Author: Hello Bangla News

  • আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন ড. কামাল

    আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন ড. কামাল

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

    একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার করা  এবং অবিলম্বে দেশব্যাপী গণগ্রেপ্তারে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

    আজ সোমবার (০৫ আগস্ট) ড. কামাল হোসেনের বাসভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ অভিনন্দন জানান।

    ড. কামাল হোসেন সেনাবাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব করেছেন তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

    সভায় উপস্থিত ছিলেন গণফোরামের  ভারপ্রাপ্ত সভাপতি এড. এস.এম. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মোসতাক আহমেদ, এড. সুরাইয়া বেগম, সম্পাদক পরিষদের সদস্য রফিকুল ইসলাম পথিক, নাজমুল ইসলাম সাগর, শফিউর রহমান বাচ্চু, বকুল ইমাম ও মিজানুর রহমান।

  • আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: বিএনপি মহাসচিব

    আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: বিএনপি মহাসচিব

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব বলেন, ”আজ রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কয়েকটি মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি হচ্ছে, পার্লমেন্ট ভেঙ্গে দিয়ে অতিদ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।”

    তিনি বলেন, ”সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। সেই সাথে মুক্তি দেয়া হবে সেই সমস্ত ছাত্র নেতা-কর্মী, ছাত্রনেতাদের, যাতে অন্যায়ভাবে পহেলা জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছে।”

    মির্জা ফখরুল বলেন, ”আরো সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দল কাজ করবে, ছাত্র নেতারা কাজ করবে।”

    তিনি সবাইকে আহ্বান জানান, ”আমি সমগ্র দেশবাসীকে আবেদন জানাতে চাই, আসুন, আমরা একটা বড় বিজয়, সাফল্য অর্জন করেছি। সেটা যেন আর অন্যদিকে প্রবাহিত না হয়। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী না হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। কোন প্রতিষ্ঠানের ক্ষতি না করি। আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা- ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, তাদের ওপর যেন কোন আক্রমণ না হয়। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”

    তিনি বলেন, ”আমি আমাদের সকল নেতা-কর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, কাউকে সুযোগ নিতে দেবেন না, দুবৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের ওপর আঘাত যেন করতে না পারে।”

    মির্জা ফখরুল ঘোষণা করেন, ”আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি, আপনারা ধৈর্য ধরুন।”

  • মঙ্গলবার ভোর থেকে কারফিউ থাকবে  না

    মঙ্গলবার ভোর থেকে কারফিউ থাকবে না

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: আগামীকাল মঙ্গলবার (০৬ আগস্ট) ভোর ৬টার পর থেকে কারফিউ থাকবে না। এ ছাড়া সকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

    আজ সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

    এতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

  • দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে: সাখাওয়াত হোসেন

    দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে: সাখাওয়াত হোসেন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “১৫ বছর মানুষ ভোট দিতে পারেননি। দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল, তিনি ও তার দল কতটা অজনপ্রিয়। এ যে এত প্রাণহানি, এর জবাব দেবে কে? দেশে সুশাসনের মারাত্মক অভাব। তিনি সুশাসন দিতে পারেননি।”

    শেখ হাসিনা আজ রবিবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছার পর তিনি এথা বলেন।

    সাখাওয়াত বলেন, “কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেছি। তখন মাত্র ছয়জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরশাসক বলছি। কিন্তু গত ১৫ বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে।”

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে বলেছি, দেশে সুশাসন নিশ্চিত করেন। বিভিন্ন সভা-সেমিনারে বলেছি। যা হচ্ছে, তা স্বৈরতন্ত্র। এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো। এ যে গণভবন লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে- এজন্য জনগণকে দোষ দেবেন কীভাবে?”

    সাখাওয়াত বলেন, “শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি। তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি। মিসরে কীভাবে হোসনে মোবারক জনরোষে উড়ে গেছে, সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়।”

    তিনি আরও বলেন, “এরশাদের চেয়ে শেখ হাসিনা ১০০ গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন। এরশাদ পালিয়ে যাননি। তিনি পালিয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তার হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করল।”

  • ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি করেছেন

    ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দিতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ।

    আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ।

    তারা বলেন, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

    এছাড়া তারা বলেন, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।

    এর আগে্ আজ সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।

  • চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ

    চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই চট্টগ্রাম নগরীতে বিজয় মিছিল করে আন্দোলনকারী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    এক পর্যায়ে বহদ্দারহাটে সিটি মেয়রের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া বিকেল পাঁচটার দিকে দামপাড়া পুলিশ লাইন্সে ঢোকার চেষ্টা করে মিছিলের একটি অংশ।

