www.HelloBangla.News – বিনোদন – ২৫ জুলাই, ২০২৪: জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬-৫০ মিনিটে ভার্জিনিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পীর ভাই হামিন আহমেদ।
জানা গেছে, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ২০ জুলাই তার একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর আজ সাকলে তিনি মৃত্যুবরণ করেন।
শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট, সুরকার এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত।
এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।
এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড দল ‘মাইলস’। দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশ হয় ১৯৯১ সালে। তার আগে প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এ সংগীতশিল্পীর জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।










