প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর স্ক্রিপ্টরাইটার এম নজরুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে (জাপানের স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেবেন। ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথভুক্ত রাজ্যের রাজা ও রানি হিসেবে চার্লস তৃতীয় এবং তাঁর পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ৪ মে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।
এর আগে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) ১৫ দিনের জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরকারি সফরের প্রথম ধাপে জাপান যায়। প্রধানমন্ত্রীকে জাপানে লালগালিচা সংবর্ধনা এবং বিমানবন্দরে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।
সূত্র : বাসস










