Author: Hello Bangla News

  • বিমানবন্দরে পলককে আটক করা হয়েছে

    বিমানবন্দরে পলককে আটক করা হয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: দিল্লি যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

    জানা গেছে, দিল্লি যাওয়ার জন্য জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

    এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেলে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চান তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

  • সমন্বয়করা ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান

    সমন্বয়করা ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন । দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

    ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মি. ইসলাম।

    সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন,” ।

    উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদের নাম দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছিলেন, “ছাত্র-নাগরিকের সমর্থিত কিংবা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। এমন সরকারকে ছাত্র-জনতা গ্রহণ করবে না।”

  • জাতিসংঘের মানবাধিকার প্রধান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন

    জাতিসংঘের মানবাধিকার প্রধান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবাধিকার দ্বারা পরিচালিত হতে হবে । ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর সোমবার এক বিবৃতিতে মি. তুর্ক বলেন, “কয়েকশ লোককে হত্যা ও কয়েক হাজার মানুষকে আহত করার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।”

    তিনি বলেন, “পরিবর্তনটা অবশ্যই স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হতে হবে এবং সকল বাংলাদেশিদের অর্থপূর্ণ অংশগ্রহণের স্বার্থে তা যেন অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত হয়। আর কোনো সহিংসতা বা প্রতিহিংসা থাকা উচিত নয়।”

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরও বলেন, “যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং সকল জরুরি ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিধির মধ্যে কঠোরভাবে সীমিত রাখতে হবে।”

    নির্বিচারে আটক প্রত্যেক ব্যক্তিকে মুক্তি দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সকলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, এবং জনগণের আস্থা নিশ্চিত করার জন্য, স্বাধীনভাবে একটি তদন্ত পরিচালিত হওয়া উচিত, এবং আমার কার্যালয় এটিকে সমর্থন করার জন্য প্রস্তুত।”

    সবশেষে মি. তুর্ক বলেন  “ন্যায়বিচার ও সংস্কারের দাবিগুলো অবশ্যই মানতে হবে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা ক্রান্তিকালীন কর্তৃপক্ষ এবং সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য একটি রোড ম্যাপ হিসেবে কাজ করতে পারে।”

  • সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে

    সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে বিচার কাজ বন্ধ থাকলেও আজ মঙ্গলবার (৬ আগস্ট) সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে।

    এর আগে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।

    এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে এবং বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

    এর আগে রোববার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

  • হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত

    হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক হওয়া উচিত । বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন।

    জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। আমরা সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার ও যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার জন্য উৎসাহিত করছি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এরপর বেলা আড়াইটার দিকে দেশত্যাগ করে ভারতে যান তিনি।

    এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন খুব দ্রুতই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

  • আনসারকে দায়িত্ব দেয়া হচ্ছে ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের

    আনসারকে দায়িত্ব দেয়া হচ্ছে ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে ।

    আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৬ জুলাই) কার্যত রাজধানীর কোথাও পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায় নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যেরে জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

    ফলে এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা, থানা এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

    বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন বলেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার।

    বিমানবন্দরে মোতায়েনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  • পুলিশ সদস্যদের দাবি সমাধানের আশ্বাস আইজিপির

    পুলিশ সদস্যদের দাবি সমাধানের আশ্বাস আইজিপির

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন ।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় আইজিপি এ আশ্বাস দেন।

    আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সব প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

    তিনি বলেন, “রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।”

    সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন, যোগ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    আইজিপি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।”

  • সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

    সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মেজর জেনারেল জিয়াউল আহসান’কে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    আইএসপিআর জানায়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট-এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

    একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, “একটি সুন্দর ও সোনালি ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।”

    আজ সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।”

    তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।”

    রাষ্ট্রপতি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীসহ বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিকে মুক্তি দেওয়া হবে।”

    মো. সাহাবুদ্দিন বলেন, “যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।”

    তিনি বলেন, “এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।”

    রাষ্টপতি বলেন, “বঙ্গভবনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

    এ ছাড়া জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

    ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান রাষ্ট্রপতি।

    তিনি বলেন, “দেশের সব অফিস-আদালত মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে চলবে।”

    দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প-কারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    রাষ্ট্রপতি বলেন, “পারস্পরিক হিংসা, বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করছি।”

  • রাষ্ট্রপতির সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠক

    রাষ্ট্রপতির সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    আজ সোমবার (৫ আগস্ট) রাতে এ বৈঠক হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বঙ্গভবন প্রেস উইং।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

    এ ছাড়া সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধারণ এবং সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

    পাশাপাশি লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

    এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব  বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

    সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনভাবেই বিনষ্ট না হয় সে বিষয়েও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

    সভায় রাজনৈতিক নেতা-সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জি এম কাদের, মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.), জাকের পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাকের পার্টির শামিম হায়দার, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ফিরোজ আহমদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।