির কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব পাড়ি দিল আফগানরা।

    অন্যদিকে আফগানিস্তানের জয়ে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা।

    আজ রাতে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ফ্লোরিডায় রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে খেলাটি।

  • শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত: খাদ্যমন্ত্রী

    শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত: খাদ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত, বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, “বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন নজির বাংলাদেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে।”

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, “একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। অনেকেই তখন একবেলা ভাত খেতো। বিদেশ থেকে চাল আমদানি করে তখন খেতে হতো। আর তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে।”

    তিনি বলেন, “যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। আটা কিনলে মনে করতো সে মনে হয় সবচেয়ে গরীব মানুষ। আর এখন কিন্তু গরিবের তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

  • ব্রিকস জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে: দীপু মনি

    ব্রিকস জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে: দীপু মনি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ব্রিকসে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে, বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “ব্রিকস দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে এবং ব্রিকসের জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে।

    রাশিয়ার নিজনি নভগোরোডে ১০-১১ জুন ব্রিকসের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সভাপতিত্ব করেন। এতে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেয়। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদও প্রতিনিধিদলে অংশ ছিলেন।

    আজ বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। প্রধানত কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশ কীভাবে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন, কীভাবে জলবায়ু পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

    বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি আমন্ত্রিত দেশ এবং ১০টি ব্রিকস সদস্য দেশ দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয়। ব্রিকস একটি নতুন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করবে এবং সংস্থার সম্প্রসারণে আরও গতি পাবে এই আশা নিয়ে বৈঠকটি শেষ হয়।

    ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ১ জুন বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর হজে যাওয়ার তারিখ আগে চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মস্কোতে সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাঠানো হয়।

    অনেক দিন ধরে ব্রিকসে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ব্রিকসের দক্ষিণ আফ্রিকা সম্মেলনে বাংলাদেশ জোটটিতে যুক্ত হচ্ছে এমন খবর চাউর হয়। তবে শেষ অবধি ব্রিকসে যুক্ত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।

    জানা গেছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এই পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল।

  • দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ৪ রানে

    দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ৪ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জুন, ২০২৪: শেষ ২ বলে জয়ের জন্য যখন বাংলাদেশের প্রয়োজন ৬ রান ঠিক তখনি মাহমুদউল্লাহ রিয়াদের একটি নিশ্চিত ছয় ক্যাচে পরিণত করেন মার্করাম। কেশভ মহারাজের ৫ম বলে লো ফুলটস পান মাহমুদউল্লাহ।ঠিক সেই সময় উড়িয়ে মারা ছাড়া আর কোন বিকল্প ছিল না বাংলাদেশের এই গ্রেট ফিনিশারের হাতে।ছয় হতে হতে ক্যাচে পরিণত হয় বলটি। তারপর শেষ বলে তাসকিন এক রান নিতে পারে। বাংলাদেশ পরাজয় বরণ করে ৪ রানে।

    শুরুতে বোলারদের দাপট। এরপর ব্যাটিংয়ে শুরুতে বিপদে পড়লেও দলকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অল্প রান তাড়া করেও দুর্ভাগ্য বাংলাদেশের। হারা ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশে জেতা ম্যাচ হেরেছে।

    সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জিতে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। সির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এই জয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

    ১১৪ রান তাড়ায় নেমে প্রথম ওভারে কিছুটা চাপে পড়া বাংলাদেশকে দ্বিতীয় ওভারেই ভালো কিছুর বার্তা দেন তানজিদ হাসান তামিম। টানা দুই বলে কাগিসো রাবাদকে বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু শেষ বলে গিয়ে আউটও হয়ে যান তানজিদ। রাবাদার বলে শট খেলতে গেলে তার ব্যাট ছুয়ে যায় ডি ককের হাতে। ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তানজিদ।

    এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাদের ২৫ বলে ২০ রানের জুটি ভেঙে যায় পাওয়ার প্লের ঠিক পরের বলে। ১৩ বলে ৯ রান করে কাভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। বল হাতে স্রেফ এক ওভার করা সাকিব আল হাসান ব্যাটিং এ ভালো কিছু করতে পারেননি।

    এনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে যান তিনি। কিন্তু ৪ বলে ৩ রান করে ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো মার্করামের হাতে। আগের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত করা তাওহীদ হৃদয় এদিনও ইনিংসের তৃতীয় বলেই ছক্কা হাঁকান।

