www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার মামলায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই ) থানা সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪১ জনকে।
এ নিয়ে গত ৮ দিনে (১৭-২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার।
আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এই গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গত রবিবার রাত থেকে ঢাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ ও র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সাভারে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। নারায়ণগঞ্জে নাশকতা ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পর্যন্ত মোট ৯টি মামলায় ২৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগরে গতকাল ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানে নতুন করে আরও ৫টি মামলা হয়েছে। গতকাল পর্যন্ত মোট ২৮টি মামলায় ৩১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। মুন্সিগঞ্জে গতকাল ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ, এ নিয়ে এখানে মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল ফরিদপুরে ১ জন, রাজবাড়ীতে ২ জন ও মাদারীপুরে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পুরোনো মামলায় গতকাল পুলিশ গোপালগঞ্জে ১২ জন ও শরীয়তপুরে ২৪ জনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহে গতকাল আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানে ১৪টি মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে।
শেরপুরে গতকাল আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জেলায় ৬টি মামলায় গতকাল পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জে ৪টি মামলায় নতুন করে ২৫ জনসহ গতকাল পর্যন্ত মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলে গতকাল আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এখানে ১০টি মামলায় গতকাল পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনায় গতকাল নতুন ৫ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে ২৭ মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭০৩। গতকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট ২৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় গতকাল ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট ৭০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরে মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৫৮ জন নেতা-কর্মী গ্রেপ্তার হলো। ফেনীতে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ জেলায় পুলিশের করা দুটি মামলায় এ পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। সাতটি মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার ৩৭। কুমিল্লায় গতকাল আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে ৭টি মামলায় গতকাল পর্যন্ত ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
সিলেটে গতকাল গ্রেপ্তার করা হয়েছে আরও ১৪ জনকে। এখানে ১০টি মামলায় গতকাল পর্যন্ত ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জে গতকাল ১ জনকে গ্রেপ্তার করা হয়, হবিগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।
গতকাল বরিশাল জেলায় ১৬ জন ও ভোলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুরোনো মামলায় গতকাল পটুয়াখালীতে ২ জন ও পিরোজপুরে ১ জন এবং বরগুনায় গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনায় গতকাল নতুন করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখানে মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল মাগুরায় ১ জন, মেহেরপুরে ১৭ জন, সাতক্ষীরায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। যশোরে পুরোনো মামলায় গতকাল পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গতকাল রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ২৩ জন, পাবনায় ২০ জন, সিরাজগঞ্জে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, জয়পুরহাটে ১৫ জন, গাইবান্ধায় ৯ জন, কুড়িগ্রামে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, নওগাঁয় ৪ জন, পঞ্চগড়ে ৩ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারীতে ২ জন ও বগুড়ায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।










