Author: Hello Bangla News

  • পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

    পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ।

    আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাষ্ট্রপতি বরাবরে তিনি এ পদত্যাগপত্র দেন।

    ২০২০ সালের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এস এম মুনীর। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন।

    এর আগে গতকাল বুথবার পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

    ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। পরবর্তীতে একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌলভীবাজারের সন্তান এ এম আমিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।

    গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গতকাল ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

  • আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

    আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ আগস্ট, ২০২৪: নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট)  ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এক অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে, এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।

    বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

    বার্তায় বলা হয়েছে, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

    কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

    জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত  নেয় বাংলাদেশ ব্যাংক।

    এ ছাড়া  শুধু  আজকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।

    এ সব নির্দেশ শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

  • ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ আগস্ট, ২০২৪: ক্রিকেটে ভারতের আধিপত্য যেন হঠাৎ পতনের দিকে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে রোহিতরা। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। অথচ দেশের মাটিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ১১০ রানের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। এই জয়ে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল অভিস্কারা।

    কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ২৬ ওভার ১ বলে ১৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ২-০ তে সিরিজ জিতল স্বাগতিকরা।

    ২৪৯ রানের লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুবমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে ৩৭ রান। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি।

    দুই ওপেনারের বিদায়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। রোহিতের ২০ বলে ৩৫ রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

    ভারতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন দুনিত ভেল্লালাগে। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট।

    এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো। নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার জুটিতে আসে আরও ৮২ রান।

    এরপরই শ্রীলঙ্কা ইনিংসে নামে ধস। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যার শুরুটা হয় আভিস্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে এলবিডব্লু হন তিনি। একদিকে কুশল মেন্ডিস  (৮২ বলে ৫৯) অবশ্য টিকে ছিলেন, আরেক মেন্ডিস, কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০-এর কাছে নিয়ে যান।

  • ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬৭০ ছাড়িয়ে গেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭৭ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৬৪৫ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান

    র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে ডিএমপির কমিশনার করা হয়েছ।

    আজ বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার মাইনুল হাসানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

    এদিন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্র্যাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ড পদে কর্মরত।

    এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

    এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

  • কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’

    কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। জানা গেছে হাতে লিখে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি নিজ দপ্তর ছেড়েছেন।

    সাইদুর রহমানের পদত্যাগপত্রে লেখা আছে, “আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে অদ্য পদত্যাগ করলাম।”

    আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে এই বিক্ষোভ শুরু হয়।

    সাইদুর রহমানের প্রতি বিক্ষোভকারীরা আক্রমণাত্মক ছিল কিন্তু তিনি নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।

    জানা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং এদের মধ্যে যারা কার্যালয়ে ছিলেন তারা এরইমধ্যে বেরিয়ে গেছেন। গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে যাননি।

    শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ী।

  • অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা

    অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা

    www.HelloBangla.News – শিক্ষা – ৭ আগস্ট, ২০২৪: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

    চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

  • অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হিউম্যান রাইটস ওয়াচ-এর বার্তা

    অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হিউম্যান রাইটস ওয়াচ-এর বার্তা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের ন্যায়বিচার, জবাবদিহিতা, গণতান্ত্রিক উত্তরণকে অগ্রাধিকার দেওয়া উচিৎ’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

    গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রায় ১৫ বছরের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের পর শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে “জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংস্কারের” আশার সঞ্চার করেছে।

    তিনি বলেন, “ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে আইনের শাসন পুনর্গঠিত করার এই সুযোগটিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাজে লাগাতে হবে।”

  • অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন

    অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন পদত্যাগ করেছেন । বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবরে তিনি  এ পদত্যাগপত্র দেন।

    গত ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। পরবর্তীতে একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌলভীবাজারের সন্তান এ এম আমিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।

    গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গতকাল ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

  • আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (০৭ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে তিনি এই কক্তব্য দিবেন ।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

    সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।