    কিন্তু নরকিয়া পরের ওভারে এসে শান্তর উইকেট তুলে নিলে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। ২৩ বলে ১৪ রান করে বাংলাদেশ অধিনায়কও শিকার হন নরকিয়ার বাউন্সারের। এরপর উইকেটে এসে হৃদয়ের সঙ্গী হন মাহমুদউল্লাহ রিয়াদ।

    তিনি কিছুটা ভাগ্যের ছোঁয়া পান। তার বল স্লিপে অল্পের জন্য ধরতে পারেননি ইয়ানসেন। হৃদয়-রিয়াদের জুটিতে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে বেশ ভালোভাবে। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে বদলে যায় ম্যাচের মোড়।

    ১৭তম ওভারে বর্টম্যানের বল রিয়াদের প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে। কিন্তু এর আগেই আউট দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে মাহমুদউল্লাহ বাঁচলেও বল ডেড হয়ে যাওয়ায় চার রান পায়নি বাংলাদেশ।

    এরপর আরও একবার আম্পায়ারের সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। ১৮তম ওভারে রাবাদার অল্প আবেদনে সাড়া দিয়ে তাওহীদ হৃদয়কে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। কিন্তু পরে রিভিউতে দেখা যায়, আম্পায়ারস কলের শিকার হয়ে ফিরতে হচ্ছে হৃদয়কে। দুই চার ও সমান ছক্কায় ৩৪ বলে ৩৭ রানে আউট হন তিনি।

    তার বিদায়ের পর উইকেটে এসে টানা তিনটি ডট বল খেলেন জাকের আলি। ১৮তম ওভারে হৃদয়ের উইকেট নিয়ে স্রেফ ২ রান দেন রাবাদা। শেষ দুই ওভারে ১৮ রান দরকার হয় বাংলাদেশের। ১৯তম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি মাহমুদউল্লাহ ও জাকের।

    শেষ ওভারে ১১ রানের সমীকরণ দাঁড়ায়। বল হাতে নেন কেশভ মহারাজ। নিজের প্রথম ৩ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন তিনি। শেষ ওভারে এসে প্রথম বলেই দেন ওয়াইড।

    এরপর দ্বিতীয়টিতে সিঙ্গেলস নিয়ে দেন রিয়াদ। তৃতীয় বলে ফুলটস পেয়েও বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ হন জাকের। ওই বল থেকে আসে দুই রান। পরের বলে জাকের ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান ক্যাচ দিয়ে। পঞ্চম বলে স্ট্রাইক পাওয়ার পর ফুলটস পেয়ে যান রিয়াদ। লং অনের উপর দিয়ে তুলে মারেন তিনি।

    কিন্তু অল্পের জন্য বাউন্ডারির ঠিক সামনে থেকে দারুণ এক ক্যাচ নেন মার্করাম। শেষ বলে ফুলটস পেয়েও কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ। বাংলাদেশকে ম্যাচটা হারতে হয় স্রেফ ৪ রানে। লেগ বাইতে মাহমুদউল্লাহর না পাওয়া চারের গুরুত্ব আরেকটু বেশিই হয়তো টের পাওয়া গেছে ম্যাচের শেষে!

    এর আগে টস হেরে প্রথম ওভার বল করতে এসে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চার হজম করেন তানজিম হাসান সাকিব। কুইন্টন ডি ককের কাছে বাউন্ডারি হজমের পরও অবশ্য মনোবল হারাননি তিনি। ওভারের শেষ বলেই পেয়ে যান উইকেটের দেখাও। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে এলবিডব্লিউ হন রেজা হেনরিকস।

    দ্বিতীয় ওভারে আসা তাসকিন আহমেদকেও ছক্কা হাঁকান ডি কক। কিন্তু পরের ওভারে এসে তাকে ফিরিয়ে দেন তানজিম। তৃতীয় বলে ডি কককে বোল্ড করেন তিনি বেশ বাইরে থেকে অনেকটুকু ভেতরে ঢোকা বলে। ১টি চার ও ২ ছক্কায় ১১ বলে ১৮ রান করেন ডি কক।

    তানজিমের পর তাসকিনও উইকেটের দেখা পান। ৮ বলে চার রান করা এইডেন মার্করামের অফ স্টাম্প ভাঙেন তাসকিন। পাওয়ার প্লের মধ্যেই বাংলাদেশকে আরও একটি উইকেট এনে দেন তানজিম। তার বাউন্সার ঠিকঠাক বুঝে উঠতে পারেননি ক্রিস্তিয়ান স্টাবস। কাভারে সামান্য এগিয়ে দাঁড়ানো সাকিব আল হাসান ক্যাচ নেন তার।

