www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ মার্চ, ২০২৪: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসি জানিয়েছিল, ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে ‘স্টপওয়াচ’ পদ্ধতি । আগামী ১ জুন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাচ শেষ করাই এর উদ্দেশ্য। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটের এই নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করে ফল পাওয়া গেছে। তাই এটি এখন স্থায়ী করতে চায় আইসিসি।
মূলত, ওভার রেটের ঝামেলা এড়ানো ও সময় বাঁচাতে নতুন এই আইন কার্যকর করতে যাচ্ছে আইসিসি। গত সপ্তাহে আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।
নতুন এই আইন কার্যকর হলে দুই ওভারের মাঝখানে ১ মিনিটের বেশি সময় বিরতি নিতে পারবে না ফিল্ডিংয়ে থাকা দল। অর্থাৎ এক ওভার শেষ হলে পরের ওভার শুরু করতে সর্বোচ্চ ১ মিনিট সময় পাবে তারা।
যদি ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে না পারেন, তাহলে মাঠে দায়িত্বরত আম্পায়াররা তাদেরকে একবারের জন্য সতর্ক করবেন। একই কাজ দ্বিতীয়বার করলে আবারও আম্পায়ার সতর্কবার্তা দেবেন। তৃতীয়বারের মাথায় একই অপরাধ করলে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করা হবে।










