হলিউডে নেমে এলো দুঃখের ছায়া। বিরলতম রোগ ডিমেনশিয়ায় আক্রান্ত হলিউডের অ্যাকশন তারকা ব্রুস উইলিস। গত বৃহস্পতিবার অভিনেতার পরিবারের তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়। ৬৭ বছর বয়েসী এই অভিনেতা অ্যাফেসিয়ায় আক্রান্ত (মস্তিষ্কজনিত সমস্যা) হবার কারণে ২০২২ সালের মার্চ থেকেই লাইমলাইট থেকে দূরে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর পরিবার সমাজমাধ্যমে জানিয়েছেন যে, ডাই হার্ড তারকা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়েছেন। গতবছর অভিনেতা অ্যাফেসিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। যার ফলে তাঁর বক্তৃতা করতে অসুবিধায় পড়তে হয়। এবার তাঁর পরিবারের তরফ থেকে পাকাপাকি ঘোষণা, অভিনয় ছাড়ছেন ব্রুস উইলিস। ডিমেনশিয়া রোগটি অভিনেতার মস্তিষ্কের ক্ষেত্রগুলিকে প্রভাবিত করেছে। যা অভিনেতার ব্যক্তিত্ব, আচরণ এবং ভাষা প্রকাশে ব্যঘাত ঘটাচ্ছে। ব্রুস উইলিসের পরিবার তাঁর অসুস্থতার বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছেন, “আমরা ২০২২ সালের বসন্তকালে ব্রুসের অ্যাফেসিয়া রোগ নির্ণয়ের ঘোষণা দিয়েছিলাম, ব্রুস সেই রোগ থেকে এখন মুক্ত। কিন্তু এখন আরও একটি নির্দিষ্ট রোগের শিকার হয়েছেন তিনি। যার নাম, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। দুর্ভাগ্যবশত, বর্তমানে এই রোগের কোনও চিকিৎসা নেই। কিন্তু আমরা আশা করি, সামনের বছরগুলিতে এই বাস্তবতার পরিবর্তন হবে। ব্রুস সবসময় বিশ্বাস করতো তাঁর কন্ঠ পৃথিবীর অন্যান্য মানুষকে সাহায্য করার জন্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অন্যান্যদের মধ্যে সচেতনতা তৈরির জন্য। পরিবারের তরফ থেকে আরও লেখা হয়েছে, ‘আমরা জানি যে, যদি তিনি আজকের পরিস্থিতি যদি আগেই জানতেন, তাহলে তিনি বিশ্বব্যাপী মনোযোগ আনতেন। যারা এই দুর্বল রোগের সঙ্গে মোকাবিলা করছেন তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রতিক্রিয়া জানাতে চাইতেন।’ বিবৃতিতে উইলসের পরিবারের সদস্যরা স্বাক্ষর করেছেন। যেখানে আছেন তাঁর বর্তমান স্ত্রী এমা হেমিং, প্রাক্তন স্ত্রী ডেমি মুর ও তাঁর সন্তানরা।
ব্রুস উইলিস সম্পর্কে: ব্রুস উইলিস কমেডি-ড্রামা সিরিজ মুনলাইটিং এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ডাই হার্ড ফ্র্যাঞ্চাইজে জন ম্যাকক্লেনের চরিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতিও অর্জন করেছিলেন। এছাড়াও তিনি পাঁচটি গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে দুটি এমি পুরস্কার। উল্লেখ্য, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগের একটি ‘অস্বাভাবিক’ রূপ, যা রোগীর চিন্তা, আচরণ ও ভাষা নিয়ে সমস্যার সৃষ্টি করে।