    পাওয়ার প্লের ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের সর্বনিম্ন সংগ্রহ প্রথম ছয় ওভারে। কিন্তু পাওয়ার প্লের পরই প্রেক্ষাপট বদলাতে থাকে। বাংলাদেশের তিন পেসারের ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়। নিয়ে আসে স্পিনারদের।

    এরপরই ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠতে থাকেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। দুজনের জুটি বড় হতে থাকে, আসে রানও। পেসারদের বিপক্ষে কঠিন সময় কাটানো ব্যাটাররা খুঁজে পান স্বস্তি। রিশাদ হোসেন তার প্রথম দুই ওভারে দেন ২০ রান। তাকে টানা দুই বলে ছক্কা হাঁকান ক্লাসেন।

    সাকিব এক ওভারে ৬ রান দেন। এর মধ্যে শান্ত বোলিংয়ে নিয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদকে। প্রথম দুই ওভারে ৭ রান দিয়ে আস্থার প্রতিদান দেন তিনি। তার করা প্রথম বলেই ডেভিড মিলারের ক্যাচ উইকেটের পেছনে ছাড়েন লিটন দাস। বাইরের দিকে যাওয়া বলটি ধরা অবশ্য বেশ কঠিন ছিল।

    এর মধ্যে জুটি বড় হতে থাকে মিলার ও ক্লাসেনের। ১৮তম ওভারে গিয়ে অবশেষে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তার ভেতরে ঢোকা দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে যান ক্লাসেন। ৭৯ বলে ৭৯ রানের জুটি ভাঙে, যেটি নাসাউ কাউন্টিতে সর্বোচ্চ রানের জুটি। ৪টি চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪৬ রান করে ফেরেন ক্লাসেন।

    ইনিংসের শেষ অবধি ব্যাট করতে পারেননি ডেভিড মিলারও। রিশাদের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। এর আগে ৩৮ বলে একটি চার ও সমান ছক্কায় ২৯ রান করেন মিলার। তার বিদায়ের পর আর তেমন রান হয়নি। শেষ ওভারে চার রান দেন মোস্তাফিজ।

    বাংলাদেশের হয়ে ৪ ওভারে স্রেফ ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। এক রান বেশি দিয়ে দুই উইকেট পান তাসকিন। ৪ ওভারে ৩২ রান দিয়ে রিশাদ নেন এক উইকেট। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মোস্তাফিজ দেন ১৮ রান, ৩ ওভারে ১৭ রান দেন রিয়াদ। সাকিব একমাত্র ওভারে ৬ রান দিয়েছেন।

     

    আজকে পাকিস্তুন খেলবে কানাডার বিপক্ষে

    নিউ ইয়র্কের বোলিং ফ্রেন্ডলি উইকেটে কানাডার বিপক্ষে খেলতে নামাবে পাকিস্তান। ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ: সেতুমন্ত্রী

    বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৮ জুন, ২০২৪: বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।”

    আজ শনিবার (৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সংকটকালে এই বাজেট গণমুখী, বাস্তবসম্মত।”

    ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে।”

    বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে।”

    এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

    বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ জুন, ২০২৪: শ্রীলঙ্কার দেওয়া মাত্র ১২৫ রানের লক্ষ্যটাই টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণে বাংলাদেশের কাছে হয়ে গিয়েছিল পাহাড়সম। ৬ রানে মাত্র ২ উইকেট হারানোর পর ২৮ রানে হারায় ৩ উইকেট। এর পর লিটন দাশের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে এবং তাওহীদ হৃদয়ের ঝড়ো ইনিংসে বাংলাদেশ বাংলাদেশ জয়ের কাছেই পৌঁছে গিয়েছিলো। কিন্তু ৯১ থেকে ১১৩ রানে মাথায় বাংলাদেশ হারায় ৫ উকেট। ম্যাচ চলে যায় শ্রীলঙ্কার আয়ত্বে। কিন্তু মাহমুদউল্লার ধৈর্য্যশীল ব্যাটিংয়ের কারণে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রথম খেরায় বাংলাদেশ জয় পায় ২ উইকেটে। কিন্তু জয়টা যদি ৭ উকেটে হতো তাহলে বলা যেত বাংলাদেশের সম্ভাবনা আছে ভালো কিছু একটা করার।লিটন ছাড়া প্রথম সারির সব ব্যাটসম্যান দায়িত্বহিনতার পরিচয় দিয়েছে।এই বিষয়টি শুধরে নিতে না পারলে বাংলাদেশ হতাশ করবে দেশের ক্রিকেট ভক্তদের।

    যুক্তরাষ্ট্রের কাছে হেরে, নানামুখী সমালোচনায় বাংলাদেশের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা পাওয়া নাজমুল হোসেন শান্তর দলের কাছ থেকে।

    আজ শনিবার (৮ এপ্রিল) ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

    টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বল থেকে বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা, ওই ওভার থেকে আসে পাঁচ রান। দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান এসে ৮ রান দেন, তাতে অবশ্য ছিল ওভারথ্রোতে আসা চারের অবদান।

    ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আসেন তৃতীয় ওভারে। শুরুতে ছন্দটা একদমই খুঁজে পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই বলেই তাকে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু তৃতীয় বলেই বাংলাদেশ পেয়ে যায় উইকেটের দেখা। শট খেলা নিয়ে দ্বিধায় থাকা কুশল মেন্ডিসের ব্যাট ছুয়ে অফ স্টাম্পের বাইরের বলে আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি। ওই ওভারে আরও এক বাউন্ডারি হজম করা তাসকিন ১২ রান দেন।

    চতুর্থ ওভারে আবার তাসকিনকে ফেরানো হয়। এক ছক্কা খেলেও সাত রানের বেশি দেননি তিনি। পঞ্চম ওভার করতে এসে সাকিব আল হাসান দিশেহারা হয়ে পড়েন। এক ওভারেই তার বল চারবার বাউন্ডারির বাইরে পাঠান নিশাঙ্কা। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন শান্ত।

    প্রথম বলেই উইকেট এনে দেন মোস্তাফিজ। ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন। তবুও অবশ্য বাউন্ডারি হাঁকানো থামেনি লঙ্কানদের। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করে শ্রীলঙ্কা।

     

    পাওয়ার প্লে শেষ হওয়ার পর রান তোলার গতি কিছুটা কমে আসে তাদের। এর মধ্যেও পাথুম নিশাঙ্কা সাবলীলই ছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। অষ্টম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন নিশাঙ্কা, পরের বলেই ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়ানো শান্তর হাতে। ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন নিশাঙ্কা।

    তার বিদায়ের পর রানের গতি আরও কমে আসে। চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার জুটিতে ৩২ বলে স্রেফ একটি বাউন্ডারি আসে। তাদের দুজনের ৩০ রানের জুটি ভেঙে দেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কার ইনিংসে শেষ আঘাতটাও আসে তার হাত ধরে।

    ১৫তম ওভারের প্রথম বলেই তাকে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো সাকিবের হাতে ক্যাচ দেন আশালাঙ্কা। শুরুতে ছেড়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ২১ বলে ১৯ রান করা ব্যাটারের ক্যাচ নেন সাকিব। এরপর ব্যাটিংয়ে আসা হাসারাঙ্গার জন্য স্লিপ নিয়ে আসেন শান্ত। ওখানেই মুখোমুখি হওয়া প্রথম বলে ক্যাচ তুলে দেন হাসারাঙ্গা। ওই ওভারে স্রেফ ৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ।

    নিজের পরের ওভারের এসেও প্রথম বলেই উইকেট তুলে নেন রিশাদ। তার টার্ন করা বলে সামান্য এগিয়ে আসেন ধনঞ্জয়া। মূহূর্তের মধ্যেই ২৬ বলে ২১ রান করা ধনঞ্জয়ার স্টাম্প ভেঙে দেন লিটন। এরপর তাসকিন ফেরান শানাকাকে, ১৮তম ওভারে ৩ রান দেন তিনি। পরের ওভারে মোস্তাফিজ দুই রান দিয়ে ৩ বলে শূন্য রানে ফেরান থিকসেনাকে।

    শেষ ওভারে এক বাউন্ডারিত ৭ রান হজম করলেও তানজিম হাসান সাকিব ফেরান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। বাংলাদেশের সব বোলারই দারুণ করেছেন। তবে এর মধ্যে রিশাদ হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। সমান ওভারে স্রেফ ১৭ রান দিয়ে মোস্তাফিজুর রহমানও ৩ উইকেট পান। দুই উইকেট পাওয়া তাসকিন ৪ ওভারে ২৫ রান দেন। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। তানজিম ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।

