এক হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক কোহলি

এক হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক কোহলি

হ্যালো বাংলা ডেস্ক:  বিশ্বে তিন ফরম্যাটেই দক্ষ যে কয়জন ক্রিকেটার আছেন তাদের মধ্যে অন্যতম একজন বিরাট কোহলি। রান পেয়েছেন নিয়মিত। যদিও তিনি এখন দলের অধিনায়ক নন। ব্যাটে ইদানিং রান পাচ্ছেনা। তার পরেও বাণিজ্যিক আয়ের কারণে আর্থিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে কোহলির সম্পত্তি এক হাজার কোটি টাকারও বেশি। সবার মুখে প্রশ্ন কোথা থেকে এত টাকা আয় করেন তিনি?

বেশির ভাগ টাকাই আসে স্পনসর এবং বিপণন থেকে। তবে ক্রিকেট থেকেও তাঁর আয় কম নয়। বোর্ডের বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ স্তরে রয়েছেন তিনি। প্রতি বছর সাত কোটি টাকা বেতন পান কোহলি। এ ছাড়া টেস্ট পিছু ১৫ লক্ষ, এক দিনের ম্যাচ পিছু ছয় লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচ পিছু তিন লক্ষ টাকা করে পান। আইপিএলের দল আরসিবি থেকে বছরে ১৫ কোটি টাকা করে পান। ক্রিকেট থেকে মোটামুটি এটাই কোহলির আয়।

অন্যদিকে কোহলি প্রতিটি বিজ্ঞাপন শুট করার জন্যে সাড়ে সাত থেকে ১০ কোটি টাকা করে নেন । এটি এক দিনের রোজগার। শুটিংয়ের দিনের সংখ্যা বাড়লে টাকার অঙ্কও ততটাই বাড়ে। এই মুহূর্তে কোহলি ২৬টি সংস্থার প্রধান। বিজ্ঞাপন থেকে প্রতি বছর আনুমানিক ১৭৫ কোটি টাকা আয় করেন কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও কোহলির আয় কম নয়। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট করার জন্যে কোহলি ৮.৯ কোটি টাকা করে পান। টুইটারে এই টাকার অঙ্ক আড়াই কোটি। দিল্লির এই ব্যাটার বিনিয়োগকারী হিসাবেও পরিচিত। পাঁচটি স্টার্ট-আপ রয়েছে তাঁর। দু’টি নামী রেস্তরাঁ এবং একটি বস্ত্রবিপণী রয়েছে। ছোটদের জামাকাপড়ের একটি দোকানও রয়েছে।

বিভিন্ন ক্লাবেও কোহলির বিনিয়োগ রয়েছে। অতীতে আইএসএলের ক্লাব এফসি গোয়ায় বিনিয়োগ ছিল তাঁর। এ ছাড়া একটি টেনিস দল এবং একটি প্রো-রেসলিং দলেও তাঁর বিনিয়োগ রয়েছে। মুম্বইয়ে ৩৪ কোটি এবং গুরুগ্রামে ৮০ কোটি টাকার দু’টি বাড়ি রয়েছে কোহলির। আর এসব থেকেই কোহলির সম্পত্তি এক হাজার কোটি টাকারও বেশি

সূত্র: আনন্দবাজার প্রত্রিকা