www.HelloBangla.News – জাতীয় – ১৬ মার্চ, ২০২৪:কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আব্দুল্লাহ জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা জলদস্যুদের কবলে পড়ে গত ১২ মার্চ। জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করেছিলো। পরে জাহাজটি শুক্রবার ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে গদবজিরান উপকূলে নেওয়া হয়েছে। জলদস্যুদের নির্দেশে গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে। ২৩ নাবিকের সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। এদিকে জলদস্যুদের ৪ জনকে শনাক্ত করে এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) এক বিবৃতিতে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আব্দুল্লাহর সর্বশেষ অবস্থান জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, “যারা জাহাজটির অবস্থান ট্র্যাক করছে, তাদের কাছ থেকে এ তথ্য পেয়েছি।”
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজটির নতুন গন্তব্যে রওয়ানা হওয়ার কথা জানান জাহাজের চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এস আর শিপিং-এ পাঠানো ই-মেইলে জানান, জাহাজটি গারাকাত উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
এস আর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, মেইলে বলা হয়, বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল। একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে। শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়।
মেহেরুল করিম আরো জানান, ক্যাপ্টেন জানিয়েছেন জাহাজের সব নাবিক সুস্থ আছেন। দস্যুরা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে না। এখনো পর্যন্ত কোনো ধরনের আর্থিক দাবি-দাওয়া নিয়েও কথা বলেনি। জাহাজ নিয়ে তাদের পছন্দ মত কোনো নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরই হয়তো দস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে।
জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইইউএনএভিএফওআর)। তাদের এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আটলান্টা’।
ইইউএনএভিএফওআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটলান্টার সংগ্রহ করা তথ্যমতে জাহাজে অন্তত ১২ জন জলদস্যুকে চিহ্নিত করা হয়েছে। যদিও ছিনতাইয়ের সময় ২০ জন সশস্ত্র ব্যক্তির কথা বলা হয়েছিল।
এর আগে ওই অঞ্চলে ‘এমভি রুয়েন’ নামের আরেকটি জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। ওই দলের সদস্যরাই এমভি আবদুল্লাহর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।