    ১২৫ রান তাড়ায় নেমে তৃতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভার বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে দুই বলে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। তিন রান নিতে পারে বাংলাদেশ প্রথম ওভার থেকে। পরেরটিতে গিয়ে হারায় আরও এক উইকেট।

    এবার নুয়ান থুসারার বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। ৬ বলে ৩ রান করেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজন সিঙ্গেলস নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন।

    কিন্তু হুট করেই ছন্দপতন ঘটে নাজমুল হোসেন শান্ত ফিরলে। নুয়ান থুসারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লিটনের সঙ্গে ২২ বলে ২২ রানের জুটি ভেঙে যায় তাতে। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ঠিক বিপরীত অবস্থা হয় বাংলাদেশের। বাউন্ডারি আসে স্রেফ দুটি, ইনিংসের প্রথম বাউন্ডারিই এসেছিল পঞ্চম ওভারে গিয়ে। ছয় ওভারে ৩ উইকেটে বাংলাদেশ করে ৩৪ রান।

     

    উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হয়ে এরপর হাল ধরেন তাওহীদ হৃদয়, লিটন দাসের সঙ্গী হন তিনি। সিঙ্গেলস নিয়ে রানের গতিকে সচল রাখেন তারা। মাঝেমধ্যে আসছিল বাউন্ডারিও।

    তাওহীদ হৃদয় আউট হন ১৫তম ওভারে হাসারাঙ্গার বলে। কিন্তু ওই ওভারের প্রথম তিন বলেই ম্যাচ একদম কাছে নিয়ে আসেন তিনি। হাসারাঙ্গার ওভারে হাঁকান হ্যাটট্রিক ছক্কা! স্লগ সুইপ প্রথম, দ্বিতীয়টিও তাই, তৃতীয় ছক্কা আসে কাভারের উপর দিয়ে। পরের বলে অবশ্য এলবিডব্লিউ হয়ে যান হৃদয়। কিন্তু ততক্ষণে ২০ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে কাজটা করে দিয়ে গেছেন তিনি।

    কিন্তু এরপর বাংলাদেশ আরও একবার পড়ে যায় ভীষণ চাপে। উইকেটে সেট হওয়া লিটন দাসকে ফেরান হাসারাঙ্গা। ৩৮ বলে ৩৬ রান করে তিনি এলবিডব্লিউ হন। এরপর সাকিব আল হাসানও পাথিরানার বাউন্সারে মাহেশ থিকসেনার দুর্দান্ত ক্যাচের শিকার হন। ১৪ বলে স্রেফ ৮ রান করেন তিনি।

    হুট করেই বদলে যেতে থাকে ম্যাচের মোড়। রান খুব বেশি না হলেও, বাংলাদেশ পড়ে যায় চাপে। সেটি যেন পাহাড়সম হয়ে যায় নুয়ান থুসারার করা ১৮তম ওভারে এসে। রিশাদ হোসেন প্রথমে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন ৩ বলে ১ রান করে। ঠিক তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান তাসকিন।

    শেষ দুই ওভারে ১২ রান দরকার হলেও বাংলাদেশের হাতে তখন কেবল দুই উইকেট। শ্রীলঙ্কার জন্যও অবশ্য পথটা কঠিন ছিল। ১৯তম ওভারে গিয়ে প্রথমবার বোলিংয়ে আসেন দাসুন শানাকা। প্রথম বলেই তার করা ফুলটসে ছক্কা হাঁকিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    পরের বলে তিনি সিঙ্গেলস নেন। তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় শেষ ওভারে যাওয়ার আগেই ম্যাচ জিতে বাংলাদেশ। ১৩ বলে ১৬ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    বাংলাদেশের রিশাদ হোসেন হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ।

    দিনের প্রথম খেলায় জিতেছে আফগানিস্তান

    আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজির বিপরীতে ৮৪ রানের ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে রশিদ খানের দল।

    গতকাল রাতের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে কানাডা

    টস জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৭ রানেই কানাডাকে আটকে রাখেন ইয়ং-ম্যাকার্থিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩৮ রানও তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড। থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে। ১২ রানে জয় জয় পায় কানাডা।

    আজকে রাতে দুটি খেলা

    আজ রাতে আছে আরও দুটি খেলা। প্রথম খেলায় অংশ নিবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ডালাসে খেলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। দিনের অপর খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রাত ১১টায় খেলা অনুষ্ঠিত হবে বার্বাডোজে।