রাজশাহী ও রংপুর বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

দুই বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত - জাতীয় - ২৩ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
দুই বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত - জাতীয় - ২৩ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে সংসদীয় আসন সংখ্যা ৭২টি। এর মধ্যে রাজশাহী বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ৩৩টি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ আমাদের মনোনয়ন বোর্ডে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন। এ মুহূর্তে আমি তাদের নাম বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে। কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে, এখন বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় আছে। এমনও হতে পারে যা আপনি ভাবছেন না, আমিও ভাবছি না।’

পূর্ববর্তী আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী আজ তিন বিভাগের আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে