একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, “একটি সুন্দর ও সোনালি ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।”

আজ সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।”

তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।”

রাষ্ট্রপতি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীসহ বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিকে মুক্তি দেওয়া হবে।”

মো. সাহাবুদ্দিন বলেন, “যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।”

রাষ্টপতি বলেন, “বঙ্গভবনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, “দেশের সব অফিস-আদালত মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে চলবে।”

দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প-কারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, “পারস্পরিক হিংসা, বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করছি।”

পূর্ববর্তী রাষ্ট্রপতির সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠক
পরবর্তী সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল