www.HelloBangla.News – জাতীয় – ৪ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।
এর আগে গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু আজ সারাদেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিলো সরকার।
আজ রবিবার সারা দেশে সহিংসতায় অন্তত ১৪ (বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত, বিবিসির সূত্র) জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেক মানুষ।










