যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে: মেয়র আতিক

Youth should come to the field Mayor Atiq - National - 8 June 2024
Youth should come to the field Mayor Atiq - National - 8 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা। খেলাধুলা, ব্যায়াম না করার কারণে অনেকে শরীর ব্যথা, মাথা ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে।”

আজ শনিবার (৮ জুন) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচতত্ত্বর পর্যন্ত সাইকেল র‌্যালিতে এ কথা জানান তিনি।

মেয়র আতিক বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি।”

তিনি আর বলেন, “পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। আনোয়ারা পার্কে শপিংমল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে।”

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে এই র‍্যালি আয়োজন করে। র‍্যালিটির লক্ষ্য ছিল কার্বন নির্গমন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

র‍্যালিটি সকাল ৮টায় জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়ে বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে গুলশান-২ নম্বর গোলচত্ত্বর গিয়ে শেষ হয়। এতে ৩৫০ জন সাইক্লিস্ট অংশ নেয়। অংশগ্রহণকারী সাইক্লিস্টদের উৎসাহ দিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নিজে র‍্যালিতে অংশ নেন। তিনিও সাইকেল চালিয়ে জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্ত্বর পর্যন্ত যান।

র‍্যালিতে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের
পরবর্তী বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ: সেতুমন্ত্রী