www.HelloBangla.News – রাজনীতি – ৮ জুন, ২০২৪: বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।”
আজ শনিবার (৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সংকটকালে এই বাজেট গণমুখী, বাস্তবসম্মত।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে।”
বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে।”
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।