    এ সময় আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘরে হামলা চালায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিলকারীদের অনেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। দামপাড়া পুলিশ লাইন্সের মূল ফটক ঘিরে এবং মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের অনেকে৷

    এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছড়রা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এছাড়া লালদীঘিতে কারাগারেও হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে বরিশালে বিদায়ী সরকারের মন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহর বাসা এবং নগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    শহরজুড়ে মিছিল করেছে আন্দোলনকারীরা। এছাড়া সংসদ সদস্য শাজাহান ওমরের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।

  • ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

    আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    জানা গেছে, বিকাল পৌনে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আপাতত ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

    সেখানকার ইমিগ্রেশনের সব পুলিশ সদস্যরাসহ অন্যান্য সব বিভাগের লোকজন চলে গেছেন। শুধুমাত্র বিমান বাহিনীর সদস্যরা ছাড়া সেখানে আর কেউ নেই।

    ফলে বিমানবন্দরের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

  • বিএনপি মহাসচিব দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন

    বিএনপি মহাসচিব দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: বর্তমান পস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

    আজ সোমবার (৫ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

    তিনি জানান, সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠক সুন্দর হয়েছে।

  • ধানমন্ডির শেখ হাসিনার কার্যালয়ে আগুন

    ধানমন্ডির শেখ হাসিনার কার্যালয়ে আগুন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: আন্দোলনকারীরা ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন । সেখানে এখন স্লোগান দিচ্ছে ছাত্র-জনতা।

    তাদের উল্লাস করতেও দেখা যাচ্ছে।

    আজ সোমবার (০৫ আগস্ট) বিকেল ৪টার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন।

    এর আগে বাংলাদেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

    বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।

    এদিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

    বিকেল সাড়ে ৩টার দিকে এ দৃশ্য দেখা যায়। দেখা যায়, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। ভেতরে ভাঙচুরও চলে।

  • অলিম্পিকে দ্রুততম মানব হলেন নোয়াহ লাইলস

    অলিম্পিকে দ্রুততম মানব হলেন নোয়াহ লাইলস

    www.HelloBangla.News – খেলাধুলা – ৫ আগস্ট, ২০২৪: অলিম্পিকে শুধু নয় বিশ্বে এর আগে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা হয়নি। সবাই যেন এক সঙ্গে এসে পৌঁছায় ফিনিশিং লাইনে। কেউ বুঝতে পারছিলোনা কে জিতেছে। কিছুক্ষন অপেক্ষার পর প্রযুক্তির মাধ্যমে নির্ধরণ করা হয় মাত্র ৫ মাইক্রোসেকেন্ডের দূরত্বে এগিয়ে থেকে যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে অবিশ্বাস্য, অবর্ণনীয়, অভাবনীয় এই ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত ২টায়।

    ৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন লাইলস ও জ্যামাইকার কিশেন থম্পসন। তাই মাইক্রোসেকেন্ডে কে এগিয়ে, তা দেখতে দুজনেই চোখ রাখেন জায়ান্ট স্ক্রিনে। কিছুক্ষণ অপেক্ষা শেষে সবার উপরে ভেসে উঠল লাইলসের নাম। এরপর তাকে আর পায় কে! প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারসেরা টাইমিং করা এই অ্যাথলেট সময় নিয়েছেন ৯.৭৯.৭৮৪ সেকেন্ড।

    রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৯.৭৯.৭৮৯ সেকেন্ডে শেষ করা থম্পসনকে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলি। অলিম্পিকের গত আসরে স্বর্ণ জেতা ইতালির মার্সেল ইয়াকবস এবার ৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন পাঁচে থেকে। আট প্রতিযোগীর সবাই রেস শেষ করেছেন ১০ সেকেন্ডের কম সময়ে। অলিম্পিকের ইতিহাসে এমনটা আগে কখনোই হয়নি।

    রেসের অনেকটা সময় পর্যন্ত থম্পসনই এগিয়ে ছিলেন। কিন্তু শেষ ১০ মিটারে বাজিমাত করে একে একে সবাইকে ছাড়িয়ে যান লাইলস। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জিতে তাক লাগিয়ে দেন। তাই এবার অলিম্পিকে তাকে ঘিরে বেশি নজর ছিল অনেকের। ২৭ বছর বয়সী লাইলসও তাদের হতাশ করেননি। অথচ হিট ও সেমিফাইনালের কোনোটিতেই জিততে পারেননি তিনি।

    ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে জাস্টিন গ্যাটলিনের পর প্রথম মার্কিন অ্যাথলেট হিসেবে ১০০ মিটারে সোনা জিতলেন লাইলস।